Home Blog Page 81

‘শেখ হাসিনাকে খুনি আসামি হিসেবে ভারতকে ফেরত দিতে হবে’

0

আধুনিক ডেস্ক ::

শেখ হাসিনার রায়কে বাংলাদেশের ইতিহাসে মাইলফলক বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী। সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশব্যাপী ফ্যাসিবাদী আওয়ামী নৈরাজ্য-নাশকতা, জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। সিলেট নগরের বন্দর বাজারের পুরাতন হকার্স মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়।

তিনি বলেন, জুলাই আন্দোলনে হত্যা-নিপীড়নের দায়ে ৫৮৬ টি মামলার মধ্যে ৩২৪টিই ছাত্র জনতা হত্যা মামলা শেখ হাসিনার বিরুদ্ধে। তাকে একজন খুনি আসামি হিসেবে ভারতকে ফেরত দিতে হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনে আমরা সব দল মতপার্থক্য ভুলে একসঙ্গে লড়াই করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আজ একেক দল একেক রকম কথা বলছে। একেক দল একেক রকম বক্তব্য দিচ্ছে। আর যথাসময়ে নির্বাচন না হলে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর নেতাকর্মীরা কেউই ভালো থাকতে পারব না।

হকার্স মার্কেট ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল জলিলের সভাপতিত্বে সিলেট মহানগর কৃষক দলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, সিলেট মহানগর বিএনপি নেতা ওলিউর রহমান ডেনী, আব্দুল হান্নান খান,আহছানুজ্জামান শহিদ, সৈয়দ আখতার আহমদ, মিছবাউল করিম চৌধুরী, হকার্স মার্কেটের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, দপ্তর সম্পাদক সামীম চৌধুরী, হোসেইন আহমদ, খায়ের আহমদ, শাহাবুদ্দিন আহমদ, রাশেদ মিয়া, বশির আহমদ, দুলাল আহমদ প্রমূখ।

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

0

আধুনিক ডেস্ক ::

জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনটি অপরাধের পৃথক অভিযোগে তাকে এই দণ্ড দেওয়া হয়। এ ছাড়া আরও দুইটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন।

এ ছাড়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আর, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা শুরু হয়। বিকেল ৩টার দিকে আদালত সাজা ঘোষণা করেন। এটাই জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট কোনো মামলার প্রথম রায়।

আদালত বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ৫টি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্য দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তিনটি অভিযোগের মধ্যে দুটির জন্য মৃত্যুদণ্ড এবং অন্য একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়। সাবেক আইজিপির ব্যাপারে আদালত বলেন, তার অপরাধও মৃত্যুদণ্ডযোগ্য। তবে তিনি বিচারপ্রক্রিয়ায় সহযোগিতা করায় এবং রাজসাক্ষী হওয়ায় সব অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, উসকানি ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগে বিচার হয়েছে। সুনির্দিষ্টভাবে পাঁচটি অভিযোগগুলো হলো: গণভবনের সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যা, চানখাঁরপুলে হত্যা এবং আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো। এগুলোর মধ্যে শেষ তিনটি অভিযোগে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। আর প্রথম দুই অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের পর প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ সাফল্যের সাথে বিচারকাজ করেছে। তাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ সকল আন্তর্জাতিক নর্মস, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সাথে সেটা করেছে।’

যে ধরনের সাক্ষ্যপ্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে বিশ্বের যেকোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে বলে মন্তব্য করেন তাজুল ইসলাম। তিনি বলেন, ‘পৃথিবীর যেকোনো আদালতে এই সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবে।’

প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, এই রায়ের মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদেরা ন্যায়বিচার পেয়েছে, রাষ্ট্র ন্যায়বিচার পেয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এই প্রতিক্রিয়া জানান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি, যিনি রাজসাক্ষী হিসেবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আমরা মনে করি শহীদদের প্রতি, দেশের প্রতি, এ দেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশের ন্যায়বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।’

যেদিন থেকে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

হবিগঞ্জে মাকে হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া ছেলেকে ২০ বছর পর গ্রেপ্তার

0

আধুনিক ডেস্ক ::

হবিগঞ্জের নবীগঞ্জে এক নারীকে গলা কেটে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছেলেকে ২০ বছর পর সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফজল মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৯ অক্টোবর নিজের বাড়িতে মা আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যা করেন ফজল মিয়া। এ সময় আঙ্গুরার দেহ ঘরে ও মাথা ঘরের বাইরে রেখে পালিয়ে যান তিনি। এ ঘটনায় আঙ্গুরার আরেক ছেলে আবদুর রশিদ নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় হবিগঞ্জ আদালত ফজলকে মৃত্যুদণ্ড দেন। তবে ঘটনার পর থেকে পলাতক ছিলেন ফজল। হত্যাকাণ্ডের ২০ বছর পর র‍্যাব অভিযান চালিয়ে গোয়াইনঘাটের পূর্ব জাফলং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৯–এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম বলেন, পরবর্তী আইনি ব্যবস্থার জন্য গ্রেপ্তার ফজল মিয়াকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মদিনার কাছে দুর্ঘটনার কবলে ভারতীয় ওমরাহযাত্রী বহনকারী বাস, নিহত ৪৫

0

আধুনিক ডেস্ক ::

সৌদি আরবের মদিনার কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেলভর্তি ট্যাংকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসটিতে থাকা ৪৫ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল। স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে মুফরিহাত এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে।

খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়, বাসটির বেশিরভাগ যাত্রীই ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে ছিলেন। তারা মক্কায় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মদিনার পথে ফিরছিলেন।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন, যার ফলে সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে তারা বেরিয়ে আসার খুব কম সুযোগ পেয়েছেন। এতে আরও বলা হয়, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী ও ১০টি শিশু রয়েছে। তবে কর্তৃপক্ষ এখনো সঠিক সংখ্যা যাচাই করছে।

উদ্ধারকারী দলের মতে, বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যাওয়ায় মৃতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। মোহাম্মদ আব্দুল শোয়াইব নামে একজন ব্যক্তি বেঁচে আছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি দিল্লির কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে নির্দেশ দিয়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত

0

জৈন্তাপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার এলাকায় একটি গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কোম্পানীগঞ্জ থানা সদর রোডে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ আব্দুল মন্নান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন, সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সুলেমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, আলাউদ্দিন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রথম সদস্য কামাল আহমদ, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি, ইউনিয়নের মুক্তিযোদ্ধা দলের সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দুর রহমান, ইউনিয়ন বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমান উল্লাহ আমান, উপজেলা বিএনপির স্বেচ্ছাবিষয়ক সম্পাদক আব্দুল মতিন মেম্বার, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উত্তর রণীখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন ও সদস্য ইমরান আহমদসহ আরও অনেকে।

এছাড়াও সিলেট জেলা ছাত্রদলের সদস্য এম মইনুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমেদ, সাবেক সদস্য সচিব কবির আহমেদ, আল আমীন সারোয়ার, ২নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জামির হোসেন, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল হক রাজু, ছাত্রদল নেতা খালেদ পারভেজসহ বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাই ভবিষ্যৎ পথনির্দেশনা হয়ে থাকবে। তারা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে দলকে সংগঠিত করে আন্দোলনকে বেগবান করা সময়ের দাবি।

স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে থানা বাজার এলাকায় সমাবেশটি জনসম্পৃক্ততার একটি বিশাল গণজোয়ারে রূপ নেয়। বক্তাদের বক্তব্যের মাধ্যমে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসমস্যা এবং ৩১ দফার গুরুত্ব তুলে ধরা হয়।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে সকল নেতাকর্মী এলাকা ত্যাগ করেন।

ভিসা নিয়ে ব্রিটিশ হাইক‌মিশনের সতর্কবার্তা

0

আধুনিক ডেস্ক ::

যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) কোনোভাবেই গ্যারান্টিযুক্ত নয় বলে জানানো হয়েছে। ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন রোববার নিজেদের ফেসবুক পেজে এক সতর্কবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইটিএ কোনোভাবেই গ্যারান্টিযুক্ত নয়। তাই ভিসা নিশ্চিত করে দেওয়ার নাম করে যারা ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে যোগাযোগ করছে, এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হ‌বে। কেউ যদি দাবি করে যে তারা যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করে দিতে পারবে, তবে এটি নিঃসন্দেহে প্রতারণা।

ব্রিটিশ হাইক‌মিশন আরও জানায়, ভিসা আবেদন ও মূল্যায়ন সম্পূর্ণভাবে যুক্তরাজ্যের সরকারি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এবং এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিশেষ প্রভাব বা নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা নেই।

ভিসা সংক্রান্ত অফিসিয়াল নির্দেশিকা ও যাচাই-বাছাইয়ের জন্য নাগরিকদের ব্রিটিশ সরকারের ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর: নির্বাচনের তফসিল ঘোষণা

0

শাবি প্রতিনিধি:

দীর্ঘ ২৭ বছর পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর (বুধবার ) অনুষ্ঠিত হবে।

আজ রবিবার ( ১৬ নভেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে শাকসু নির্বাচন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড.আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী—

২০ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, ২২ নভেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ, ২৩ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ এবং ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমাদান।২৬ নভেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ, ২৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৮ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ৩০ নভেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, ১ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত চলবে প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি, ২ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

শাকসু নির্বাচন ২০২৫ সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েব পোর্টালে (https://sucsu.sust.edu.bd/) পাওয়া যাবে।

তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলামসহ সকল নির্বাচন কমিশনার ও হলের রিটার্নিং কর্মকর্তাবৃন্দ।

যুক্তরাজ্যে স্থায়ী হতে শরণার্থীদের অপেক্ষা করতে হবে ২০ বছর

0

আধুনিক ডেস্ক ::
যুক্তরাজ্যের সরকার তাদের শরণার্থী নীতিতে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে। এটি কার্যকর হলে দেশটিতে আশ্রয় নেওয়ার ২০ বছরের আগে স্থায়ীভাবে বসবাসের আবেদন করা যাবে না। সোমবার এই পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। বর্তমান নীতি অনুযায়ী, কেউ শরণার্থী হিসেবে থাকতে পারেন ৫ বছর। এরপর অনির্দিষ্টকাল বসবাসের আবেদন করতে পারেন।

মূলত, অবৈধভাবে সাগর পথে যুক্তরাজ্যে প্রবেশ ও আশ্রয় চাওয়ার হার কমানোর লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন পরিকল্পনার আওতায় প্রথমে সাময়িকভাবে বসবাসের অনুমতি দেওয়া হবে। শরনার্থী পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে যদি কারো দেশকে নিরাপদ মনে হয়, তবে তাকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হবে।

নতুন নীতিতে সাময়িক বসবাসের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে আড়াই বছর করা হবে। এরপর থেকেই নিয়মিত পর্যালোচনা শুরু হবে। সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শাবানা মাহমুদ বলেছেন, মানুষকে সতর্কতামূলক বার্তা দেওয়ার জন্য এমন সংস্কার আনার পরিকল্পনা করা হচ্ছে। এখনই উদ্যোগ নেওয়া না হলে দেশে আরও বিভাজন তৈরি হবে।

যুক্তরাজ্যের নতুন নীতিটি ডেনমার্কের কঠোর অভিবাসন আইন থেকে অনুপ্রাণিত। ডেনমার্কে, শরণার্থীদের সাধারণত দুই বছরের জন্য অস্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়। এই সময়সীমা শেষ হলে আবার শরণার্থী হিসেবে আবেদন করতে হয়।

নতুন নীতি নিয়ে শরণার্থী কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সোলোমন বলেছেন, অভিবাসীদের বাধা দেওয়ার বদলে ২০ বছরের অনিশ্চিয়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। যা কোনো ব্যক্তিকে স্বাভাবিকভাবেই চাপের মধ্যে রাখবে।

যুক্তরাজ্য সরকারের তথ্য অনুযায়ী, গত মার্চ মাস পর্যন্ত ১২ মাসে আশ্রয়ের জন্য আবেদন করেছেন ১ লাখ ৯ হাজার ৩৪৩ জন। যা আগের ১২ মাসের তুলনায় ১৭ শতাংশ বেশি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত সাত দিনে যুক্তরাজ্যে পৌঁছেছেন ১ হাজার ৬৯ শরণার্থী। চলতি বছর সাগর পথে যুক্তরাজ্যে যাওয়া শরণার্থীর সংখ্যা ৩৯ হাজারের বেশি।

সুনামগঞ্জ-৫ মনোনয়ন বঞ্চিত মিজানুর রহমানের সমাবেশ, দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে নেতাকর্মীদের

0

ছাতক প্রতিনিধিঃ

ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ভোটার ও নেতাকর্মীদের নিয়ে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে শক্তি প্রদর্শনমূলক এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এই সমাবেশের নেতৃত্ব দেন।

রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ছাতক পৌরসভা, দোয়ারাবাজার এবং বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী মিছিল করে যোগ দেন।

সমাবেশমুখী এসব মিছিলে স্লোগান উঠতে থাকে দুর্দিনের মিজান ভাই, আমরা তোমায় ভুলি নাই, হবে হচ্ছে মানি না, মিজান ছাড়া বুঝি না। সমাবেশে প্রধান বক্তা হিসেবে মিজানুর রহমান চৌধুরী বলেন আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা জনগণের সামনে তুলে ধরছি, ধানের শীষের পক্ষে কথা বলছি।

২০১৮ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি। এবার প্রাথমিক পর্যায়ে দল আমাকে মনোনয়ন দেয়নি তবে আমি বিশ্বাস করি, সাধারণ মানুষের আবেগ-সমর্থনের ভিত্তিতে দল বিষয়টি পুনর্বিবেচনা করবে।

তিনি চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত দলের সব স্তরের নেতাকর্মীকে ধৈর্য ধরতে ও ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ।

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টের অভিযান: তিনজনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড, পাথরবোঝাই ট্রাক জব্দ

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে মাদক ব্যবসা, মাদক সেবন এবং অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া। একই সঙ্গে শাহ আরফিন টিলা এলাকা থেকে পাথরবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়।

অভিযানের শুরুতেই আটক হন আমিনুল ইসলাম সোহেল (৩৬)। তিনি ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্যম রাজনগর এলাকার বাসিন্দা। পিতা মৃত মফিজুর রহমান ও মাতা জাহানারা বেগমের ছেলে সোহেলকে মাদক ব্যবসার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

একই ইউনিয়নের দক্ষিণ রাজনগর নতুন বস্তি এলাকার আব্দুল মান্নান (৩১)—কে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পিতা মৃত আব্দুল করিম ও মাতা মোছা. মনোয়ারা বেগমের ছেলে মান্নানকে আদালত ৩ মাসের কারাদণ্ড দেন।

শাহ আরফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের অভিযোগে মনির হোসেন (৩৫)–কে আটক করা হয়। তিনি খায়েরগাঁও এলাকার মৃত লিল মিয়া ও সাজেদা বেগমের সন্তান। তাকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। অভিযানে টিলা থেকে পাথরবোঝাই একটি ট্রাকও জব্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ পিপিএম বলেন,“আটককৃত ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অবৈধ পাথর, বালু এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।”