শাবি প্রতিনিধিঃ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের একাংশ নিয়ে ‘স্বতন্ত্র সাস্টিয়ান জোট’ নামে প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে জোটের আত্মপ্রকাশ করেন। এসময় জোটের আটজন সদস্য উপস্থিত ছিলেন । জোটের আওতায় আরো কয়েকজন সদস্য রয়েছেন বলে জানিয়েছেন তারা।
সাংবাদ সম্মেলনের জোটের নেতা ফয়সাল হোসেন বলেন, এটা একক নির্দিষ্ট কোন প্যানেল নয়। স্বতন্ত্র বিভিন্ন একক প্রার্থীরা একত্রিত হয়ে এটি গঠন করেছি। বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সংগঠনের বাইরেও সামাজিক, স্বেচ্ছাসেবী ও স্বতন্ত্র শিক্ষার্থী রয়েছে। যারা শিক্ষার্থীদের জন্য সবসময় সোচ্চার ভূমিকা রাখে। কিন্তু তাদের ভয়েজ সম্মিলিত না হওয়ার কারণে তাদের আওয়াজ প্রশাসনের স্বৈরাচারী মনোভাবকে ডিঙাতে পারে না।
প্রশাসনের ও রাজনৈতিক দলের ছাত্রছায়ায় বেশিরভাগ সময় মিউচুয়াল বোঝাপড়ার মধ্যে দিয়ে নিয়োগ, বাণিজ্য ও দুর্নীতি শিক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক আচরণ করে থাকে। এমনকি কোন একক ব্যাক্তি বা তুলনামূলক ছোট সংগঠন থেকে প্রতিবাদ করলেও তাদেরকে বিভিন্ন কায়দায় কোণঠাসা করে রাখা হয়।
স্বতন্ত্র ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান সুমাইয়া লিখিত বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থানের আগে ছাত্ররাজনীতিতে আমাদের অভিজ্ঞতা ছিল অত্যন্ত নেতিবাচক। হল দখল, মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দাপট ছিল স্পষ্ট। প্রশাসনও তাদের রক্ষক হয়ে নিজস্ব দুর্নীতিকে বাড়তে দিয়েছে। অভ্যুত্থানের পর ব্যক্তি বদল হলেও প্রশাসনের আচরণ ও কাঠামোগত সমস্যায় তেমন পরিবর্তন আসেনি। এই অবস্থায় শাকসু নির্বাচন বাস্তবায়নে স্বতন্ত্র সাস্টিয়ান জোট শিক্ষার্থীদের সৌহার্দ্য বজায় রেখে ঐক্যবদ্ধ থাকবে। আমরা একক প্যানেল নই তাই প্রত্যেকে নিজের সিদ্ধান্তের জন্য নিজেই দায়ী থাকবে। একজনের ভুলের দায় অন্যজনের নয়। তবে শিক্ষার্থীদের কমন ও যৌক্তিক দাবিতে আমরা সবাই একত্রে কাজ করব।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী ফয়সাল হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান সুমাইয়া, পরিবহন সম্পাদক মো. রিয়াজ হোসেন, তথ্য ও প্রযুিক্ত সম্পাদক সৈকত হোসেন, শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ফরহাদ হোসেন, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য রবিউল হোসেন ও মুছা চৌধুরী।


