জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত ২৮ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে জাফলং থেকে ছেড়ে আসা গেইটলগ পরিবহনের একটি বাস (সিলেট মেট্রো-ব-১১-০০০৩) ৩২ জন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে বাসটি ফেরিঘাট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে গভীর খালে পড়ে যায়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা এবং জৈন্তাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
আহতদের তাৎক্ষণিকভাবে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয়ভাবে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা ও প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগে দুর্ঘটনা-পরবর্তী পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার সম্মিলিত প্রচেষ্টা প্রশংসনীয় ভূমিকা রাখে।
এই দুর্ঘটনায় এলাকাবাসীর মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
তারা বলেন, নিরাপদ সড়কের জন্য চালক, যাত্রী, প্রশাসনসহ সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্ববোধই পারে ভবিষ্যতের দুর্ঘটনা কমিয়ে আনতে।


