Home Blog Page 77

ডিসেম্বরে ঢাকা-করাচি ফ্লাইট চালু, সপ্তাহে চলবে তিনটি

0

আধুনিক ডেস্ক::
আগামী ডিসেম্বরে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান এমন ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, মাহান এয়ার নামের এয়ারলাইন্স সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।

পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বুধবার জানিয়েছে, লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হাইকমিশনার এমন ঘোষণা দেন। তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এলসিসিআই ও লাহোরে অবস্থিত বাংলাদেশের অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশের ভিত্তিতে ব্যবসায়ীদের জন্য ভিসা ইস্যু করা হচ্ছে। সদস্যদের তিন থেকে চারদিনের মধ্যেই ভিসা দেওয়া হবে।

হাইকমিশনার ইকবাল হুসাইন খান বলেন, এমন উদ্যোগ বাণিজ্য সম্প্রসারণ ও দুই দেশের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে। শিগগিরই সরাসরি কার্গো শিপিং সেবাও চালু হবে।

বক্তব্যে করাচি থেকে ঢাকায় চাল রপ্তানি এবং ঢাকা থেকে করাচিতে তাজা আনারস আমদানির সম্ভাবনার কথাও বলেন হাইকমিশনার। টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস খাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন। এ ছাড়া, শিক্ষা খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

ইকবাল হুসাইন খান জানান, পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন শিগগিরই বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠাবে। এতে ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবেন। এর লক্ষ্য আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে পাকিস্তানে পড়াশোনা করতে আকৃষ্ট করা।

সভায় এলসিসিআই-এর প্রেসিডেন্ট ফাহিমুর রহমান সাইগল বলেন, পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিক। পোশাক খাতে বাংলাদেশের কাছে থেকে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আইটি, অটোমোবাইলসহ বিভিন্ন খাতেও দুই দেশের একসঙ্গে কাজ করার সম্ভাবনা আছে।

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

0

আধুনিক ডেস্ক::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) এই প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়েছিল। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি করা হয়। আজ নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি করা হলো।

সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, লটারি করার আগে ২৫ ও ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ও বর্তমানে ৬৪ জেলার কর্মরত এসপিদের নিয়ে তালিকা করা হয়। তাঁদের মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুগত নয়; কর্মজীবনে সততা, সুনাম, দক্ষতা, যোগ্যতা ও নিরপেক্ষতা রয়েছে—এমন কর্মকর্তাদের নিয়ে তালিকা করা হয়। পরে তাঁদের মধ্য থেকে লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়।

পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নির্বাচনকেন্দ্রিক পুলিশিং নিয়ে কোনো ধরনের বিতর্ক এড়াতেই লটারির পদ্ধতি নেওয়া হয়েছে। এতে মাঠপর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করা হবে।

