Home Blog Page 56

বাংলাদেশের অনুরোধ খারিজ, পূর্বনির্ধারিত সূচিতেই বিশ্বকাপ

0

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়ে বিকল্প ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা খারিজ করে দিয়েছে আইসিসি। তারা নিশ্চিত করেছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে এবং বিশ্বকাপের পূর্বনির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আসবে না।

বুধবার ভার্চুয়াল বোর্ড সভা শেষে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানে বলা হয়েছে, আসন্ন বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারত সফর করতেই হবে, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ নিশ্চিত করেছে যে, ২০২৬ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতে খেলা হবে।’

বিজ্ঞপ্তিতে যোগ করা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করার পর করণীয় নির্ধারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসি বোর্ডের একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আইসিসি জানিয়েছে, ভারতে বাংলাদেশের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই, ‘সব ধরনের নিরাপত্তা পর্যালোচনা ও স্বতন্ত্র সংস্থার রিপোর্ট বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রিপোর্টগুলোতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, টুর্নামেন্টে ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশের খেলোয়াড়, সংবাদকর্মী, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’

শাকসু নির্বাচন: সুপ্রিম কোর্টের রায় প্রত্যাশা অনুযায়ী না হলে কমপ্লিট শাটডাউনের ডাক

0

শাবি প্রতিনিধি ::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা শাকসু নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায় তাদের প্রত্যাশা অনুযায়ী না হলে ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউনে’র ডাক দিয়েছেন। বুধবার বিকেলে ক্যাম্পাসের গ্রন্থাগার ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই শাটডাউনের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়টির ২৮টি বিভাগের শিক্ষার্থীরা বুধবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০ জানুয়ারি। তবে ১৯ জানুয়ারি হাইকোর্ট চার সপ্তাহের জন্য নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিলে ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। শাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, ‘একটি দল দুজন প্রার্থী ও একজন ভোটারকে প্রভাবিত করে রিট করিয়েছে। যার ফলে নির্বাচন বন্ধ হয়েছে এবং ৯ হাজার ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি, সুপ্রিম কোর্ট যেন আমাদের আন্তরিক দাবি বিবেচনায় নিয়ে আমাদের পক্ষে রায় দেন। অন্যথায় আমরা ক্যাম্পাসে পূর্ণ শাটডাউন ডাকব।’

সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফয়সাল হোসেন বলেন, ‘জাতীয় নির্বাচনের ২১ দিনের মধ্যে কোনো নির্বাচন না করার আইন আছে—এ বিষয়টি আমরা বুঝি। তবে আমরা সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ জানাচ্ছি, শাকসু নির্বাচনের তফসিল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঘোষণা করা হয়েছিল—এই বিষয়টি বিবেচনায় নিতে।’

১৯ জানুয়ারি হাইকোর্টের আদেশের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে জরুরি শুনানির আবেদন জানায়। তবে ২০ জানুয়ারি সুপ্রিম কোর্ট শুনানি পিছিয়ে দিয়ে নিয়মিত মামলা হিসেবে কার্যক্রম চালানোর নির্দেশ দেন।

ছাতকের হাওরে বোরো আবাদে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের স্বপ্নে মাঠজুড়ে উৎসব

0

লুৎফুর রহমান শাওন, ছাতকঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বোরো মৌসুমে হাওর-বিলসহ ফসলি জমিতে ধান চাষাবাদ এখন শেষ পর্যায়ে। গত দুই বছর বড় কোনো বন্যা না হওয়ায় বোরো ধানে বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা। সেই অভিজ্ঞতা থেকেই এবারও বেশ উৎসাহ ও ফুরফুরে মেজাজে মাঠে নেমেছেন কৃষক-কৃষানীরা।

ইতোমধ্যে উপজেলার হাওর এলাকায় হাইব্রিড জাতের ধান রোপণের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। তবে হাওরের বাইরে অন্যান্য এলাকায় এখনো প্রায় ৫৫ শতাংশ জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। এরই মধ্যে কয়েকটি হাওরে সেচ ও পানির সংকট দেখা দেওয়ায় বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেক কৃষক। যদিও কিছু এলাকায় স্যালো ইঞ্জিনচালিত পাম্পের মাধ্যমে জমিতে পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ছাতক উপজেলায় মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৩৪ হাজার ৫৫৩ একর। চলতি বোরো মৌসুমে ১৪ হাজার ৯৯২ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর থেকে বোরো ধানের রোপণ শুরু হয় এবং জানুয়ারি মাসের শেষ দিকে রোপণ কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

