Home Blog Page 55

দুর্নীতির মামলায় এবার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

0

আধুনিক রিপোর্ট ::

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নঈমুল হক চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুনশী আব্দুল মজিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর শফিউল আলম জানান, মঙ্গলবার দুপুরে দুদকের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নঈমুল। আদালত তার জামিন নাকচ করে কারাগারে প্রেরণরে নির্দেশ দেন।

নঈমুল হক চৌধুরী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নে পরিচালক (অর্থ) ছিলেন। পরবর্তীতে তিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গতবছরে দুদকের দায়ের করা মামলায় নঈমুল চার্জশিটভূক্ত ২ নম্বর আসামি। ওই মামলার প্রধান আসামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী এখনও পলাতক রয়েছেন।

এর আগে গত রোববার এই মামলায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আরও আটজন কর্মকর্তা-কর্মচারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত বছরের ২৪ এপ্রিল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ক্ষমতার অপব্যবহার, অনিয়মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ ও পদোন্নতি দেওয়ার অভিযোগে করা মামলায় ৫৮ জনের বিরুদ্ধে ২০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ অভিযোগ আমলে নিয়ে ইউজিসি ২০২৩ সালে তদন্ত করে। তদন্তে তৎকালীন উপাচার্য মোর্শেদ আহমেদ চৌধুরী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. নঈমুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়া যায়। পরে দুদকের সিলেটের সমন্বিত জেলা কার্যালয় নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তৎকালীন উপাচার্য, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ ৫৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ২০২৪ সালের ১ এপ্রিল মামলা করে।

মামলায় তৎকালীন উপাচার্য মোর্শেদ আহমেদ চৌধুরী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. নঈমুল হক চৌধুরী ছাড়া আরও ৫৬ জন কর্মকর্তাকে আসামি করা হয়। তাঁদের মধ্যে আছেন ফাহিমা খানম চৌধুরী, অঞ্জন দেবনাথ, মাইদুল ইসলাম চৌধুরী, মো. গোলাম সরোয়ার, মো. বিলাল আহমদ চৌধুরী, শমসের রাসেল, গাজী মো. ফারাজ, আবদুল মুনিম, রিংকু দাস, আতিক শাহরিয়ার ধ্রুব, খালেদা চৌধুরী, আশরাফুল ইসলাম, জান্নাতুল ফেরদৌসী, চৌধুরী রোম্মান আহমদ, সাজু ইবনে হান্নান খান, বেলাল উদ্দিন, লোকমান আহমেদ, চৌধুরী জুলফিকার খালেদ, মো. মোশারফ হোসেন, হালিমা বেগম ও সুরঞ্জিত চন্দ্র তালুকদার।

দুদক সূত্রে জানা গেছে, উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে সিন্ডিকেট ও ইউজিসির অনুমোদন ছাড়া বিধিবহির্ভূতভাবে বিভিন্ন পদে নিয়োগ দেন। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২২০ জনকে সম্পূর্ণ অস্থায়ীভাবে (অ্যাডহক) ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হয়। পরে মেয়াদ অনূর্ধ্ব ছয় মাস পর্যন্ত বাড়ানো হয়। নির্ধারিত সময় পূর্ণ হওয়ার পর চাকরি নিয়মিত না করে আবার অ্যাডহকে দুই থেকে পাঁচবার পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।

অভিযোগপত্রে বলা হয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৮ এর ১২-এর ১০ উপধারা অনুযায়ী উপাচার্য কোনো শূন্য পদে অ্যাডহক নিয়োগের ক্ষেত্রে অস্থায়ীভাবে অনধিক ছয় মাসের জন্য নিয়োগ দিতে পারবেন এবং প্রয়োজনে মেয়াদ অনূর্ধ্ব ছয় মাস পর্যন্ত বাড়াতে পারবেন। পরবর্তী সময়ে হয় চাকরি নিয়মিত করতে হবে অথবা অব্যাহতি দিতে হবে। কোনোভাবেই আবার অ্যাডহকে নিয়োগ বা মেয়াদ বাড়াতে পারবেন না। তবে তৎকালীন উপাচার্য আইন লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহার করে অ্যাডহক নিয়োগ দেন ও অবৈধভাবে মেয়াদ বাড়ান। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তাঁকে ওই কাজে সহযোগিতা করেন।

