Home Blog Page 57

শাকসু নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা বিএনপিপন্থী শিক্ষকদের

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি)শিক্ষার্থীদের প্রাণের দাবি-শাকসু নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা।

সোমবার (১৯ জানুয়ারি) শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা করা ইউনিভার্সিটি টিচার্স লিংক সাস্ট চ্যাপ্টারের এক সংবাদ সম্মেলন সর্ম্পকে বলা হয়,শিক্ষকদের একটা অংশের পক্ষ থেকে ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে। ষড়যন্ত্রের তীর বিএনপিপন্থী শিক্ষকদের দিকে করা হয়েছে। এখন আমরা এই নির্বাচনে দায়িত্ব পালন করলে আবার অভিযোগ করবে। এই কারণে আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকরা নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা দিচ্ছি। আমরা অন্যান্য শিক্ষকদেরও দায়িত্ব পালন না করার আহ্বান করছি।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দীন সংবাদ সম্মেলনে বলেন, আমরা এখানে জাতীয়তাবাদী শিক্ষকরা এখানে আছি। শাবিপ্রবির নির্বাচন যেন সুষ্ঠু ও সবার অংশগ্রহণে হয় সেই জন্য চেষ্টা চালিয়ে গিয়েছি। ৫ আগস্টের পরে বিশ্ববিদ্যালয়ের একটা হল দখল করা হলো। হলে উঠার জন্য একটা নীতিমালা তৈরি করে আবার তারাই সেই নীতিমালা বাতিল করে দিয়েছে। ইউটিএলের পক্ষ থেকে অভিযোগ করা হলো নির্বাচন বন্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এখন নির্বাচন বন্ধে তাহলে শিক্ষকদের একটা অংশই ষড়যন্ত্র করছে। আমাদের এই ট্যাগিং দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি নির্বাচন পরিচালনা করি, তাহলে জাতীয়তাবাদী শিক্ষকদের দোষ দেওয়া হবে।

অধ্যাপক ড. আশরাফ উদ্দীন বলেন, ইলেকশন কমিশন গঠন হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে পরিবর্তন হয়েছে। ভিসি মহোদয় এককভাবে তারিখ ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশন গঠন হয়েছে। ভিসি মহোদয় ১৫ জনের নির্বাচন কমিশন গঠন করেছে। বিএনপিপন্থী শিক্ষকরা নির্বাচনের বিরুদ্ধে কোন ধরনের কোন বক্তব্য বা বিবৃতি দেই নাই।

তিনি আরও বলেন, গত ৫ তারি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা চিঠি আসে। নির্বাচন স্থগিত করতে অনুরোধ করা হয়। এই চিঠির বিষয়ে আমরা শিক্ষকরা জানিনা। আমরা আশা করছিলাম ভিসি মহোদয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও বিশ্ববিদ্যালয় পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু ভিসি মহোদয় এই বিষয়ে কোন আলোচনা করেন নাই। বিশ্ববিদ্যালয় পরিবারের কোন আলোচনা না করে ভিসি ও ট্রেজারার নির্বাচন কমিশনে গিয়েছেন তাদের একক সিদ্ধান্তে। গত ২৮ বছর বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকরা একসাথে কাজ করেছি। গত ২৮ তারিখ হঠাৎ করে ইউটিএল সাস্ট চ্যাপ্টার নামে শিক্ষকদের সংগঠন একটা সংবাদ সম্মেলন করেছে। এই সংবাদ সম্মেলনের ভাষা এবং বক্তব্য শিক্ষক সলভ নয় বলে আমরা মনে করি। ছাত্রদের মধ্যে দুইটি গ্রুপ হয়েছে। একটা গ্রুপ নির্বাচনের পক্ষে অপর গ্রুপ নির্বাচনের বিপক্ষে। আন্দোলন করে যেভাবে আন্দোলন করে নির্বাচনের তারিখ আদায় করা সঠিক নয় বলে আমরা মনে করি। মামলার রায় যাইহোক না কেন, আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার্থে এবং সহাবস্থানের জন্য আমরা নিরব থাকতে পারি নাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড.আতিকুল ইসলাম, অধ্যাপক ড. খায়রুল ইসলাম,অধ্যাপক ড.ইফতেখার আহমেদ, অধ্যাপক ড. সালমা আক্তার প্রমুখ।

