কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে মাদক ব্যবসা, মাদক সেবন এবং অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া। একই সঙ্গে শাহ আরফিন টিলা এলাকা থেকে পাথরবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়।
অভিযানের শুরুতেই আটক হন আমিনুল ইসলাম সোহেল (৩৬)। তিনি ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্যম রাজনগর এলাকার বাসিন্দা। পিতা মৃত মফিজুর রহমান ও মাতা জাহানারা বেগমের ছেলে সোহেলকে মাদক ব্যবসার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
একই ইউনিয়নের দক্ষিণ রাজনগর নতুন বস্তি এলাকার আব্দুল মান্নান (৩১)—কে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পিতা মৃত আব্দুল করিম ও মাতা মোছা. মনোয়ারা বেগমের ছেলে মান্নানকে আদালত ৩ মাসের কারাদণ্ড দেন।
শাহ আরফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের অভিযোগে মনির হোসেন (৩৫)–কে আটক করা হয়। তিনি খায়েরগাঁও এলাকার মৃত লিল মিয়া ও সাজেদা বেগমের সন্তান। তাকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। অভিযানে টিলা থেকে পাথরবোঝাই একটি ট্রাকও জব্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ পিপিএম বলেন,“আটককৃত ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অবৈধ পাথর, বালু এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।”


