Home Blog Page 59

নির্বাচন এককভাবে করার ঘোষণা ইসলামী আন্দোলনের, প্রার্থী ২৬৮ আসনে

0

আধুনিক ডেস্ক ::
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থেকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার সংবাদ সম্মেলন করে দলটি জানিয়েছে, তারা ২৬৮ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। জামায়াতের নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার পরদিন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান ঢাকার পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে দলের সিদ্ধান্ত জানান।

গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা ২৭০ আসনে মনোনয়নপত্র জমা দেন। তবে দুটি আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি ২৬৮টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা কাজ করছেন জানিয়ে আতাউর রহমান বলেন, এসব আসনে দলের প্রার্থীরা আলাদাভাবে নির্বাচন করবেন। একজনও মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। ৩০০ আসনের মধ্যে বাকি ৩২টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি-আদর্শের সঙ্গে মিল রয়েছে, এমন প্রার্থীদের সমর্থন দেওয়া হবে বলে জানানো হয়।

জামায়াতের নেতৃত্বাধীন ‘১১ দল’–এ ইসলামী আন্দোলনও ছিল। তবে আসন সমঝোতা নিয়ে তাদের সঙ্গে জামায়াতের টানাপোড়েন কয়েক দিন ধরে আলোচনায় ছিল। টানাপোড়েন, দেনদরবার ও শেষ মুহূর্তে টানা বৈঠকের পর জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১০টি দল আসন সমঝোতায় পৌঁছায়। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করে এই নির্বাচনী মোর্চার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সেখানে ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন ফাঁকা রেখে বাকি ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। এরপর আজ সেই জোট ছাড়ার সিদ্ধান্ত জানাল ইসলামী আন্দোলন।

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা

0

আধুনিক ডেস্ক ::

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১৫ জানুয়ারির এক আদেশের পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে প্রকাশিত ১১ ডিসেম্বরের প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশটুকু বাতিল করে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি রোববার রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিল দায়েরের সুযোগ থাকবে। এই আপিল নিষ্পত্তি করা হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

ইসি সচিবালয় জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে এই দুই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (নং ১৯০/২০২৬) সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী ইসি এই নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুনে নিহত ৬

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর উত্তরায় ছয়তলা একটি বাড়িতে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন নারী ও শিশুসহ ৬ জন। শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকালে তিনজন নিহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের নাম–পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের বাড়িটিতে আগুন লাগার ঘটনা ঘটে। দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুনে পুড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ১০টার দিকে পুরোপুরি নিভেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।

ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ঘরে প্রচুর আসবাব ছিল। সেগুলোয় আগুন লেগে যায়। আগুন তাই দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন–৩–এর উপসহকারী পরিচালক মো. আবদুল মান্নান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন দ্বিতীয় তলায় লেগে তা তিনতলা পর্যন্ত ছড়িয়ে যায়।

পবিত্র শবে মিরাজ আজ

0

আধুনিক ডেস্ক ::

পবিত্র লাইলাতুল মিরাজ বা শবে মিরাজ আজ। মিরাজের ঘটনা মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ইসলাম ধর্মের তাৎপর্যপূর্ণ এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে পবিত্র শবে মিরাজ পালন করেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

মিরাজের ঘটনার মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়। এ রাতেই প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)।

ইসলামের ইতিহাস অনুযায়ী, হজরত মুহাম্মদ (সা.)–এর নবুওয়াতের দশম বছরে বা ৬২১ খ্রিষ্টাব্দের এক রাতে তিনি কাবা শরিফ থেকে জেরুজালেমে অবস্থিত ‘বায়তুল মুকাদ্দাস’ বা আল-আকসা মসজিদে গমন করে নবীদের জামায়াতে ইমামতি করেন। তাঁর মসজিদুল আকসায় গমনের এ ঘটনাকে কোরআনের ভাষায় ‘ইসরা’ বলা হয়। সেখান থেকে তিনি ‘বুরাক’ নামের বিশেষ বাহনে আসীন হয়ে ঊর্ধ্ব আকাশে গমন করেন এবং এ ঘটনাকে ‘মিরাজ’ বলা হয়। এ সফরে তাঁর সফরসঙ্গী ছিলেন ফেরেশতা জিবরাইল (আ.)।