মঙ্গলবার পর্যন্ত উপজেলায় ৯ হাজার ৫১২ হেক্টর জমিতে ধান রোপণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে হাওর এলাকায় হাইব্রিড জাতের ধান রোপণ হয়েছে ৩৪৬ হেক্টর, উপশী জাত ২ হাজার ৯৭১ হেক্টর এবং স্থানীয় জাতের ধান ৬৫ হেক্টর জমিতে। সব মিলিয়ে হাওর এলাকায় ধান রোপণ শতভাগ শেষ হয়েছে। অন্যদিকে, হাওরের বাইরে এলাকায় হাইব্রিড ধান রোপণ হয়েছে ২ হাজার ১৮০ হেক্টর এবং উপশী জাতের ধান রোপণ হয়েছে ৩ হাজার ৯৫০ হেক্টর জমিতে।

কৃষি বিভাগ বিভিন্ন প্রকল্পের আওতায় বোরো চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রদর্শনী প্লট স্থাপন করেছে। পাশাপাশি উপজেলার ১৩টি ইউনিয়নের ১ হাজার কৃষককে হাইব্রিড ধানের বীজ এবং ১ হাজার ৪শ’ কৃষককে উপশী জাতের ধানের বীজ সরবরাহ করা হয়েছে। এছাড়া প্রত্যেক কৃষককে জনপ্রতি ২০ কেজি করে সার সরকারি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় দেওয়া হয়েছে।

সরেজমিনে হাওর এলাকা ঘুরে দেখা যায়, কনকনে শীত উপেক্ষা করে কাকডাকা ভোরেই কৃষকরা কৃষি সরঞ্জাম হাতে মাঠে ছুটে যাচ্ছেন। কেউ কাদামাখা জমি থেকে চারা তুলছেন, কেউ পাওয়ার টিলার বা বলদের সাহায্যে জমি প্রস্তুত করছেন। প্রস্তুত জমিতে দলবেঁধে চলছে ধানের চারা রোপণ। রাসায়নিক সার প্রয়োগসহ সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা।

তবে এবছর বর্ষা মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় অনেক হাওর ও বিলে পানি ধরে রাখা সম্ভব হয়নি। ফলে বেশ কয়েকটি এলাকায় সেচের জন্য তীব্র পানির সংকট দেখা দিয়েছে। কিছু এলাকায় এখনো পর্যাপ্ত সেচ ব্যবস্থাও গড়ে ওঠেনি।

জাউয়াবাজার ইউনিয়নের বড় কাপন গ্রামের কৃষক ফখর উদ্দিন জানান, সোনাডুবি (ইন্দারবন) এলাকায় তিনি ১০ একর জমিতে বোরো ধানের চারা রোপণ করেছেন। ছেলে নুর হোসেনকে সঙ্গে নিয়ে ইতোমধ্যে দুই-তৃতীয়াংশ জমিতে চারা রোপণের কাজ শেষ হয়েছে। তবে পানির সংকটের কারণে কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে।

ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের কৃষক কুটি মিয়া বলেন, তিনি ১৩ একর জমিতে বোরো আবাদ করেছেন এবং সরকারি প্রণোদনায় বিনামূল্যে কিছু হাইব্রিড ধানের বীজ পেয়েছেন। পানির সংকট মোকাবেলায় পাম্প মেশিনের মাধ্যমে সেচ দেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা করছেন তিনি।

নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের কৃষক আব্দুল কাদের জানান, তিনি ২০ একর জমিতে হীরা ও ২৮/২৯ জাতের ধান রোপণের কাজ শেষ করেছেন। তবে সঠিক সময়ে পর্যাপ্ত সেচ দিতে পারা নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান বলেন, গত দুই বছর বড় বন্যা না হওয়ায় কৃষকরা আশানুরূপ ফলন পেয়েছেন। ফলে বোরো চাষের প্রতি আগ্রহ বেড়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বোরো ধান আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আমরা আশাবাদী। কৃষি উৎপাদন আরও বাড়াতে শিক্ষিত যুবসমাজকে কৃষিতে এগিয়ে আসতে হবে।

শাবিপ্রবির স্নাত্তক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এ’ ও ‘বি’ ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল আজ বুধবার রাতে (২১ জানুয়ারি) প্রকাশ করা হবে।

ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের বিস্তারিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড.মোহাম্মদ সেলিম।

তিনি বলেন, “আজকে সন্ধ্যায় ভর্তি কমিটির সঙ্গে মিটিং রয়েছে। মিটিংয়ের পরে আমরা ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করব। আশা করা যায় রাত ৯ টার মাঝে মোবাইলে এসএমএস এর মাধ্যমে ও ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরদ ফলাফল পেয়ে যাবেন। ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের বিস্তারিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে।”

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ বছর ঢাকার কেন্দ্রগুলোতে উপস্থিতির হার ৮২.৯৮ শতাংশ এবং সিলেটে ৭৬.৫৪ শতাংশ। সে হিসাবে ‘এ’ ইউনিটে গড় উপস্থিতির হার ছিল ৮১.৮১ শতাংশ। এবারে এ ইউনিটের ৯৮৫ আসনের বিপরীতে অংশ নিয়েছে ৫২ হাজার ৮২৩ শিক্ষার্থী।

অন্যদিকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকার কেন্দ্রগুলোতে উপস্থিতির হার ৭৯.৭৮ শতাংশ এবং সিলেটে ৮৫.২৭ শতাংশ। সে হিসাবে ‘বি’ ইউনিটে গড় উপস্থিতির হার ছিল ৮১.৮৭ শতাংশ। এবারে ‘বি’ ইউনিটের ৫৮১ আসনের বিপরীতে অংশ নিয়েছে ১৮ হাজার ২৫২ শিক্ষার্থী।

জাতীয় নির্বাচনের আগে শাকসু নির্বাচন না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন জাতীয় নির্বাচনের আগে আয়োজনের জন্য দাবি তুলেছেন শাকসুর প্রার্থীরা।অন্যথায়, ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ও শিক্ষার্থী সহ সহযোদ্ধাদের নিয়ে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে সংবাদ সম্মেলনে হাইকোর্টের রায় শিক্ষার্থীদের পক্ষে না আসলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ সময় শিবির প্যানেলের ভিপি দেলোয়ার হাসান শিশির বলেন, ‘গতকাল আমাদের ভোট হওয়ার কথা ছিল, কিন্তু একটা দলের প্ররোচনায় পরে দুজন প্রার্থী ভোটের দুই দিন আগে হাইকোর্টে রিট করেছে। ফলে ৯ হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করেছে। আমরা এটির তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে আমরা দাবি জানাচ্ছি যে, হাইকোর্ট অনতিবিলম্বে যেন শিক্ষার্থীদের পক্ষে রায় দেন। যদি শিক্ষার্থীদের পক্ষে রায় না আসে, তাহলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করবো এবং শিক্ষার্থী সহ সহযোদ্ধাদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।’

শিবির-সমর্থিত জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, ‘শীতকালীন ছুটির পর আমরা নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করি,আমাদের ভাই-বোনেরা দিনরাত কষ্ট করে প্রচারণা চালিয়েছে। অনেকে টিউশনির টাকা খরচ করে, কেউ ঋণ করে প্রচারণা চালিয়েছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ভোট গ্রহণের দুই দিন আগে রিট করে শিক্ষার্থীদের সঙ্গে তারা প্রতারণা করেছে। এটির জবাব শিক্ষার্থীরাই দেবে।’

স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১ দিনের মধ্যে যেহেতু অন্য নির্বাচনের অনুমোদন নেই, তাই আমরা চাই যেন হাইকোর্ট শাকসু নির্বাচনের ক্ষেত্রে সেই বাধ্যবাধকতার আওতামুক্ত রাখবে। আমাদের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে অনেক আগেই। তাই আমরা যেকোনো মূল্যে শাকসু চাই। কারো চাপ বা পেশিশক্তি আমরা মেনে নেব না।’

উল্লেখ্য, হাইকোর্ট কর্তৃক শাকসু স্থগিতের ঘোষণার প্রতিবাদে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের সবাই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা করেছেন। হাইকোর্ট শাকসু নির্বাচনের অনুমতি না দেওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষায় বসবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

ভোটের প্রচারে নেমে প্রথম দিনে সিলেট বিভাগের তিন জেলা ছয় জেলায় সমাবেশ করবেন তারেক রহমান

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার সিলেট থেকে শুরু করতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনেই ছয়টি জেলায় সমাবেশে যোগ দেবেন। জেলাগুলো হলো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। তার আগের দিন বুধবার বিএনপির এক সংবাদ সম্মেলনে দলীয় চেয়ারম্যানের প্রচার সূচি জানানো হয়।

রাজধানীর গুলশান–২–এ বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন জানান, আজ রাতেই বিমানে সিলেট যাবেন তারেক রহমান। সেখানে পৌঁছে রাতেই তিনি হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত করবেন।

বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান। এরপর দুপুরে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশ করবেন। পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে একটি সমাবেশে অংশ নেবেন তিনি। দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে এবং বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে তিনি নরসিংদী পৌর পার্ক–সংলগ্ন সমাবেশে অংশ নিয়ে তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার বা রূপগঞ্জ গাউছিয়া এলাকায় আরেকটি সমাবেশে যোগ দেবেন। ছয়টি জেলায় নির্বাচনী প্রচার চালিয়ে বৃহস্পতিবার রাতেই বিএনপির চেয়ারম্যান ঢাকায় ফিরবেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। আজ বুধবার গুলশানে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। আজ বুধবার গুলশানে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়েছবি: ভিডিও থেকে
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ সফরসূচির বিষয়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষকে আগেই চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

মাহদী আমিন বলেন, নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে এর আগে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং তারেক রহমানের নানির কবর জিয়ারতসহ কিছু সফর বাতিল করা হয়েছিল। কারণ, এসব সফর ঘিরে বড় ধরনের জনসমাগম হওয়ার আশঙ্কা ছিল।

সংবাদ সম্মেলনে বলা হয়, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের অংশ হিসেবে তারেক রহমানের সফরে পর্যায়ক্রমে অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সফরসঙ্গী করা হবে। সিলেট সফরে তাঁর সঙ্গে থাকছেন আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ একাধিক তরুণ নেতা।

নির্বাচনী প্রচারণার শুরুতেই বিএনপি তাদের নির্বাচনী ‘থিম সং’ উন্মোচন করতে যাচ্ছে। মাহদী আমিন জানান, আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে ‘থিম সং’ উদ্বোধন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ দলের নেতারা।

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বিএনপি একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করে। সব রাজনৈতিক দলের প্রতি তিনি নির্বাচনী আচরণবিধি মেনে সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান।

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

0

শাবিপ্রবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে এবার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টিতে মোট ২৮টি বিভাগ রয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত থেকে আলাদা বিবৃতিতে ক্লাস-পরীক্ষা বর্জন করতে থাকেন শিক্ষার্থীরা।মধ্যরাতে সর্বশেষ বিভাগ হিসেবে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বিবৃতি প্রকাশ করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।

শাকসু নির্বাচন স্থগিত করার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও আঞ্চলিক সংগঠন।

মঙ্গলবার দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ শেষে সমাবেশে রাত সাড়ে ৮টায় সব বিভাগের শিক্ষার্থীদেরকে ক্লাস-পরীক্ষা বর্জন করতে আহ্বান জানান আন্দোলনকারীরা।

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার

0

আধুনিক ডেস্ক ::

ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির পরিবারকে এক কোটি টাকা দিচ্ছে সরকার। ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপস্থাপন করা এ–বিষয়ক নথিপত্র মঙ্গলবার অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

অর্থ বিভাগের সূত্রগুলো জানায়, শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ আজ শরিফ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দিয়ে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শরিফ ওসমান বিন হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাঁকে গুলি করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে শুরুতে তাঁর সার্জারি হয়। পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। শরিফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন।

এদিকে শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। শরিফ ওসমান বিন হাদি মারা যাওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, রাষ্ট্র তাঁর স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। তাঁর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে ১৫ জানুয়ারি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

নতুন চার থানা হচ্ছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম বদল

0

আধুনিক ডেস্ক ::

দেশে চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নিকারের প্রথম সভা। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

নতুন থানাগুলো হলো গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ ও কক্সবাজার জেলার মাতারবাড়ী। এ ছাড়া নরসিংদী জেলার রায়পুরাকে ভেঙে একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। আর সাতক্ষীরাকে ‘বি’ থেকে ‘এ’ শ্রেণির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ দুটিকে আবার একত্র করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদন করা হয়। এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব সভায় অনুমোদিত হয়। তবে এই মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

সভায় অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামের দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। প্রসঙ্গত, এ বিষয়ে ইতিমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।

সভায় পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ থেকে ‘এ’ শ্রেণিতে উন্নীত করার প্রস্তাব অনুমোদন করা হয়। এ ছাড়া ঠাকুরগাঁও জেলায় ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাব সভায় অনুমোদিত হয়।

সভায় প্রধান উপদেষ্টা ছাড়াও কয়েকজন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব বা জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন।

ভোটাধিকার হরণ করার প্রথম স্টেজ শাকসু নির্বাচন বন্ধ করা: শিবির-সমর্থিত ভিপি প্রার্থী

0

শাবিপ্রবি প্রতিনিধি:

ভোটাধিকার হরণ করার প্রথম ধাপ হলো শাকসু নির্বাচন বন্ধ করা বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা এসব কথা বলেন।

এ সময় তারা বলেন, শাকসু নির্বাচনের প্রধান সংকট হচ্ছে এখন পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়নি। আমাদের মামলার গ্রাউন্ড স্ট্রং আছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। যদি আবেদন গ্রহণ করা হয়, তাহলে রায় আমাদের পক্ষে আসবে।

এ ছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি, সর্বোচ্চ ওপর মহল থেকে এই মামলা না তোলার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। আপনারা দেখেছেন, একটি দলের ইউনিট থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত মিডিয়ার সামনে বলেছেন, ছাত্র সংসদ বন্ধ করার ব্যাপারে তারা ভূমিকা রেখেছেন। স্বাভাবিকভাবেই তাদের বড় বড় আইনজীবী থাকার কারণে আমাদের ছোট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করতে পেরেছেন। সে জায়গায় আমাদের শিক্ষার্থীদের পক্ষে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাড়া আর কেউ নেই। সুতরাং যারা এই ছোট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের বিষয় হিসেবে নিয়েছেন, আমাদের পক্ষ থেকে তাদের প্রতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

এ সময় তারা আরও বলেন, একটি রাজনৈতিক দল বিএনপি ও তাদের ছাত্র সংগঠন ছাত্রদল এই নির্বাচন না হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এজন্য আমাদের আন্দোলন আরও দীর্ঘ হচ্ছে। একটি রাজনৈতিক দল যখন আমাদের নির্বাচন আটকানোর জন্য তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে, তখন আমাদের নির্বাচন আদায়ের লড়াইটা আরও বড় শক্তির বিরুদ্ধে পরিণত হয়।

আমাদের উপাচার্য স্যার সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করার জন্য যে মাধ্যম ব্যবহার করা দরকার, তা ব্যবহারের চেষ্টা করছেন, যাতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও আমাদের দাবি রক্ষা করা যায়।

কিন্তু গতকাল আমরা দেখেছি, রিটকারীর পক্ষে যে আইনজীবীরা ছিলেন, তারা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের আইনজীবী। তারা এই মামলাটিকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, যার কারণে এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে।

যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক শক্তি এবং তারা আমাদের বিরোধী শক্তি হয়েছে, সেহেতু আমাদের লড়াইটা আরও দীর্ঘ হয়েছে।

আমাদের আন্দোলনের ব্যাপারে দেশবাসী সংহতি জানিয়েছে। সংহতি জানিয়ে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

এ সময় তারা আরও বলেন, এটি হলো ভোটাধিকার হরণ করার শুরুর ধাপ। হাসিনা এক দিনে তৈরি হয়নি; হাসিনা তৈরি হয়েছে ছোট ছোট অধিকার হরণ করার মাধ্যমেই। আমরা আরেকটি মনস্টার দেখতে চাই না। আমরা চাই দেশবাসী তাদের অধিকার আদায়ের ব্যাপারে সচেতন হোক।

এ সময় পরবর্তী কর্মসূচি নিয়ে তারা বলেন, এখন আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব।