মাধবপুর প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শনিবার বিকেল ও রাতে পৃথক অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের অলিপুর রেলক্রসিং এবং মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার তুরাগ থানার রোশাদিয়া এলাকার রাসেল মিয়া, মাধবপুর উপজেলার জগদীশপুরের বড় দলিয়া গ্রামের শিপন মিয়া এবং একই গ্রামের অহিবুর রহমান।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, ২০ জুন রাত ২টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দরা এলাকার ব্যবসায়ী মো. সামছুল আলম সরকার স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে নিজস্ব প্রাইভেটকারে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। পথে মাধবপুর উপজেলার ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের সামনে পৌঁছালে পুলিশের পোশাক পরিহিত ১০ থেকে ১২ জনের একটি দল তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর করে। পরে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ ৯৩ হাজার টাকা এবং গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে প্রাইভেটকারসহ সিলেটের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. সামছুল আলম সরকার বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। তদন্তের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা সরাসরি এই ডাকাতির সঙ্গে জড়িত।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত তিন আসামিকে রোববার মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া এই ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