শাকসুতে স্বতন্ত্র ভাবে নির্বাচন করায় ছাত্রদল নেতা বহিষ্কার

0

শাবিপ্রবি প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া ছাত্রদল নেতা মো. জুনায়েদকে সাংগঠনিক পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তিনি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসানকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সোমবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একইসঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

বহিষ্কৃত ছাত্রদল নেতা মো. জুনায়েদ হাসান বলেন, দল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, এ বিষয়ে আমার বলার কিছু নেই। আমি শাকসুতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। শাকসু শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম, সেখান থেকে সরে আসার সুযোগ নেই। দলের বাইরে নির্বাচন করলে দলীয় সিদ্ধান্ত আসতে পারে এটা জানা ছিল। তবে আমাকে বহিষ্কারের আগে কোনো কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়নি।

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

0

আধুনিক ডেস্ক ::
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক র‌্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম নাম আব্দুল মোতালেব। তিনি র‍্যাব–৭ এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

সোমবার রাত সাড়ে আটটার দিকে র‌্যাব-৭ সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন র‌্যাব সদস্যরা। এতে চারজন গুরুতর আহত হন। এর মধ্যে একজন র‌্যাব সদস্য নিহত হন চিকিৎসাধীন অবস্থায়। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।

পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, র‌্যাব জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে র‌্যাবের ওপর অতর্কিত হামলা চালায় সেখানে থাকা সন্ত্রাসীরা। তারা এক পর্যায়ে র‌্যাবের কয়েকজন সদস্যকে ছিনিয়ে নেয়। প্রকাশ্যে চালানো হয় গুলি।

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থেকে দুই কিলোমিটার পশ্চিমে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি। এর বিপরীতে লিংক রোডের উত্তর পাশে ৩ হাজার ১০০ একর জায়গায় জঙ্গল সলিমপুরের অবস্থান। সীতাকুণ্ডে এটির অবস্থান হলেও এটি অনেকটা নগরের ভেতরেই। এর পূর্ব দিকে রয়েছে হাটহাজারী উপজেলা এবং দক্ষিণে বায়েজিদ থানা।

জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। গত বছরের ৫ আগস্ট দেশের রাজনীতির পটপরিবর্তনের পর এ এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, খুনোখুনির ঘটনা ঘটে চলছে। সম্প্রতি এলাকায় দখল-নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসীদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি হয়। এতে একজন নিহত হন। পরদিন সেখানে প্রতিবেদন তৈরি করতে গিয়ে সন্ত্রাসীদের হামলা ও মারধরের শিকার হয়েছেন দুই সাংবাদিক।

চার দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এসব সন্ত্রাসীরা। এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র। বাসিন্দা ছাড়া বাইরের কেউ এলাকায় ঢুকতে পারেন না। এমনকি পুলিশ, জেলা প্রশাসনের লোকজনও এলাকাটিতে প্রবেশ করতে গিয়ে অনেকবার হামলার শিকার হয়েছেন।

২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর জঙ্গল সলিমপুর ছিন্নমূল বড়ইতলা ২ নম্বর সমাজ এলাকায় পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে ফেরার পথে হামলায় জেলা প্রশাসনের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদসহ অন্তত ২০ জন আহত হন। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের ওপর ককটেল, ইটপাটকেলও নিক্ষেপ করেন ওই এলাকার বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি ছোড়ে।

এর আগের বছর ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি র‌্যাবের সঙ্গে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছিল। একই বছরের ২ আগস্ট অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে বাধা দেওয়া হয় জেলা প্রশাসনের লোকজনকে। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর আলীনগরে অবৈধ বসতি ভাঙতে যায় প্রশাসন। সেই সময় আলীনগরের সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে।

