Home Blog Page 76

বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিল ব্রাজিল

0

আধুনিক ডেস্ক ::

বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে ব্রাজিল। স্থানীয় সময় বুধবার ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ এই টিকার অনুমোদন দিয়ে একে ‘ঐতিহাসিক অর্জন’ অভিহিত করেছেন। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে মশাবাহিত এই প্রাণঘাতী রোগ বাড়তে থাকার মধ্যে টিকার ব্যবহার শুরু করছে ব্রাজিল। ব্রাজিলের স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা ১২ থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিদের শরীরে বুটানটান–ডিভি নামের টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই টিকা তৈরি করেছে ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে শুধু টিএকে–০০৩ নামে ডেঙ্গুর একটি টিকা আছে। এই টিকার দুই ডোজ নিতে হয় তিন মাসের ব্যবধানে। ব্রাজিলজুড়ে আট মাস ধরে পরীক্ষা চালানোর পর এক ডোজের এই টিকার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এখন দ্রুততার সঙ্গে সহজে দেশজুড়ে ডেঙ্গুর টিকা দেওয়া যাবে।

সাও পাওলোয় এক সংবাদ সম্মেলনে বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কালাস বলেন, ‘ব্রাজিলে বিজ্ঞান ও স্বাস্থ্য খাতের জন্য এটা একটি ঐতিহাসিক অর্জন।’ তিনি আরও বলেন, ‘দশকের পর দশক ধরে যে রোগ আমাদের বিপর্যস্ত করে রেখেছে, তার বিরুদ্ধে এখন খুব শক্তিশালী একটি অস্ত্র দিয়ে লড়াই করা যাবে।’

এই টিকা উৎপাদনের জন্য চীনের কোম্পানি উসিবায়োলোজিক্স–এর সঙ্গে একটি চুক্তি করেছে ব্রাজিল। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় তিন কোটি ডোজ টিকা তৈরি করে দেবে চীনা কোম্পানিটি।

টিকাটি ব্যবহারের অনুমোদন দেওয়ার আগে ব্রাজিলে ১৬ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। তাতে গুরুতর ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা পাওয়া গেছে ৯১ দশমিক ৬ শতাংশ।

এডিস এজিপ্টি মশার মাধ্যমে মানুষের দেহে ডেঙ্গুর জীবাণু সংক্রমণ ঘটে। গত বিশ্বে এযাবৎকালের সর্বোচ্চ ১ কোটি ৪৬ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এতে প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য।

গত বছর ডেঙ্গুতে এসব মৃত্যুর অর্ধেকই হয়েছে ব্রাজিলে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, এ বছর যত ডেঙ্গু সংক্রমণ হয়েছে, তার ১৯ শতাংশের জন্য দায়ী বৈশ্বিক উষ্ণায়ন।

আয়ারল্যান্ডের কাছে লজ্জার হার বাংলাদেশের

0

স্পোর্টস ডেস্ক ::

যে উইকেটে চার-ছক্কার ঝড় তুললেন দুই ভাই হ্যারি ও টিম টেক্টর। সেই উইকেটে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যটিং। আরও একবার দেড়শোর বেশি রান তাড়া কীভাবে করতে হয় দেখাতে পারল না লিটন দাসের দল। বাঁহাতি স্পিনার ম্যাথু হ্যামফ্রিস, দুই পেসার মার্ক অ্যাডাইয়ার ও ব্যারি ম্যাকার্থির বল যেন হয়ে উঠল দুর্বোধ্য। চূড়ান্ত বিব্রতকর ব্যাটিং প্রদর্শনীতে স্বাগতিকরা কোন লড়াই জমাতে পারেনি। তাওহিদ হৃদয়ের একার চেষ্টা কেবল কমিয়েছে হারের ব্যবধান।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামের সপ্তাহের শেষ কর্ম দিবসে বেশিরভাগ আসন ছিলো ফাঁকা। যে কয়েক হাজার দর্শক এসেছেন তাদের ফিরতে হয়েছে হতাশা আর ক্ষোভ নিয়ে। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারল ৩৯ রানের ব্যবধানে।