ইউজিসির অনুমোদন ছাড়া নিয়োগের পাশাাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেট থেকে বেআইনিভাবে বেতন–ভাতা দেওয়া হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কর্মরত আছেন ২৩৯ জন। এর মধ্যে ইউজিসি অনুমোদিত পদ আছে ১১২টি। এসব অনুমোদিত পদে নিয়োগ দেওয়া হয়েছে ৯৮ জনকে। তাঁদের বেতন–ভাতা ইউজিসি থেকে ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। অন্যদিকে অতিরিক্ত ১৪১টি পদে নিয়োগ দেওয়া হলেও ইউজিসির অনুমোদন নেওয়া হয়নি এবং তাঁদের বেতন–ভাতা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুদান থেকে প্রাপ্ত। এসব অতিরিক্ত নিয়োগের ব্যাপারে ইউজিসি কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়নি।

২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে দেওয়া নিয়োগে ৪৬ জন কর্মকর্তা-কর্মচারীর বয়স-সংক্রান্ত যোগ্যতা না থাকলেও নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগপত্রে বলা হয়। এতে আরও বলা হয়, বাস্তব কাজের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগদান, শিক্ষাগত যোগ্যতায় তৃতীয় শ্রেণি থাকা সত্ত্বেও চারজনকে নিয়োগ এবং অ্যাডহকে নিয়োগ দেওয়া সত্ত্বেও তিনজন কর্মকর্তাকে দশম গ্রেড থেকে নবম গ্রেডে এবং সাতজন কর্মকর্তাকে ১৪তম গ্রেড থেকে দশম গ্রেডে পদোন্নতি দেওয়া হয়। এ ছাড়া দুজন কর্মকর্তার সংশ্লিষ্ট পদে চাহিদা মোতাবেক ডিগ্রি না থাকলেও অবৈধভাবে তাদের নিয়োগ দেওয়া হয়।

মধ্যনগরে যৌথ অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

0

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনুই গ্রামে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতের নাম মোছাঃ রিমা আক্তার (৩৫)। তিনি দুগনুই গ্রামের মৃত রিপন মিয়ার স্ত্রী। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রিমা আক্তারসহ কয়েকজন মাদক কারবারি চামরদানী ইউনিয়নের দুগনুই গ্রাম ও আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিল। বিষয়টি জানতে পেরে মধ্যনগর থানা পুলিশ ও যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রিমা আক্তারের কাছ থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি মোবাইল ফোন এবং নগদ ১৩ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রিমা আক্তারের বিরুদ্ধে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে জড়িত আরও কয়েকজনের তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, রোববার সন্ধ্যায় গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দেরসাথে ইইউ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

0

সিলেট জেলা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ দল।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ক্লাব কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রেস অফিসার এবারহার্ড লাউয়ি ও অ্যাসিস্টেন্ট ফাইজা সিদ্দিকী কথা।

তাদের স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

এবারহার্ড লাউয়ি বলেন, অন্তবর্তী সরকারের আমন্ত্রণে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এসেছেন। ইইউ’র ৫৬ জন দীর্ঘ মেয়াদি পর্যবেক্ষক (লং টার্ম অভজার্ভার-এলটিও) বাংলাদেশে কাজ করছেন। পাশাপাশি দেশি-বিদেশি ১৪৫ জন স্বল্প মেয়াদী পর্যবেক্ষক (শর্ট টার্ম অবজার্ভার-এসটিও) সারা দেশে কাজ করছেন।

তিনি নির্বাচন পূর্ব সার্বিক পরিস্থিতি জানতে বিভিন্ন প্রার্থী ও ইসি’র সাথে আলোচনা করেন। এছাড়া গণমাধ্যম ও সাংবাদিক আক্রান্তের ঘটনাবলীর ওপর গুরুত্বারূপ করে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সাংবাদিকদের কাজের পরিবেশ সম্পর্কেও আলোকপাত করেন।

ইইউ’র প্রেস অফিসার এবারহার্ড লাউয়ি আরও বলেন, আমরা কেবল সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরবর্তীতে আমাদের পর্যবেক্ষক দলের প্রধান সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।

সিলেটের নির্বাচনী সম্প্রীতির বিষয়টি তুলে ধরে ক্লাব নেতৃবৃন্দ বলেন, সারা দেশ থেকে সিলেট ব্যতীক্রম। এখনে রাজনৈতিক সম্প্রীতি রয়েছে। যে কারণে প্রচার-প্রচারণায় শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজমান রয়েছে। ভোটেও শান্তিপূর্ণ পরিস্থিতি থাকবে, এমনটি জানান প্রতিনিধিদলকে।

সিলেটে প্রথমবারের মতো ডেটা সায়েন্সে স্নাতক ভর্তি শুরু করলো মেট্রোপলিটন ইউনিভার্সিটি

0

শাবি প্রতিনিধি:

সময়ের চাহিদা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সিলেটে প্রথমবারের মতো বিএসসি (স্নাতক) ইন ডেটা সায়েন্স প্রোগ্রাম চালু করেছে সিলেটের অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি। স্প্রিং টার্ম ২০২৬-এ বর্তমানে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

সিলেটের প্রথম স্থায়ীভাবে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মেট্রোপলিটন ইউনিভার্সিটিই প্রথম ডেটা সায়েন্সে চার বছর মেয়াদি এই পূর্ণাঙ্গ অনার্স প্রোগ্রাম চালু করেছে। বর্তমান বিশ্বে ডেটা সায়েন্স অত্যন্ত চাহিদাসম্পন্ন ও সম্ভাবনাময় বিষয়গুলোর মধ্যে অন্যতম। বিশ্বব্যাপী প্রতিবছর লাখ লাখ ডেটা সায়েন্টিস্টের চাহিদা বাড়ছে। টেক জায়ান্ট গুগল, মাইক্রোসফট, এমাজন, ফেসবুকসহ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোসহ বাংলাদেশেও বিকাশ, পাঠাও, গ্রামীণফোনসহ দেশীয় শীর্ষ আইটি কোম্পানি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এই বিষয়ে দক্ষ জনবলের ব্যাপক চাহিদা রয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে এই প্রোগ্রামের পাঠ্যক্রমে আধুনিক প্রযুক্তিনির্ভর বিষয়, যেমন মেশিন লার্নিং (ML), কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা অ্যানালাইসিস, বিগ ডেটা, ডিপ লার্নিং এবং পাইথন-এর মতো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা শিক্ষার্থীদের বিশ্বমানের প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলবে। দেশ-বিদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করবেন এবং শিক্ষার্থীরা আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশের সুযোগও পাবেন।

এই প্রোগ্রামের বিশেষ দিকগুলোর মধ্যে রয়েছে অত্যাধুনিক স্মার্ট কম্পিউটার ল্যাবে প্রায়োগিক প্রশিক্ষণ, যেখানে সর্বশেষ সফটওয়্যার ও হার্ডওয়্যার সুবিধা রয়েছে। শিক্ষার্থীরা AWS, Google Cloud, Azure-এর মতো ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পাবেন। গবেষণামুখী শিক্ষার পরিবেশ, প্রজেক্ট-বেসড লার্নিং পদ্ধতিতে বাস্তব সমস্যার সমাধান এবং ল্যাব ফ্যাসিলিটির মাধ্যমে অনুশীলনের সুযোগ রয়েছে। এছাড়াও শিক্ষার্থীরা শীর্ষ প্রতিষ্ঠানে গ্যারান্টিড ইন্টার্নশিপ, নিশ্চিত ক্যারিয়ার সাপোর্ট এবং জব প্লেসমেন্ট সহায়তা পাবেন।

