Home Blog Page 80

সড়কের পাশে প্রশ্রাব করা নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে বিএনপি নেতা খুন

0

আধুনিক রিপোর্ট ::

সড়কের পাশে প্রশ্রাব করা নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ইটের আঘাতে খুন হয়েছেন এক বিএনপি নেতা। বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার মোকামেরগুলে ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহমান (৬৫) কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ওই এলাকার শাহ সুন্দর মাজারের খাদেম। আব্দুর রহমানকে আঘাতের দায়ে অভিযুক্ত সুমন আহমদও আহত হন। তিনিও ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে কোনো এক সময় পালিয়ে যান।

স্থানীয়দের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার বিকেলে সড়কের পাশে প্রশ্রাব করছিলেন সুমন। এতে আব্দুর রহমান বাধা দেন। এ নিয়ে তর্কতর্কির পর আব্দুর রহমানের ছেলো সুমনকে মারধর করে। একপর্যায়ে সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন।

সাইফুল ইসলাম বলেন, আব্দুর রহমান ও সুমন দুজনই আহত হয়ে বুধবার রাতে ওসমানী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে আব্দুর রহমান বৃহস্পতিবার সকালে মারা যান। আর সুমন হাসপাতাল থেকে কোনো এক সময় পালিয়ে যান।

ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, কার্যকর ভবিষ্যতে

0

আধুনিক ডেস্ক ::
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করে আনা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ১৪ বছর আগে দেওয়া রায় পুরোটাই বাতিল করেছেন আপিল বিভাগ। ওই রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর ও এ-সংক্রান্ত রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন নিষ্পত্তি করে বৃহস্পতিবার রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ সর্বসম্মতিতে এ রায় দেন। রায়ে বলা হয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার–সম্পর্কিত বিধানাবলি এই রায়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত বিধানাবলি ভবিষ্যৎ প্রয়োগ যোগ্যতার ভিত্তিতেই কার্যকর হবে বলে রায়ে এসেছে।

এই সংশোধনী বাতিল করে ১৪ বছর আগে (২০১১ সাল) রায় দিয়েছিলেন আপিল বিভাগ। সেই রায়ের বিরুদ্ধে করা আপিল এবং এ-সংক্রান্ত রিভিউ আবেদনের ওপর ১১ নভেম্বর শুনানি শেষ হয়। সেদিন আদালত আজ (বৃহস্পতিবার) রায়ের জন্য দিন ধার্য করেন।

সকাল ৯টা ৩৬ মিনিটের দিকে প্রধান বিচারপতি ও অপর ছয় বিচারপতি এজলাসে আসেন। আসন গ্রহণের পর রায়ের সংক্ষিপ্ত আদেশ ঘোষণা করেন প্রধান বিচারপতি।

বেঞ্চের অপর ছয় সদস্য হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

রায়ের পর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, নথিদৃষ্টে আগের রায় নানা ত্রুটির কারণে কলুষিত বলে পুরোটাই বাতিল করেছেন আপিল বিভাগ। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘিষ্ঠ রায় বাতিল করা হয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা–সংবলিত ত্রয়োদশ সংশোধনী আইন পুনরুজ্জীবিত করা হয়েছে। এই পুনরুজ্জীবিত ও পুনর্বহাল হওয়াটা সংবিধানের ৫৮বি ও ৫৮সি অনুচ্ছেদ সাপেক্ষে প্রয়োগ-কার্যকর হবে। ওই অনুচ্ছেদে আছে সংসদ ভেঙে দেওয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এখন সংসদ নেই। তাই আদালত বলেছেন, সামনে থেকে কার্যকর হবে, এখন নয়।

ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা ১৯৯৯ সালে একটি রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্টের বিশেষ বেঞ্চ রায় দেন। সেই রায়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করা হয়। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল থাকে।

এই রায়ের বিরুদ্ধে ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারীপক্ষ। এই আপিল মঞ্জুর করে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ রায় ঘোষণা করেন। তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে (৪: ৩) ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন। এই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী (২০১১ সাল) আনা হয়।

এর আগে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে দেশে সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীন জাতীয় সংসদ নির্বাচন হয়। আর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীন। সেই সরকারের প্রধান ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। তখন তিনি প্রধান বিচারপতির পদ ছেড়ে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন।

ইতিহাস গড়লেন মুশফিক, শততম টেস্টে সেঞ্চুরি

0

স্পোর্টস ডেস্ক

মুশফিকুর রহিমের অপেক্ষা ছিল মাত্র ১ রানের। সেই অপেক্ষা শেষ হতে লাগল ৮ বল। বৃহস্পতিবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ২য় দিনের শুরুতে ম্যাথু হ্যামফ্রিসের করা দিনের প্রথম ওভারটা তিনি মেডেন দেন। জর্ডান নিলের করা পরের ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে মুশফিককে স্ট্রাইক দেন লিটন দাস। এক বল ডট দিয়ে পরের বলে দৌড়ে এক রান নিয়ে শফিকুর রহিম সেই কাঙ্খিত মাইলফলকে পৌঁছে গেলেন। শততম টেস্টে শতরানকারী হিসেবে বিশ্ব ক্রিকেটে ১১ নম্বর জায়গাটি নিজের করে নিলেন মিস্টার ডিপেন্ডেবল। আর বাংলাদেশের হয়ে প্রথম। প্রথম শততম টেস্ট খেলে সেই টেস্টে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ক্রিকেটার মুশফিকুর রহিম। এর মাধ্যমে আরও একবার ইতিহাসের পাতায় লেখা হয়ে গেলো মুশফিকের নাম।

টেস্টে বাংলাদেশের টপ স্কোরার তিনি। মিরপুরে চলমান এই ম্যাচের আগে ৯৯ টেস্টের ১৮২ ইনিংসে মুশফিকুর রহিমের রান ছিল ৬৩৫১। শতক ১২টি, অর্ধশতক ২৭টি।

বুধবার শেরে বাংলায় ৫ নম্বরে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং করেছেন মুশফিক। বোঝাই গেল, সেঞ্চুরির পণ করেই মাঠে নেমেছিলেন তিনি। গতকালই অপরাজিত ছিলেন ৯৯ রানে । বৃহস্পতিবার ১ রান নিয়ে শততম টেস্টে সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। তবে অপেক্ষার পালা ফুরানোর পর মাত্র ৬ রান যোগ করতেই ব্যক্তিগত ১০৬ রানে থেমেছেন তিনি। এটি ছিল তার ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি।

টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এর আগে শততম টেস্টে শতরানের কৃতিত্ব দেখিয়েছেন মাত্র ১০ জন ব্যাটার। কলিন ক্রাউড্রে, জাভেদ মিয়াদাঁদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, রিকি পন্টিং, ইনজামাম-উল হক, জো রুট, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা ও ডেভিড ওয়ার্নার। এবার ১১তম স্থানে নাম লেখালেন মুশফিকুর রহিম।

ছাতকে ভূমি নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

0

ছাতক প্রতিনিধি ::

সুনামগঞ্জের ছাতকে বাজারে ভূমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও সূত্রে জানা যায়, সিদ্ধারচর গ্রামের পাশে ইসলামগঞ্জ নামে একটি বাজার স্থাপনের উদ্যোগ নিয়েছে এলাকাবাসী। এই বাজারের ভূমি নিয়ে সিদ্ধারচর গ্রামের আব্দুল হকের সঙ্গে বাজার কমিটির মামলা চলছে। গতকাল মঙ্গলবার বাজারের জমি মাপজোঁক করা হয়। সে সময় নানশ্রী গ্রামের চান্দ আলীর সঙ্গে আব্দুল হকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ইসলামগঞ্জ বাজারের কিছু জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বের জের ধরে গতকাল দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তার জের ধরে আজকে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। পরে তারা ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

0

আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে জাতীয় নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স ২০২৫-এর সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এখন নির্বাচনের সময়। আমরা প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। আমাদের সামরিক বাহিনী, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘এটি একটি বড় প্রয়াস। অভ্যুত্থান থেকে নির্বাচনের পথে যাত্রা। এটি হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, আনন্দ ও মিলনের সময়। মানুষ তাদের আশা ও আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবে।’

অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন সম্পন্নকারী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা তাঁদের এই কোর্সে অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও সংকল্প দেশের অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন। পাশাপাশি তিনি শীর্ষস্থানীয় সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ডিএসসিএসসির আন্তর্জাতিক সুনামেরও প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতে কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘ এক বছর কঠোর প্রশিক্ষণে অর্জিত জ্ঞান নিজ নিজ বাহিনীকে আরও শক্তিশালী করবে। তিনি কোর্সের সফলতা নিশ্চিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাহিনী সদর দপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ এবং সব অংশীজনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিএসসিএসসি কোর্স-২০২৫-এ বাংলাদেশ সেনাবাহিনীর ১৭০ জন, নৌবাহিনীর ৪৫ জন এবং বিমানবাহিনীর ৩৬ জন কর্মকর্তা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এ ছাড়া বাংলাদেশ পুলিশের ৩ জন কর্মকর্তা এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, তানজানিয়া, তুরস্ক ও উগান্ডা থেকে আগত ৫৮ জন কর্মকর্তা অংশ নেন। সব মিলিয়ে এ বছর মোট ৩১১ জন প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ পুলিশের একজনসহ মোট ১৪ জন নারী কর্মকর্তা রয়েছেন।

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যা মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের উচ্চতর দায়িত্ব ও নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তুত করতে অঙ্গীকারবদ্ধ। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৫ হাজার ৩২৯ জন কর্মকর্তা, ২০ জন পুলিশ কর্মকর্তা এবং বন্ধুপ্রতিম ৪৫ দেশের ১ হাজার ৪৬৫ জন বিদেশি সামরিক কর্মকর্তাসহ মোট ৬ হাজার ৮১৪ জন কর্মকর্তা এখানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্যরা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানেরা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা (চাকরিরত ও অবসরপ্রাপ্ত), বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপক এবং বিভিন্ন দেশের মিলিটারি বা ডিফেন্স অ্যাটাচি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

২২ বছর পর ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের

0

স্পোর্টস ডেস্ক ::

২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর আবার ভারতের বিপক্ষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। ১১ মিনিটে শেষ মোরছালিনের করা গোলটিকে ধরে রেখে ১–০ গোলেই এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচটি জিতল বাংলাদেশ। ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ জিতল পাঁচ ম্যাচ পর। আজকের আগে সর্বশেষ গত জুনে প্রীতি ম্যাচে ভুটানকে ২–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

শেষ মুহূর্তের গোলে বারবারই আশাভঙ্গের বেদনা সওয়া বাংলাদেশ আজ দাঁতে দাঁত চেপে শেষ কয়েকটা মিনিট পার করেছে। দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমনের পর আক্রমণ করলেও দৃঢ়তার সঙ্গে সে সব সামাল দিয়েছে বাংলাদেশ।

প্রাথমিকের শিক্ষকদের জন্য সুখবর, বেতন স্কেল ১১ গ্রেডে করতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি

0

আধুনিক ডেস্ক ::

১৩তম গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে করতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ১৩তম গ্রেডে থাকা সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা যাতে ১১তম গ্রেডের বেতন পান, সে জন্য চিঠি দিয়েছি।
আন্দোলনের অংশ নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে ৯টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছে। তবে ভুঁইফোড় চারটি সংগঠনের সদস্যরা আন্দোলন করেছেন। তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে ভোগান্তিতে ফেলেছেন।’

নারী ক্রিকেটের প্রধান হলেন রুবাবা দৌলা

0

আধুরিক ডেস্ক ::
বিসিবির নারী বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। কয়েক দিন ধরে নারী ক্রিকেট নিয়ে নানা বিতর্কের মধ্যেই বিসিবির একমাত্র নারী পরিচালককে এই বিভাগের দায়িত্ব দেওয়া হলো। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্তের কথা জানায় বিসিবি।

গত ৬ জুন বিসিবি নির্বাচনের পরদিন ২৩টি স্থায়ী কমিটি বণ্টন করে বিসিবি। তখনো বিসিবি পরিচালক হননি রুবাবা। এ মাসের ৩ তারিখ তাকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এবার আবদুর রাজ্জাকের জায়গায় তিনি পেলেন নারী বিভাগের দায়িত্ব। এত দিন এই বিভাগের প্রধানের দায়িত্ব পালন করা রাজ্জাককে এখন একই বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। জাতীয় দলের এই সাবেক স্পিনারকে নতুন করে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধানও করা হয়েছে।
এত দিন এইচপির প্রধান ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ, তাঁকে এখন করা হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। এই বিভাগের দায়িত্বে এত দিন ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজেই। এখন বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি আমিনুলের কাছে থাকল ওয়ার্কিং কমিটির দায়িত্ব।

বাংলাদেশের ইতিহাসে কখনও কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি

0

আধুনিক ডেস্ক ::

অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। নানা অপরাধে নারীরাও এ দণ্ড পেয়ে থাকেন। তবে স্বাধীনতার পর দেশের ৫৪ বছরের কারা ইতিহাসে এখনও কোনো নারীর ফাঁসির দণ্ড কার্যকর হয়নি। কারা সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার (১৭ নভেম্বর) পর্যন্ত দেশের সব কারাগারে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামির সংখ্যা দুই হাজার ৫৯৪। তাদের মধ্যে নারী ৯৪ জন। বাকিরা পুরুষ। বর্তমানে বাংলাদেশের কারাগারে ৯৪ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী কয়েদির মধ্যে সবচেয়ে বেশি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। সেখানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৫৪ জন নারী কয়েদি আছেন।

অনেকে মনে করেন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে কনডেম সেলে রাখা হয়।  তবে কারা সূত্র বলছে, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দিদেরও সেলে রাখা হয়। কোনো সেলে একজন থাকেন, আবার কোনো সেলে একাধিক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি থাকেন। তবে দেশে এখনও কোনো নারী আসামির ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হয়নি।

কারা সূত্র বলছে, ১৭ নভেম্বর পর্যন্ত কারাগারে সব মিলিয়ে বন্দির সংখ্যা ৮২ হাজার। বর্তমানে ১৪টি কেন্দ্রীয় কারাগার ও ৬০টি জেলা কারাগার রয়েছে। ধারণক্ষমতা ৪২ হাজার ৮৭৭ জন। এই হিসাবে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দি আছে।

পুরুষের পাশাপাশি অনেক নারীকে খুনাখুনির মতো অপরাধে জড়াতে দেখা যায়। তাহলে কেন এখন পর্যন্ত কোনো নারীর ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হয়নি এমন প্রশ্ন অনেকেরই মনে উঁকি দিতে পারে। জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আবার সামনে এসেছে এ প্রশ্নটি।

আমাদের সমাজের অনেকের প্রচলিত ধারণা, নারীদের ফাঁসি দেওয়া হয় না। আসলে বিষয়টি তা নয়। আইনের কোথাও বলা নেই, নারীদের ফাঁসি দেওয়া যাবে না। ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করতে হলে বেশ কয়েকটি আইনি ধাপ অতিক্রম করতে হয়। এরপর মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের বিষয় আসে। তবে এখনও সবকটি আইনি ধাপ সম্পন্ন করে কোনো নারীর ফাঁসির দণ্ড দেশে কার্যকর হওয়ার নজির নেই। তাই অনেক নারী ফাঁসির দণ্ড নিয়ে বছরের পর বছর কারাগারে থাকলেও মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।

কারাসূত্রে জানা গেছে, এক সময় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বন্দিদের সেলের বাইরে বের হতে দেওয়া হতো না। কারারক্ষীদের প্রহরায় স্বজনরা তাদের সেলে গিয়ে নির্দিষ্ট সময় পরপরই সাক্ষাৎ করতেন। একসঙ্গে সর্বোচ্চ পাঁচজন স্বজন যেতে পারতেন। পরে এই নিয়ম বদলানো হয়। অন্য বন্দিদের স্বজনদের মতো ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামির আত্মীয়স্বজন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

কারাগারের নিয়ম-প্রথা নিয়ে বাইরের মানুষের মধ্যে নানা মিথ রয়েছে। অনেকে বিশ্বাস করেন, দেশে রমজানে কারও ফাঁসি কার্যকর হয় না। আইনে এমন কিছু বলা নেই। তবে সাধারণ মুসলিম দেশ হিসেবে রমজানে কারও ফাঁসি কার্যকর করা হয় না।

ঐতিহাসিক রায়, জনগণকে সংযত থাকার আহ্বান জানাল সরকার

0

আধুনিক ডেস্ক ::

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায়। এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে অন্তর্বর্তী সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, রায়-পরবর্তী সময়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, উত্তেজনাপ্রসূত আচরণ, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। জনগণের, বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে। তবে সেই আবেগের বশবর্তী হয়ে যেন কেউ জনশৃঙ্খলা বিঘ্নিত করে—এমন কোনো পদক্ষেপ না নেয়, সরকার এ বিষয়ে দৃঢ়ভাবে সবাইকে সতর্ক করছে। সরকার আরও স্পষ্ট করে জানাচ্ছে, যেকোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।