জিবরাইল (আ.) হজরত মুহাম্মদ (সা.)–কে ঊর্ধ্বাকাশে অবস্থিত ‘সিদরাত-আল মুনতাহা’, বেহেশতের নদী ও ফেরেশতাদের জন্য আল্লাহর নির্ধারিত ইবাদতখানা ‘বায়তুল মামুর’ পরিদর্শন করান। এরপর হজরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহপাকের সাক্ষাৎ লাভ করেন।

বিশেষ এ দিনটিকে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে মসজিদে, নিজ গৃহে কিংবা ইসলাম ধর্মের অনুসারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি, জিকির-আজকার ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে কাটিয়ে দেন।

১১ দলের আসন সমঝোতা, সিলেটের ১৯টির কার কোনটি

0

আধুনিক রিপোর্ট ::

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দলের ‘১১-দলীয় নির্বাচনী ঐক্যের’ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। আসন সমঝোতায় এখনও সম্পৃক্ত না হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৪৭টি আসন রেখে ২৫৩ আসনে সমঝোতা হয়েছে। আসনের এ সমঝোতায় সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়েছে জামায়াত। দলটির ভাগে পড়েছে দশটি আসন। জামায়াতের পর সবচেয়ে বেশি আসন পেয়েছে খেলাফত মজলিস। তাদের ভাগে পড়েছে পাঁচটি আসন। দটি আসন পেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস এবং দুটি আসন রাখা হয়েছে ইসলামী আন্দোলনের জন্য। সিলেট বিভাগের কোনো আসন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাগে পড়েনি।

১১ দলের আসন সমঝোতায় সিলেট বিভাগে যে ১০টি আসন পেয়েছে জামায়াত সেগুলো হচ্ছে- সিলেট-১ (সিলেট সদর ও সিটি কর্পোরেশন), সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞচুগঞ্জ), সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর), সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার), সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা), সুনামঘহ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর), সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী), মৌলভীবাজার-২ (কুলাউড়া), হবিগঞ্জ- (নবীগঞ্জ-বাহুবল)

১১ দলের আসন সমঝোতায় জামায়াতের পর সিলেট বিভাগে সবচেয়ে বেশি আসন পেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির ভাগের ১০টি আসনের মধ্যে অর্ধেকই সিলেট বিভাগের। আসনগুলো হচ্ছে- সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর), সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ), মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর), হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং) ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর উপজেলা)।

আসন সমঝোতায় সিলেট বিভাগে দুটি আসন ভাগে পেয়েছে মামনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। এ দটি আসন হচ্ছে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ)।

আসন সমঝোতায় সিলেট বিভাগে দুটি আসন রাখা হয়েছে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। এ দটি আসন হচ্ছে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ)।

১১ দলের আসন সমঝোতায় এখনও সম্পৃক্ত না হলেও সিলেট বিভাগে দুটি আসন রাখা হয়েছে ইসলামী আন্দোলনের জন্য। আসন দুটি হচ্ছে- সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ) ও হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ)।

১০ দলের ২৫৩ আসনে সমঝোতা, ইসলামি আন্দোলনের জন্য অপেক্ষা

0

আথুনিক ডেস্ক ::

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দলের ‘১১-দলীয় নির্বাচনী ঐক্যের’ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণামঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের জন্য চেয়ার রাখা হলেও তিনি বা তার দলের কেউ সেখানে যোগ দেননি। ফলে এখন পর্যন্ত কার্যত ১০ দলকে সমঝোতায় দেখা যাচ্ছে।

নির্বাচনী ঐক্যের চূড়ান্ত ঘোষণা দেওয়ার জন্য বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ১০ দলের নেতারা। সংবাদ সম্মেলনের ব্যানারে লেখা ছিল ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ ও ‘১১-দলীয় নির্বাচনী ঐক্য’। সেখানে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৫০টি আসনে সমঝোতার কথা ঘোষণা করা হয়েছে৷

রাত আটটায় এই সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। এর জন্য মঞ্চ প্রস্তুত করাসহ যাবতীয় প্রস্তুতিও শুরু হয় ঘণ্টাখানেক আগে। তবে ১১ দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে আসেন ৮টা ৪০ মিনিটে। সংবাদ সম্মেলনে সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি জানান, সমঝোতার অংশ হিসেবে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে এবং জুলাই গণ–অভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিদ্বন্দ্বিতা করবে ৩০টি আসনে। ঐক্যভুক্ত মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২টি আসন পাচ্ছে। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলন সমঝোতায় থাকলেও তাদের আসন এখনো চূড়ান্ত হয়নি বলে জানান জামায়াত নেতা তাহের।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, জোট ভাঙেনি, জোট আছে। কোনো একটা দল যে কারণেই হোক একমত হলো না। এর মানে তো জোট ভাঙা নয়। এটি আসলে জোটও নয়, নির্বাচনী ঐক্য।

ইসলামী আন্দোলনের নাম উল্লেখ না করে শফিকুর রহমান বলেন, ‘একটি দল সূচনায় আমাদের সঙ্গে ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এটা ভাঙনের কোনো ব্যাপার নয়। তারা নিজেদের নিয়ে আরও বোঝাপড়া করছেন৷ তাঁদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আমরা আশা করছি, তাঁরা আমাদের সঙ্গে থাকবেন।’
ইসলামী আন্দোলনকে ছাড়াই অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচনী ঐক্যের মূল বক্তব্য তুলে ধরেন জামায়াতের আমির। আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ। এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে ১০ দলের নেতারা হাতে হাত ওপর তুলে ধরে ঐক্যের বার্তা দেন। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে স্লোগান দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতার বিষয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ছিল বুধবার। এদিন বিকেল সাড়ে চারটায় ওই সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও পরে স্থগিত করা হয়। মূলত সমঝোতায় আসন বণ্টন নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে বনিবনা না হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। পরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আসন সমঝোতা চূড়ান্ত করতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন জামায়াতে ইসলামীসহ ১০ দলের শীর্ষ নেতারা৷ এই বৈঠকে ইসলামী আন্দোলন ছিল না।

এদিকে নির্বাচনী সমঝোতা নিয়ে দলের অবস্থান জানাতে শুক্রবার বেলা তিনটায় সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন। ঢাকার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে রাত সাড়ে আটটার দিকে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওয়াকওয়ে নয় যেন ‘টিকটকওয়ে’ : অস্বস্তিতে পড়েন ঘুরতে আসারা

0

এম কে তুহিন ::

নগরবাসীর বিনোদনের জন্য ২০২২ সালে উদ্বোধন হয় সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় ওয়াকওয়ে। এখানে মানুষ পরিবার পরিজনসহ ঘুরে আনন্দ উপভোগ করে। সিলেট সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন হলেও লিজ দিয়ে রেখেছে সিটি কর্পোরেশন। কিন্তু সম্পতি এখানে প্রকাশ্যে অশালীন ভিডিও ধারণ, উচ্চস্বরে গান-বাজনা ও ধূমপান অস্বস্তিতে ফেলছে ঘুরতে আসা মানুষদের। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ ও অভিবাবকরা।
ঘুরতে আসা ইমাদ আহমদ বলেন, এই ওয়াকওয়েতে সবাই সময় কাটানোর জন্য পরিবার নিয়ে আসে, হাটার জন্য আসে। অনেক সময় দেখা যায় এখানে অশালীন ভিডিও হচ্ছে যার ফলে পরিবার নিয়ে বেড়ানো যায় না। এই সিলেটের ভেতরে এই ধরনের কার্যকলাপ যে বা যারা করে তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। এই অশালীন ভিডিও সিলেটকে নীচে নামাচ্ছে। সবকিছুই শালীনতার ভিতরে করতে হবে। আমার পরিবার নিয়ে এসে যখন দেখি গান-বাজনা হচ্ছে তখন একটা অস্বস্তিতে পড়ে যাই। পরিবার নিয়ে বিনোদনের জন্য এসে আর বিনোদন পাওয়া হয় না। দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন, এই নাচা-নাচির ভিডিও নোটিস করে তাদেরকে বাধা দেওয়া। সিলেটের জন্য এগুলো লজ্জাজনক।
রফিক মিয়া বলেন, এখানে এসে গান-বাজনা দেখে খারাপ লাগে। হাঁটাহাঁটির সময় নাচার দৃশ্য দেখলে অনেক সময় অস্বস্তির মধ্যে পড়ে যাই।
মাসুম মিয়া বলেন, গান-বাজনা এই পরিবেশের জন্য পারতপক্ষে ভালো নয়। কারণ অনেকেই পরিবারসহ বেড়াতে আসে এখানে। সবাই এই জিনিসগুলো গ্রহণ করবে না। অনেক সময় বিনোদনের জন্য গান-বাজনা করতে পারে কিন্তু অশ্লীল ভিডিও গ্রহণযোগ্য নয়।
উচ্চস্বরে গান বাজনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। মাহফুজ হাসান মামুন নামের একজন ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ধোপাদিঘির পারের ওয়াকওয়েটা সরকার বানিয়েছে শহরের মানুষের একটু স্বস্তি, হাঁটাহাঁটি আর মানসিক ক্লান্তি দূর করার জন্য। এটা কোনো অশালীন আড্ডা, চেঁচামেচি বা বেপরোয়া আচরণের জায়গা নয়।
দুঃখের বিষয়, এখন এই জায়গাটা কিছু অসচেতন মানুষের কারণে কার্যত জিনায় ভরে গেছে। লজ্জাহীন আচরণ, বেসরম কথা, অপ্রয়োজনীয় হৈচৈ আর বিশৃঙ্খল আড্ডায় পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। ফলে পরিবার, নারী, বয়স্ক মানুষ—কেউই আর স্বস্তিতে সেখানে সময় কাটাতে পারছেন না।
এই ওয়াকওয়ের সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। প্রশাসনের নজরদারি যেমন দরকার, তেমনি আমাদের নিজেদেরও একটু বিবেক ও শালীনতা থাকা জরুরি। নইলে শহরের জন্য বানানো এই সুন্দর জায়গাটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার আধুনিক কাগজকে বলেন, সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ধোপাদিঘিরপাড় দিঘির চারপাশে ওয়াকওয়ে করা হয়েছে। এখানে লোকজন আসে হাঁটাচলা করে খোলামেলা পরিবেশ পাচ্ছে। আমরা যখন এই ওয়াকওয়েটা লিজ দিয়েছি লিজিকে অনেকগুলো শর্ত দিয়ে। এখানে অশ্লীল ভিডিও, গানবাজনার অভিযোগগুলো আমলে নিলাম এবং ইজারাদারকে বলব এটা দেখার জন্য। আমাদেরও মেকানিজম আছে আমরা এটা দেখবো। অবশ্যই নগরবাসীর বিনোদনের জন্য একটা স্পেস লিজআউট করা ওইখানে একটা শৃঙ্খলার ভিতরে ব্যবহার করতে হবে। তারা যেকেন কিছু এখানে অনুমতি দিতে পারে না। আমরা এই বিষয়টা দেখবো।

উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন, দায়মুক্তি পাচ্ছেন জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

0

আধুনিক ডেস্ক ::
জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তির অধ্যাদেশ উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে এ বিষয়ে গেজেট জারি হবে।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশে সংঘটিত কার্যাবলি থেকে জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিরোধ বলতে বোঝানো হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংঘটিত কার্যাবলির দায়দায়িত্ব থেকে জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে।’

জুলাই ও আগস্টের সময়কালে সংঘটিত কার্যাবলি থেকে দায়মুক্তি দেওয়া হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, ইতিমধ্যে জুলাই অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা থাকলে সে মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেবে সরকার। এ ছাড়া এখন থেকে জুলাই গণ-অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে নতুন কোনো মামলা করা যাবে না। তবে জুলাই ও আগস্টে রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি ও সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটে থাকলে সে ফৌজদারি মামলা থেকে রেহাই পাবে না।

আইন উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় যদি কোনো হত্যাকাণ্ড ঘটে থাকে, যেটার সঙ্গে জুলাই অভ্যুত্থান সম্পৃক্ত নয়, লোভের বশবর্তী হয়ে প্রতিশোধপরায়ণ হয়ে ও সংকীর্ণ স্বার্থে হত্যাকাণ্ড ঘটায়, এ আইনের মাধ্যমে তাঁকে দায়মুক্তি দেওয়া হবে না। আইনটি তাদের জন্য করা হয়নি। আইনটি করা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংঘটিত কার্যাবলির ক্ষেত্রে। সে কার্যাবলিতে যারা সমন্বিতভাবে জড়িত ছিল, তাদের দায়মুক্তি দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, ‘আমরা আগেই ঘোষণা করেছিলাম জুলাই অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানকারীদের প্রতি আমাদের প্রতিশ্রুতি ছিল, সে প্রতিশ্রুতি রক্ষায় এই অধ্যাদেশ করা হয়েছে।’

এখন প্রশ্ন আসতে পারে কোন হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় হয়েছে আর কোন হত্যাকাণ্ড ব্যক্তিগত সংকীর্ণতার স্বার্থে হয়েছে—এ কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এটা নির্ধারণের দায়িত্ব জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে আসিফ নজরুল আরও বলেন, ‘কোনো ভিকটিমের (ভুক্তভোগী) পরিবার মনে করে তার পিতা বা তার ভাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সে হত্যাকাণ্ডের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের পতনের কোনো সম্পর্ক ছিল না, তাহলে তাঁরা জাতীয় মানবাধিকার কমিশনে যাবেন। মানবাধিকার কমিশন তদন্ত করে যা দেখবে, তারা সে প্রতিবেদন আদালতে জমা দেবে। পুলিশের মতো মানবাধিকার কমিশনের প্রতিবেদন সমান বলে গণ্য হবে।’

‘তদন্তে যদি উঠে আসে রাজনৈতিক প্রতিরোধের কারণে এই হত্যাকাণ্ড, তাহলে তাঁকে দায়মুক্তি দেওয়া হবে। আর যদি ব্যক্তিগত কোনো সংকীর্ণ স্বার্থে হত্যাকাণ্ড ঘটে থাকে, তাহলে সেই অপরাধ থেকে কেউ রেহাই পাবে না।’

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, জাতীয় মানবাধিকার কমিশন বর্তমানে নেই। তাহলে ভুক্তভোগীরা কার কাছে যাবে? জবাবে আইন উপদেষ্টা বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হবে।

বাদীর নারাজি, ওসমান হাদি হত্যা মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

0

আধুনিক ডেস্ক ::
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত করে আগামী ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য জানান।

এর আগে ৬ জানুয়ারি এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ১২ জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আদালতে হাজির হয়ে পুলিশের দেওয়া অভিযোগপত্র পর্যালোচনার জন্য আজ বৃহস্পতিবার পর্যন্ত সময় নেন। আজ মামলার বাদী অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি দাখিল করেন।

ডিবির অভিযোগপত্র অনুযায়ী প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ, ফয়সালের সহযোগী আলমগীর হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ফিলিপ স্নাল ফিলিপস, মুক্তি আক্তার ও ফয়সালের বোন জেসমিন আক্তার পলাতক আছেন।

বাকি ১১ আসামি কারাগারে আটক রয়েছেন। তাঁরা হলেন ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির, মা মোসা. হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্ট এ কার ব্যবসায়ী মুফতি মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মো. কবির, সিবিয়ন দিউ, সঞ্জয় চিসিম, মো. আমিনুল ইসলাম ওরফে রাজু ও নরসিংদীতে অস্ত্রসহ আটক মো. ফয়সাল।

মামলার অভিযোগে বলা হয়, ওসমান হাদি অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। তিনি মাথা ও ডান কানের নিচের অংশে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর মারা যান তিনি। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলাটি করেন। পরবর্তী সময়ে এটি হত্যা মামলায় রূপান্তর হয়।

নাজমুল ইসলামকে অব্যাহতি দিল বিসিবি, অর্থ কমিটির দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল

0

স্পোর্টস ডেস্ক ::
ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার বিকেলে বিসিবির সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে তাঁর পদত্যাগ চেয়ে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। আজ দুপুরের মধ্যে সময়ও বেঁধে দেওয়া হয়। তবে নাজমুল পদত্যাগ করেননি, ক্রিকেটাররাও দুপুর ১টায় শুরু বিপিএলের ম্যাচ বয়কট করেন।

এরপর বিকেলে ক্রিকেটাররা আরেকটি সংবাদ সম্মেলনে পদত্যাগের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানান। এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণাও চেয়েছেন তারা। এর কিছুক্ষণ পরই বিসিবি পরিচালক নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে।

সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক কিছু ঘটনার পর্যালোচনা এবং সংস্থার সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিসিবি বলেছে, এই সিদ্ধান্তটি বিসিবি গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদের আওতায় বিসিবি সভাপতির ওপর অর্পিত ক্ষমতাবলে গ্রহণ করা হয়েছে এবং এর উদ্দেশ্য বোর্ডের কার্যক্রম যেন নির্বিঘ্ন ও কার্যকরভাবে চলতে পারে, তা নিশ্চিত করা।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি অর্থ কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয় সংবাদবিজ্ঞপ্তিতে। ‘ক্রিকেটারদের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার’ উল্লেখ করে বিসিবির আশা, এই কঠিন সময়ে সব ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটের উন্নতির স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দেবেন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণ অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন।