শাবিপ্রবি প্রতিনিধি:
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোকবার্তা প্রকাশ করা হয়।
রোববার ভোর সোয়া চারটার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি বার্ধক্যজনিত জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
শোক বার্তায় উপাচার্য বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক উজ্জ্বল নক্ষত্র। আইন অঙ্গন থেকে শুরু করে দেশের সর্বোচ্চ আইনসভা পরিচালনার ক্ষেত্রে তাঁর মেধা, প্রজ্ঞা এবং নিরপেক্ষতা চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন অভিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ হিসেবে দেশের অগ্রযাত্রায় তাঁর অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন নিবেদিতপ্রাণ অভিভাবককে হারালো। “
বিভিন্ন সময়ে তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।
গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