কোন জেলায় কারা হলেন এসপি

ঢাকার এসপি মো. আনিসুজ্জামানকে কুমিল্লায়, নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ জসীম উদ্দিনকে কুষ্টিয়ায়, মুন্সিগঞ্জের এসপি মুহম্মদ শামসুল আলম সরকারকে টাঙ্গাইলে, গাজীপুরের এসপি চৌধুরী মো. যাবের সাদেককে জামালপুরে, নরসিংদীর এসপি মো. মেনহাজুল আলমকে মুন্সিগঞ্জে, মানিকগঞ্জের এসপি মোছা. ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জে, চট্টগ্রামের এসপি মো. সাইফুল ইসলামকে সিরাজগঞ্জে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. সাইফুল ইসলামকে ফেনীতে, রাঙামাটির এসপি এস এম ফরহাদ হোসেনকে কিশোরগঞ্জে, খাগড়াছড়ির এসপি মো. আরেফিন জুয়েলীকে সাতক্ষীরায়, বান্দরবানের এসপি মো. শহিদুল্লাহ কাওছারকে বান্দরবানে, নোয়াখালীর এসপি মো. আবদুল্লাহ আল ফারুককে নরসিংদীতে, ডিএমপির উপকমিশনার শাহ মো. আবদুর রউফকে ব্রাহ্মণবাড়িয়া, ফেনীর এসপি মো. হাবিবুর রহমানকে মাগুরায়, কুমিল্লার এসপি নাজির আহমেদ খাঁনকে চট্টগ্রামে, চাঁদপুরের এসপি মুহম্মদ আব্দুর রকিবকে রাঙামাটির এসপি হিসেবে বদলি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার এসপি এহতেশামুল হককে মাদারীপুরে, সিলেটের এসপি মোহাম্মদ মাহবুবুর রহমানকে খুলনায়, গোপালগঞ্জের এসপি মো. মিজানুর রহমানকে ঝালকাঠিতে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসপি মো. মাহফুজ আফজালকে ঝিনইদহে, হবিগঞ্জে বদলির আদেশপ্রাপ্ত গৌতম কুমার বিশ্বাসকে চাঁপাইনবাবগঞ্জে, খুলনার এসপি টি এম মোশাররফ হোসেনকে নোয়াখালীতে, ঝিনাইদহের এসপি মোহাম্মদ মনজুর মোরশেদকে রাজবাড়ীতে, সাতক্ষীরার এসপি মোহাম্মদ মনিরুল ইসলামকে চুয়াডাঙ্গায়, বাগেরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে লালমনিরহাটে, যশোরের এসপি রওনক জাহানকে শরীয়তপুরে, মাগুরার এসপি মিনা মাহমুদাকে জয়পুরহাটে, নড়াইলের এসপি মো. রবিউল ইসলামকে পঞ্চগড়ে, পটুয়াখালীর এসপি মো. আনোয়ার জাহিদকে পাবনায়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে সুনামগঞ্জে, মেহেরপুরের এসপি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পিরোজপুরে, বরিশালের এসপি মো. শরিফ উদ্দীনকে গাজীপুরে, বগুড়ার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. বেলাল হোসেনকে ঠাকুরগাঁওয়ের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

পিবিআইয়ের এসপি মো. আবদুর রহমানকে বান্দরবানে, ঝালকাঠির এসপি উজ্জ্বল কুমার রায়কে মেহেরপুরে, বরগুনার এসপি মোহাম্মদ আল মামুন শিকদারকে নড়াইলে, পিবিআইয়ের এসপি মো. আবু ইউসুফকে পটুয়াখালীতে, রাজশাহীর এসপি ফারজানা ইসলামকে বরিশালে, স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) এসপি মো. জসিম উদ্দীনকে গাইবান্ধায়, ডিএমপির খন্দকার ফজলে রাব্বিকে কুড়িগ্রামে, নাটোরের এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে নওগাঁয়, বগুড়ার এসপি মো. জেদান আল মুসাকে দিনাজপুরে, জয়পুরহাটের এসপি মুহম্মদ আবদুল ওয়াহাবকে নাটোরে, পুলিশ সদর দপ্তরের এসপি মো. হাবীবুল্লাহকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। এ ছাড়া পাবনায় বদলির আদেশপ্রাপ্ত এসপি এ এন এম সাজেদুর রহমানকে কক্সবাজারে, ময়মনসিংহের এসপি কাজী আখতার উল আলমকে সিলেটে, দিনাজপুরের এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মো. মিজানুর রহমানকে ঢাকা জেলায়, ঠাকুরগাঁওয়ের এসপি শেখ জাহিদুল ইসলামকে নীলফামারীতে, সিআইডির এসপি মো. আবু তারেককে লক্ষ্মীপুরে, গাইবান্ধায় বদলির আদেশপ্রাপ্ত এসপি মোহাম্মদ সারওয়ার আলমকে মানিকগঞ্জে, নীলফামারীতে বদলির আদেশপ্রাপ্ত এসপি মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজারে, পিবিআইয়ের এসপি মো. কুদরত ই খুদাকে বরগুনায় ও লালমনিরহাটের এসপি মো. তরিকুল ইসলামকে নেত্রকোনা জেলায় বদলি করা হয়।

যুক্তরাজ্যে ভিসা জালিয়াতির শাস্তি ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা

0

আধুনিক ডেস্ক ::

