সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি এলাকায় বাস পুড়ানোর ঘটনায় এ বাসের মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
তথ্যটি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।
বুধবার (৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি এলাকার রেলওয়ে স্টেশনের সামনে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বাসের আগুন নিভিয়েছেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ বলছে, বিএনপির নেতা-কর্মীদের নাশকতা হতে পারে ঘটনাটি।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া বাসটি সিলেট-মৌলভীবাজার রুটে চলাচল করত। যাত্রী পরিবহন শেষে কদমতলী এলাকার রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে বাসটি দাঁড় করিয়ে রেখে চালক ও সহকারী বিশ্রাম নিতে গিয়েছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত সোয়া আটটার দিকে হঠাৎ ওই বাসে আগুন দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) সোহেল রেজা বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।


