আধুনিক ডেস্ক ::
সিলেট নগরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরের জেলরোড পয়েন্টে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে সিলেট মহানগরীর জেলরোড এলাকায় হাওয়াপাড়া গলির মুখে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের কিশোররা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে একজন কিশোর গুরুতর আহত হয়। আহত কিশোরকে তার সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (সিটিএসবি) মো. তারেক আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই কিশোর গ্রুপের আগের কিছু বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি, প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। খুব দ্রুতই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।


