Home Blog Page 58

শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টে এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশি¬ষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সবধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। এ অবস্থায় শাকসু নির্বাচন হতে দেওয়া আইনসংগত নয়। রিটের খবর ছড়িয়ে পড়ার পর শাবি প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষর্থীরা।

এ বিষয়ে শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাকিল আহমেদ বলেন, ‘শাকসু শিক্ষর্থীদের মৌলিক অধিকার। নির্বাচনের আর মাত্র দুইদিন সময় বাকি। জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ছাত্র সংসদ নির্বাচন আবারও বন্ধের ষড়যন্ত্র করছে ছাত্রদল। এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন শিক্ষর্থীদের মৌলিক অধিকার বন্ধের পায়তারা করছে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না।’

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

0

আধুনিক ডেস্ক ::
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি তিনটি আসনে শিগগিরই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে দলটি জানিয়েছে। রোববার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭ আসনে এনসিপির প্রার্থীদের নাম ও ছবিসংবলিত পোস্টার পোস্ট করা হয়েছে। সেখানে ওই প্রার্থীদের পক্ষে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট চেয়েছে দলটি।

চূড়ান্ত হওয়া এনসিপির প্রার্থীদের মধ্যে ঢাকা–১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর–৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন, কুমিল্লা–৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়–১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা–৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাওয়ারী ও নোয়াখালী–৬ আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নির্বাচন করছেন।

ঢাকা–১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, লক্ষ্মীপুর–১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ–৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী–২ আসনে সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ–৪ আসনে আবদুল্লাহ আল আমিন, পার্বত্য বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মাওলানা আশরাফ মাহদী, চট্টগ্রাম–৮ আসনে জোবাইরুল হাসান আরিফ ও ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দিনাজপুর–৫ সংসদীয় আসনে মো. আবদুল আহাদ, নোয়াখালী–২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, ঢাকা–১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা–২০ আসনে নাবিলা তাসনিদ, কুড়িগ্রাম–২ আসনে আতিক মুজাহিদ, ময়মনসিংহ–১১ আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল–৩ আসনে সাইফুল্লাহ হায়দার, ঢাকা–৯ আসনে জাবেদ রাসিন, গাজীপুর–২ আসনে আলী নাছের খান, মুন্সিগঞ্জ–২ আসনে মাজেদুল ইসলাম, পিরোজপুর–৩ আসনে শামীম হামিদী এবং নাটোর–৩ আসনে এস এম জার্জিস কাদির ‘শাপলা কলি’ প্রতীকে লড়বেন।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ‘২৭টি আসনে এনসিপির প্রার্থী চূড়ান্ত হয়েছে। আরও তিনটি আসনের প্রার্থী দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত হবে।’

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে সংবাদ সম্মেলন করে ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামায়াত–এনসিপিসহ ১০টি রাজনৈতিক দল। এই নির্বাচনী ঐক্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের থাকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দলটি এই সমঝোতায় না এসে এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করার ঘোষণা দেয়, বাকি ৩২ আসনে তারা অন্যদের সমর্থন দেবে।

এই নির্বাচনী ঐক্যের শরিক হিসেবে এনসিপি ৩০ আসনে নির্বাচন করছে, যদিও তাদের ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার পর এনসিপি তাদের আসন বাড়াতে জামায়াতের সঙ্গে আলোচনাও শুরু করেছে। এনসিপি সূত্র বলছে, আসন বাড়ানোর বিষয়টি নিয়ে জামায়াত এখনো ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করার কথা বলছে। এ বিষয়ে শেষ পর্যন্ত কী হবে, তা দেখতে আরও অপেক্ষা করতে হবে।

ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন সোমবার সকাল থেকে

0

আধুনিক ডেস্ক ::
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলার ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রোববার বেলা ২টার দিকে মেডিকেল কলেজের সামনে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন চিকিৎসকরা। এর আগে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর দাবি পূরণের আশ্বাস পান তারা। গত শুক্রবার রাতে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনার পর তারা কর্মবিরতি শুরুর ঘোষণা দেন। সোমবার সকাল থেকে কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসক ডা. মোহাম্মদ সাদিক।

