Home Blog Page 78

হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো রাস্তার সিসি ব্লক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

0

ধর্মপাশা ও মধ্যনগর  সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ভাটাপাড়া পর্যন্ত রাস্তা পাকাকরণ ও রাস্তার দুই পাশে সিসি ব্লক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। 

ঠিকাদার এ কাজের শুরু থেকেই নিম্নমানের উপকরণ দিয়ে যেনতেনভাবে কাজ চালিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছেনা। 

এলাকাবাসীর অভিযোগ সংশ্লিষ্ট এলজিইডি কার্যালয়ের কর্মকর্তাদের ম্যানেজ করেই ঠিকাদার এমন অনিয়ম করে যাচ্ছে।

উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ধর্মপাশা উপিসি, বাদশাগঞ্জ বাজার ভায়া মহিশেরকান্দা বাজার পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা নির্মাণ ও দুই পাশে সিসি ব্লক বসানোর জন্য ২৮ কোটি সাড়ে ২২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। আর এ কাজের দায়িত্ব পান কিশোরগঞ্জের হামীম ইন্টারন্যাশনাল এন্ড চ্যালেঞ্জার (জেভি) নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি চলতি বছরের ১৩ মার্চ শুরু করে ২০২৬ সালের ১৪ জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে। স্থানীয়দের অভিযোগ এ কাজের শুরু থেকেই সংশ্লিষ্ট ঠিকাদার নিম্নমানের উপকরণ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। অনুসন্ধ্যানে দেখা যায়, ঠিকাদার স্থানীয়দের চোখ এড়াতে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কচুয়ারচর এলাকায় কংস নদের তীরবর্তী একটি জায়গা ভাড়া নিয়ে ভিট বালু ও নিম্নমানের সিঙ্গেল পাথর দিয়ে সেখানে ব্লক তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতে সপ্তাহ খানেক আগে উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ শাহাবউদ্দিন সেখানে গিয়ে এ কাজে ব্যবহৃত প্রায় ২৫-৩০ হাজার ঘন ফুট নিম্নমানের সিঙ্গেল পাথর দেখতে পান এবং ওইসব নিম্নমানের পাথর সেখান থেকে অপসারণের জন্য ঠিকাদারকে নির্দেশ দেন। কিন্তু বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে সেখানে গিয়ে দেখা যায় প্রকৌশলীর নির্দেশ অমান্য করে ঠিকাদার ওইসব নিম্নমানের সিঙ্গেল পাথর ও ভিট বালু ব্যবহার করেই জোরেসুরে ব্লক তৈরীর কাজ চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, এরই মধ্যে ঠিকাদার বাতিলকৃত প্রায় ২০ হাজার ঘন ফুট নিম্নমানের সিঙ্গেল পাথর ও ভিট বালু দিয়ে ৯০ হাজার ব্লকের মধ্যে প্রায় ৩০ হাজার ব্লক তৈরী করেছেন।

মোহনগঞ্জের কচুয়ারচর গ্রামের বাসিন্দা সাইদুর মিয়া ও হাবিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজটি অন্য উপজেলার হওয়ায় আমরা প্রতিবাদ করতে পারছিনা। নিম্নমানের সামগ্রী দিয়ে যেভাবে কাজ করছে তা আমাদের উপজেলার কাজ হলে এলাকাবাসী প্রতিবাদ করে অবশ্যই কাজটি বন্ধ করে দিতাম।

ধর্মপাশা উপজেলার প্রকল্প এলাকা সংলগ্ন খয়েরদিচর গ্রামের বাসিন্দা ও সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বারেক বাক্কি বলেন, শুরু থেকেই ঠিকাদার এ কাজে নিম্নমানের পাথর ও বালু ব্যবহার করে আসছেন। কিন্তু প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হচ্ছে না। তিনি আরো বলেন, মূলত ঠিকাদার এ কাজের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদেরকে মোটা অংকের পার্সেন্টিস দিয়েই এভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়েই এ কাজটি করে যাচ্ছে।

একই ধরনের মন্তব্য করেন, একই এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন, কাজী নিজাম উদ্দিন, মজিবুর রহমান মজুমদার, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমানসহ আরও অনেকেই।

অভিযোগের ব্যাপারে ঠিকাদারের স্থানীয় প্রতিনিধি ক্ষিত্তিবাস দাসকে ফোন করা হলেও তিনি এ ব্যাপারে পরে কথা বলবেন বলে জানান। কিন্তু পরে একাধিকবার কল করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ শাহাবউদ্দিন বলেন, সরেজমিন পরিদর্শন করে এ কাজে ব্যবহৃত প্রায় ২৫-৩০ হাজার ঘন ফুট নিম্নমানের সিঙ্গেল পাথর দেখতে পেয়ে ঠিকাদারকে তা ব্যবহার করতে নিষেধ করেছি। পরবর্তীতে ওইসব সিঙ্গেল পাথর যাচাই-বাছাই করে ব্লক তৈরীর উপযোগী মনে হওয়ায় ওইসব পাথর ব্যবহারের জন্য ঠিকাদারকে অনুমতি দেই। তবে তারা এ কাজের সার্বক্ষণিক তদারকি করে যাচ্ছেন বলেও তিনি জানান।

সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে ঠিকাদারসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলার পাশাপাশি  বিষয়টি খতিয়ে দেখবো।

দেশে ফিরলেন সিলেট-৪ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী রাশেল উল আলম

0

জৈন্তাপুর প্রতিনিধিঃ

জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সম্ভাব্য প্রার্থী, তথ্যপ্রযুক্তিবিদ ও শিক্ষানুরাগী প্রকৌশলী রাশেল উল আলম দেশে ফিরেছেন। রবিবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপির জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে বরণ করে নেন।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আজ থেকেই তিনি সিলেট-৪ আসনের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় শুরু করবেন। তিনি উল্লেখ করেন, সিলেট-১ আসনের সম্ভাব্য প্রার্থী আরিফুল হক চৌধুরী অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তি হলেও সিলেট-৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে একজন স্থানীয় প্রতিনিধিকে দেখতে চান। “আমার শিকড় গোয়াইনঘাটে,স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে স্থানীয় প্রার্থীই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে,” বলেন প্রকৌশলী রাশেল।

পাথর উত্তোলন ইস্যুতে তিনি বলেন, “শুধু ঘোষণা দিলেই হবে না; পর্যটন শিল্পের প্রসারণের জন্য পাথর উত্তোলন সীমিত করা হলেও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত ছিল। তা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি।” তিনি আরও জানান, সুসংগঠিত নীতিমালার আওতায় ভবিষ্যতে পাথর উত্তোলন পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, চলতি মাসেই সিলেট বিভাগের ছয়টি আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আবেদন যাচাই–বাছাই চলছে এবং এনসিপিতে আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, “যোগ্যতা, মূল্যবোধ ও জনগণের সঙ্গে সম্পৃক্ততাই হবে প্রার্থী নির্বাচনের মূল ভিত্তি।”

সিলেট-৪ আসনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিকে প্রাধান্য দিয়ে তিনি বলেন, হাইটেক পার্ককে কেন্দ্র করে ইলেকট্রনিক্স খাতে নতুন বিনিয়োগ বাড়াতে হবে। এতে বিপুল সংখ্যক তরুণের কর্মসংস্থান সৃষ্টি করা যাবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, শিক্ষা উন্নয়ন ও সুশাসনকে সামনে রেখে সিলেট-৪ আসনকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই কাজে জনগণের মতামত ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলেও মন্তব্য করেন।

বিমানবন্দর থেকে সরাসরি তিনি দলের নেতাকর্মীদের নিয়ে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। এসময় এনসিপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য, যুব শক্তির নেতারা ও স্থানীয় কর্মীরা সঙ্গে ছিলেন।

প্রকৌশলী রাশেল উল আলমের দেশে ফেরা সিলেট-৪ আসনের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মাঠে সরাসরি মানুষের সঙ্গে কাজের অঙ্গীকার তাঁর সম্ভাব্য প্রার্থিতাকে আরও প্রাণবন্ত করেছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

কমলগঞ্জে মুন্সিবাজার-রামেশ্বরপুর সড়ক সংস্কার, দীর্ঘদিন পর এলাকাবাসীর দুর্ভোগের লাঘব

0

কমলগঞ্জ প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার-রামেশ্বরপুর সড়কে রাস্তা ভেঙ্গে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগ পোহান। দীর্ঘদিন পর সম্প্রতি সময়ে সংস্কার কাজ শুরু হওয়ায় দুর্ভোগের লাঘব হচ্ছে হাজারো মানুষের।

সরেজমিনে দেখা যায়, প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ রামেশ্বরপুর বাজার মসজিদের পাশ থেকে মুন্সিবাজার পর্যন্ত সড়কটির সংস্কার কাজ করছে শ্রীমঙ্গলের ঠিকাদারি প্রতিষ্ঠান আরএনডি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে এই কাজ হাতে নেয়। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় মেয়াদ বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। মুন্সিবাজার ও পতনঊষার ইউনিয়নের রূপসপুর, বনবিষ্ণুপুর, রামেস্বরপুর, সোনারগাঁও, লক্ষ্মীপুর, রশিদপুর, বলরামপুর, গোবিন্দপুর, হরিশ্মরণ, দূর্গাপুর গ্রাম সহ প্রায় ১৫টি গ্রামের জনসাধারণ এই সড়ক ব্যবহার করে আসছেন। রাস্তাটি ভেঙ্গে পড়ায় এলাকার অসুস্থ লোকজন, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো।

সড়কে যাতায়াতকারী এড. রিপন আহমদ, শিক্ষক সালাহউদ্দীন আহমদ, ইউনুছ আলী বলেন, সড়কটি ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন সংস্কার কাজ হওয়ায় এই দুর্ভোগের লাঘব হচ্ছে। সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন হলে আমাদের আর দুর্ভোগ পোহাতে হবে না।

ঠিকাদারি প্রতিষ্ঠান আরএনডি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রমা রানী সেন জানান, সিডিউল মোতাবেক সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। ডিসেম্বর মাসের পনের দিনের মধ্যেই কাজ সম্পন্ন হবে।

এ বিষয়ে এলজিইডি কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. সাঈফুল আজম বলেন, রাস্তার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং আমরা নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছি।

কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

0

কানাইঘাট প্রতিনিধি ::

সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্তে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা। নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর পুত্র। কাজের সন্ধানে শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরেননি। পরে বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

শনিবার (২২ নভেম্বর) রাতে বাংলাদেশের অভ্যন্তরে ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার (২৩ নভেম্বর) সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসব তথ্য নিশ্চিত করেন কানাইঘাট থানার উপপুলিশ পরিদর্শক দূর্গা কুমার। তিনি জানান, শনিবার রাতে লোভাছড়া সীমান্তে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ভোর ৪টায় কানাইঘাট থানায় নিয়ে আসে।

নবদিগন্তে শাকসু নির্বাচন, তারিখ নিয়ে অসন্তোষ শিক্ষার্থীরা

0

হিমেল হান্নান, শাবি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর (বুধবার ) অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ১৯৯৭ সালের পর থেকে ২৭ বছরের অচলাবস্থা অবসান ঘটিয়ে এই উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার একটি বড় সুযোগ হিসাবে দেখছেন শিক্ষার্থীরা। কিন্তু দীর্ঘসূত্রিতার কারণে তৈরি হয়েছে অনিশ্চয়তা,সময় মতো নির্বাচন অনুষ্ঠিত হবে না তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে রয়েছে সংশয় ।

১৯৯১ সালে প্রথম শাকসু নির্বাচনের মাধ্যমে যাত্রা শুরু হয়। ১ম ও ২য় নির্বাচনে ভিপি পদ যুক্ত করা হয় নি। এতে করে প্রতিষ্ঠাতা জিএস হিসেবে নির্বাচিত হয়েছিলেন নুরুজ্জামান জামান এবং এজিএস আক্তার হুসেন মিঠুন। তৃতীয় নির্বাচনে ভিপি পদ অন্তর্ভুক্ত হওয়ার পর শাকসু’র প্রথম ভিপি নির্বাচিত হয়েছিলেন আব্দুস সালাম এবং জিএস সাব্বির চৌধুরী। সর্বশেষ শাকসু’র ভিপি ছিলেন কামরুল ইসলাম কাবেরি, জিএস ছিলেন মামুনুর রশীদ মামুন। এরপর আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি,কেটে গেছে ২৭ টি বছর।

৫ আগস্টের পর প্রতি ক্যাম্পাসে দাবি উঠে ছাত্র সংসদ নির্বাচনের। এরই ধারাবাহিকতায় শাবিপ্রবিতে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের এ দাবি উপস্থাপন করেন। উপাচার্য শিক্ষার্থীদের আশ্বাস দেন ডাকসু হলে শাকসু হবে। অতপর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবার পর শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি দিতে থাকে। কিন্তু একটি পক্ষ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালু নয় দেখে শাকসুর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দাবি করেন। এরই প্রেক্ষিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালু হয়।

এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের গঠনতন্ত্র পুনঃপণয়ন করে। নতুন চারটি পদ যুক্ত করা হয়। একই সাথে হল সংসদের জন্য গঠনতন্ত্র প্রণয়ন করা হয়। উল্লেখ্য এর আগে শাবিপ্রবিতে হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নি।

পরবর্তীতে দেখা যায় ছাত্রদল লেভেল প্লেয়িং ফিল্ড নেই সেমিস্টার ফাইনাল পরীক্ষার কথা বলে শাকসু দেরিতে দেওয়ার জন্য স্মারক লিপি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। এর পূর্বে উপাচার্য বলেছিলেন নভেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দিবেন। কিন্তু তাদের এসব দাবির প্রেক্ষিতে নভেম্বরের ২য় সপ্তাহ পেরিয়ে গেলেও তফসিল করা ঘোষণা হয়নি। পরবর্তীতে শিক্ষার্থীদের রাতভর আন্দোলন মুখে নির্বাচন কমিশন গঠন করা হয়। কিন্তু নির্বাচন কমিশন কচ্ছপ গতিতে তাদের কাজ করতে থাকে। এতে করে শিক্ষার্থীরা আরো কঠোর আন্দোলনের দিকে যেতে প্রস্তুত হলে ডিসেম্বর এর ১৭ তারিখ নির্বাচনের তারিখ ঘোষণা করে উপাচার্য। সে তারিখ নিয়ে দেখা যায় অসন্তোষ। উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা হয় তারিখ এগিয়ে নিয়ে আসার জন্য। উপাচার্য তারিখ বিবেচনার আশ্বাস দিলে আগানো হয় নি তারিখ। ১৭ তারিখ নির্বাচনের দিন ঠিক রেখেই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

অন্যদিকে ছাত্রশিবির, ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকল ধারার ছাত্র সংগঠন গুলো নভেম্বরে নির্বাচন আয়োজনের জন্য আন্দোলন করতে থাকে। নির্বাচন আয়োজনের জন্য একতাবদ্ধ হয়ে প্রশাসনকে এসকল সংগঠন চাপ দিতে থাকে।

১৭ তারিখ নির্বাচন আয়োজন নিয়ে এসব সংগঠন ও শিক্ষার্থীরা বলছেন শাকসু নির্বাচন বানচালের চেষ্টা চলছে। এজন্যই বিশ্ববিদ্যালয় বন্ধ হবার ক্রান্তিলগ্নে নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে।

তাদের দাবি উপাচার্য নির্বাচনের তারিখ ছাত্রদলের চাপে পড়ে এবং তাদেরকে খুশি করার জন্য ১৭ ডিসেম্বর সিদ্ধান্ত নিয়েছেন। তারা আরো বলেন, এ সময় নির্বাচন হলে ১০ ভাগ ভোটার ভোট দেওয়ার জন্য ক্যাম্পাসে অবস্থান করবেন না। এই সময়টা শীতকালীন ছুটি থাকে। শিক্ষার্থীদের জোর করে আটকে রাখা যাবেনা,শিক্ষার্থীদের মাঝে নির্বাচনের কোনো আমেজ থাকবে না।

নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠন গুলো নানামুখী কল্যানমূলক কার্যক্রম পরিচালনা শুরু করেছিল যা শিক্ষার্থীদের কে নতুন ভাবে ভাবতে শেখাচ্ছিল । কিন্তু প্রশাসনের শিক্ষার্থীবান্ধব মনোভাব না থাকায় সেই ভাবনায় নেতিবাচক প্রভাব পরেছে বলে জানা যায় ।বেশির ভাগ সংগঠন প্রশাসনের সিদ্ধান্তের কারণে নির্বাচন বিমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে ।ছাত্রদল আন্দোলন কারী শিক্ষার্থীদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অযৌক্তিকভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে সহিংস কর্মকাণ্ড এবং মব সৃষ্টিকারী হিসাবে উল্লেখ করেন।এদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন ।

শাকসু নির্বাচন নিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী ইব্রাহীম আদহাম সৌরভ আধুনিক কাগজকে বলেন,দীর্ঘ সময় পর নির্বাচন হতে যাচ্ছে, আমরা চাই শাকসু হোক। আমাদের যৌক্তিক দাবি সমূহ যথাযথ ভাবে সমাধান করার জন্য এই নির্বাচন যথাসময়ে আয়োজন করা দরকার । শাকসু নির্বাচন বানচালের বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। সব কিছু মোকাবিলা করে একটি সুষ্ঠু, সুন্দর ও উৎসব মুখর শাকসু নির্বাচন যাতে হয় এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন,শাকসু নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিব এই ভাবনাটা আমার ভেতরে এক ধরনের নতুন উদ্দীপনা তৈরি করেছে । নির্বাচনী পরিবেশ থাকবে কিনা জানিনা তবুও আমি বলবো , সম্ভাব্য প্রার্থীরা সবকিছু মেনে নিয়ে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহন করবেন । আমার চাই যারাই নির্বাচিত হোক না কেন তারা যেন শিক্ষার্থীর স্বার্থকে প্রাধান্য দেয়। আমাদের সমস্যা, অধিকার আর সুযোগ-সুবিধা গুলোকে গুরুত্ব দিয়ে একটি নিরাপদ, স্বচ্ছ ও প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তোলেন।

১৭ ডিসেম্বর নির্বাচন হলে উৎসব মুখর হবে কিনা জানতে চাইলে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিম আল মামুন বলেন, শাকসু নির্বাচন উৎসব মুখর হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। কারণ ডিসেম্বর মাসে সবার পরিকল্পনা থাকে বাসায় যাওয়ার। শুধু নির্বাচনের জন্য শিক্ষার্থীরা এতোদিন অপেক্ষা করবে বলে আমার মনে হয় না।

নির্বাচনের সংশয় উল্লেখ করে তিনি বলেন যখন প্রশাসন দেখবে ভোটার নেই তখন নির্বাচন স্থগিত করতে পারে যার কারণে নির্বাচন বিশ্ববিদ্যালয়ের বন্ধের পর সমসাময়িক নানা প্রতিকূলতায় নির্বাচন না হওয়ার সম্ভাবনা থাকতে পারে ।

ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা

0

আধুনিক ডেস্ক ::

ভূমিকম্প–পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও পরাঘাতের কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করা হয়। পাশাপাশি তাদের সার্বিক নিরাপত্তার দিক সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়।

সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয়। তাঁরা ভূমিকম্প–পরবর্তী আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার বলে মতামত দেন। ঝুঁকি নিরূপণ ও সম্ভাব্য সংস্কারের স্বার্থে আবাসিক হলগুলো খালি করার কথাও বলেন তাঁরা।

এর প্রেক্ষাপটে সভায় আগামী ৬ ডিসেম্বর শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলগুলো খালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছেড়ে যেতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাধ্যক্ষদের প্রতি অনুরোধ জানানো হয়।তবে বন্ধের সময় বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথারীতি খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছিল।

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এক সেকেন্ডের ব্যবধানে ঢাকায় দুটি ভূমিকম্প হয়। এ সময় ছাত্রী হলগুলোতে কয়েকজন শিক্ষার্থী আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার সময় শামসুন নাহার হলের তিনজন, বাংলাদেশ–কুয়েত মৈত্রী হলের একজন ও রোকেয়া হলের একজন আহত হয়েছেন বলে জানা যায়।

এর আগে শুক্রবার সকালে মাঝারি মাত্রার ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ভবন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত চার শিক্ষার্থী। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত ১০ শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া যায়। এমনকি ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলসহ কয়েকটি হলের কয়েকটি ভবনের পলেস্তারা খসে পড়েছে।

ভূমিকম্পে শিক্ষার্থীরা আতঙ্কিত, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

0

আধুনিক ডেস্ক ::

ভূমিকম্পের কারণে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এবং কয়েকজন শিক্ষার্থী হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত হওয়ায় আগামীকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পের কারণে কিছু শিক্ষার্থী আহত হওয়ায় এবং শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ার কারণে আগামীকাল (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এক সেকেন্ডের ব্যবধানে ঢাকায় দুটি ভূমিকম্প হয়। এ সময় ছাত্রী হলগুলোতে কয়েকজন শিক্ষার্থী আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার সময় শামসুন নাহার হলের তিনজন, বাংলাদেশ–কুয়েত মৈত্রী হলের একজন ও রোকেয়া হলের একজন আহত হয়েছেন বলে জানা যায়।

