শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম জাকারিয়া।
সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড.খালিদুর রহমানকে বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম জাকারিয়াকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হলো। দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
নবনিযুক্ত প্রাধ্যক্ষ অধ্যাপক আ. ফ. ম. জাকারিয়া বলেন, “প্রশাসন আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে, আমি তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। এটি আমার জন্য সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা।”
শিক্ষার্থীদের আবাসিক পরিবেশ নিয়ে তিনি বলেন, “পূর্ববর্তীদের গৃহীত ইতিবাচক সিদ্ধান্তগুলো অব্যাহত রাখার পাশাপাশি নতুন উদ্যোগের মাধ্যমে আমরা হলের মান উন্নত করার চেষ্টা করবো । এই লক্ষ্য অর্জনে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, সহকারী প্রাধ্যক্ষ এবং শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”