বৈঠকে চিকিৎসকরা আট দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- হাসপাতালে প্রতিটি অ্যাডমিশন ইউনিটে ২ জন (একজন পুরুষ ওয়ার্ড ও একজন মহিলা ওয়ার্ড) করে প্রশিক্ষিত আনসার নিয়োজিত রাখা এবং সকালের এক ঘণ্টা পর পর টহল টিম থাকা, যারা প্রতিটি ওয়ার্ডে গিয়ে তদারকি করবে। রাতে অন কল ইন ইমার্জেন্সি হিসেবে ফোর্স প্রস্তুত থাকা। রোগীর সঙ্গে সর্বোচ্চ ২ জন এটেন্ডেন্ট থাকতে পারবে। শীতকালীন ও গ্রীষ্মকালীন আলাদা সময়ে ভিসিটিং টাইম চালু করতে হবে। সেক্ষেত্রে কোনো অবস্থায় একজন রোগীর সঙ্গে ২ জনের বেশি এটেন্ডেন্ট থাকতে পারবে না। পরিচালকের সঙ্গে প্রতি মাসে ইন্টার্ন চিকিৎসকদের একটা মাসিক সভার ব্যবস্থা করতে হবে। হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সাথে সর্বদা মিডলেভেল ডাক্তার থাকতে হবে, বিশেষ করে এডমিশনের দিন।

অধিকাংশ সহকারী রেজিস্ট্রার ইন্টার্ন চিকিৎসকদের শিক্ষানবিশ সময়ে তাদের প্রয়োজনীয় শিখানোর ব্যাপারে উদাসীন থাকেন, এ বিষয়ে তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। হাসপাতালে যে পুলিশ বিভাগ নিয়োজিত আছে তাদেরকে হাসপাতালের নিরাপত্তার পরিবেশ সুন্দর রাখতে আরও দায়িত্বশীল ও কার্যকর করতে হবে। নিয়মিত ভিত্তিতে হাসপাতালে নিয়োজিত আনসার ও আউটসোর্সিং কর্মকর্তাদের বিভিন্ন ওয়ার্ডে রোটেশন করতে হবে এবং হাসপাতালে ঔষধ কোম্পানির স্বাধীন প্রবেশাধিকার বন্ধ করতে হবে, প্রয়োজনে নির্ধারিত ভিসিটিং আওয়ার-এর ব্যবস্থা করতে হবে।

এদিকে হাসপাতালে অপ্রীতির ঘটনার পর বিভিন্ন ওয়ার্ডে শিক্ষানবিশ চিকিৎসকরা অনুপস্থিত থাকায় অন্য চিকিৎসক ও স্টাফ সেবা দিচ্ছেন। কিন্তু তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন রোগীর স্বজনরা। তারা জানান, চিকিৎসা সেবায় ভোগান্তি পেতে হচ্ছে। তবে ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানিয়েছেন, সেবা যাতে বিঘ্নিত না হয় তারা সে চেষ্টাও করছেন। তিনি জানান, ইন্টার্ন চিকিৎসকরা তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। তাদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ইতোমধ্যে হাসপাতালের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় সার্বক্ষণিক আনসার মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।

গত শুক্রবার রাতে হাসপাতালের চতুর্থ তলার চার নম্বর সার্জারি ওয়ার্ডে ছাতক থেকে এক নারী ব্যথার কারণে ভর্তি হন। ওই সময় শিক্ষানবিশ চিকিৎসক অন্য ওয়ার্ডে অন্য রোগী দেখছিলেন। দেরি হওয়া নিয়ে ওই নারী রোগীর স্বজনদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একটি ভিডিওতে দেখা গেছে, রোগীর স্বজনরা মারমুখী হয়ে চিকিৎসকের ওপর হামলা ও আরেক নারী শিক্ষানবিশ চিকিৎসককে হেনস্তা করছেন। আরেক রোগীর এক স্বজন তাদের সামলানোর চেষ্টা করছেন। হাতে একটি ক্রাস নিয়ে রোগীর ওই স্বজন মারধর ও ভাঙচুরের চেষ্টা করেন।

ঘটনার পর পুলিশ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কৈতক গ্রামের শিমুল আহমদ, তার স্ত্রী নাজিরা সিদ্দিকা ও দৌলতপুর গ্রামের জাবেদ মিয়াকে আটক করে। ওই সময় তাদেরকে মারধরও করেন চিকিৎসক ও স্টাফরা। শনিবার বিকেলে তাদেরকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির। তিনি জানান, কেউ মামলা না করায় সন্দেহভাজন হিসেবে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সিলেটে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত

0

আধুনিক ডেস্ক ::

সিলেট নগরের তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। তারা একে অপরের মামাতো এবং ফুফাতো ভাই। শনিবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিলেট নগরের মির্জাজাঙাল এলাকার বাসিন্দা ইমন দাস এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস। দীপ্ত দাস একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তালতলা শাখা জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে ওই মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় আনুমানিক ২২ থেকে ২৩ বছর বয়সী দুই তরুণ ঘটনাস্থলেই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে, ওসমানী হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য এসআই আলাউদ্দিন জানান, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে হাসপাতালে নিয়ে এসেছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানতে পারিনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।’

ছাতকে বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

0

ছাতক প্রতিনিধি ::
সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাকিব হোসেন (৩০) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৮ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও-আলমপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলা বাজার এলাকার লেয়াকত হোসেনের ছেলে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং এনা পরিবহণের বাসটি সড়কের পাশের একটি ছোট খালে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর দুটি গাড়িই হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সুনামগঞ্জগামী এনা পরিবহণের ঢাকা মেট্রো ব-১৪-৯৫৭৪ নম্বরের এসি বাসটির সঙ্গে যশোর ন-১১-১১০২ নম্বরের পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক রাকিব ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বাস ও পিকআপের অন্তত ৯ থেকে ১০ জন যাত্রী বিভিন্নভাবে আহত হন। গুরুতর আহত দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এনা বাসের চালকও রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।

জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, ছাতকের বুড়াইরগাঁও এলাকায় একটি পিকআপ ভ্যান ও এনা পরিবহণের বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক ঘটনাস্থলেই নিহত হন।

ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি

0

আধুনিক ডেস্ক ::

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় এক নারী চিকিসৎকসহ পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। শুক্রবার রাতের এ ঘটনার পর থেকে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

আটকরা হলেন- সুনামগঞ্জের ছাতক থানার খৈতর গ্রামের সুরুজ আলীর ছেলে শিমুল আহমদ (৩৫), একই গ্রামের শিমুল আহমদের স্ত্রী নাজিরা সিদ্দিকা (৩২) এবং একই থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা জাবেদ মিয়া (৩০)।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নাম্বার সার্জারি ওয়ার্ডে রোগী ও স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে নারী চিকিৎসকসহ অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

কর্মবিরতি শুরুর পর শনিবার দুপুর ১২টার দিকে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন হাসপাতালের পরিচালকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা শেষে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকেরা।

বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কয়েকটি দাবি তুলে ধরেছি। কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ এসব দাবি সমাধান হলে আমরা যে কোনো সময় কাজে ফিরতে প্রস্তুত।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার পর থেকে হাসপাতাল ও আশপাশের এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে পুলিশ মোতায়েন রয়েছে। হামলার ঘটনার পরপর নারীসহ তিনজনকে আটক করা হয়। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি মাইনুল জাকির।

গুম হওয়া স্বজনের অপেক্ষা রাষ্ট্রের জন্য বড় দায়: তারেক রহমান

0

আধুনিক ডেস্ক ::
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বহু সন্তান আজও অপেক্ষায় আছে, তাদের গুম হয়ে যাওয়া বাবা একদিন ফিরে এসে দরজায় কড়া নাড়বেন। বহু মা এখনো আশায় আছেন, হারিয়ে যাওয়া সন্তানটি আবার ‘মা’ বলে ডাকবেন। এই অপেক্ষা রাষ্ট্রের জন্য একটি বড় দায়।’ আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপির পরিবার’ নামের দুটি সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় তারেক রহমান বলেন, গুম ও রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর কষ্ট এমন গভীর যে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাওয়া কঠিন। তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেক মানুষকে সজাগ থাকতে আহ্বান জানান। তিনি বলেন, বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে যাঁরা আবার নষ্ট বা ব্যাহত করার চেষ্টা করছেন, তাঁরা যেন সফল না হন।

বিএনপি নেতা তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদী শাসনামলে আমাদের হাজার হাজার নেতা–কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেককে হত্যা করা হয়েছে, হাজারেরও বেশি মানুষকে গুমের শিকার হতে হয়েছে। আজ এখানে গুম হওয়া সেই মানুষগুলোর কিছু পরিবারের সদস্য উপস্থিত আছেন। আবার অনেক পরিবার এখনো অপেক্ষায় আছেন।’

সীমাবদ্ধতা থাকলেও গুম হওয়া মানুষকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানান বিএনপির চেয়ারম্যান। দলীয় অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেননি বিএনপির কর্মীরা। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতা–কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপসহীন ভূমিকা রাখতে পারেন—সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না।’

নির্বাচন কমিশন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সম্প্রতি তাদের বিতর্কিত ভূমিকা দেখা গেছে। তারপরও রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দিতে চায়।

গুম ও হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘৭১ সালের যাঁরা শহীদ হয়েছেন এ দেশকে স্বাধীন করার জন্য, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, বিগত ১৬ বছরে যাঁরা গুম ও হত্যার শিকার হয়েছেন, ’২৪-এর আন্দোলন ও ৫ আগস্টের আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন—প্রতিটি অন্যায়ের বিচার প্রতিষ্ঠা করতে হলে আগামী দিনে অবশ্যই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার।’

তারেক রহমান আরও বলেন, গণতান্ত্রিক সরকার গঠিত হলে গুম ও রাষ্ট্রীয় সহিংসতার শিকার ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। একই সঙ্গে শহীদ ও গুমের শিকারদের আত্মত্যাগ যেন প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় থাকে, সে লক্ষ্যে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে।

বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে শহীদ পরিবারদের নামে দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার নামকরণ করা হবে বলে জানান তারেক রহমান।

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

0

ওসমানীনগর প্রতিনিধি ::

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (৫৫) এবং সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকার বাসিন্দা বকুল রবিদাশ (২৬)।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাস দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দিতেই গণভোট : ফারুক ই আজম

0

আধুনিক রিপোর্ট ::

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট। গণভোটের ইতিবাচক ফলাফলই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের পরিবর্তনের জন্য অবশ্যই গণভোটে অংশ নিতে হবে। তিনি শুক্রবার বিকালে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলা তথ্য অফিস আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন। বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ফারুক ই আজম বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারে মূল কাজ ছিল তিনটি- গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা, রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে গণহত্যার বিচার শুরু করেছে, অনেকের সাজা হয়েছে। রাষ্ট্রকে আগের ফ্যাসিবাদী ব্যবস্থায় যাতে আর কেউ নিতে না পারে সেজন্য সকল দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদের কিছু মৌলিক বিষয় নিয়েই গণভোটের আয়োজন করা হচ্ছে। আর নির্বাচন আয়োজনের মাধ্যমেই বর্তমান সরকার তার দায়িত্ব পূর্ণ করবে।

যারা জীবনে প্রথম ভোট দেবেন তাদেরকে অনেক সৌভাগ্যবান উল্লেখ করে উপদেষ্টা বলেন, আপনাদের প্রথম ভোট হবে রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য, আপনার নিজের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য। গণভোটের পক্ষে আপনার সুচিন্তিত মতামতের ফলেই দেশের অর্থনীতি, বিচারব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে।

ফারুক ই আজম বলেন, আমাদেরকে সচ্ছল, সাবলীল ও মানবিকবোধ সম্পন্ন নতুন বাংলাদেশ গড়তে হবে। যে বাংলাদেশের জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছে, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে। এই সময় তিনি রাষ্ট্রের সার্বিক মালিকানা জনগণকে বুঝিয়ে দিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, জনগণ যদি নিজের অধিকার সম্পর্কে সচেতন না হয়, তবে কোনো সরকারই ভাগ্য পরিবর্তন করতে পারবে না। ভাগ্য পরিবর্তনের জন্য সচেতনতার সঙ্গে ভালো প্রার্থী নির্বাচিত করতে হবে। আর ভালো প্রার্থী তৈরি হবে ভালো রাষ্ট্র কাঠামোর মাধ্যমে। রাষ্ট্র কাঠামো পরিবর্তন ও সুসংহত করা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য গণভোটের পক্ষে রায় দেওয়ার কোনো বিকল্প নেই।

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মো. আসলাম উদ্দীন, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিভিল সার্জন মো. নাসির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গণভোটে হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের পক্ষে ফরজে কেফায়া, মন্তব্য স্বাস্থ্য উপদেষ্টার

0

আধুনিক ডেস্ক ::

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের পক্ষে ফরজে কেফায়া বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে গণভোট নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, ‘সংবিধান, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বুঝানো লাগবে না, নাগরিকের প্রাত্যহিক জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়ে হ্যাঁ এর পক্ষে জনমত তৈরি করতে হবে।’

নুরজাহান বেগম আরো বলেন, ‘যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ ট্রাই করবে নির্বাচন না হোক। তাই জনগণকে যতো যুক্ত করা যাবে, তত অশুভ শক্তি ও নির্বাচন বিরোধী শক্তি পরাজিত হবে।’

ভীতিপ্রদর্শন করবে, গুজব ছড়াবে, এখনই গুজব ছড়ানো শুরু হয়েছে। যখনই গুজব কানে আসবে সেটা তাৎক্ষনিকভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেটি যে ভুল তা তুলে ধরতে হবে। যা ছড়ানো হয়েছে সেটা যে ভুল তথ্য তা প্রচার করে দেন। এতে মানুষ সত্যটা জানতে পারবে। স্বস্তি আসবে।

তিনি বলেন, যারা ইলেকশন চায়না তারা শতভাগ চেষ্টা করবে যাতে ইলেকশনটা পন্ড হয়। আপনি কি ইলেকশন পন্ড হতে দিবেন নাকি, একটা উৎসব মুখর ইলেকশন করবেন।

তিনি আরও বলেন, স্যার বলেছেন যেখানে সম্ভব সেখানে মেলার আয়োজন করলে লোকজন কেনাকাটাও করবে আবার ভোটও দিবে। যতবেশি জনগন অংশগ্রহণ করবে, অশুভ শক্তি তত বেশি পেছনে হাটতে বাধ্য হবে। অশুভ শক্তিকে সামনে আগতে দেবেন না। তারা সামনে আসলে তান্ডব নিয়ে আসবে। সেক্ষেত্রে আমাদের ভয় পাওয়া চলবেনা। আমরা অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের ভোট কাস্টিং বেশি হতে হবে। আমরা রেকর্ড সৃষ্টি করবো। গণভোটে আমরা হ্যাঁ ভোট দিবো হ্যাঁ ভোট দিবো হ্যাঁ ভোট দিবে। ইতিহাসের সবচেয়ে ভালো ইলেকশন যেনো আমরা করতে পারি এবং ইনশাল্লাহ আমরা তা পারবো।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঞ্চালনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান ছাড়াও সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।