Home Blog Page 72

জুলাই সনদের বিরোধীদের জনগণ প্রত্যাখ্যান করবে : মামুনুল হক

0

আধুনিক রিপোর্ট ::

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই সনদকে কেন্দ্র করে আজ দেশের মানুষ দুই শিবিরে বিভক্ত। এক পক্ষ বিভিন্ন বাহানায় জুলাই সনদ ও রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায়। তারা মনে করে, অতীতে যেমন বছরের পর বছর একদল ক্ষমতায় ছিল, ভবিষ্যতেও আবার কেউ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে বাংলার সম্পদ লুট করবে এবং মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করবে। যারা জুলাই সনদের বিপক্ষে দাঁড়াবে, বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সর্বশেষ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, এখন যখন জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হয়েছে, তখন বাংলাদেশবিরোধী বিদেশি আধিপত্যবাদী আরেক শক্তি দেশের ঘাড়ে চেপে বসার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ ইতিহাস সৃষ্টির এক নতুন দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আমরা বলতে চাই- ফ্যাসিবাদের আমলে ১৫ বছর ধরে রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন, নির্যাতন, জুলুম ও দমন-পীড়নের শিকার হয়েছেন এ দেশের ইসলামপন্থী রাজনৈতিক নেতাকর্মীরা। বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি দোসরদের হাতে ইসলামী আন্দোলনের নেতারা নিগৃহীত হয়েছেন। কারাবন্দি হয়েছেন, ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন, জেল-জুলুম সহ্য করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এরপরও তারা অন্যায়ের সামনে, জুলুমের সামনে মাথা নত করেননি।

তিনি আরও বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই- জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে ফ্যাসিবাদীদের উৎখাত করেছেন। বাংলার মাটিতে নতুন কোনো ফ্যাসিবাদকে জায়গা দিতে দেওয়া হবে না। নির্বাচন বানচালের চেষ্টা যারা করবেন, তাদের রাজপথে প্রতিহত করতে হবে উল্লেখ করে মাওলানা মামুনুল হক বলেন, পরাজিত ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করে যদি কেউ আগামী দিনে জুলাই সনদের বিরুদ্ধে না-বাক্সের জন্য প্রচারণা চালায়, বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আরও পেছাচ্ছে

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে তাঁকে বিদেশ নেওয়ার বিষয়ে শুক্রবার সকালে নতুন তারিখ বলা হয়েছিল ৭ ডিসেম্বর। পরে রাতে জানা গেছে, সে তারিখ পিছিয়ে সম্ভাব্য যাত্রার তারিখ ঠিক করা হয়েছে ৯ ডিসেম্বর। এই তারিখও পেছাতে পারে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে বিদেশ পাঠানোর পরিকল্পনা আরও দুদিন পিছিয়ে ৯ ডিসেম্বর করা হয়েছে। তবে তাঁর যাত্রার বিষয়টি নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর। তবে গতকাল সর্বশেষ প্রাপ্ত তথ্যে তার শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে কিছু জানা যায়নি। পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত রয়েছে।

এদিকে কাতারের ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটা ৬ ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও পরে সময়সূচিও পুনর্নির্ধারণ করে ১০ ডিসেম্বর করা হয়েছে। একটি সূত্র জানায়, জার্মানির এফএআই রেন্ট-এ-জেট নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করা হচ্ছে। এটি আসবে জর্জিয়ার রাজধানী তিবিলিসি থেকে। গতকাল বিকেলে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই এয়ার অ্যাম্বুলেন্সটি ৬ ডিসেম্বর বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ও পরদিন ৭ ডিসেম্বর ঢাকা থেকে যাত্রার কথা ছিল। পরে রাতে জানা যায়, এই সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি ১০ ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাতারের আমিরের নির্দেশে খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো হচ্ছে। সেটি কবে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে, সেটি চিকিৎসক এবং বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

কূটনৈতিক একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাওয়া লোকজনের কলেবর ছোট হবে। প্রাথমিকভাবে বিএনপি ১৮ জনের যে তালিকা করেছে, সেটা থেকে অগ্রাধিকার ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন। তালিকায় থাকা বাকি ব্যক্তিরা বাণিজ্যিক ফ্লাইটে যেতে পারেন।

গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতা ও চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার ভোরে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন নেওয়া হবে। এর এক ঘণ্টা পর আরেক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য দেন। পরে রাতে জানা যায়, কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় যাত্রা বিলম্বিত হতে পারে।

শুক্রবার সকাল ১০টার দিকে বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপির মহাসচিবকে উদ্ধৃত করে বলা হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাহলে তিনি ৭ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। এরপর জুমার নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদে দোয়া মাহফিলের পর মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা করছেন। শনিবার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছালে রোববার (৭ ডিসেম্বর) তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে চিকিৎসকেরা আশা করছেন। অবশ্য শুক্রবার রাতে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, যাত্রার সম্ভাব্য নতুন তারিখ ঠিক করা হয়েছে ৯ ডিসেম্বর।

ফিফা ‘শান্তি’ পুরস্কার পেলেন ট্রাম্প

0

আধুনিক ডেস্ক ::

বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ ও সংঘাত থামিয়ে বিশ্বব্যাপী শান্তি বার্তা নিয়ে আসায় ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। ফুটবল বিশ্বকে একত্রিত করে আর শান্তির বার্তা পাঠায়। আর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে শান্তি এনে সেই বার্তাটা ছাড়িয়ে দিয়েছেন বলেই এই পুরস্কার পেয়েছেন। ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইফান্তিনো। এর জন্য যে সার্টিফিকেটটি দেওয়া হয়েছে, সেখান থেকে একটা অংশ পড়ে শোনান তিনি। সেখানে বলা হয়, এটা বিশ্বের ফুটবলপ্রেমী কোটি কোটি মানুষের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

শরণার্থী-আশ্রয়প্রার্থীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমাল যুক্তরাষ্ট্র

0

আধুনিক ডেস্ক ::

বিদেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্টস (ইএডি)-এর মেয়াদ হ্রাস করেছে যুক্তরাষ্ট্র। আগে ইএডির মেয়াদ ছিল ৫ বছর, এখন তা নামিয়ে আনা হয়েছে দেড় বছর বা ১৮ মাসে।

ইএডি একপ্রকার সরকারি নথি, যা সাধারণভাবে ‘ওয়ার্ক পারমিট’ নামে পরিচিত। আগে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি নাগরিকরা ইএডি লাভ করলে তা ৫ বছর পরপর নবায়ন করতে হতো। এখন প্রতি ১৮ মাস অন্তর নবায়ন করতে হবে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোমল্যান্ড সিকিউরিটি) অধীন সংস্থা কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত শরণার্থী, আশ্রয়ের জন্য আবেদনকারী, নিজ দেশে ফেরত পাঠানো থেকে বেঁচে যাওয়া অভিবাসীসহ ১৯ ক্যাটাগরির বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের সময়েই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে ক্ষমতায় গেলে অবৈধ অভিবাসী ও অভিবাসন ইস্যুতে কঠোর পদক্ষেপ নেবেন তিনি। সেই অনুযায়ী শপথ গ্রহণের পর এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। তার সেই স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়।

যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীদের প্রবেশ কমাতেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। সেসবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যটি হলো এইচ-১বি ভিসার ফি বৃদ্ধি করা। এই ভিসার মাধ্যমে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলো কর্মী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে আনতে পারে। গত সেপ্টেম্বরে এই ভিসার বাৎসরিক ফি ১ হাজার ৫০০ ডলার থেকে ১ লাখ ডলারে উন্নীত করে ট্রাম্প প্রশাসন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক আফগান শরণার্থীর গুলিতে নিহত হন যুক্তরাষ্ট্রের আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের দুই সদস্য। এই ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র।

এই ১৯টি দেশ হলো আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, শাদ, কিউবা, রিপাবলিক অব কঙ্গো, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, লিবিয়া, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।

এদিকে বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেছেন, বিশ্বের ৩০টিরও বেশি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি)।

শ্রীমঙ্গলে নিখোঁজের ৪ দিন পর মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার

0

শ্রীমঙ্গল প্রতিনিধি ::
নিখোঁজের ৪ দিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৫ ডিসেম্বর) উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামে একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। ফুলমতি বেগম (৪৫) নামের ওই নারী আলীশারকুল গ্রামের মো. দিলদার মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় লোকজন খালে ভাসমান অবস্থায় নারীর মরদেহ দেখতে পান। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর রাত ১টার দিকে ঘরের বাইরে প্রসাব করতে বের হয়ে নিখোঁজ হন তিনি। চার দিন ধরে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তাকে পাওয়া যায়নি। তাদের ধারণা, রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে পাশের একটি খালে ফেলে যায়।

নিহতের ভাই বাসির মিয়া অভিযোগ করে বলেন, “আমার বড় বোন একজন মানসিক প্রতিবন্ধী নারী তার তো কোনো শত্রু থাকার কথা নয়। কে বা কারা আমার বোনকে হত্যা করেছে জানি না, তবে আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন , ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যাবে রিপোর্ট পেলে।’

বানিয়াচংয়ে রত্না ব্রিজ ভেঙে হবিগঞ্জ-বানিয়াচং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

0

বানিয়াচং প্রতিনিধি ::

বেইলিব্রিজ ভেঙে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে যানবাহন বন্ধ হয়ে পড়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পাথরবোঝাই একটি ট্রাক রত্না নদীর বেইলি ব্রিজ অতিক্রমকালে ব্রিজটি ভেঙে যায়। এতে ট্রাকটি ব্রিজের মধ্যখানে আটকা পড়ে। ফলে ব্রিজের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে যায়।

বানিয়াচং থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ট্রাকটি অপসারণের জন্য রেকার আনা হয়েছে। সকাল ১০টা থেকে এ রোডে যানচলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রত্না ব্রিজটি যানবাহনের চাপে দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। সড়ক বিভাগ জোড়াতালি দিয়ে এটি চালু রেখেছিল।

সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক বানিয়াচং উপজেলা সদরে যাওয়ার পথে রত্না নদী ব্রিজের ওপর বসে যায়। এতে ব্রিজের ৫টি ব্রেকার ও দুটি ট্রানজিন নষ্ট হয়ে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি অপসারণের পর মেরামত কাজ শুরু হবে।

শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

0

আধুনিক ডেস্ক ::

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হচ্ছে না। শারীরিক অবস্থা ঠিক থাকলে ও মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া আগামী রোববার লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানিয়েছে।

ফেসবুক পেজে বিএনপি জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে।গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। আজ তাঁকে লন্ডনে নেওয়ার কথা ছিল।

এদিকে চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় এসেছেন। ১৩ দিন ধরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।

উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় চার মাস পর গত ৬ মে তিনি দেশে ফেরেন। দেশে ফিরেও তিনি বাসা ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ ও স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তির আবেদন বাতিল ও স্থগিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দেশটির অভিবাসন নীতি আরও কঠোর করার পর ভিসার অপব্যবহার নিয়ে উদ্বেগ থেকে বিশ্ববিদ্যালয়গুলো এমন পদক্ষেপ নিয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘ফিন্যান্সিয়াল টাইমস’ জানিয়েছে। যুক্তরাজ্যের অন্তত ৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ‘উচ্চ ঝুঁকির’ দেশগুলো থেকে শিক্ষার্থী ভর্তিতে বিধিনিষেধ আরোপ করেছে। বিশ্ববিদ্যালয়গুলো যেন প্রকৃত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করে, সে জন্য তাদের ওপর চাপ বাড়ছে। যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আশ্রয় প্রার্থনার আবেদন ব্যাপকভাবে বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশটির সীমান্ত নিরাপত্তামন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগল সতর্ক করেন, ভিসাব্যবস্থাকে ব্রিটেনে ‘স্থায়ী হওয়ার পেছন দরজা’ হিসেবে ব্যবহার করা যাবে না।

যেসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ভর্তিতে এই পরিবর্তন এনেছে, সেগুলোর মধ্যে ইউনিভার্সিটি অব চেস্টার আগামী বছরের শরৎকাল (অটাম) পর্যন্ত পাকিস্তান থেকে সব ধরনের শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে। কারণ হিসেবে সম্প্রতি অপ্রত্যাশিতভাবে ভিসা আবেদন নাকচের সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করেছে তারা। ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন পাকিস্তান ও বাংলাদেশ থেকে স্নাতকের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করছে না। ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি স্থগিত করছে।

এ ছাড়া লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ব্রুকস, বিপিপিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ক্ষেত্রে এমন পদক্ষেপ নিচ্ছে। কোথাও সরাসরি নিষেধাজ্ঞার ভাষা ব্যবহার না করলেও বাস্তবে শিক্ষার্থীরা ভর্তির নিশ্চয়তাপত্র (সিএএস লেটার) পাচ্ছেন না বা আবেদন গ্রহণই বন্ধ রাখা হয়েছে।

সান্ডারল্যান্ড ও কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভর্তির আবেদন গ্রহণ স্থগিত করেছে। হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভর্তি বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেছে, তাদের যেসব শিক্ষার্থীর ভিসা আবেদন নাকচ হয়েছে, তার ৬০ শতাংশ এ দেশের।

বিশ্ববিদ্যালয়গুলোর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে গত সেপ্টেম্বরে কার্যকর হওয়া যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভিসা কমপ্লায়েন্স নীতি। আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসা স্পনসর করতে হলে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে প্রতিবছর ‘বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট’ (বিসিএ) নামের একটি মূল্যায়নে উত্তীর্ণ হতে হয়। এই মূল্যায়নে তিনটি সূচক দেখা হয়। আবেদনকারী শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার, যুক্তরাজ্যে এসে কোর্সে উপস্থিত না হওয়া এবং মাঝপথে কোর্স ত্যাগের হার। হোম অফিসের নতুন নীতিতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের ছাত্র ভিসা আবেদনের ৫ শতাংশের বেশি বাতিল হলে তাদের স্পনসর লাইসেন্সের মান অবনমন, ভর্তি স্থগিত কিংবা লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে। আগে এসব ব্যবস্থার জন্য ভিসা আবেদন নাকচের হার ছিল ১০ শতাংশ। ফলে বিশ্ববিদ্যালয়গুলো এখন ছাত্র বাছাইয়ে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সতর্ক।

‘ফাইন্যান্সিয়াল টাইমসের’ প্রতিবেদনে বলা হয়, এ বছর গত সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভিসা আবেদন বাতিলের হার যথাক্রমে ২২ ও ১৮ শতাংশ, যা নতুন সীমার চেয়ে অনেক বেশি। এ সময় হোম অফিস যে ২৩ হাজার ৩৬টি আবেদন নাকচ করেছে, তার অর্ধেকই বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের। এ ছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের আশ্রয় প্রার্থনার আবেদনও বেড়েছে। এই আবেদনকারীদের অধিকাংশই কোনো একটি কাজ বা শিক্ষার্থী ভিসায় ব্রিটেনে এসেছিলেন।

পাকিস্তানি শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনায় সহায়তা দেওয়া লাহোরভিত্তিক প্রতিষ্ঠান অ্যাডভান্স অ্যাডভাইজর্সের প্রতিষ্ঠাতা মরিয়ম আব্বাস বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোর এই সিদ্ধান্ত চূড়ান্ত ধাপে গিয়ে আটকে যাওয়া প্রকৃত শিক্ষার্থীদের জন্য হৃদয়বিদারক।

আর যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাডমিশনের জ্যেষ্ঠ কনসালট্যান্ট মো. মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, যুক্তরাজ্যের শতাধিক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদনের সুযোগ থাকলেও সম্প্রতি ৫–৭টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করছে না। এর অন্যতম কারণ বাংলাদেশি শিক্ষার্থীরা ছাত্র ভিসায় এসে তাদের নির্দিষ্ট কোর্স শেষ না করে আশ্রয় প্রার্থনা করে আবেদন করা এবং ভিন্ন ক্যাটাগরিতে ভিসা পরিবর্তন করা অথবা ইউরোপে চলে যাওয়া। বাংলাদেশের শিক্ষার্থীদের উচিত যুক্তরাজ্যকে ছাত্র ভিসার ট্রানজিট রুট না বানিয়ে সঠিক ব্যবহার করা।

খালেদা জিয়াকে লন্ডনে নিতে জুবাইদা রহমান ঢাকায় আসছেন

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের পথে রওনা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। এদিকে খালেদা জিয়াকে নেওয়ার জন্য কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স আজ রাতে ঢাকায় আসার কথা ছিল, সেটা আসতে বিলম্ব হচ্ছে।

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ রাতে ঢাকায় পৌঁছাবে—আজ বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেছিলেন। তবে সন্ধ্যার পর দলটির মিডিয়া উইং জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে কিছু টেকনিক্যাল (কারিগরি) সমস্যা দেখা দিয়েছে। এ কারণে এর যাত্রা বিলম্বিত হবে।

অবশ্য বিএনপির সূত্র বলছে, এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানোর জন্য দ্রুত প্রস্তুত না হলে কাতার কর্তৃপক্ষ খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিকল্প ব্যবস্থা করার কথাও চিন্তা করছে।

লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় (বাংলাদেশের সময় অনুযায়ী প্রায় মধ্যরাত) জুবাইদা রহমান ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন বলে বিএনপির সূত্রগুলো জানিয়েছে। তারা বলছে, আগামীকাল শুক্রবার দিনের প্রথমার্ধে তিনি ঢাকায় পৌঁছাতে পারেন। পরে শাশুড়িকে দেখতে সরাসরি ঢাকার এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন জুবাইদা রহমান। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনযাত্রায়ও শরিক হতে পারেন চিকিৎসক জুবাইদা।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, জুবাইদা রহমান আজ বৃহস্পতিবারই বাংলাদেশের উদ্দেশে রওনা হচ্ছেন। তিনি লেখেন, ‘জুবাইদা রহমান আজই দেশের উদ্দেশে রওনা হয়ে কাল (শুক্রবার) সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সঙ্গে থেকে দেশনেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যেতে পারেন। তবে এর আগেই যদি ফ্লাইটের ব্যবস্থা করা যায় কিংবা তার আসা না হয়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতিমধ্যে ঢাকায় এসেছেন। ম্যাডামের পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তাও এয়ার অ্যাম্বুলেন্সে সার্বক্ষণিক পাশে থাকবেন বলে জানা গেছে।’

১২ দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। তাঁকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় চার মাস পর গত ৬ মে তিনি দেশে ফেরেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

সিলেট -৪ আসনে আরিফুল হক চৌধুরীর নাম ঘোষণাকে স্বাগত জানিয়েছে কোম্পানীগঞ্জ বিএনপি

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেট -৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার ঢাকায় জরুরি প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। মনোনয়ন ঘোষণার পরপরই কোম্পানীগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে সমর্থকেরা সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি থানাবাজারস্থ নিজস্ব কার্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. আব্দুল মন্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলী আকবরের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. শওকত আলী বাবুল, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আলমগীর আলম চেয়ারম্যান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আবুল বাশার বাদশা, উপজেলা বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. উসমান খা।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ডাক্তার মো. নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মো. এলাইছ আহমদ মেম্বার, তেলিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, উপজেলা মহিলা দলের সভাপতি আছিয়া খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আশরাফ রহমত, মো. আজিজুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু আল হেলাল, মো. হেলাল উদ্দিন, মামুন আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইকবাল হোসেন, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল আমিন সারোয়ার, জেলা তাঁতি দলের সদস্য নবী হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল পাশা, ৪নং ওয়ার্ড (কাঁঠালবাড়ি-রাজারখাল) বিএনপির সাধারণ সম্পাদক মো. মরম আলী, ৫নং ওয়ার্ড (ঢোলাখাল-লম্বাকান্দি-বাঘারপাড়) বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত খা প্রমুখ।

বক্তারা বলেন, “সিলেট ৪ আসনে আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমরা দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। দলের হাইকমান্ড, বিশেষ করে তারেক রহমান ও মহাসচিবসহ সকল নেতার প্রতি কৃতজ্ঞতা জানাই। অন্য মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েই ধানের শীষকে বিজয়ী করব।”

বক্তারা আরও বলেন, “আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাই আমরা কোনো আনন্দ মিছিল করবো না। আমরা দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।”

উল্লেখ্য, এ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির উপদেষ্টা মো. হেলাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হাকিম চৌধুরী। তাদেরকে ঘিরেও এলাকায় ছিল আগ্রহ ও আলোচনা। বিএনপি চেয়ারপার্সনের নির্দেশে আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনে প্রার্থী হন। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা না আসায় অন্য প্রার্থীরা মাঠে সরব ছিলেন। এ নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছিল। আজকের ঘোষণার মধ্য দিয়ে সেটিও সম্পন্ন হলো।