পাওয়ার প্লের মধ্যে ২০ রানে ৪ উইকেট হারানো স্বাগতিকরা এই রান পেয়েছে মূলত তাওহিদ হৃদয়ের ব্যাটে। ছন্দহীন ব্যাটার বাকিদের ব্যর্থতার দিনে খেলেছেন ৫০ বলে ক্যারিয়ার সেরা অপরাজিত ৮৩ রানের ইনিংস। আয়ারল্যান্ডের সফল বোলার হ্যামফ্রিস। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।

যে উইকেটে আইরিশরা ঝড় তুলল সেই উইকেটে রান তাড়ায় নেমেই চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার ম্যাথু হ্যামফ্রিসের প্রথম ওভারে ক্যাচ তুলে তুলেন তানজিদ হাসান তামিম। ৫ বলে স্রেফ ২ রান করেন তিনি। মার্ক অ্যাডাইয়ার দ্বিতীয় ওভারে এসে হানেন আরও বড় আঘাত। তার বলে আলতো শটে ক্যাচ তুলে হাঁটা ধরেন অধিনায়ক লিটন দাস। ওই ওভার উইকেট মেডেন নেন অ্যাডাইয়ার।

ডানহাতি এই পেসার নিজের দ্বিতীয় ওভারেও পান উইকেট। শর্ট বল করে ডিপে ফিল্ডার রেখে পারভেজ হোসেন ইমনের জন্য ফাঁদ তৈরি করেন তিনি। সেই ফাঁদেই কাটা পড়েন পারভেজ (৬ বলে ১)। অ্যাডাইয়ার তার প্রথম ৯ বলে কোন রান না দিয়ে নেন ২ উইকেট।

সহ-অধিনায়কত্ব পাওয়া সাইফ হাসান ক্রিজে নেমে ছিলেন খোলসবন্দি। একের পর এক ডট বলে বাড়াচ্ছিলেন চাপ। ব্যারি ম্যাকার্থির ভেতরে ঢোকা বল ফ্লিক করতে গিয়ে স্টাম্প উড়ে যায় তার। ১৩ বলে মাত্র ৬ রান করে বিদায় নেন সাইফ। পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশ তুলতে পারে মাত্র ২০ রান, হারিয়ে ফেলে ৪ উইকেট। ম্যাচ তখন পুরোপুরি আয়ারল্যান্ডের নিয়ন্ত্রণে। চরম নাজুক অবস্থায় জুটি বাঁধেন হৃদয়-জাকের।

জুটিতে অগ্রনী ছিলেন হৃদয়, রান বাড়াচ্ছিলেন তিনিই। আরেক পাশে ফর্ম ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা জাকের ফের করেন হতাশ। ম্যাকার্থির শর্ট বলে ক্রস খেলতে গিয়ে ডিপ থার্ডে উঠে তার ক্যাচ, সহজেই তা লুফেছেন জশ লিটল। ৩৪ বলে ৪৮ রানের জুটি ভাঙার পর আশা দেখা ছিলো কঠিন। সাতে নামা তানজিম হাসান সাকিবও ক্যাচ উঠিয়ে থামলে বাংলাদেশ হার যেন তখন একদম স্পষ্ট দেখা যাচ্ছিলো। যদিও হৃদয় তখনো ক্রিজে। আরেক পাশে আসা-যাওয়ার মিছলে স্রেফ ৩ বল খেলে হ্যামফ্রিসের শিকার হয়ে বিদায় নেন রিশাদ হোসেনও।

ম্যাচের সমীকরণ নাগালের বাইরে যাওয়ার পর শরিফুল ইসলামকে নিয়ে ৩১ বলে ৪৮ যোগ করেন হৃদয়, ৩৪ বলে ফিফটি করে ৮১ রানে অপরাজিত থাকেন তিনি। তবে তার ইনিংসের কোন পর্যায়ের জেতার আশা দেখা দেয়নি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুই টেক্টর ভাই হ্যারি ও টিম মিলে আয়ারল্যান্ডকে পাইয়ে দেন শক্ত পুঁজ। পাওয়ার প্লেতে পল স্টার্লিংকে নিয়ে উড়ন্ত শুরুর পর দুই ভাই পান গুরুত্বপূর্ণ জুটি। ১৯ বলে ৩২ করে টিম থামলেও হ্যারিকে আউট করা যায়নি। ৪৫ বলে ১ চার, ৫ ছক্কায় অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন তিনি। তবে উইকেট বেশ ভালো হওয়ায় এই রান টপকে যাওয়া তেমন বড় কোন চ্যালেঞ্জ মনে হচ্ছিলো না।

বাঁহাতি স্পিনার হ্যামফ্রিসের জবাব দিতে পারেনি বাংলাদেশ। বাঁহাতি এই স্পিনারের কোন জবাবই দিতে পারেনি বাংলাদেশ।

সিলেট মহানগর বিএনপির সভাপতির পদ ফিরে পেলেন নাসিম হোসাইন

0

আধুনিক ডেস্ক ::

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। নাসিম হোসাইনের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

কাউন্সিলের মাধ্যমে মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন নাসিম হোসাইন। তবে গতবছরের আগস্টে পর তার পদ স্থগিত করে মিফতা সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

জুলাই-আগস্টের আন্দোলনে নাসিম দেশের বাইরে অবস্থান করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো বলে জানা গিয়েছিলো।

প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের কারাদণ্ড

0

আধুনিক ডেস্ক ::

ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের কারাদণ্ড হয়েছে। পৃথক তিন মামলায় শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড হয়েছে। এ ছাড়া ১ লাখ টাকা অর্থদণ্ড আরেক মামলায় সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

মামলায় ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে আদালত রায় ঘোষণার তারিখ (২৭ নভেম্বর) ধার্য করেন। সে অনুযায়ী আজ রায় দেওয়া হলো। পৃথক তিন মামলায় আসামির সংখ্যা ৪৭। তবে ব্যক্তি হিসাবে এই সংখ্যা ২৩। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল ছাড়া অপর ২০ আসামি হলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শফি উল হক, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, রাজউকের সাবেক উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) নায়েব আলী শরীফ, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. কামরুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান, উপপরিচালক হাবিবুর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মাদ সালাউদ্দিন।

আসামিদের মধ্যে মাত্র একজন খালাস পেয়েছেন। তার নাম সাইফুল ইসলাম সরকার। তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা। তিন মামলাতেই তিনি খালাস পেয়েছেন। আসামিদের মধ্যে একমাত্র গ্রেপ্তার থাকা মোহাম্মদ খুরশীদ আলমকে তিন মামলায় এক বছর করে মোট ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত ১৭ নভেম্বর পৃথক এই তিন মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এর আগে গত ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। একটি মামলায় শেখ হাসিনাসহ আসামি ১২ জন। আরেকটি মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ আসামি ১৭ জন। অপর মামলায় শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুলসহ আসামি ১৮ জন।
প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোয় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিকসহ অন্যদের আসামি করা হয়। এই ছয় মামলার মধ্যে তিনটির রায় হলো।

১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেন। মামলার অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে (অ্যাপ্রুভার বা রাজসাক্ষী) পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযোগের সত্যতা পেয়েও শুধু মৌখিক সতর্কতায় দায়সারা শিক্ষা অফিসের

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দিয়ে দেন। অভিভাবকদের এমন অভিযোগ পেয়ে তদন্ত করেন উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে শুধু ভবিষ্যতের জন্য সতর্ক করেই দায় সারলেন উপজেলা শিক্ষা অফিস। শিক্ষা অফিসের এমন সুপারিশে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর বিদ্যালয়ের শিক্ষকরা নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যালয় ত্যাগ করেন, এমন অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশে আরও বলা হয় উল্লেখিত অনিয়ম ও দায়িত্ব অবহেলার কারণে এর আগেও আপনাকে মৌখিকভাবে সর্তক করা হয়েছিল। পরে ১৩ অক্টোবর প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকরা লিখিত জবাব দাখিল করেন। জবাব পর্যালোচনায় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহিদুল ইসলাম প্রতিবেদনে উল্লেখ করেন, “জবাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দকে ভবিষ্যতের জন্য সতর্ক করা যেতে পারে।

তবে অভিযোগ প্রমাণিত হওয়া সত্ত্বেও শাস্তি হিসেবে শুধু সতর্কবার্তা দেওয়ায় অভিভাবকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, এতে কি শিক্ষকরা দায়িত্বশীল হবেন? শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষায় এতটুকুই কি যথেষ্ট?

অভিভাবক কামাল মিয়া বলেন, বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায়ই দেখা যায় নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়া হয়। অভিযোগ সত্য প্রমাণিত হওয়ার পরও শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া, এটা বুঝে আসে না।

নাম প্রকাশ না করার শর্তে আরেক অভিভাবক অভিযোগ করেন, ক্লাস চলাকালীন সময়ে অনেকেই মোবাইল ফোন ব্যবহার করেন। কেউ কেউ নিজেদের ছোট বাচ্চা নিয়ে স্কুলে আসেন এবং সেগুলো নিয়েই ব্যস্ত থাকেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব সিদ্দিকী আবুল আলা বলেন, যেহেতু আগেও সতর্কতা দেওয়া হয়েছিল, তাই পুনরায় শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরোও কঠোরভাবে তাদের জবাবদিহির আওতায় আনবেন।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, একটি বিদ্যালয়ের সফলতা নির্ভর করে শিক্ষকতার নৈতিকতা ও শৃঙ্খলার ওপর। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ত্যাগের মতো ঘটনা প্রমাণিত হওয়ার পরও শুধু সতর্কবার্তায় বিষয়টি শেষ করে দেওয়া দুঃখজনক। অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বিদ্যালয়ে পাঠান-সেখানে দায়িত্বশীলতার ঘাটতি কখনোই কাম্য নয়। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মশৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের সদ্য সাবেক সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার) বলেন, শোকজ নোটিশের কপিতে স্পষ্ট দেখা যায়, এর আগেও সহকারী শিক্ষা অফিসার অনিয়ম ও দায়িত্ব অবহেলার কারণে তাঁদের মৌখিকভাবে সতর্ক করেছিলেন। এবারও অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া সত্ত্বেও শুধু সতর্কবার্তা দিয়ে বিষয়টি সমাধান করা, এটা আমাদেরকেই ভাবায়।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী পরিচালক একেএম সাইফুল হাসান বলেন, এ বিষয়টি নিয়ে বিভাগীয় উপপরিচালক স্যারের সঙ্গে কথা বলবো।

মেডিকেল টেকনোলজিস্টদের ১ দফা দাবিতে জেলা প্রসাশক, সিভিল সার্জন ও বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান

0

আধুনিক ডেস্ক:

মেডিকেল টেকনোলজিস্টদের ন্যায্য গ্রেড, পদোন্নতি ও কর্মপরিবেশ উন্নয়নের দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন দেশের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (এমটি) ও টেকনিক্যাল ক্যাডারের পেশাজীবীরা।

বুধবার (২৬ নভেম্বর ) সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও সংশ্লিষ্ট পেশার প্রতিনিধিরা জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়—স্বাস্থ্যসেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে টেকনোলজিস্টরা দীর্ঘদিন ধরে গুরুত্ব ও বিপুল দায়িত্ব নিয়ে কাজ করলেও তাদের বেতন গ্রেড, পদোন্নতি কাঠামো এবং পদবিন্যাস সংশোধনের বিষয়গুলো উপেক্ষিত রয়েছে। ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালের বিভিন্ন সরকারি নির্দেশনা অনুযায়ী গ্রেড উন্নয়ন ও পদোন্নতির কাঠামো বাস্তবায়নের কথা থাকলেও সেগুলো আজও কার্যকর হয়নি। ফলে বহু মেডিকেল টেকনোলজিস্ট এখনো ১১ তম গ্রেডে চাকরি করছেন, যা দায়িত্বের তুলনায় বৈষম্যমূলক।

