Home Blog Page 71

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি

0

আধুনিক ডেস্ক ::
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি জানিয়েছেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীনের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ সহযোগিতা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা। নির্বাচনের প্রস্তুতিকালে সর্বাত্মক সহযোগিতা করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও ধন্যবাদ জানান তাঁরা।

সিইসি বলেন, ইতিমধ্যে নাগরিকেরা নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে।

এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। তিনি বলেন, ‘জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা (ইসি) চালকের আসনে আছেন। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছি।’

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

ছাতকের ফাতেমা স্পিহার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড জয়

0

লুৎফুর রহমান শাওন, ছাতক:

সিলেটের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গত (৬ ডিসেম্বর) বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান অনুষ্ঠান। স্কাউটদের উচ্ছ্বাস, অভিভাবকদের ভালোবাসা এবং অতিথিদের শুভেচ্ছায় পুরো অডিটোরিয়াম উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রে ছিলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ছনখাইড় গ্রামের কৃতি শিক্ষার্থী উম্মে ফাতেমা স্পিহা। বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এই ছাত্রী উপজেলা, জেলায় এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড-২০২৪ অর্জনের গৌরব অর্জন করে। জাতীয় পর্যায়ে গাজীপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় যোগ্যতার প্রমাণ রেখে তিনি এই সম্মান লাভ করেন এবং সিলেটের বিভাগীয় কমিশনারের হাত থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন।

এর আগে গত (২০ নভেম্বর) উপজেলা ও জেলা পর্যায়ে বিজয় অর্জনের স্বীকৃতি হিসেবে স্পিহা ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের কাছ থেকেও সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ এবং সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। অতিথিবৃন্দরা বলেন, স্কাউটিং তরুণদের শৃঙ্খলা, নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে স্কাউট আন্দোলনের কোনো বিকল্প নেই। তারা পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্পিহার বাবা সৌদি আরব প্রবাসী সাহেদ আহমেদ বলেন, মেয়ের এমন অর্জন আমাদের পরিবারের জন্য বিশাল আনন্দের। ছোটবেলা থেকেই সে পরিশ্রমী ও শৃঙ্খলাবদ্ধ। স্কাউটিং তাকে আরও যোগ্য ও আত্মবিশ্বাসী করেছে।

তার মা সাহেরা পারভীন আবেগঘন কণ্ঠে বলেন, স্পিহা স্কাউটে ভর্তি হওয়ার পর থেকেই আমরা তাকে উৎসাহ দিয়েছি। আজ তার অর্জনে আমরা সত্যিই গর্বিত। মেয়ের সাফল্য শুধু আমাদের নয় পুরো এলাকার জন্য আনন্দের।

ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর আজাদ বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বছর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে এটি আমাদের জন্য অপরিসীম গর্বের। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি আমিসহ স্কাউট শিক্ষক অজয় কৃষ্ণ পাল এবং আরও দুইজন স্কাউট লিডার গত দুই বছর ধরে আন্তরিকভাবে কাজ করেছেন। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড শুধু পুরস্কার নয় এটি বিদ্যালয়ের মর্যাদা ও সুনামকে আরও উজ্জ্বল করেছে। ভবিষ্যতেও আমরা এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, উম্মে ফাতেমা স্পিহা ও তার সহপাঠীদের এই অসাধারণ সাফল্য পুরো ছাতক উপজেলার জন্য গর্বের। তাদের যোগ্যতা, শৃঙ্খলা ও নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে, যাতে তারা আরও অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে বড় লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে পারে।

আমি বিদ্যালয়ের শিক্ষক, স্কাউট শিক্ষক এবং সংশ্লিষ্ট স্কাউট সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের ধারাবাহিক পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি আমি অন্যান্য শিক্ষার্থীদেরও স্কাউটিংয়ে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে তারাও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের, পরিবারের এবং ছাতক উপজেলার সুনাম আরও উজ্জ্বল করতে পারে।

এই বছর উম্মে ফাতেমা স্পিহার পাশাপাশি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ালিফা নোমা ও শ্রাবন্তী ঘোষ মিতু প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করে বিদ্যালয়ের সুনাম বাড়িয়েছে। শিক্ষকরা জানান, নিয়মিত প্রশিক্ষণ, শৃঙ্খলা ও দলবদ্ধভাবে কাজ করার জন্যই এ অর্জন সম্ভব হয়েছে।

উম্মে ফাতেমা স্পিহা উপজেলার নোয়ারাই ইউনিয়নের ছনখাইড় গ্রামের শাহেদ আহমেদ ও সাহেরা পারভীন এর মেয়ে।

স্পিহার এই অর্জনে নোয়ারাই ইউনিয়নসহ পুরো ছাতক জুড়ে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। স্থানীয় শিক্ষক, স্কাউট লিডার, অভিভাবক ও প্রশাসন আশা করছে এই মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতেও দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেম দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

ডাইনিং রুমে পড়ে ছিল স্বামীর লাশ, রান্নাঘরে স্ত্রীর 

0

আধুনিক ডেস্ক ::
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রাহিমাপুর খিয়ারপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৮০) এবং তার স্ত্রী সুবর্ণা রায়কে (৬০) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত গভীর রাতে এই হত্যাকাণ্ড ঘটে। রোববার (৭ ডিসেম্বর) সকালে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা মই বেয়ে বাড়ির ভেতরে ঢোকেন। বাড়ির প্রধান ফটকের চাবি পেয়ে দরজা খুলে ভেতরে গিয়ে তারা ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়সূত্রে জানা গেছে, যোগেশ চন্দ্র রায় শিক্ষক ছিলেন। ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসরে যান। তার দুই ছেলে। বড় ছেলে শোভেন চন্দ্র রায় জয়পুরহাটে এবং ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় ঢাকায় পুলিশে চাকরি করেন। গ্রামের বাড়িতে শুধু স্বামী-স্ত্রী থাকতেন।

তারাগঞ্জ থানার এসআই মো. আবু ছাইয়ুম গণমাধ্যমকে বলেন, দুজনের মাথায় আঘাত করা হয়েছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

বাহুবলে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

0

বাহুবল প্রতিনিধি ::

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক চাপায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। রোববার সকাল সাতটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার নতুনবাজার এলাকার বেন্দারপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রূপজিত কর রাজু (৩৬) উপজেলার মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এবং বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে চাকরিজীবী স্ত্রীকে কুলাউড়ার উদ্দেশে মিরপুর বাজারে বাসে তুলে দেওয়ার পর রাজু কর বাড়ি ফিরে আসেন। এরপর এলাকার আরও দুইজনকে সঙ্গে নিয়ে মিরপুর–শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়ক ধরে নতুনবাজার এলাকায় হাঁটতে যান। সকাল ৭টার দিকে বেন্দারপুল এলাকায় পৌঁছালে শ্রীমঙ্গলগামী একটি সবজিবোঝাই ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

দুর্ঘটনায় রূপজিত কর রাজু ও তার সঙ্গী ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক রূপজিত কর রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রূপজিত কর রাজুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সানশাইন মডেল হাইস্কুলের পরিচালক এম. শামছুদ্দিন। তিনি আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত ঘোষণা করে বিদ্যালয় একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত জানান।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নফল রোজা রাখার আহবান, সিলেটে ইফতারের ব্যবস্থা

0

আধুনিক ডেস্ক ::

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটসহ সারাদেশের জাতীয়তাবাদী পরিবার ও সাধারণ জনগণের প্রতি নফল রোজা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
শনিবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে হুমায়ুন কবির বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আমরা সকলের কাছে নিয়মিত দোয়া মাহফিল এর পাশাপাশি নফল রোজা রাখার ও অনুরোধ জানাচ্ছি। তিনি দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তার স্বাস্থ্য সুরক্ষায় আমাদের সমবেদনা ও প্রার্থনা সবচেয়ে বড় অনুপ্রেরণা।
সোমবার সিলেট নগরীর আম্বরখানায় হুমায়ুন কবিরের সৌজন্যে নফল রোজাদারদের জন্য ইফতার মাহফিলের আয়োজনও করা হয়েছে। ইফতার মাহফিলে সকল রোজাদারকে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং প্রয়োজনে সাবেক ছাত্রদল নেতা চৌধুরী মোহাম্মদ সোহেলের সঙ্গে (মোবাইল : ০১৭১১৩৩২৬২৬) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

তফসিল ঘোষণা কবে, এখনো ঠিক হয়নি: ইসি সচিব

0

আধুনিক ডেস্ক ::
নির্বাচন আয়োজনের প্রস্তুতি পুরো মাত্রায় থাকলেও তফসিল কবে ঘোষণা হবে, সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। শনিবার বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ এ কথা জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। তা ধরে প্রস্তুতি নিয়ে ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল ঘোষণার পরিকল্পনা ছিল ইসির। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে।

এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও হবে। সেই নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় বৈঠক করে কমিশন। জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও সেই বৈঠকে ছিলেন।

আখতার আহমেদ বলেন, ‘সকাল সাড়ে ১১টা থেকে আমরা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আয়োজিত মিটিংয়ে ছিলাম।’

তফসিল ঘোষণার প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারে নাই।’ তবে নির্বাচন আয়োজনে ইসি পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচন নিয়ে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করি, সঠিক তথ্যটা দেন…নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।’

সাংবাদিকদের নিয়ে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধনীসহ); সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ (সর্বশেষ সংশোধনীসহ) এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর পরিচিতি’ শিরোনামের কর্মশালায় বক্তব্য দেন আখতার আহমেদ। এ প্রশিক্ষণ আয়োজন করে ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

এর আগে সকালে কর্মশালার পৃথক একটি অধিবেশনে সাংবাদিকদের সঙ্গে যুক্ত হন নির্বাচন কমিশনার (ইসি) আবদুল রহমানেল মাছউদ। ‘সংবিধান, জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব ও নির্বাচন কমিশনের ভূমিকা; নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট আইন: সিআরপিসি, সিপিসি, অ্যাভিডেন্স অ্যাক্ট সম্পর্কে প্রাথমিক ধারণা; জাতীয় সংসদ এর নির্বাচনসংক্রান্ত মামলা নিষ্পত্তি’ বিষয়ে আলোচনা করেন তিনি।

ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: জয়শঙ্কর

0

আধুনিক ডেস্ক ::

বিশেষ এক পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানেই থাকবেন কি না, সেই সিদ্ধান্ত একান্তই তাঁর ওপর নির্ভর করছে। এমনই বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নতির আশাও প্রকাশ করেন তিনি।

বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকে সেখানেই রয়েছেন তিনি। আন্দোলন দমনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাঁকে ফেরত পাঠাতে অনুরোধ করলেও নয়াদিল্লি কোনো সাড়া এখনো দেখায়নি।

রাহুল কানওয়াল হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে নানা বিষয়ে আলোচনার ফাঁকে জয়শঙ্করের কাছে জানতে চেয়েছিলেন, শেখ হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কি না? জবাবে জয়শঙ্কর প্রথমেই বলেন, ‘আচ্ছা, এটি একটা ভিন্ন বিষয়, তাই না?’

এরপর তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) একটা বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। আমি মনে করি, সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব এই ঘটনার (ভারতে আশ্রয় নেওয়া) ওপর ছিল। আবার শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাঁকে নিজেকেই নিতে হবে।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ার পর প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন চলছে।

এ নিয়ে এনডিটিভর প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের প্রশ্নে জয়শঙ্কর বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়ে নয়াদিল্লির অবস্থান তুলে ধরেন।

বাংলাদেশের অতীত রাজনৈতিক বিষয়গুলোর কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যা শুনেছি তা হলো, বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের আগের নির্বাচনগুলো কীভাবে পরিচালিত হয়েছিল, সেটা নিয়ে সমস্যা ছিল। এখন সমস্যা যদি নির্বাচনই হয়; তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা।’

দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নত হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। আমরা মনে করি, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে যেকোনো গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়।’

‘আমি নিশ্চিত যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফলাফল যা–ই আসুক না কেন, তা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব দৃষ্টিভঙ্গির হবে। আশা করি, পরিস্থিতির উন্নতি হবে,’ বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

ফ্যাসিবাদী সরকারের পতন হলেওএর কালো ছায়া এখনো রয়ে গেছে : ডা. শফিকুর রহমান

0

আধুনিক ডেস্কঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এর কালো ছায়া এখনো রয়ে গেছে। এক দল লুটপাট করে দেশে-বিদেশে বেগম পাড়া বানিয়েছে। খুন, গুম, জুলুম নিপীড়ন করেছে। শেষ পর্যন্ত জনরোষে দেশ ছেড়ে পালিয়েছে। কলাপাতায় শুয়েও কারো রক্ষা হয়নি। আরেক দল খুনোখুনি করে নিজেদেরকেই শেষ করে দিচ্ছে। সিলেট থেকে ৮ দলের সমাবেশ শেষ হচ্ছে, এই সিলেট থেকেই বিজয়ের শুরু হবে। ইনশাআল্লাহ।

তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও জুলাই আকাঙ্খা পূরণে তারা নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাদের সংস্কার ও গণভোটে আপত্তি। শেষ পর্যন্ত মানলেও জুলাই সনদ বাস্তবায়নে ভোটের দিনে গণভোট আয়োজনে সরকারকে বাধ্য করেছে। তারা শুধু নির্বাচন চেয়ে পাগল হয়েছিলেন। এখন তাদের কেউ কেউ নির্বাচন পেছানোর জন্য ভিন্নসুরে কথা বলছেন। নির্বাচন নিয়ে কোন টালবাহানা জনগণ মেনে নিবেনা।

তিনি শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে ইসলামী ও সমমনা ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মূল সমাবেশ বেলা ২টা থেকে শুরু হলেও বেলা ১১টা থেকেই শুরু হয় আলিয়া মাদ্রাসা মাঠ মুখী জনস্রোত। বেলা ১টার আগেই মাঠ লোকে লোকারন্য হয়ে আশপাশের এলাকা জনস্রোত ছড়িয়ে পড়ে। ৮ দলের নেতাকর্মীরা নিজ নিজ দলের প্রতীক সম্বলিত ব্যানার, ফ্যাস্টুন ও প্লেকার্ড হাতে স্লোগানে মুখর হন।

প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও জাতির আশা আকাঙ্খা পূরণে দেশপ্রেমিক ইসলামী ও সমমনা ৮ দল মাঠে রয়েছে। আমাদের যেসব ইসলামী দলের ভাইয়েরা এখনো বাকী রয়েছেন, আপনাদেরকেও আমাদের সাথে আসার অনুরোধ করছি। এটা আপনাদেরই আঙ্গিনা, আপনাদের স্বাগত জানাতে আমরা সর্বদা প্রস্তুত। আপনারা ইসলামী ও দেশপ্রেমিক দলের নেতা হয়েও কেনো চাঁদাবাজ ও দখলদারদের অপবাদ নিতে যাবেন। তাই আপনাদেরকে ইসলাম ও দেশের স্বার্থে ফিরে ৫ দফা দাবীর আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনাদের নিয়েই আমরা সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সিলেটের মানুষ অতীতেও আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছিলো। জুলাই গণঅভ্যুত্থানেও সিলেট গর্জে উঠেছিল। এই সিলেটের মাটিতেই ৮ দল সর্বশেষ সমাবেশ বাস্তবায়ন করেছে।

ডা: শফিকুর রহমান বলেন, আমাদেরকে বিভিন্ন শক্তির ভয় দেখানো হয়। যারা হাসিমুখে ফাঁসির রশি গলায় পড়ে তাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরা আল্লাহ ছাড়া কাউতে পাত্তা দিতে চাইনা। জুলুম, চাঁদাবাজী ও দখলবাজি বন্ধ করুন। জনগণ আর এসব বরদাশত করবেনা। মানবিক বাংলাদেশে আর কাউকে ফ্যাসিবাদী আচরণ করতে দেয়া হবেনা। কারণ জনগণ আজ জেগে উঠেছে। জনতার বিজয় হবেই।

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদের সভাপতিত্বে ইসলামী ও সমমনা ৮ দল সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খ মাওলানা মামনুল হক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাদের, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাছুম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ প্রফেসর মাওলানা মুহাম্দ ইউনুছ, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মজিদ আতাহারি, বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টি-বিডিপির সভাপতি এডভোকেট এ.কে.এম আনোয়ারুল হক চান, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, আজকে বাংলাদেশের মধ্যে ৫৪ বছর ধরে যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল, তাদেরও চরিত্র আমরা দেখেছি। যে তারা নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয়, আজকে তারা নিজেরা নিজেদের খেয়ে ফেলছে। আমার দুঃখ হয়, আজকে এত গুম হল, এত খুন হলো, লক্ষ লক্ষ নেতাকর্মী যুগ যুগ পর্যন্ত তাদের জীবনকে বিপন্ন করলো জেলের মধ্যে। আমাদের দাবী ছিল, ৫ই আগস্টের অভ্যুত্থানের খুনীদের বিচার হবে, এই খুনীদের লক্ষ, কোটি টাকা পাচারকারীদের বিচার হবে। এরপরে লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচনী পরিবেশ তৈরি হবে। কিন্তু, আমরা দেখে হতবাক, আজকে সংস্কারে বাঁধা, দৃশ্যমান বিচারে বাঁধা, নির্বাচনের জন্য যেন তারা পাগল হয়ে গিয়েছিল, আজকে যখন তারা দেখেছে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং জালেম-চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পেছানোর জন্য। কিন্তু, আমরা পরিষ্কার বলবো- রাশি যখন বামে ঘুরে, তখন যত পরিকল্পনা সব বামেই যায়। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন, ততই আপনারা বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন তাতে কোনো সন্দেহ নাই।
তিনি বলেন, ৫৩ বছর আমাদেরকে যারা জিম্মি করে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে ৫ই আগস্ট স্বাধীনতা দান করেছেন। এই স্বাধীনতার ফসল যারা আমরা দেশপ্রেমিক রয়েছি, যারা আমরা জনতাপ্রেমী রয়েছি, যদি আমরা ভুল করে থাকি, যদি আমরা ব্যর্থ হই, যখন ইতিহাস আমাদের প্রজন্ম লিখবে, তখন কলঙ্কজনক ইতিহাস আমাদের জন্য লিখবে। এই জন্য আমি সকলকে উদ্ধাত্ত আহবান জানাবো, আসেন আমরা যারা দেশপ্রেমিক রয়েছি, ক্ষমতাপ্রেমিকদেরকে, চাঁদাবাজদেরকে আমাদের দেশের টাকা যারা বিদেশে পাঁচার করে, তাদেরকে আমরা না বলার মাধ্যমে আমরা বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করে মাথা উঁচু করে দাঁড়াবার পরিবেশ তৈরি করতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খ মাওলানা মামনুল হক বলেন, দেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে, বিদেশী আধিপত্যবাদী শক্তির বাংলাদেশী ক্রীড়নকদের হাতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নিপীড়িত হয়েছেন, কারানির্যাতিত হয়েছেন, ফাঁসির কাষ্ঠে বরণ করেছেন, জেলজুলুমের শিকার হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। তবুও অন্যায়ের সামনে, জুলুমের সামনে মাথানত করে নাই। তাই, আজ যখন জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হয়েছে, বাংলাদেশ বিরোধী বিদেশী আধিপত্যবাদী শক্তি তারা আবার বাংলাদেশে নতুন আরেক শক্তির ঘাড়ে সওয়ার হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে যেই ফ্যাসিবাদ এবং বিদেশী কায়েমি শক্তিবাদীকে উৎখাত করেছে, বাংলার মাটিতে নতুন কোনো ফ্যাসিবাদীকে জায়গা করতে দিবে না, ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমাদেরকে মনে রাখতে হবে, ২০২৬ সালের যে নির্বাচন, এটি শুধু প্রতীকের নির্বাচন নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্য ঐতিহাসিক গণভোটের নির্বাচন। তাই ৮ দলের নেতাকর্মীরা প্রতি ঘরে ঘরে, প্রতি জনে জনে নিজেদের দলীয় প্রতীকের পাশাপাশি গণভোটের ‘হ্যা’কে বিজয়ী করতেও কাজ করতে হবে। মনে রাখতে হবে, জুলাই সনদকে কেন্দ্র করে আজ বাংলাদেশ আজ দুই শিবিরে বিভক্ত হয়েছে। একটি পক্ষ যে কোনো বাহানায় জুলাই সনদকে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে ব্যাহত করতে চায়। তারা চিন্তা করে বিগত সময়ে, বছরের পর বছর, একদল শাসন করেছে, আগামীতেও কোনো দল বছরের পর বছর একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মধ্যে দিয়ে বাংলার সম্পদ লুটপাট করবে, মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করবে। আমরা বার্তা দিতে চাই, জুলাই সনদের বিপক্ষে যারা না বাক্সে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করবে, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে, প্রত্যাখ্যান করবে। ইনশাআল্লাহ।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী বলেন, একটি দল ইসলামী দলের সাথে সব সময় প্রতারণা করে আসছে। তারা শরিয়া আইনে বিশ্বাস করেনা। এদের সাথে ইসলামী দলের কোন সম্পর্ক থাকতে পারবেনা। আগামী ইসলামী ও সমমনা ৮ দলের প্রার্থীদের বিজয়ী করে তাদের শিক্ষা দিতে হবে।

বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টি-বিডিপির সভাপতি এডভোকেট এ.কে.এম আনোয়ারুল হক চান বলেন- দেশের সবগুলো বিভাগীয় সমাবেশের মাধ্যমে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে। জুলাই বিপ্লবের স্বাধীনতার সুফলকে জাতির ঘরে পৌছে দিতে হবে। ইশ্বরদিতে কুকুর ছানা হত্যা নির্মম, এটার নিন্দা আমরাও জানাই। কিন্তু এটাকে নিয়ে মিডিয়ার অতিকথন উদ্দেশ্যপ্রনোদিত। অথচ সীমান্তে ভারতের মানুষ হত্যা নিয়ে মিডিয়া নিরব থাকা ঠিক নয়। আমরা স্বাধীন নিরপেক্ষ মিডিয়া চাই। বাংলাদেশ রুখে দাড়িয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের অর্জন নিয়ে কোন ষড়যন্ত্র চলবেনা। প্রয়োজনে আবার জুলাই বিপ্লবের ডাক দেয়া হবে।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, আজকে বিভাগীয় পর্যায়ে সমাবেশ কর্মসূচী শেষ হয়েছে। নতুন করে জেগে উঠা জালিমরা যদি মনে করে ৮ দলের কর্মসূচী শেষ। তাদেরকে বলে দিতে চাই দেশে নতুন করে আর কোন ফ্যাসিবাদ তৈরী হতে দেয়া যাবেনা। ৮ দলের কর্মসূচী চলছে চলবে। জাতি ১৫ আগস্টে ফ্যাসিস্ট মুজিবের পতন, ৬ আগস্ট স্বৈরাচার এরশাদের পতন ও সর্বশেষ ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতন দেখেছে। আবার যদি কেউ ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখেন। তাদের জন্যও সামনে এই পতন অপেক্ষা করছে। বিজয়ের পদ যাত্রা শুরু, মাতৃভূমি অথবা মৃত্যু।

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেন, ইসলামকে বিজয়ী করতে ৮ দলের জোট হয়েছে। আমাদের প্রত্যাশা বাকী সব ইসলামী দলও আমাদের সাথে আসবে।

নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মজিদ আতাহারি বলেন, নারায়ে তাকবির হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা। এই চেতনাকে ভুলুন্টিত হতে হবে দেয়া হবেনা। প্রতীকের ভোটে ৮ দলের প্রার্থীকে এবং গণভোটে জুলাই সনদকে বিজয়ী করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ প্রফেসর মাওলানা ইউনুছ আহমদ বলেন, অতীতে সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানের পরও দেশে চুরি, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজী বন্ধ হয়নি। এক জালিমের পরিবর্তন হলেও আরেক জালিমের আবির্ভাব হয়েছে। এথেকে জাতিকে মুক্ত করতে নেতা ও নীতির দরকার। আগামী নির্বাচনে ৮ দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, দেশে নতুন ফ্যাসিবাদ গজিয়ে উঠার ষড়যন্ত্র চলছে। জুলাই গণঅভ্যুত্থানকে মুছে দেয়ার আয়োজন চলছে। ২৪ এর বিপ্লবকে মুছে দিতে দেয়া যাবেনা। সব আলেম উলামাকে দেশপ্রেমের চেতনা উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে নব্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও চাদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মাণে ৮ দলের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আমরা রক্ত দিবো, জীবন দিবো, শহীদ হবো, তবু থামবোনা। এই দেশে চাঁদাবাজী ও দখলবাজি চলতে দেয়া হবেনা।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্যে সুচীত সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মুহিউদ্দিন মোঃ নাকিব।

মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, নেজামে ইসলাম পার্টির সিলেট মহানগর সভাপতি মাওলানা মোজাম্মেল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টি-বিডিপির সিলেট মহানগর সভাপতি কবির আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী, কেন্দ্রীয় সাংগঠনিক মাওলানা মাহমুদুল হাসান, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা মোহাম্মদ তৌহিদুজ্জামান, আতিকুর রহমান নান্নু মুন্সি, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ খান, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল আজিজ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আলী হাসান উসামা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মাওলানা রেজাউল করিম আবরার, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা এহতেশামুল হক সাকি, সিলেট অঞ্চল জামায়াতের টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ আনওয়ার হোসাইন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা মোঃ ইকবাল হোসাইন ও খেলাফত মজলিসের সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ প্রমূখ।

সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেন, ভোট দিলেই দায়িত্ব শেষ হবেনা। ভোট রক্ষা করতে হবে। আমাদের বিশ্বাস দেশের সকল ইসলামী এবং দেশপ্রেমিক দলও আমাদের সাথে যোগ দিবে। আমরা অনেক দল ও জোট দেখেছি। এবার ইসলামকে ক্ষমতায় নিতে জোট করেছি। জুলাই শহীদের আশা আকাঙ্খা পূরণে ৮ দলের যুগপৎ কর্মসূচী অব্যাহত থাকবে।

জাতীয় নাগরিক পার্টি সিলেট মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

0

আধুনিক ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি সিলেট মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে নবগঠিত এই আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার মাধ্যমে সিলেট মহানগরে দলের সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আহ্বায়ক হিসেবে এডভোকেট মোঃ আব্দুর রহমান আফজাল এবং সদস্য সচিব হিসেবে মোঃ কিবরিয়া সারওয়ার দায়িত্ব পেয়েছেন এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক বুস্তান চৌধুরী, যুগ্ম আহবায়ক আবু সাদেক মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, আব্দুল বাতেন চৌধুরী, আতাউর রহমান আতা, এডভোকেট জ‍্যোৎস্না ইসলাম, সৈয়দ ইফতেখার আহমদ এলিছ, এডভোকেট মোঃ হুমায়ুন কবীর শামীম,ডা.মহাম্মদ নুরুল আবসার বদরুল, তারেক আহমেদ বিলাশ, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোঃ হুমায়ুন কবির জুয়েল, ফিরোজ খান, ডা. রুলী বেগম বিনতে রহিম, আবু নাছির মিটু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আদনান তায়্যিব, যুগ্ম সদস্য সচিব এম আহমদ মুস্তাক,ডা.খালেদ আল রকিব,মোহাম্মদ ফাছিহ উল ইসলাম শাইয়্যান,রবিউল আলম, ইঞ্জি.শেখ মো. ইয়াছিনুর রহমান হৃদয়, তাসনিয়া আক্তার লুবনা, প্রকৌশলী আফজাল হোসেন,ইনাম বিন সিদ্দিক, মহিউদ্দিন চৌধুরী অ্যাডভোকেট মে. আরিফ মিয়া, মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ এমদাদুল হক, প্রকৌশলী আফছার আহমেদ,নাঈম শেহজাদ,মোহাম্মদ রিপন মিয়া,সুলতান হোসেন মিজান,রিয়াজ আহমদ নাঈম,খাদিজা বেগম,আমজাদ হোসেন,জুলাইগণ অভ‍্যুখান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রকৌশলী ফুয়াদ হাসান,সদস‍্য প্রকৌশলী কামরান জায়গীরদার,মনিরুল ইসলাম (সাকিব),অ্যাডভোকেট মো. কাওছার জুবায়ের,কাওসার হোসেন (সাদ্দাম পাঠান),সৈয়দ মুকাদ্দাস আহমদ আলী,মো. খলিলুল্লাহ,নূরুল হুদা হানিফ,নজরুল ইসলাম,ফাহিমা আক্তার,মো. সুমন আহমেদ,আক্তার হোসেন,আল আমীন,সাকির আহমদ,মহসিন তালুকদার,মো. আব্দুর রশিদ,প্রকৌশলী তানভীর আহমেদ,এডভোকেট মো. রাকিব আলী খান,মো. আল আমিন,আশেক আহমেদ,মো. মুবিন চৌধুরী সানি,সুমন মিয়া,রাজিয়া সুলতানা,তাহমিনা আক্তার,মো. সাহাব উদ্দিন,অ্যাডভোকেট সজিব কান্তি দেব,মো. আব্দুর রহমান,এডভোকেট জাহিদ খান নাবা, এডভোকেট হালিমা জামান,কামরুল আলম খান,মোহাম্মদ সাখাওয়াত হোসেন চৌধুরী,অ্যাডভোকেট সামসুল আবেদীন,এ কে এম কবির আহমদ,মো. ফররুখ আহমদ,মো. মাহবুবুর রাহমান,মো. লুৎফুর রহমা, মো. শরিফুল আলম,মো. রেজাউল করিম,অলিউর রহমান,সাখাওয়াত হোসেন শিরতাজ,শাহীন আলম এহসান,এহসানুল হক,সায়মন সাদিক জুনেদ,আজমল আহমদ রোমন,নাঈম ইকবাল চৌধুরী,সৈয়দ মনিরুজ্জামান মনির,নাসির শরিফ

দলীয় নেতৃবৃন্দ জানান, নবগঠিত আহ্বায়ক কমিটি সিলেট মহানগরে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তি মজবুত করা, তৃণমূল পর্যায়ে দলকে আরও সক্রিয় করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

কমিটি ঘোষণার পর মহানগরসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আমি এমপি হওয়া মানে আপনারা এমপি হওয়া : কলিম উদ্দীন মিলন

0

দোয়ারাবাজার প্রতিনিধি:

দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বাদ আসর দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চক বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশের শুরুতে দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব কলিম উদ্দিন আহমেদ মিলন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বেগম খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রামের ধারাকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চাই।” নারীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের মা-বোনরা জাতির শক্তির প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া ধানের শীষের বিজয় সম্ভব নয়।”

কলিম উদ্দীন মিলন আরও বলেন, “আমি এমপি হওয়া মানে আপনারা এমপি হওয়া। আমরা ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নারীর শিক্ষা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার।”

ধারাবাহিক বক্তব্যে তিনি উল্লেখ করেন,
“ধানের শীষ মানে জনগণের অধিকার, ধানের শীষ মানে ভোটের স্বাধীনতা। তাই ঐক্য, ধৈর্য ও দৃঢ় মনোবল নিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ সম্পর্কে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচির এক পর্যায়ে ছাত্রনেতা অ্যাডভোকেট মানিক মিয়াসহ বেশ কয়েকজন নতুনভাবে বিএনপিতে যোগদান করেন। নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কলিম উদ্দিন আহমেদ মিলন।