Home Blog Page 79

মোরগ চুরির জেরে ছাতকে দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশত গ্রামবাসী

0

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে মোরগ চুরিকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপাড় এবং মনিরগাতি (কুম্বায়ন) গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

গ্রামসংলগ্ন পাকা সড়কে প্রায় এক ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ হয়। দুই পক্ষই দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ইটপাটকেল ব্যবহার করে একে অপরের ওপর হামলে পড়ে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে দড়ারপাড় গ্রামের আবু বক্কর (৩৫),লোকমান মিয়া (৪৫),ফয়ছল আহমদ (২৫),লাহিন মিয়া (২২), সাকলাইন মিয়া (২৬), গিয়াস উদ্দিন (৫০), এবং মনিরগাতি (কুম্বায়ন), গ্রামের নাহিদ মিয়া (২০), জামাল হোসেন (৪০),
সফর আলী (৩৫) সহ আহতদের একটি বড় অংশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (কৈতক হাসপাতাল) এ ভর্তি করা হয়েছে। আরও অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দড়ারপাড় গ্রামের আবু বক্করের বাড়ি থেকে সম্প্রতি কয়েকবার গৃহপালিত মোরগ চুরির ঘটনা ঘটেছে। এসব চুরির জন্য পাশের কুম্বায়ন গ্রামের নাহিদ মিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে। শুক্রবার রাতেও আবু বক্করের একটি মোরগ নিখোঁজ হয়। এ ঘটনায় আবু বক্কর নাহিদের বাড়িতে গিয়ে কথা বলতে চাইলে নাহিদ ও তার স্বজনরা ক্ষিপ্ত হয়ে তাকে আটক করে মারধর করে।

এদিকে আবু বক্করকে আটকের খবর গ্রামে পৌঁছালে তার স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে নাহিদের বাড়ির দিকে এগিয়ে যায়। পরে দুই পক্ষ পাকা সড়কে মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১০

0

আধুনিক ডেস্ক ::

ভূমিকম্পে সারা দেশে এখন পর্যন্ত তিন শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন রয়েছেন। এ ঘটনায় বিভিন্ন জেলায় আহত হয়েছেন কয়েকশ মানুষ। ঢাকার মুগদা এলাকায় একজন ও পুরান ঢাকার কসাইটুলি এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।
মুগদা থানার এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মুগদার মদিনাবাগে একটি ভবনে দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তাকর্মী মো. মাকসুদ (৫০)। ভূমিকম্পের সময় তিনি দ্রুত বাইরে বের হওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময় দেয়াল ধসে পড়লে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার বলেন, পুরান ঢাকার কসাইটুলি এলাকায় একটি ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম (২১), কাপড় ব্যবসায়ী আবদুর রহিম (৪১) ও তার ছেলে ১২ বছরের আবুল আজিজ রেমনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। যাদের অধিকাংশই পাশের দোকান থেকে গরুর মাংস কিনতে ভিড় করেছিলেন।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান জানান, ভূমিকম্পে আতংকিত হয়ে উঁচু ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক। মৃতরা হলেন—নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমর (৮), পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতাপাড়ার কাজেম আলী ভূঁইয়া (৭৫), একই উপজেলার ডাংগা ইউনিয়নের নাসিরউদ্দিন (৬০) ও শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ফোরকান (৪০)।
জেলা প্রশাসক জানান, চিনিশপুর ইউনিয়নের গাবতলীতে নির্মাণাধীন ভবনের মালামাল নিচে পড়ে চারজন আহত হন। এদের দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূইয়া মাটির ঘরের নিচে চাপা পড়েন। জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আবু তাহের আরও বলেন, ডাংগা ইউনিয়নের নাসিরউদ্দিন ভূমিকম্পের সময় ফসলি জমিতে কাজ করছিলেন। আতঙ্কিত হয়ে দৌড়ে আসার পথে রাস্তা থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়। অন্যদিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ফোরকান ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে যান। তাকে প্রথমে নেওয়া হয় নরসিংদী জেলা হাসপাতালে। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। কেন্দ্রস্থল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। গভীরতা ১০ কিলোমিটার।

সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ

0

আধুনিক ডেস্ক ::

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে বিকেলে গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া। গাড়ি থেকে নেমে হুইলচেয়ারে বসে অনুষ্ঠানস্থলে যান তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম ১৯৭১ সালের রণক্ষেত্রে। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনাবাহিনীর সঙ্গে নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়েছিল বলে ২১ নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইলফলক হিসেবে গৌরবের সঙ্গে পালন করা হয়। তবে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সংগ্রামের সূচনা ঘটে ২৫ মার্চের রাত থেকেই। যদি বিজয় অর্জন না হতো, তাহলে এই বীর সেনাদের মৃত্যুদণ্ড ছিল অনিবার্য। অসহনীয় হয়ে যেত তাঁদের পরিবারের সব সদস্যের জীবন।
অধ্যাপক ইউনূস বলেন, ’৭১ সালের ২১ নভেম্বর সেনা, বিমান ও নৌবাহিনীর যৌথ অভিযান ১৬ ডিসেম্বরে স্বাধীনতাসংগ্রামের চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল। ’৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন। পরে তাঁরা মূল অনুষ্ঠানস্থলে যান। সেখানে পাশাপাশি আসনে বসে প্রধান উপদেষ্টা এবং খালেদা জিয়াকে হাসিমুখে কথা বলতে দেখা যায়। এক বছর পর আবারও সেনাকুঞ্জের অনুষ্ঠানে গেলেন বিএনপির চেয়ারপারসন।
প্রধান উপদেষ্টা সাক্ষাৎকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন। বিএনপির চেয়ারপারসন প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজা ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এ সময় সরকারের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

সিলেট সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

0

আধুনিক ডেস্ক:

সিলেট সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা, বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো মহান সশস্ত্র বাহিনী দিবস। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল আ.স.ম রিদওয়ানুর রহমান।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে সিলেট সেনানিবাসে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সিলেট বিভাগের বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার বলেন, ২১ নভেম্বর জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে সম্মিলিত আক্রমণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিজয়যাত্রা আরও ত্বরান্বিত হয়, যার ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী জাতীয় দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো উন্নয়ন, আর্তমানবতার সেবা, জঙ্গিবাদ প্রতিরোধ এবং বেসামরিক প্রশাসনকে সহায়তার মাধ্যমে দেশের সার্বিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছেন। পাশাপাশি বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি-সজ্জিত, শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তুলতে সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ২০২২ সালের বন্যা, কোভিড–১৯ সহ প্রাকৃতিক দুর্যোগ এবং ধর্মীয় উৎসবেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, বীরত্ব এবং অবদানের বিশেষ প্রশংসা করেন। একই সঙ্গে সিলেট অঞ্চলের সকল বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, শহীদ পরিবারের সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন, যা পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও বর্ণিল ও তাৎপর্যময়।

ভূমিকম্পে পুরান ঢাকায় তিনজন নিহত, নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু

0

আধুনিক ডেস্ক ::

শুক্রবার (২২ নভেম্বর) সকালে সংঘটিত ভূমিকম্পে পুরান ঢাকায় একটি ভবনের ছাদের রেলিং ভেঙে অন্তত তিনজন নিহত হয়েছেন। ভূমিকম্পের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ভূমিকম্পে ঢাকা ও আশপাশের জেলায় আহত হয়েছেন অর্ধশতাধিক।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। কেন্দ্রস্থল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। গভীরতা ১০ কিলোমিটার।

রাজধানীর বংশাল থানা পুলিশসূত্রে জানা গেছে, আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি আটতলা ভবনের পাশের দেওয়াল ও কার্নিশ থেকে ইট ও পালেস্তারা খসে নিচে পড়ে। যেখানে একটি গরুর মাংস বিক্রির দোকান ছিল। সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মিটফোর্ড হাসপাতালে হাসপাতালে তিনজন মারা গেছেন এবং ১০ জন চিকিৎসাধীন আছেন। নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। একজনের নাম রাফিউল ইসলাম। তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তবে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ বলেছেন, তিনি সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র। মিটফোর্ড হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত আরেকজনের নাম সবুজ। তার বয়স ৩০ বছর। ৮ বছরের একটি শিশুর মরদেহ আনা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ভূমিকম্পের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম ফাতেমা বেগম। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে ফাতেমার মা কুলসুম বেগম তার মেয়েকে কোলে নিয়ে বাড়ির বাইরে দৌড়ে আসেন। এ সময় প্রতিবেশী জেসমিন বেগমও (৩৫) ঘর থেকে বের হয়ে সড়কে এসে আশ্রয় নেন। ঠিক তখনই সড়কের পাশে থাকা একটি সীমানাপ্রাচীর ধসে তাঁদের ওপর পড়ে। ইটের চাপায় ঘটনাস্থলেই শিশু ফাতেমা নিহত হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করেন। আহত অবস্থায় কুলসুম বেগম ও জেসমিন বেগমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সিলেটে বন্ধ কূপের সংস্কারকাজ শেষ, জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ৫০ লাখ ঘনফুট গ্যাস

0

আধুনিক ডেস্ক ::
সিলেটে গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপের সংস্কারের কাজ শেষ হয়েছে। বন্ধ থাকা কূপটির বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গ্যাস পরীক্ষা শেষে দুই দিন পর ওই কূপের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা। এটি সচল হলে প্রতিদিন প্রায় ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন কূপের সংস্কারকাজ (ওয়ার্কওভার) শেষে আজ এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল প্রামাণিক।

গ্যাস ফিল্ডস সূত্রে জানা গেছে, সিলেটের কৈলাশটিলা ১ নম্বর কূপে ১৯৬১ সালে গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছিল। মাঝে বিরতির পর কূপ থেকে ২০১৯ সাল পর্যন্ত গ্যাস উত্তোলন করা হয়। পরে ২০২৩ সালে এটির সংস্কার শুরু করা হয়। এর মধ্যে সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন ১৪টি কূপের সংস্কারকাজ চলছে। কৈলাশটিলা ১ নম্বর কূপটির ওয়ার্কওভার কাজ প্রায় ৪ মাস আগে শুরু করা হয়। এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন রশিদপুর গ্যাস ফিল্ডের ৩ নম্বর কূপ ওয়ার্কওভারের পর দৈনিক প্রায় ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়। সিলেট গ্যাস ফিল্ডসের আওতাধীন কূপগুলোতে আরও কয়েকটি প্রকল্পের কাজ চলমান আছে। সেগুলো দ্রুত শেষ হওয়ার কথা রয়েছে। প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও কূপ ওয়ার্কওভারের কাজ চালানো হচ্ছে।

কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপের ওয়ার্কওভার কাজের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, গ্যাসকূপটির প্রায় ২ হাজার ২৪১ মিটার থেকে ৬৭ মিটারে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এর আগে প্রায় ৩ হাজার ১০০ মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন করা হয়। ওয়ার্কওভারের মাধ্যমে প্রাপ্ত গ্যাস আগামী প্রায় ১০ বছর উত্তোলন করা সম্ভব।

সিলেট গ্যাস ফিল্ডসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল প্রামাণিক বলেন, সিলেট গ্যাস ফিল্ডসের বিয়ানীবাজার-২ নম্বর কূপেও আগামী ডিসেম্বরের মধ্যে ওয়ার্কওভার শুরু হবে। ওই কূপ থেকেও গ্যাসের সন্ধান পাওয়ার সম্ভাবনা আছে। কৈলাশটিলা কূপের প্রোডাকশন টেস্টিং (উৎপাদন পরীক্ষা) শেষে আগামী দুই দিনের মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত করা হবে। কূপটি থেকে প্রতিদিন প্রায় ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করতে হবে- কয়ছর এম আহমেদ

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, দীর্ঘ প্রতিক্ষার আমাদের সামনে এখন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপনীত হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে এ নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রও চলমান রয়েছে৷ আমাদের সবাইকে সতর্কতার সাথে পথ চলতে হবে৷ ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের রজনীগঞ্জ (টানাখালী) নতুন বাজার ও ঠাকুরভোগ গ্রামে পৃথক উঠান বৈঠক ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি।

তিনি বলেন, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এদেশের মানুষ দীর্ঘদিন সংগ্রাম করেছে। হাজার হাজার মানুষ শহিদ হয়েছেন। লক্ষাধিক মানুষ কারাগার ভোগ করেছেন। ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে গণতন্ত্রের আংশিক বিজয় হয়েছে। নির্বাচনের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে গণতন্ত্রের পুরোপুরি বিজয় হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তারা স্বাধীনতার বিরোধীতা করেছিলো।

মদনমোহন কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খানের পরিচালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এমদাদুল হক স্বপন, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

জেলা, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শুরু হয়েছে সিএসই ফেস্ট–২০২৫

0

শাবি প্রতিনিধি:

প্রযুক্তি ও সৃজনশীলতার অনন্য সমন্বয়ে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শুরু হয়েছে চার দিনব্যাপী “মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসই ফেস্ট–২০২৫”।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে ফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত ডিন মাহফুজুল হাসান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর ড. মো. জামাল উদ্দিন, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ভারপ্রাপ্ত ডিন অনিক বিশ্বাস, পরিচালক (অর্থ) এনামুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জাহেদ হোসেন গজনভীসহ বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানা যায়, চার দিনব্যাপী এ প্রযুক্তি উৎসব চলবে ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত । এ বছরের সবচেয়ে বড় আকর্ষণ “ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং প্রতিযোগিতা (IUPC)”। দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা এতে অংশ নিচ্ছেন।

ফেস্টকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য রয়েছে নানামুখী প্রতিযোগিতা ও আয়োজন। এর মধ্যে রয়েছে টাইপিং প্রতিযোগিতা, স্টুডেন্ট অব দ্য ফেস্ট নির্বাচন, ডিজাইন প্রতিযোগিতা, আইডিয়াথন, সিভি ও পোর্টফোলিও প্রতিযোগিতা, IUPC মক প্রতিযোগিতা, ই-ফুটবল, পাবজি প্রতিযোগিতা, ট্রেজার হান্ট, রুবিক্স কিউব প্রতিযোগিতা এবং আকর্ষণীয় সাংস্কৃতিক সন্ধ্যা।

আয়োজক সিএসই সোসাইটির সদস্যরা জানান, শিক্ষার্থীদের প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি ও সৃজনশীলতার বিকাশকে কেন্দ্র করে এ বছরের ফেস্ট পূর্বের তুলনায় আরও বৃহত্তর পরিসরে আয়োজন করা হয়েছে। তারা আরো বলেন, এই প্রতিযোগিতা তরুণ প্রোগ্রামারদের উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধান ও কোডিং দক্ষতা বাড়াতে বড় ভূমিকা রাখবে। সিএসই ফেস্টের এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

ছাতকে নৌ–পুলিশের ঝটিকা অভিযান, মদ পাচারের নৌকাসহ যুবক আটক

0

ছাতক প্রতিনিধি:

ছাতক নৌ–পুলিশ ফাঁড়ির ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ ও এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২ ঘটিকার দিকে কোম্পানীগঞ্জ থানা এলাকার শিলাকুড়ি গ্রামের কাটাগাং নদীর দক্ষিণ তীর থেকে এসব মদ উদ্ধার করা হয়।

অভিযানে মোঃ শামিম মিয়া (২২) নামে এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার নুরপুর প্রকাশ কাদিরপুর (আমিরপুর বাজার সংলগ্ন) এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

তল্লাশি করে নৌ–পুলিশ নৌকা থেকে ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এর মধ্যে রয়েছে ৪৮ বোতল এসি ব্ল্যাক,৩৯ বোতল ম্যাকডোনাল,৪১ বোতল অফিসার্স চয়েজ, ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, নদীপথ ব্যবহার করে মদ পাচারকারী একটি সক্রিয় চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আটককৃত আসামি ও উদ্ধার করা মালামাল হেফাজতে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নৌ–পুলিশ আরও জানায়, নদীপথে মদ পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।##

জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের গৌরব উদযাপন বারকাহনে

0

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মেধা যাচাই পরীক্ষা–২০২৫ এ জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় ছাতকের নোয়ারাই ইউনিয়নের বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বারকাহন গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামের আপ্তাব মিয়া তালুকদার।
অনুষ্ঠান পরিচালনা করেন, রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অনুকূল চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুকূল কুমার মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হারুনুর রশিদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সালেহ আহমদ তালুকদার, রইছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, সমাজসেবক এনামুল হক তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খা, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম ও বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন তরফদার।

বক্তারা বিদ্যালয়ের এ অর্জনকে নোয়ারাই ইউনিয়নের গৌরব হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে সকলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

পরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।