স্মারকলিপিতে বলা হয়—হাসপাতালের ল্যাবরেটরি, রেডিওলজি, ইমেজিং, ব্লাড ব্যাংক, অপারেশন থিয়েটার, ফিজিওথেরাপি, ডেন্টালসহ গুরুত্বপূর্ণ বিভাগে টেকনোলজিস্টদের দায়িত্ব বাড়লেও তাদের পদোন্নতি ও কাঠামোগত উন্নয়ন স্থবির হয়ে আছে। এতে পেশাজীবীদের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে এবং দেশের স্বাস্থ্যসেবার অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

টেকনোলজিস্ট নেতারা জানান, ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত না হলে সারাদেশের হাসপাতাল ও পরীক্ষাগারগুলোতে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা বলেন, “আমরা ঝুঁকিপূর্ণ পরিবেশে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করি। কিন্তু আমাদের পেশাগত উন্নয়ন উপেক্ষিত হওয়ায় অনেকেই হতাশায় ভুগছেন। এখন আমাদের ন্যায্য চাহিদা পূরণ জরুরি হয়ে পড়েছে।”

নেতারা আরও বলেন, স্বাস্থ্যসেবার কারিগরি অংশকে শক্তিশালী করতে হলে মেডিকেল টেকনোলজিস্টদের সঠিক মূল্যায়ন, গ্রেড উন্নয়ন, পদবিন্যাস সংস্কার এবং জনবল সংকট সমাধান করতেই হবে। তারা আশা প্রকাশ করেন—স্মারকলিপি পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেবে।

সংরক্ষিত বনের ভেতর অবৈধভাবে নির্মিত হচ্ছে পাকা স্থাপনা, বিপর্যস্ত হচ্ছে কমলগঞ্জের রাজকান্দি বন

0
{"capture_mode":"AutoModule","faces":[]}

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জঃ

বিরল ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর বিচরণকৃত এলাকা কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জ। বনের গাছ-বাঁশ উজাড় হওয়ায় হুমকির মুখে পড়েছে বন্যপ্রাণী। বনের ভেতরে ভিলেজারা দীর্ঘদিন ধরে কাঁচা ঘরবাড়ি তৈরি করে বসবাস করছেন। তবে পাকা দেয়ালের ঘরবাড়ি তৈরি করার কোন অনুমতি নেই। তবে বনবিভাগের সাথে যোগসাজষ করে গত কয়েক বছরে বনের কালেঞ্জি গ্রামে কয়েকটি পাকা ঘর তৈরি হযেছে। এধরণের কার্যক্রম বনভূমি ধ্বংস, জীববৈচিত্র্য বিনষ্ট ও পরিবেশগত সমস্যার সৃষ্টি হবে।

{“capture_mode”:”AutoModule”,”faces”:[]}

জানা যায়, ২০ হাজার ২৭০ একর এলাকা নিয়ে রাজকান্দি হিল রিজার্ভ ফরেস্ট। আদমপুর, কুরমা ও কামারছড়া বনবিটের আওতাধীন এই বন। এলাকাটি আদমপুর-কালেঞ্জি, কামারছড়া ও কুরমাসহ বিস্তীর্ণ এলাকা নিয়ে বিশাল প্রাকৃতিক বনভূমিতে পরিপূর্ণ। বলা হয়ে থাকে ‘ইন্দো-বার্মা’ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল’-এর অংশ। সীমান্তঘেষা এই এলাকায় জীববৈচিত্র্যের এক অফুরন্ত ভান্ডার। ২০১৮ সালে ‘বাংলাদেশ জার্নাল অব প্লান্ট ট্যাক্সোনমি’তে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়, বনটিতে ১২৩টি উদ্ভিদ পরিবারের প্রায় ৫৪৯ প্রজাতির সপুষ্পক উদ্ভিদ শনাক্ত হয়েছে। প্রায় ১২ প্রজাতির বটগাছ এবং ১০ প্রজাতির কাষ্ঠল লতার বৈচিত্র্য খুব কম বনেই আছে।

বনটিতে সোনালি বিড়াল, এশীয় কালো ভালুক, বনছাগল, খুদে নখের ভোঁদড়, বনরুইও রয়েছে। প্রায় ৩০০ প্রজাতির পাখির বিচরণও এই বনে। ১৯৭৩ সালে গৃহীত বিপন্ন বন্যপ্রাণী এবং উদ্ভিদ প্রজাতির বাণিজ্য সংক্রান্ত আন্তর্জাতিক সনদ বা সাইট্রাসভুক্ত বহু উদ্ভিদ ও প্রাণীর বিচরণস্থল এই বন। বনটিতে বানর, হরিণ, উল্লুক, হনুমান, শূকরসহ বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখির এক জীবন্ত সংগ্রহশালা। নানা প্রজাতির পাখি, বন্যপ্রাণি ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ বনটিতে শুরু হয়েছে অবক্ষয়।

বনের মধ্যে অবৈধভাবে পাকা স্থাপনা তৈরি করা একটি গুরুতর অপরাধ। এটি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ এবং এর ফলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এই ধরনের কার্যক্রম বনভূমি ধ্বংস করে, জীববৈচিত্র্য বিনষ্ট করে এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট করে। তবে যুগ যুগ ধরে বনের দেখভালের জন্য ভিলেজার হিসাবে গরিব লোকজন বসবাস করে আসছেন। বনবিভাগের নিয়ন্ত্রণেই তারা বসবাস করে আসছে। ফলে বনবিভাগ এসব কার্যকলাপ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার রাজকান্দি বনরেঞ্জের আদমপুর ইউনিয়নের কালেঞ্জি গ্রামে প্রায় শতাধিক ভিলেজার পরিবার বসবাস করছেন। বনবিভাগের অনুমতি সাপেক্ষে তারা দীর্ঘদিন ধরে কাঁচা ঘরবাড়ি তৈরি করে বনের এই গ্রামে বসবাস করে আসছেন। বনবিভাগের সাথে যোগসাজষ করে গত কয়েক বছরে কালেঞ্জি গ্রামে রাস্তার পাশেই কয়েকটি পাকা বাড়ি নির্মিত হয়েছে। বনবিভাগের লোকজনের সম্মুখেই এসব ঘর তৈরি হয়েছে। কালেঞ্জি গ্রামের খালিক মিয়ার পুত্র নুরনবী, আব্দুল নবী, পার্শ্ববর্তী বাড়ির মহেব উল্ল্যাসহ পাশাপাশি তিনটি বাড়িতে পাকা ঘর নির্মাণ করেছেন। তাদের ঘর নির্মাণে বনবিভাগের কোন বিধি নিষেধ দেয়া হয়নি। ঘর নির্মাণের বিষয়টি জানার জন্য এসব বাড়িতে গিয়েও তাদের পাওয়া যায়নি।

তবে স্থানীয়রা জানান, বনের এই গ্রামে রাস্তার পাশেই বাড়িঘর। বনবিভাগের লোকজন প্রতিদিন কয়েক দফা এদিকে আসা যাওয়া করেন। তাদের অনুমতি ছাড়া গাছের একটি পাতাও ছেড়া যায় না। অথচ তাদের সম্মুখে পাকা ঘর নির্মাণ করা হয়েছে এটি বনবিভাগের অনুমতি ছাড়া তো কোনমতেই সম্ভব নয়।

এব্যাপারে কমলগঞ্জের রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, সংরক্ষিত বনের মধ্যে পাকাঘর স্থাপনের কোন অনুমতি নেই। আমি এখানে এসেছি বেশিদিন হয়নি। তবে কালেঞ্জি গ্রামে যে পাকা ঘর নির্মিত হয়েছে সে বিষয়ে খতিয়ে দেখবো।

শান্তিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী মেলা

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ফিতা কেটে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম।

উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান। সভা পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. সেলিম রেজা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইরফান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আফসানা মিমি, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অনিক সেন ও খামারি মাহমুদুল হাসান।

দিনব্যাপী মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারিরা ১৮টি স্টল নিয়ে অংশ নেন। শেষে স্টল মূল্যায়ন শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী খামারিদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

মা হারা মুন্নী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, মুন্নীকে বাঁচাতে সাহায্যের আবেদন বাবার

0

লুৎফুর রহমান শাওন, ছাতক:

মা-হারা ১৭ বছরের কিশোরী মুন্নী এখন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে। খাদ্যনালীর জটিল রোগে আক্রান্ত এই কিশোরীকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডের ৭নং বেডে মুমূর্ষ অবস্থায় রাখা হয়েছে। দিনমজুর বাবার পক্ষে তার চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

মুন্নীর বাড়ি ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের শিমনগর গ্রামে ছিল। দারিদ্র্যের তাড়নায় পরিবারটি ভিটেমাটি বিক্রি করে এখন হাসনাবাদ সরকারি আশ্রয়ন কেন্দ্রে আশ্রিত। তিন বোনের মাঝে মুন্নী সবার ছোট। এবছর হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিল সে। স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা নিয়ে পরিবারের অভাব দূর করার। কিন্তু সেই স্বপ্ন এখন মৃত্যুঝুঁকির সামনে থমকে গেছে।

মুন্নীর বাবা আব্দুন নূর বলেন, আমি একজন দিনমজুর মানুষ। আমার বাচ্চাটার এমন অবস্থা, আমি কিছুই করতে পারতাছি না। মা-হারা এই এতিম বাচ্চাটার মা-বাবা আমিই। আমার মেয়েটারে আপনারা বাঁচাইতে সাহায্য করুন। আপনাদের সাহায্য ছাড়া আমি কিছুই পারমু না।

চিকিৎসকরা জানিয়েছেন, মুন্নীর অবস্থা গুরুতর। দ্রুত উন্নত চিকিৎসা না পেলে বিপদের আশঙ্কা রয়েছে। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে সেই ব্যয় চালানো অসম্ভব।

মানবিক সহায়তার অপেক্ষায় তাকিয়ে আছে মা-হারা এই কিশোরী ও তার অসহায় বাবা। সামান্য সহযোগিতাও ফিরিয়ে দিতে পারে একটি নিভে যাওয়া স্বপ্ন, বাঁচাতে পারে একটি জীবন।

সাহায্য পাঠানোর নম্বর (বিকাশ): 01729-004611
যোগাযোগ: মুন্নীর বাবা (আব্দুন নূর)-01738-726838।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

0

আধুনিক ডেস্ক ::

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশের ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আজ বুধবার তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ফলে আগামী ৩০ দিনের মধ্যে সাজাপ্রাপ্ত আসামিদের আপিল করতে হবে।

এরইমধ্যে এ রায়ের কপি হাতে পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের আইনজীবী যায়েদ বিন আমজাদ। সাজার বিরুদ্ধে আপিল করবেন কিনা জানতে চাইলে মামুনের আইনজীবী বলেন, এ বিষয়ে এখনও মামুনের পরিবারের সম্মতি পাওয়া যায়নি। তার পরিবারের সঙ্গে পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

জুলাই অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, উসকানি ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগে বিচার হয়েছে। সুনির্দিষ্টভাবে পাঁচটি অভিযোগ হলো- গণভবনের সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যা, চানখাঁরপুলে হত্যা এবং আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো। এগুলোর মধ্যে শেষ তিনটি অভিযোগে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। আর প্রথম দুই অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।