আধুনিক ডেস্ক ::
টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে এক শিশু আহত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। আহত আফনান ওরফে পুতুনি (১২) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, শিশুটি গুলিবিদ্ধ হয়েছে। প্রথমে মারা যাওয়ার কথা শোনা গেলেও তা সঠিক নয়। এর আগে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র বলেছিলেন, ওপার থেকে আসা গুলিতে শিশুর মৃত্যু হয়েছে। গুলিতে আহত হয়েছেন আরও একজন। শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।
স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন ধরে এই সীমান্তের ওপারে গোলাগুলি ঘটনা চলছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা থেকে শুরু গোলাগুলি রোববার ভোরে থেমেছে। এতে সীমান্তের মানুষ আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন।
উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক (৬৪ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির খবর শুনেছি। আমরা খোঁজ খবর রাখছি। পাশাপাশি যাতে কোনোভাবে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে আমরা সর্তক অবস্থানে রয়েছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, হোয়াইক্যং সীমান্তের গোলাগুলির কারনে সীমান্তের বসবাসকারী মানুষদের নিরাপদে থাকতে বলা হয়েছে। সড়ক অবরোধ সরানোর চেষ্টা চলছে।


