Home Blog Page 32

শাবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন- ১ এর সামনে সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

পরে সকাল ১০টা ২০ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। এসময় পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, হল প্রশাসন, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন, শাবি প্রেসক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

পুস্পস্তবক অর্পণের পর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতির এই ক্রান্তিলগ্নে যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি আরও বলেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। এই অঞ্চলের কৃতি সন্তান ও প্রখ্যাত অর্থনীতিবিদ মরহুম সাইফুর রহমানের প্রচেষ্টায় দেশে ভ্যাট সিস্টেম চালুর মাধ্যমে অর্থনীতির মজবুত ভিত্তি তৈরি হয়েছিল। শিক্ষার্থীদের কেবল পড়াশোনায় মনোযোগী হলেই চলবে না, বরং দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলী অর্জন করে দেশের কল্যাণে কাজ করতে হবে।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষার মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়।

জেলার শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্রে সকাল ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেন্দ্রে মোট ২৪৯ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ১৪৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৫৯.৮৩ শতাংশ। বাকি ১০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
পরীক্ষার্থী সুমা রায় ও আদিলুর রহমান বলেন, প্রশ্নের মান ছিল মানসম্মত এবং পরীক্ষার পরিবেশও ছিল অনুকূল, যা তাদের ভালোভাবে পরীক্ষা দিতে সহায়তা করেছে। তারা ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ আবদুল লতিফ জানান, নির্ধারিত ২৪৯ জনের মধ্যে ১৪৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, আগামী ৩ এপ্রিল ‘বি’ (মানবিক) এবং ১০ এপ্রিল ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে ১ হাজার ৬৫ জন এবং ‘এ’ ইউনিটে ৩ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

শিশু মামুন হত্যার খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন

0

দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মান্নারগাঁও ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের প্রবাসী হাফিজ মাওলানা মুশতাক আহমদের ৭ বছর বয়সী শিশু সন্তান মোঃ আব্দুল্লাহ আল মামুনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) জুম্মা নামাজ বাদে দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে স্থানীয় সাধারণ জনতা ও দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনসহ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নিষ্পাপ শিশু আব্দুল্লাহ আল মামুনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা পুরো এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। বক্তারা আরও বলেন, এ ধরনের নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে প্রশাসনের প্রতি কঠোর হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।

মানববন্ধন শেষে আয়োজকরা দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

ঈদ শুভেচ্ছা জানালেন বোগলা বাজার ইউপি’র সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল

0

দোয়ারাবাজার প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বোগলা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, তিনি বোগলা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি বিভিন্ন সময় রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে একাধিক মামলার আসামী হন এবং কারাবরণসহ নানাভাবে হয়রানির শিকার হয়েছেন।

শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা—“ঈদ মোবারক” জানান।

দোয়ারাবাজারে ধান ক্ষেত থেকে ৭ বছরের শিশুর লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

0

মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধান ক্ষেত থেকে আব্দুল্লাহ আল মামুন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার হওয়ায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোক, আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে উপজেলার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর (শ্রীনাথপুর) গ্রামের নুরুল আমিনের ধান ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল্লাহ আল মামুন একই গ্রামের হাফেজ মাওলানা মোস্তাক আহমদের ছেলে। ঘটনার দিন দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে সে বাড়ির সামনে সহপাঠীদের সঙ্গে খেলতে বের হয়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
দুপুর ২টার দিকে খেলার মাঠে গিয়ে তাকে না পেয়ে আশপাশে তল্লাশি চালানো হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায়, নুরুল আমিনের ধান ক্ষেতে একটি শিশুর মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল্লাহ আল মামুনের বলে শনাক্ত করেন।

ঘটনার সংবাদ পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামছ উদ্দিন খান এবং সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মো. মুরসালিন ঘটনাস্থল পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন এসআই মনিরুল ইসলাম ও এসআই মোহন রায়সহ পুলিশের একটি টিম।

পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদনের সময় শিশুটির মাথার পেছনে, ঘাড়ে ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জনমনে চরম উদ্বেগ বিরাজ করছে। দোয়ারাবাজার থানায় এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত জোরদার করেছে।

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ আবু সুফিয়ান মোল্লা (৬০) নামের এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের পানিছড়া তুন্দুর এলাকায় হাবিবনগর চা বাগান বাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ট্রাক ও চা বাগানের একটি পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আবু সুফিয়ান মোল্লা নিহত হন।

নিহত আবু সুফিয়ান মোল্লা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের মৃত সৈয়দ আহমদ মোল্লার পুত্র। তিনি হাবিবনগর চা বাগানে এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেটের জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলা এলাকায় ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম শাহাদাৎ (২১)। তিনি উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার কেন্দ্রী হাওর এলাকার একটি বিলসংলগ্ন ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়দের অনেকেই মরদেহটি শাহাদাতের বলে শনাক্ত করেন।

মরদেহের পরনে ছিল আকাশি রঙের টি-শার্ট ও সবুজ রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট। তার গলায় একটি কালো রঙের ক্রসবেল্ট ব্যাগ ঝুলানো ছিল। মরদেহের মাথার সামনে একটি বাঁশের লাঠি পড়ে থাকতে দেখা যায়। তবে প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। রহস্য উদঘাটনে প্রশাসনের দ্রুত তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।

ঈদের আগেই জৈন্তাপুরে নতুন প্রশাসক? দৌড়ঝাঁপে নবীন-প্রবীণ নেতারা, তুঙ্গে জল্পনা

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সীমান্তবর্তী জনপদ জৈন্তাপুর উপজেলা পরিষদের প্রশাসনিক শূন্যতা পূরণে বইছে পরিবর্তনের হাওয়া। সবকিছু ঠিক থাকলে পবিত্র ঈদুল ফিতরের আগেই জৈন্তাপুর উপজেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

সম্ভাব্য এই নিয়োগকে ঘিরে স্থানীয় রাজনীতি, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা, সবখানেই এখন একটাই আলোচনা, কে হচ্ছেন জৈন্তাপুরের পরবর্তী প্রশাসক।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের প্রশাসনিক দায়িত্ব অর্পণের লক্ষ্যে দলীয় হাইকমান্ড একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে। গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ প্রতিবেদনের ভিত্তিতে তৈরি এ তালিকায় রয়েছেন স্থানীয় রাজনীতির অভিজ্ঞ ও প্রভাবশালী কয়েকজন নেতা।

আলোচনায় থাকা সম্ভাব্যদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক বৃহত্তর ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, বর্তমান উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, সাবেক উপজেলা বিএনপি সভাপতি ও দরবস্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চিকনাগুল ইউনিয়নের চেয়ারম্যান এবিএম জাকারিয়া, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব।

এছাড়াও বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক ও দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তাজ আলী, সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী ইলিয়াছ উদ্দীন লিপু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের নামও আলোচনায় রয়েছে।

তালিকায় থাকা নেতাদের মধ্যে যেমন দীর্ঘদিনের রাজপথ কাঁপানো অভিজ্ঞ প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন, তেমনি আধুনিক ও গতিশীল নেতৃত্বের সম্ভাবনা নিয়ে আলোচনায় আছেন কয়েকজন নবীন মুখও। ফলে জৈন্তাপুরের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক ধরনের স্নায়ুযুদ্ধ।

সূত্র জানায়, এবারের প্রশাসক নিয়োগে প্রার্থীর অতীত রাজনৈতিক ভূমিকা, দলীয় আনুগত্য, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রতিটি সম্ভাব্য প্রার্থীর সামাজিক অবস্থান, এলাকায় প্রভাব ও বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন নীতি-নির্ধারকদের কাছে পাঠানো হয়েছে। কোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশনাও রয়েছে।

প্রশাসক নিয়োগের সম্ভাব্য খবর ছড়িয়ে পড়ার পর থেকেই জৈন্তাপুরে তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সমর্থকদের পোস্ট, মতামত ও বিশ্লেষণে সরগরম রাজনৈতিক অঙ্গন।

সচেতন মহলের মতে, জৈন্তাপুরের উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একজন দক্ষ, সৎ ও জনবান্ধব প্রশাসকের বিকল্প নেই। কেউ কেউ মনে করছেন অভিজ্ঞ নেতৃত্বই এগিয়ে থাকবে, আবার অনেকের মতে পরিবর্তনের বার্তা নিয়ে আসতে পারেন কোনো নতুন মুখ।

উপজেলার এক দায়িত্বশীল নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ইতোমধ্যে ৫ থেকে ৬ জন ত্যাগী ও পরীক্ষিত নেতার নাম নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা চলছে। শেষ পর্যন্ত যিনি যোগ্য বিবেচিত হবেন এবং দলীয় হাইকমান্ড যাকে মনোনীত করবে, তিনিই উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাবেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ বলেন, বিএনপি পরিবারের পরীক্ষিত, ত্যাগী ও দায়িত্বশীল নেতাদের প্রোফাইল দলীয় হাইকমান্ড এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রয়েছে।হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী যাকে দায়িত্ব দেওয়া হবে, আমরা সবাই তাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

তিনি আরও জানান, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সরকারের শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী কারও কাছ থেকে আলাদা করে কোনো নামের তালিকা চাননি। সংশ্লিষ্ট নেতাদের প্রোফাইল তার কাছে আগে থেকেই রয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা ও উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে গত ১৫ মার্চ স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই উপজেলা পরিষদগুলোতেও প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে। ঈদের পর পর্যায়ক্রমে পৌরসভাগুলোতেও প্রশাসক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দেশের ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩২৩টি পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
চূড়ান্ত ঘোষণার অপেক্ষা প্রশাসনিক ও রাজনৈতিক ঘনিষ্ঠ সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, ঈদের আগেই যেকোনো সময় জৈন্তাপুর উপজেলা পরিষদের প্রশাসক নিয়োগের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

শেষ মুহূর্তের এই প্রতিযোগিতায় কে এগিয়ে থাকবেন, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো জৈন্তাপুরবাসী।

তামাবিল স্থল বন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগ, পোর্ট-কাস্টম ও অসাধু চক্রের খপ্পরে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ স্থল বন্দর তামাবিলে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী, পোর্ট ও কাস্টমসের অসাধু কর্মকর্তা এবং রাজনৈতিক সুবিধাভোগীদের সমন্বয়ে গড়ে ওঠা একটি সিন্ডিকেটের মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ৪ থেকে ৫টি সিএনএফ এজেন্টের সহযোগিতায় তামাবিল পোর্ট, কাস্টমসের কিছু কর্মকর্তা, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও অসাধু ব্যবসায়ীরা একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে। তাদের মাধ্যমে কৌশলে কারপাস (কার্গো পাস) জালিয়াতির মাধ্যমে ঘোষণাকৃত পণ্যের অতিরিক্ত পণ্য ক্লিয়ারেন্স করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, ঘোষণার অতিরিক্ত পণ্য ছাড় করাতে পোর্ট কর্তৃপক্ষ প্রতি চালানে ৩৬০ টাকা এবং কাস্টমস কর্তৃপক্ষ ৮৫০ টাকা করে সুবিধা নিচ্ছে। ফলে সরকারের নির্ধারিত রাজস্ব আদায় না হয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে একটি অসাধু চক্র।

তামাবিল স্থল বন্দরের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, সাধারণত ৫ টনের ছোট ট্রাকে ১৪ থেকে ১৫ টন পর্যন্ত পণ্য পরিবহন করা হয়। একইভাবে ১২ টনের ট্রাকে ২০ থেকে ২২ টন পণ্য পরিবহন করা হচ্ছে। সিএনএফ এজেন্টদের নির্দিষ্ট কিছু সদস্যের সহযোগিতায় কারপাসে কারচুপি করে এই অতিরিক্ত পণ্য সহজেই ছাড় করা হয়।

তারা আরও বলেন, অতিরিক্ত পণ্য প্রতি চালানে প্রায় ১ হাজার ২১০ টাকা আদায়ের মাধ্যমে পোর্ট ও কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তা স্থানীয় রাজনৈতিক সুবিধাভোগী ও অসাধু ব্যবসায়ীদের সহযোগিতা করছেন। এতে করে সরকার বছরে কয়েকশ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে দাবি করেন তারা।
ব্যবসায়ীরা আরও জানান, সরকারের উচ্চপর্যায়ের কোনো নিরীক্ষা বা তদন্ত দল সরেজমিনে তদন্ত করলে তামাবিল স্থল বন্দরের এই অনিয়ম ও দুর্নীতির চিত্র স্পষ্ট হয়ে উঠবে।

এ বিষয়ে জানতে চাইলে তামাবিল পোর্ট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের কোনো বিষয় আমার জানা নেই। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

অন্যদিকে তামাবিল কাস্টমস সুপার শ্রাবানা বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমাদের জানা নেই। তবে বিষয়টি আমরা যাচাই করে দেখছি।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে তামাবিল স্থল বন্দরে রাজস্ব ফাঁকির এই প্রবণতা আরও বাড়তে পারে।

‎জৈন্তাপুরে এনসিপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

জৈন্তাপুর প্রতিনিধি: ‎

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৫ মার্চ) বিকেলে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারস্থ তারু মিয়ার রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ‎‎

জৈন্তাপুর উপজেলা এনসিপির আহ্বায়ক মো. জাকারিয়া লাদেনের সভাপতিত্বে এবং উপজেলা সদস্য সচিব মন্তাজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা এনসিপির সদস্য সচিব কামরুল আরিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুল আরিফ বলেন, “পরিবারকেন্দ্রিক রাজনীতি আমরা চাই না। আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে এনসিপির জন্ম হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ জাতি আপনাদের মেনে নেবে না।”‎‎

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, সদস্য রাসেল উল আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক সাদী জামাল, সদস্য মর্তুজ আলী এবং কানাইঘাট উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুর রহমানা প্রমুখ। ‎‎

এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।