উল্লেখ্য, ‘চট্টগ্রামের যে এলাকা পাহারা দেয় সশস্ত্র সন্ত্রাসীরা, পুলিশ-প্রশাসন ঢুকলেই হামলা’ শিরোনামে গত বছরের ২১ অক্টোবর প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।

নির্ধারিত সময়ে শাকসু নির্বাচনের আহ্বান ইউটিএলের শিক্ষকরা

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০ জানুয়ারি অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স লিংকের। শিক্ষার্থীদের স্বার্থের দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সহযোগিতা করবেন বলেও মনে করেন অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম।

সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষক মিলনায়তনে ইউটিএলের সাস্ট চ্যাপ্টারের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইউটিএল সাস্ট চ্যাপ্টারের সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম বলেন, আগামীকাল ২০ জানুয়ারি দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে শাকসু নির্বাচন ২০২৬। আমরা ইউটিএলের পক্ষ থেকে প্রশাসনের কাছে আহ্বান করছি এই নির্বাচন করার জন্য। আমরা প্রত্যাশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে আগামীকাল নির্বাচন করবে। আমরা ইউটিএল সাস্ট চ্যাপ্টারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। কয়েকজন শিক্ষক অসহযোগিতার কথা বলেছেন। আমরা বলতে চাই অধিকাংশ শিক্ষক নির্বাচন এই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা কোন শিক্ষককে ষড়যন্ত্র করার কোন কথা বলি নাই। যারা বলেছেন অসহযোগিতা করবেন। আমরা তাদেরকেও অনুরোধ করছি, আপনারা শিক্ষার্থীদের দিকে তাকিয়ে আপনারাও আসুন আমরা সকল শিক্ষক মিলে সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউটিএলের আহ্বায়ক অধ্যাপক ড.আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. জামালুদ্দিন, অধ্যাপক ড. অহিদুজ্জামান প্রমুখ।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবির সিলেট মহানগরের বিক্ষোভ মিছিল

0

আধুনিক ডেস্ক:

শাকসু নির্বাচন স্থগিত করার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে।

নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌহাট্টায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ-এর সভাপতিত্বে এবং সিলেট মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ ও সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।

প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, “বিএনপি ও ছাত্রদল ফ্যাসিবাদী মানসিকতা ধারণ করতে চায়। আমরা তাদের স্পষ্টভাবে বলতে চাই— এদেশের ছাত্রসমাজ জানে কীভাবে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয়।”
তিনি আরও বলেন, “ডাকসু, জাকসু, রাকসু, চকসু ও জকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। সর্বশেষ শাকসু নির্বাচন বানচাল করতে না পেরে হাইকোর্টকে ব্যবহার করে নির্বাচন স্থগিত করা হয়েছে। এদেশের ছাত্রসমাজ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে শাকসু নির্বাচন আদায় করে নেবে, ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, “স্বৈরাচারের পতনের পর আমরা আশা করেছিলাম দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান অস্ত্রের ঝনঝনানি থেকে মুক্ত হবে এবং ছাত্রদের মৌলিক অধিকার নিশ্চিত হবে। কিন্তু ডাকসুসহ যেসব বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করেছে।”
তিনি আরও বলেন, “শাকসু নির্বাচন বন্ধ করতে বিএনপি-ছাত্রদল নির্বাচনের ঠিক একদিন আগে হাইকোর্টে রিট করে নির্বাচন স্থগিত করেছে, যা সিলেটের মানুষ কখনো মেনে নেবে না।”

সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, “একটি দেশবিরোধী শক্তি ছাত্রসংসদ নির্বাচনকে ভয় পেয়ে হাইকোর্টে রিট করে শাকসু নির্বাচন স্থগিত করেছে। আমরা তা কখনো মেনে নেব না।”
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ছাত্রসংসদ নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। প্রশাসন কোনো পক্ষের তাবেদারি করলে ছাত্রশিবির শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সেই অধিকার আদায় করে নেবে, ইনশাআল্লাহ।”

উক্ত বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশের আকাশে সোমবার কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২০ জানুয়ারি মঙ্গলবার রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২১ জানুয়ারি থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সেই মোতাবেক আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর, উপ-ওয়াকফ প্রশাসক মো. আকবর হোসেন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি প্রমুখ উপস্থিত ছিলেন।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শাবিতে বিক্ষোভ-অবরোধ, ভিসি অবরুদ্ধ

0

শাবি প্রতিনিধি ::

স্বতন্ত্র এক প্রার্থীর রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে মিছিল ও সড়ক অবরোধ করেছেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ সময় তাঁরা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। পাশাপাশি শিক্ষার্থীরা ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’সহ নানা স্লোগান দিচ্ছেন।

শিক্ষার্থীদের এ বিক্ষোভে ছাত্রশিবির-সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেল’, ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেল, স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘ ২৮ বছর পর আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় এ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। সোমবার এ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ বিকেল সোয়া চারটার দিকে বিক্ষোভকারীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁরা শাকসু নির্বাচন নিয়ে রিটকারী সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী মুমিনুর রশীদকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। উপস্থিত প্রার্থীদের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। শুনানি না হওয়া পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ চলবে।

এদিকে ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশ্নবিদ্ধ আচরণের কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই’ উল্লেখ করে বিএনপিপন্থী আটজন শিক্ষক শাকসুর নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আশরাফ উদ্দিন জানান, আটজন কমিশনারের পদত্যাগের পাশপাশি বিএনপিপন্থী ১০০ থেকে ১৫০ জন শিক্ষকও নির্বাচনী দায়িত্ব থেকে বিরত থাকবেন।

কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগকারী আট শিক্ষকের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তাঁরা হলেন অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, রেজোয়ান আহমেদ, মো. মাহবুবুল আলম, মো. আশরাফ সিদ্দিকী, মুহ. মিজানুর রহমান ও জি এম রবিউল ইসলাম।

অন্যদিকে বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) সাস্ট চ্যাপটারের পক্ষ থেকে পৃথক সংবাদ সম্মেলন করা হয়। এতে সংগঠনের সদস্যসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করেছি। রিটের রায় যদি শাকসু নির্বাচনের বিরুদ্ধে আসে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দ্রুতই যাতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে, এটা বলেছি। একই সঙ্গে আমরা শিক্ষার্থীদের বলেছি, নির্বাচন নিয়ে শঙ্কার কোনো বিষয় নেই। নির্বাচন যথাসময়ে হতে হবে।’

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে বিক্ষোভকারীরা তালা ঝুলিয়ে দেওয়ার পর থেকে অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সহ-উপাচার্য মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা অবরুদ্ধ আছেন।

আজ সকাল সোয়া ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে শাকসু নির্বাচনসহ তিনটি ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ছাত্রদলের অবস্থান কর্মসূচির বিরুদ্ধেও প্রতিবাদ জানান তাঁরা। বেলা ২টা ১০ মিনিটের দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন প্রার্থী ও শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট দেখা দেয়।

বাঁচানো গেল না ট্রেনের ধাক্কায় খাদে পড়া হাতিটিকে

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় খাদে পড়া আহত পোষা হাতিটিকে বাঁচানো গেল না। চিকিৎসাচেষ্টার মধ্যে সোমবার দুপুরে হাতিটির মৃত্যু হয়। পোষা হাতিটির নাম সুন্দরমালা। বয়স হয়েছিল ৪২ বছর। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা এলাকার বাসিন্দা কামরুল ইসলাম হাতিটির মালিক।

ঢাকার প্রাণীসেবা প্রতিষ্ঠান পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল হক জানান, সোমবার সকাল থেকেই হাতিটি নিস্তেজ অবস্থায় পড়ে ছিল। দুপুর ১২টা ৪০ মিনিটে এটি মারা যায়। এ সময় হাতিটির মালিকপক্ষের প্রতিনিধি আবদুস সবুর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

উদ্ধার করার পর আহত হাতিটি ঘটনাস্থলের কাছেই পড়ে ছিল জানিয়ে রাকিবুল হক বলেন, প্রাণীটির দাঁড়ানোর শক্তি ছিল না। পেট ফোলা ছিল এবং পেছনের ডান পা নাড়াতে পারছিল না। পিঠে মেরুদণ্ডের মাঝবরাবর ক্ষত দেখা গেছে। এসব কারণে রক্তচাপ বেড়ে হাতিটির হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সিলেটের জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকায় পৌষসংক্রান্তি উপলক্ষে রথযাত্রা ও মেলা অনুষ্ঠানে হাতিটিকে ভাড়া নেওয়া হয়েছিল। এর সঙ্গে ইমন ও রাকিব নামের দুজন মাহুত ছিলেন। ফেরার পথে গত শনিবার রাতে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় হাতিটি রেললাইন-সংলগ্ন একটি ডোবায় পড়ে যায়।

এরপর রোববার দুপুরে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসক ও কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দলের যৌথ প্রচেষ্টায় পেলোডার যন্ত্রের সঙ্গে রশি বেঁধে হাতিটিকে ডোবা থেকে টেনে ডাঙায় তোলা হয়। দীর্ঘ সময় ডোবায় পড়ে থাকায় হাতিটি দুর্বল হয়ে পড়েছিল। এ জন্য এটিকে স্যালাইন দেওয়া হয়। এর আগে স্টেরয়েড ও অ্যান্টিহিস্টামিন প্রয়োগ করা হয়েছিল।

রাকিবুল হক আরও বলেন, চলতি বছরের ১ জানুয়ারি কুলাউড়ার কর্মধা এলাকায় মারা যাওয়া হাতি সুন্দরমালার একমাত্র সন্তান সাত বছর বয়সী বীর বাহাদুরকে সনাতন পদ্ধতিতে ‘হাদানি’ (প্রশিক্ষণ) দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ জন্য পাঁচজন মাহুত নিয়োগ করা হয় এবং প্রশিক্ষণের অংশ হিসেবে শাবকটিকে মায়ের কাছ থেকে আলাদা করে পায়ে দড়ি বেঁধে আটকে রাখা হয়েছিল। খবর পেয়ে বন বিভাগের লোকজন আপত্তি জানান। তাদের অনুরোধে পরদিন ২ জানুয়ারি শাবকটিকে শৃঙ্খলমুক্ত করে স্থানীয় কালাপাহাড় জঙ্গলে মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়। মায়ের মৃত্যুর পর এখন বীর বাহাদুর একাই রইল।

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

0

আধুনিক ডেস্ক ::

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে জানিয়েছে, আগামী মাসে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে হবে, নয়তো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে—সোমবার এমনটাই জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলবে না জানিয়ে ম্যাচগুলো টুর্নামেন্টের আরেক আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল আইসিসিকে। এই অচলাবস্থা নিয়ে এ সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি, তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আলোচনার সময় বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে।’

আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং অন্যান্য ভারতীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আইসিসি সূত্র এএফপিকে জানিয়েছে, বাংলাদেশ বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে।
টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসর আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে। গ্রুপ ‘সি’তে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে।

আইসিসির সঙ্গে আলোচনায় বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করানোর প্রস্তাব দিয়েছিল।

গত ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

২০২৪ সালে ঢাকায় গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ও নয়াদিল্লির ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। গত মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘অবিরাম বৈরিতা’ চলছে বলে নিন্দা জানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন, সহিংসতার মাত্রা নিয়ে ভারত বাড়িয়ে বলছে।

শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় এই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। এখন এই নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করলেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেন।