হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ বাসটি প্রতিদিনের মতো কলেজ থেকে আউশকান্দির উদ্দেশ্যে যাওয়ার সময় নবীগঞ্জ সদর হাসপাতাল ও সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় একটি মিশুক/ব্যাটারিচালিত রিকশা বাসের সামনে চলে আসে।
শিক্ষার্থীদের দাবি, বাসচালক দীর্ঘ সময় হর্ন দিলেও মিশুক চালক রাস্তার পাশে সরে না গিয়ে মাঝপথে চলতে থাকেন। এ সময় বাসের এক শিক্ষার্থী বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন মিশুক চালক বাসে উঠে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এতে এক শিক্ষার্থী আহত হন এবং বাসে থাকা নারী শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাসচালক দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিক্ষার্থীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
শিক্ষার্থীরা জানান, এর আগে একই এলাকায় কলেজ বাসের চালক রিপন মিয়াকেও হামলার শিকার হতে হয়েছিল। এ ধরনের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নিয়ে শিক্ষার্থী ও কলেজ পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বৃন্দাবন সরকারি কলেজ এর অধ্যক্ষ জনাব দেওয়ান জামাল চৌধুরী মহোদয়ের সাথে কথা বললে তিনি এটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যাক্তিদের শনাক্ত করে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।