ডিগ্রি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই গবেষক এবং বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার কাউন্সেলিং-এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী ব্যক্তিগত দিকনির্দেশনা পাবেন যা তাদের ক্যারিয়ারে সফল হতে সহায়তা করবে।

ভর্তি ও স্কলারশিপের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি বিশেষ সুবিধা প্রদান করছে বলেও জানা গেছে। এই প্রোগ্রামে ভর্তির জন্য শিক্ষার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয় এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ৫০% পর্যন্ত টিউশন ফি মওকুফ সুবিধা দিচ্ছে। এছাড়া প্রথম দশজন শিক্ষার্থীর জন্য বিশেষ টিউশন ফি মওকুফের সুবিধাও ঘোষণা করেছে কর্তৃপক্ষ, যা ইতোমধ্যে ১০ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে শেষ হয়েছে। তবে উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়ায় এবং আরও বেশি শিক্ষার্থীকে এই সুযোগ দিতে কর্তৃপক্ষ পরবর্তী আরও ১০ জন শিক্ষার্থীর জন্য আবারও এই বিশেষ টিউশন ফি সুবিধা চালু রেখেছে। দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্যও বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ডেটা সায়েন্সে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি একটি মাইলফলক হয়ে থাকবে এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামে ভর্তি হওয়া তাদের উজ্জ্বল ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে একটি সময়োপযোগী ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হবে। সিলেটে থেকেও বিশ্বমানের শিক্ষা নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞ হয়ে ওঠা এবং দেশ-বিদেশে উচ্চ বেতনের চাকরি নিশ্চিত করার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। আসন খুবই সীমিত থাকায় আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত সিদ্ধান্ত নিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে আরও তথ্যের জন্য এবং ভর্তি সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর পেতে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকরা মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভর্তি অফিসে যোগাযোগ অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তথ্য নিতে পারবেন।

জৈন্তাপুরে চেকপোস্টে ভারতীয় চোরাই পণ্যসহ একজন আটক

0

জৈন্তাপুর প্রতিনিধি:

জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট ডিউটির সময় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় এসআই জাকিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স একটি পর্যটকবাহী হাইয়েজ গাড়ি (ঢাকা মেট্রো-চ-১৬-৪৮৬৭) তল্লাশি চালায়।

তল্লাশিকালে গাড়িটি থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ওরিও বিস্কুট, কিটক্যাট চকলেট, ফরচুন বাশমতি চাল, সাফারি চকলেট, ডেইরি মিল্ক চকলেট।উদ্ধারকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৭৯ হাজার টাকা।

এ ঘটনায় মতিন মোল্লা (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর জেলার কাশিমপুর থানার লোহাকুর গ্রামের ছোবাহান মোল্লার ছেলে। পুলিশ জানায়, তিনি এসব পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচনী জনসভায় শাবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্য, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

0

শাবিপ্রবি প্রতিনিধি:

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরওয়ার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম এবং রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের যোগ দেওয়ার অভিযোগ উঠেছে। আইন অমান্য করে রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ায় শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপির এই জনসভা অনুষ্ঠিত হয়। যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শাহজালাল বিশ্ববিদ্যালয় আইন-১৯৮৭-এ স্পষ্ট উল্লেখ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মকর্তা তার রাজনৈতিক মতামত প্রচার করতে পারবেন না এবং নিজেকে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত করতে পারবেন না।

জনসমাবেশে উপস্থিত হওয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সমালোচনা তৈরি হয়।

এ আর আনিস নামে একজন শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করে বিশ্ববিদ্যালয় খোলা অবস্থায় রাজনৈতিক দলের প্রচারণায় যাওয়া কতটা যৌক্তিক?

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসিসহ যারা তারেক রহমানের নির্বাচনী জনসভায় গেছেন এ ধরনের কাজ বিশ্ববিদ্যালয়ের আইনবিরোধী। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের আইনবিরোধী কাজে সরাসরি জড়িত থাকার কারণে তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে। আমরা শিক্ষার্থীরা এই কর্মকাণ্ডের কারণে বাকরুদ্ধ।

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. সরওয়ার উদ্দিন চৌধুরীকে মুটোফোনে যোগাযোগ একাধিকবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, আমি সিলেটের সব ধরনের রাজনৈতিক, সাংস্কৃতিক, সেবামূলক প্রতিষ্ঠানে সারাজীবনে আমন্ত্রিত হইছি এবং অংশগ্রহণ করেছি।আমাদের আইনে কোথাও লেখা নাই যে কোন প্রোগ্রামে আমন্ত্রিত হয়ে দর্শক সারিতে বসা, শ্রোতা হওয়া যাবে না। আজকে আমিও আমন্ত্রিত, ভাইস চ্যান্সেলরও আমন্ত্রিত । আমাদেরকে বারবার অনুরোধ করা হইছে। কিন্তু আমরা তো আমন্ত্রিত অতিথি হিসেবে ডায়াসে জায়গা নেই নাই, বসি নাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কাজে আমরা দর্শকের সারিতে থেকেছি।

বিএনপি চেয়ারম্যান হিসেবে সিলেটে ‘অভিষেক’ তারেক রহমানের

0

আধুনিক রিপোর্ট ::

দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ উল্লেখ করে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এটি দলের চেয়ারম্যান হিসেবেও তার প্রথম জনসভা। এর আগে অনেক জনসভায় বক্তব্য দিয়েছেন, তবে দলের চেয়ারম্যান হিসেবে এবারই প্রথন কোনো জনসভায় বক্তব্য দিলেন তারেক রহমান। ১৭ বছর পর দেশে ফিরে গত ২৫ ডিসেম্বর তিনি যখন জনসভায় বক্তব্য দিয়েছিলেন, তখন তার মা খালেদা জীবিত ছিলেন। তারেক রহমান তখন ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৃহস্পতিবার অনুষ্ঠিত সিলেটের নির্বাচনী জনসভাই চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের প্রথম জনসভা। সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার প্রথম নির্বাচনী জনসভায় দেশবাসীর সাহায্য ও দোয়া কামনা করে তারেক রহমান ধানের শীষকে জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

তারেক রহমান বলেন, যেমন দিল্লি নয়, তেমন পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ। সবার আগে বাংলাদেশ। এবং যেহেতু আমরা বিশ্বাস করি, দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সব ক্ষমতার উৎস। সে জন্যই আমরা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে বিশ্বাস করি।’

তারেক রহমান বলেন, ‘কেউ কেউ বলে, অমুককে দেখেছি, তমুককে দেখেছি। এবার একে দেখেন। প্রিয় ভাইবোনেরা, ১৯৭১ সালে যে যুদ্ধ, যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি। যাঁদের ভূমিকার জন্য এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছেন। এই দেশের লক্ষ লক্ষ মা-বোনদের সম্মানহানি হয়েছে। তাঁদের তো বাংলাদেশের মানুষ দেখেই নিয়েছে।’

বিএনপি দেশের প্রত্যেক মানুষকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এই কুফরির বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি। এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোট, শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না, মানুষকে সাবলম্বী করে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে।’

বক্তব্যের এক পর্যায়ে তিনি মাঠভর্তি মানুষের উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘কাবা শরিফের মালিক কে? এই দিনদুনিয়া, আমরা যে পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিক কে? এই সূর্য–নক্ষত্র যা দেখি, এর মালিক কে? বেহেশতের মালিক কে? দোজখের মালিক কে?’ তারেক রহমানের প্রশ্নের উত্তরে সবাই ‘আল্লাহ’ বলে সমস্বরে উচ্চারণ করলে তিনি বলেন, ‘আপনারা সকলেই সাক্ষ্য দিলেন, পৃথিবীর মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ, সেটা কী অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কী দাঁড়াল? নির্বাচনের আগেই একটি দল এই দিব, ওই দিব বলছে, টিকিট দেব, বলছে না? যেটার মালিক মানুষ নয়, সেটার কথা যদি সে বলে, তাহলে সেটা শিরক করা হচ্ছে না? যেটার মালিক আল্লাহ একমাত্র। সবকিছুর ওপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পর কেমন ঠকানো ঠকাবে, আপনারা বুঝেন এবার।’

আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘১৫ থেকে ১৬ বছর ধরে আমরা দেখেছি কীভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছে, কীভাবে আমি–ডামি নির্বাচন হয়েছে, কীভাবে নিশিরাতে নির্বাচন হয়েছে। এই তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।’

তারেক রহমান বলেন, ‘আমরা দেখেছি, বিগত ১৫ থেকে ১৬ বছরে উন্নয়নের নাম করে কীভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে।’

সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশ মঞ্চে তারেক রহমান আসেন দুপুর ১২টা ২৫ মিনিটে এবং প্রায় আধা ঘণ্টা বক্তব্য দেন। তিনি আসার আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে সমাবেশস্থল।

তারেক রহমান জনসভায় আসার পর নেতা-কর্মীরা ‘দুলা ভাই, দুলা ভাই’—স্লোগানে চারপাশ মুখর করে তোলেন। মঞ্চে উঠে বিএনপির চেয়ারম্যান হাত নেড়ে উপস্থিত নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান। এর আগে তিনি শহরতলীর বিমানবন্দর এলাকায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে প্রায় শতাধিক তরুণ শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। এ সময় মঞ্চে সিলেট বিভাগের চার জেলার সংসদীয় আসনের বিএনপি-মনোনীত ও সমর্থিত প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথির বক্তব্য দেন। মঞ্চে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানসহ বিএনপি-মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় অনেক নেতা বক্তব্য দেন।

এর আগে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সংসদীয় আসনের নেতা-কর্মীরা আজ সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন। তাঁরা ধানের শীষ, বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে স্লোগান দেন। অনেকে মাথায় ধানের শীষের ছবিসংবলিত টুপি আর কপালে দলীয় পতাকা বেঁধে সভায় হাজির হন। বাইরে থাকা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কাছ থেকে প্লাস্টিকের ধানের শীষ কিনেও অনেকে সভায় আসেন।

আজকের জনসভায় ব্যানার, ফেস্টুন, স্লোগানে বারবার উঠে এসেছে ‘গুম হওয়া’ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নাম। সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সাবেক এই সংসদ সদস্য ঢাকার বনানী থেকে ২০১২ সালের ১৭ এপ্রিল ‘গুম’ হন।

তারেক রহমান তার বক্তব্যে ইলিয়াস আলীসহ সিলেট অঞ্চলের গুমের শিকার বিএনপির নেতা-কর্মীদের নাম উল্লেখ করেন। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বক্তব্যে ইলিয়াস আলীর প্রসঙ্গ উল্লেখ করেছেন।

এদিকে মাঠের এক পাশে গুম ও শহীদ পরিবারের সদস্যদের বসার জন্য নির্ধারিত জায়গাও রাখা ছিল।

সিলেটে তারেক রহমান, বৃহস্পতিবার থেকে শুরু নির্বাচনী প্রচারণা

0

আধুনিক রিপোর্ট

সিলেট পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুই দশকেরও বেশি সময় পর সিলেটে সফরের অংশ হিসেবে সিলেট পৌঁছেই বুধবার রাত সাড়ে ৯টার দিকে হজরত শাহজালাল (র.)–এর মাজার জিয়ারত করেন। এর আগে রাত ৮টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে সরাসরি শাহজালাল (র.)–এর মাজারে গিয়ে ফাতেহা পাঠ ও জিয়ারত করেন। এরপর তিনি মাজার মসজিদে নফল নামাজ আদায় করেন এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর কবরে ফাতেহা পাঠ করেন। রাত সাড়ে দশটার দিকে হযরত শাহপরান (রহ) এর মাজার জিয়ারত করেন তিনি। ওই সময় সড়কে অবস্থানরত নেতা-কর্মীসহ হাজার হাজার সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এসময় অনেকে সিলেটি দামান ও দুলা ভাই বলেও স্লোগান দেন। 

তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে মাজার পর্যন্ত সড়কের পাশে হাজারো মানুষ জড়ো হন। এ সময় তাকে বহনকারী বাসটি ধীরগতিতে চলতে থাকে এবং প্রায় ১ ঘণ্টা পর রাত ৯টার দিকে মাজারে পৌঁছে। পরিস্থিতি সামাল দিতে মাজারের গেটে তারেক রহমানকে আরও প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয়।

সফরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা। দীর্ঘদিনের নির্বাচনী ঐতিহ্য মেনেই বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাও শুরু করতে যাচ্ছে সিলেট থেকে।

হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরান (র.)–এর মাজার জিয়ারত শেষে তারেক রহমান বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার

0

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী রূপনগর এলাকায় ভারতীয় গরু আটককে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় দুইজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ও রাতে মধ্যনগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সুনামগঞ্জের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সালমান মিয়া, পিতা মো. রওশন আলী, সাং দাতিয়াপাড়া এবং মো. রোস্তম আলী, পিতা মো. কাবিল উদ্দিন, সাং রূপনগর।

পুলিশ সূত্র জানায় যায়, অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এবং জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মঙ্গলবার সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে মহেষখলা বাজার এলাকা থেকে সালমান মিয়াকে এবং রাত ১০টা ১৫ মিনিটে রূপনগর এলাকা থেকে মো. রোস্তম আলীকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত বছরের ৩০ সেপ্টেম্বর সীমান্ত এলাকায় ভারতীয় গরু আটককে কেন্দ্র করে চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষে বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় দুইজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শাকসু নির্বাচন স্থগিত ও উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য বরাবর ইউটিএলের ৪ দফা দাবি

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত হওয়ায় এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপাচার্যের সাথে সাক্ষাৎ করে ৪ দফা সম্বলিত একটি দাবিদাওয়া পেশ করে ইউনিভার্সিটি টিচার্স লিংক(ইউটিএল), সাস্ট চ্যাপ্টার।

বুধবার(২১ জানুয়ারি) সন্ধ্যায় ইউটিএল,সাস্ট চ্যাপ্টারের প্রচার বিভাগ থেকে এক বার্তার মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইউটিএল সাস্ট চ্যাপ্টারের আহ্বায়ক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

ইউটিএল সাস্ট চ্যাপ্টারের পক্ষ থেকে উপাচার্যের নিকট উত্থাপিত ৪ দফা হলো—

শিক্ষার্থীদের প্রাণের দাবি ‘শাকসু’ বাস্তবায়নের মাধ্যমে তাদের শিক্ষাজীবনের অনিশ্চয়তা দূর করে দ্রুত ক্লাসে ফেরানোর জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নির্বাচন কমিশনের যে সকল কমিশনাররা ইতিমধ্যে পদত্যাগ করেছেন, তাদের পদত্যাগপত্র গৃহিত হয়েছে কিনা তা স্পষ্ট করা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কারো কারো অপেশাদার আচরণ এবং দুর্ব্যবহার তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহন এবং বারবার নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়া ও নির্বাচন বাধাগ্রস্ত করার পেছনে যারা জড়িত, তাদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। প্রশাসনের একজন ঊর্ধতন ব্যক্তির প্রশাসনের অন্যান্য ব্যক্তি এবং সহকর্মীদের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহার করে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া,নির্বাচন স্থগিত হওয়া এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিনিধি দল উপাচার্যকে জানান, গত ২০ জানুয়ারির নির্বাচনটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের গণতান্ত্রিক অধিকারের প্রতিফলন ও জাতীয় আকাঙ্ক্ষায় পরিণত হয়েছিল। হাইকোর্টের চার সপ্তাহের স্থগিতাদেশের কারণে কাঙ্ক্ষিত নির্বাচন না হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে । নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের বিপুল শ্রম, সময় ও আর্থিক ব্যয়ের বিষয়টি উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন— বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা সব ধরণের ক্লাস ও পরীক্ষা বর্জনের যে ঘোষণা দিয়েছে, তা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।