আধুনিক ডেস্ক ::
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সাদিক-ফরহাদ প্যানেলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ পেয়েছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর একে এম নুরে আলম। এর আগে কেন্দ্রীয় ছাত্র সংসদের ক্যারিয়ার বিষয়ক পদে স্বতন্ত্র প্রার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা অভিযোগ করেন, একজন ভোটারের ব্যালটে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী সাদিক কায়েম এবং ফরহাদের নামের পাশে টিক চিহ্ন দেয়া ছিল।
সহকারী প্রক্টর একে এম নুরে আলম জানিয়েছেন, ‘টিক দেয়া ব্যালট পেয়েছেন’ বলে অভিযোগ করা শিক্ষার্থীকে পরে আরেকটি ব্যালট পেপার দেওয়া হয়েছে।
এদিকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ- বাগছাসের প্রার্থী আবুল বাকের মজুমদার ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’য়ের অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, অমর একুশে হলের ভোটারদের ব্যালট বাক্স আগে থেকে ভর্তি ছিল।
এদিকে, ভোটের পরিস্থিতি নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক প্রার্থী মেঘমল্লার বসু। তিনি বলেন, ভোট কারচুপির সিরিয়াস এলেগেশন পেয়েছি। করণীয় ঠিক করতে দ্রুত বৈঠকে বসছি আমরা। এরপরই পরবর্তী সিদ্ধান্ত জানাবো।