এর আগে শুক্রবার সকালে মাঝারি মাত্রার ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ভবন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত চার শিক্ষার্থী। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত ১০ শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া যায়। এমনকি ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলসহ কয়েকটি হলের কয়েকটি ভবনের পলেস্তারা খসে পড়েছে।

ঢাকা ও আশপাশের জেলায় আবার ভূমিকম্প

0

আধুনিক ডেস্ক ::

ঢাকা ও আশপাশের জেলায় আবার ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭।

এর আগে সকালে নরসিংদীর পলাশ উপজেলায় মৃদু ভূমিকম্প হয়। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।

শুক্রবার সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হন। আবহাওয়া অফিস জানায়, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।

বিশেষজ্ঞরা বলেন, কোনো স্থানে বড় ভূমিকম্পের পর সাধারণত একাধিক পরাঘাত হয়।

কোম্পানীগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে পাথরচুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হামজা (৩০) কে গ্রেফতার করা হয়েছে। আটক হামজা মৃত বশির মিয়ার ছেলে। তার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়া এলাকায়।

থানা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার রুস্তুমপুর গ্রামের থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে পৃথক দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ পিপিএম জানান, “আটক হামজার বিরুদ্ধে পাথরচুরির দুইটি মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে আটক করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।”

দোয়ারাবাজার দোহালিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্র ভগ্নদশায়,বিদ্যুৎ–পানি ও জনবল সংকট

0

মোঃ মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া উপ-স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে চরম অব্যবস্থাপনা, জনবল সংকট এবং অবকাঠামোগত সমস্যার মুখে কার্যত টিকে আছে একজন কর্মকর্তার ব্যক্তিগত নিষ্ঠার উপর। প্রয়োজনীয় জনবল না থাকায় পুরো কেন্দ্রের দায়িত্ব একাই সামলাচ্ছেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস এম শফিকুল ইসলাম। প্রতিদিন শতাধিক রোগীকে সেবা দিতে গিয়ে নানা সীমাবদ্ধতার মুখেও তিনি চেষ্টা করছেন সর্বোচ্চ সেবা দিতে। এতে সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রতি সন্তুষ্টি ও আস্থা তৈরি হয়েছে।

রোগী আবুল হোসেন বলেন, “প্রতিবার এলে দেখি স্যার একাই সব সামলান। লোকবল কম, সমস্যা অনেক—তারপরও তিনি সময় নিয়ে মন দিয়ে দেখেন। আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটা সত্যিই বড় সহায়তা।”

আরও কয়েকজন রোগী জানান, যোগাযোগ ব্যবস্থা নাজুক, ভবনের অবস্থা খারাপ—তবুও বাধ্য হয়ে এখানেই চিকিৎসা নিতে আসেন, কারণ আশপাশে বিকল্প কোনো চিকিৎসা কেন্দ্র নেই।

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস এম শফিকুল ইসলাম বলেন, “এতো সংকটের মধ্যে কাঙ্ক্ষিত সেবা দেওয়া অনেক সময় সম্ভব হয় না। তারপরও সাধ্যানুযায়ী চেষ্টা করছি। দ্রুত এই সংকট সমাধান হওয়া জরুরি।”

স্বাস্থ্যকেন্দ্রটিতে জনবল সংকটের পাশাপাশি রয়েছে অবকাঠামোর নানাবিধ সমস্যা। ভবনের তিনটি বিদ্যুৎ মিটারের মধ্যে দুইটি সরিয়ে নেওয়ায় এখন একটি মিটার চালু আছে। পানির লাইন, বেসিন এবং অধিকাংশ কল দীর্ঘদিন ধরে অকেজো। সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, আর লিংক রোড না থাকায় রোগী ও সেবাদাতাদের চলাচল চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহীন খান আধুনিক কাগজকে বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সব উপ-স্বাস্থ্য কেন্দ্রে একাধিক পদে জনবল সংকট রয়েছে।”

স্থানীয়দের দাবি, একজন কর্মকর্তার একক প্রচেষ্টার ওপর পুরো স্বাস্থ্যকেন্দ্র চালানো দীর্ঘমেয়াদে সম্ভব নয়। দ্রুত জনবল নিয়োগ, অবকাঠামো সংস্কার এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন তারা।