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন‍্য যদি কেউ ভিসা জালিয়াতি কিংবা অবৈধ পথ অবলম্বন করেন, তবে তাকে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেবে যুক্তরাজ্য সরকার। মঙ্গলবার দুপুরে যুক্তরাজ্যের ঢাকা হাইকমিশন থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাল ভিসার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে যুক্তরাজ্য থেকে এমন পদক্ষেপ নেওয়া হবে।

বার্তায় সারাহ কুক বলেন, ভিসা জালিয়াতি সাধারণ মানুষের স্বপ্ন ধ্বংস করে। সেই সঙ্গে পরিবারগুলোকে ধ্বংস করে দেয়। অপরাধমূলক এ কাজে সহায়তাকারীরা মানুষের উন্নত জীবনের আকাঙ্ক্ষাকে পুঁজি করেন, তাঁদের অর্থ চুরি করে গুরুতর ক্ষতির ঝুঁকিতে ফেলেন।

ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে হাইকমিশনার জানান, শুধু সরকারি চ্যানেল ব্যবহার করে সঠিক রুটের মাধ্যমে বৈধ ভিসা আবেদনগুলো স্বাগত জানায় তাঁর দেশ। তবে যাঁরা জালিয়াতির চেষ্টা করেন, তাঁদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। এর মধ্যে রয়েছে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা।
ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে হাইকমিশনার জানান, শুধু সরকারি চ্যানেল ব্যবহার করে সঠিক রুটের মাধ্যমে বৈধ ভিসা আবেদনগুলো স্বাগত জানায় তাঁর দেশ। তবে যাঁরা জালিয়াতির চেষ্টা করেন, তাঁদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। এর মধ্যে রয়েছে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা।

অপরাধী ও প্রতারকদের প্রতারণামূলক কার্যকলাপের ফলে প্রতিবছর লাখ লাখ পাউন্ডের ক্ষতি হয় এবং বাংলাদেশসহ বিশ্বজুড়ে দুর্বল মানুষেরা শোষণ, আর্থিক ক্ষতি ও আইনি পরিণতির ঝুঁকিতে পড়েন।

বিশ্বব্যাপী ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন সুবিধা প্রদান উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং অপরাধী চক্রগুলো সম্ভাব্য ভিসা আবেদনকারীদের প্রতারিত করতে ক্রমবর্ধমান পরিশীলিত কৌশল ব্যবহার করছে। প্রায়শই অতিরিক্ত ফির বিনিময়ে নিশ্চিত ভিসা, যথাযথ যোগ্যতা ছাড়াই চাকরি বা দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয় ভুক্তভোগীদের।

বাস্তবতা হলো, প্রতিশ্রুতি পূরণের পরিবর্তে হয় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ ক্ষেত্রে পাচার ও শোষণ।

শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর

0

আধুনিক ডেস্ক ::

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ১৭ জনের রায়ের জন্য আগামীকাল ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন ধার্য করেন।

এ মামলায় অন্য আসামিরা হলেন-জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউক-এর সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এদের মধ্যে আসামি খুরশীদ আলম কারাগারে আটক রয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা দায়ের করেন দুদক-এর উপ-পরিচালক সালাহউদ্দিন।

তদন্ত শেষে গত ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে এই মামলায় ৩২ জন আদালতে সাক্ষ্য দেন।

লটারি করে ৬৪ জেলার এসপি নির্বাচন

0

আধুনিক ডেস্ক ::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এই এসপিদের নির্বাচন করা হয়। শিগগির তাদের পদায়ন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সোমবার যমুনায় লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন জানান, সোমবারল যমুনায় লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি নির্বাচন করা হয়েছে। সরকারি আদেশ হলে তাদের পদায়ন করা হবে।

পুলিশের নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, অতীতে এসপি হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫,২৭ ও ২৮ তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি একটি তালিকা প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ে কর্মকর্তাদের বদলি-পদায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের তালিকা লটারি কমিটির হাতে দেওয়া হয়। লটারির মাধ্যমে জেলাওয়ারি পদায়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়। এ কারণে গত সপ্তাহে ৬ জেলায় দেওয়া নতুন এসপি নিয়োগের যোগদান স্থগিত রাখা হয়। এখন এ ক্ষেত্রে লটারির সিদ্ধান্ত কার্যকর হবে।

পুলিশের রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি), জেলার পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল নিয়ে গত শনিবার বৈঠক করেন কয়েকজন উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসপি পদায়নের পরের ধাপে থানার ওসি নিয়োগও লটারির ভিত্তিতে করা হবে বলে সূত্র জানায়। সৎ, নিরপেক্ষ ও যোগ্য পরিদর্শকদের তালিকা এরই মধ্যে ইউনিটপ্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নির্বাচনকেন্দ্রিক পুলিশিং নিয়ে কোনো ধরনের বিতর্ক এড়াতে লটারির পদ্ধতি নেওয়া হয়েছে। এতে মাঠপর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ নিশ্চিত হবে।

সিলেটের লাক্কাতুরায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের বিমানবন্দর রোড এলাকায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একজন নিহত ও ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর রোডের লাক্কাতুরা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহফুজ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের চেচিশেউড়ার মকবুল হোসেনের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন শিপন জানান, আহত ৭ জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ৪ জন সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন ও বাকি ৩ জন সিলেটের বেসরকারি ২টি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। আহতদের পরিচয়ে শনাক্তকরণে কাজ করছে পুলিশ।

শাকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা, নির্বাচন ২০ জানুয়ারি

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে শাকসু’র প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পুনঃতফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী—
শাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা পুনঃপ্রকাশ হবে ২৬ নভেম্বর, ভোটার তালিকার আপত্তি গ্রহণ ২৯ নভেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১ ডিসেম্বর, মনোনয়ন বিতরণ শুরু হবে ২ ডিসেম্বর, মনোনয়ন জমা শুরু হবে ৩ ডিসেম্বর, মনোনয়নের জমাদানের শেষ তারিখ ৪ ডিসেম্বর, মনোনয়ন পত্র যাচাই বাচাই হবে ৬ ডিসেম্বর ।এরপর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ৭ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ৯ ডিসেম্বর, এছাড়াও প্রার্থীতা আপিল ও নিষ্পত্তি হবে ১০ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ ডিসেম্বর এবং ২০ জানুয়ারি সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

শাকসু নির্বাচন ২০২৫ সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েব পোর্টালে (https://sucsu.sust.edu.bd/) পাওয়া যাবে।

শান্তিগঞ্জে বড়শি দিয়ে মাছ ধরার উৎসব

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

ময়দা ও ডিমের সংমিশ্রণে তৈরী টোপ দিয়ে পুকুরে বড়শি ফেলেছেন আহমদ উসমান। বড়শি দিয়ে বড় মাছ ধরার দীর্ঘ প্রতিক্ষা তার। একটু দুরে জোবায়ের আহমদ জনি নামের আরেক তরুণের বড়শিতে ধরা পড়েছে কেজি ওজনের মৃগেল মাছ। সাথে সাথেই উল্লাসের চিৎকার দিয়ে উঠেছেন জনি ও তার পাশে থাকা দর্শকরা।

সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে এভাবেই আনন্দ-উল্লাসের মাধ্যমে চলে মাছ ধরার প্রতিযোগীতা।

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত ব্যতিক্রমী এই প্রতিযোগীতায় রেজিষ্ট্রেশনের মাধ্যমে অংশ নেন উপজেলার ২৪ জন তরুণ ও প্রবীণ।

‘ফিশিং কনটেস্ট’ নামে আয়োজিত এই প্রতিযোগীতায় সর্বোচ্চ ৯ কেজি ৭৬০ গ্রাম ওজনের ১৩টি মাছ ধরে প্রথম স্থান অর্জন করেন ডুংরিয়া গ্রামের জুবায়ের আহমদ জনি। ২ কেজি ৪২০ গ্রাম ওজনের সর্ববৃহৎ মাছ ধরার রেকর্ডও তার দখলে। প্রতিযোগীতায় ৪ কেজি ৫১০ গ্রাম ওজনের ১১টি মাছ ধরে দ্বিতীয় স্থান অর্জন করেন সদরপুর গ্রামের ছালিক মিয়া। এছাড়া ৪ কেজি ২৮৮ গ্রাম ওজনের ৫টি মাছ ধরে তৃতীয় হন সুলতানপুর গ্রামের আবুল হোসেন।

এরপর বিকাল ৫ টায় শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়ার উপস্থিতিতে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। এসময় ৩টি ও ১টি করে মাছ ধরায় আরও ৪ জনকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, সুনামগঞ্জ জেলা হাওর অধ্যুষিত অঞ্চল হওয়ায় শুধুমাত্র জালের মাধ্যমে মাছ ধরায় অভ্যস্ত হয়ে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। কিন্তু বড়শির মাধ্যমে যে উল্লাস করেও মাছ ধরা যায় সেটা তরুণদের মাঝে ছড়িয়ে দিতেই এমন আয়োজন। এছাড়া বড়শি দিয়ে মাছ ধরা ধৈর্য্যশক্তিও বাড়ায়। সর্বোপরী প্রতিযোগীতার মোড়কে মাছ ধরার একটি উৎসব আয়োজন করাই এর মুল লক্ষ্য।

শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই নিশ্চিত করতে “জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা-২০২৫” উপলক্ষে শান্তিগঞ্জে সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে এবং রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী ও সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া আক্তার রুবির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আহাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান ও উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম। অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন প্রীতি সূত্রধর, অভিভাবক জাহাঙ্গীর আলম এবং শিক্ষার্থী রুপন্তী তালুকদার।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, মেধা যাচাই পরীক্ষার ধারণা প্রথম এসেছে শান্তিগঞ্জ থেকেই। আমরা জেলার পক্ষ থেকে সেটাকে বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করেছি। এখানে শিক্ষকরা যে মানসম্মত মূল্যায়ন করেছেন, তা নিশ্চয়ই প্রশংসার দাবিদার।

তিনি আরও বলেন, সব বিদ্যালয় একই মান বজায় রাখতে পারেনি। তবে কিছু বৈষম্য দেখা গেছে, এটা অবশ্যই আমাদের জন্য শেখার জায়গা। ন্যায়সংগত মূল্যায়নই শিক্ষাকে এগিয়ে নেয়। শান্তিগঞ্জ সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতীয় পর্যায়েও এই মডেল অনুসরণীয় হবে বলে আমি বিশ্বাস করি।

তিনি অভিভাবক ও স্থানীয় সমাজকেও শিক্ষার উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি শিশুকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শুধু শিক্ষক নয়, পরিবার, বিদ্যালয় ও গ্রামের সার্বিক পরিবেশ গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য এমন একটি শিক্ষাবান্ধব সমাজ গড়া, যেখানে প্রতিটি শিশু তার প্রকৃত মেধা বিকশিত করার সুযোগ পাবে।

কোম্পানীগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় দোষীকে শাস্তির দাবিতে মানববন্ধন

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার শাহ আরফিন বাজার এলাকায় এ মানববন্ধন করেন। মানববন্ধনে শিশুটির পরিবার, স্থানীয় দোকানদার, শিক্ষক, ছাত্রছাত্রী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েকশ’ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড, “শিশু নির্যাতনকারীর ফাঁসি চাই”, “নারী-শিশু নিরাপত্তা নিশ্চিত করো”, “ধর্ষণ চেষ্টাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই”।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুকে এমন জঘন্যভাবে নির্যাতনের চেষ্টা মেনে নেওয়া যায় না। দোষীকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এই ঘটনার বিচার যেন দ্রুত হয়, এটাই আমাদের দাবি। শাহ আরেফিন বাজার এলাকায় শিশু ও নারীরা যাতে নিরাপদে চলাফেরা করতে পারে, সে জন্য প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। এমন ঘটনা আবারও ঘটুক, এটি আমরা চাই না।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ভুক্তভোগী শিশুর পরিবার শিশু নির্যাতন আইনে মামলা করেছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ যে, গত রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শাহ আরফিন বাজারের আউয়ালের বিল্ডিংয়ের দোতলায় কৌশলে একটি শিশুকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন আব্দুল মতলিব মিয়া (৫৮)। শিশুটি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে ধরে পুলিশে হস্তান্তর করে। অভিযুক্ত মতলিব মিয়া উপজেলার জালিয়ারপার গ্রামের মৃত সাজিদ আলীর ছেলে।