শাবি প্রতিনিধি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জার্মানিতে উচ্চশিক্ষাবৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই সেমিনার আয়োজন করা হয়। শাবিপ্রবির ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাবের’ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে শাবিপ্রবির জীবরসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. নূর্শাদ আলী , বাংলাদেশে ডিএএডি’র (জার্মান অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস) আঞ্চলিক কর্মকর্তা মাহমুদুল হাসান সুমন বক্তব্য রাখেন।
সেমিনারে নূর্শাদ আলী জানান, জার্মানির টিইউ ডর্টমুন্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রাকৃতিক বিজ্ঞানে তাঁর পিএইচডি সম্পন্ন হয় এবং যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে কাজ করার অভিজ্ঞতাসহ ডিএএডি স্কলার হিসেবে তাঁর সরাসরি যে অভিজ্ঞতা রয়েছে তা বর্ণনা করেন । এছাড়া আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক গবেষক হিসেবে জীবন, জার্মানিতে পড়াশোনা ও গবেষণা সম্পর্কে আলোচনা করেন। ডিএএডি বৃত্তির মাধ্যমে কীভাবে বৈশ্বিক সুযোগগুলি উন্মোচন করতে পারার যায় তার বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে মাহমুদুল হাসান সুমন বলেন, জার্মানিতে পড়াশোনা, গবেষণা ও স্কলারশিপের প্রক্রিয়া সম্পর্কে সবার অবগত হওয়া প্রয়োজন। এখানে অনেক ধরণের সুবিধা রয়েছে। ডিএএডি স্কলারশিপের মাধ্যমে জার্মানিতে পড়াশোনার বড় সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা খুব সহজেই তা গ্রহণ করতে পারবে৷’


