জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় মদসহ দুই কিশোরকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান খানের নেতৃত্বে পুলিশ উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রাম বাজার এলাকায় একটি পরিত্যক্ত ভাঙা সাটারের দোকানে অভিযান চালায়।
এ সময় একটি কার্টুনে সংরক্ষিত ৭৬ বোতল ‘রয়েল স্টেগ’ ব্র্যান্ডের ভারতীয় মদসহ দুই কিশোরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার ২ নং লক্ষীপুর ইউনিয়নের রাংপানি গ্রামের আক্তার হোসেনের পুত্র মারুফ (১৯) এবং একই গ্রামের মো. জাকির হোসেনের পুত্র রাব্বি (১৮)।
পুলিশ জানায়, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই কিশোর মদ পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।


