শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই থাকলেও কারিগরি জটিলতায় দীর্ঘ সময় ধরে ওয়েবসাইটে কোনো বই দেখাচ্ছিল না। ফলে অনলাইনে বইয়ের তথ্য না পেয়ে ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থীদের।
গত শনিবার (১৮ এপ্রিল) ‘আধুনিক কাগজ’-এ “লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটটি সচল করেছে কর্তৃপক্ষ।
এর আগে, পরীক্ষার এই মৌসুমে প্রয়োজনীয় বই খুঁজতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছিলেন শিক্ষার্থীরা। দীর্ঘ সময় ধরে গ্রন্থাগারে এসেও কাঙ্ক্ষিত বইয়ের হদিস না পেয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীরা তাদের দুর্ভোগের কথা সাংবাদিকদের কাছেও তুলে ধরেন।
আজ রবিবার সকালে গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম প্রতিবেদককে জানান, লাইব্রেরি ওয়েবসাইটের কারিগরি সমস্যার সমাধান করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা অনলাইনে বইয়ের অবস্থান ও তথ্য সহজেই জানতে পারবেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


