সুনামগঞ্জ প্রতিনিধি ::
নিখোঁজের দুই সপ্তাহ পর হাত-পা, মুখ বাঁধা অবস্থায় সুনামগঞ্জের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার রাত ১টায় সদর উপজেলার গোবিনপুর এলাকায় সিলেট সুনামগঞ্জ সড়কের পাশের একটি নির্জন স্থান থেকে ফখরুল ইসলাম নামের ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন স্থানীয়রা। তিনি শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জের বাসিন্দা ও স্থানীয় বাজারের ব্যবসায়ী। সংকটাপন্ন অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফখরুল ইসলামের ভাই ফয়সল আহমদ জানান, ২৮ জুন সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর খোঁজ মিলছিলো না। খোঁজ না পেয়ে শান্তিগঞ্জ থানায় একটি জিডি করে পরিবার। শুক্রবার রাত ১টার দিকে হাত পা বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। ফখরুল ইসলামের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার সকালে তার জ্ঞান ফিরলেও কথা বলতে না পারায় আহত ব্যবসায়ীর কাছ থেকে নিখোঁজ হওয়ার পেছনের কারন জানা সম্ভব হয়নি।
ব্যবসায়ী নিখোঁজের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েগেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী।


