Home Blog Page 246

সেনাবাহিনী থাকবে নির্বাচনের মাঠে: ইসি আলমগীর

কাগজ ডেস্ক ::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে সেনাবাহিনী থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় ও জেলা প্রশাসনের নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন প্রতিহত করার ঘোষণা যারা দিয়েছে কিংবা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলাবাহিনী তৎপর আছে।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের ওপর বিদেশিদের চাপ একেবারেই নেই। আমাদের প্রস্তুতি ও নির্বাচনের পরিবেশ দেখে এখন পর্যন্ত বিদেশিরা সন্তুষ্ট। তাদের পক্ষ থেকে আমাদের কোনো সাজেশন দেওয়া হয়নি, চাপ তো নয়ই। তারা আমাদের কাছে যেটা জানতে চান সেটা হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা কি কি কাজ করেছি।

তিনি বলেন, নির্বাচনকে প্রতিহত করার জন্য যে সহিংসতার ঘটনা ঘটছে সেটা খুবই সীমিত পর্যায়ে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আমাকে আশ্বস্ত করেছেন সবকিছুই তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে নির্বাচনে বিঘ্ন ঘটা কিংবা ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দিতে যেতে পারবেন না, এমন ঘটনা ঘটার সুযোগ নেই। তপশিল ঘোষণার পর ভোটার-প্রার্থী থেকে শুরু করে সবাই এটিকে উৎসব হিসেবে নিয়েছেন।

নির্বাচনকে ঘিরে বড় কোনো চ্যালেঞ্জ নেই উল্লেখ করে ইসি আলমগীর বলেন, যে কোনো কাজ করতে গেলেই চ্যালেঞ্জ থাকে। ছোটখাটো চ্যালেঞ্জ তো আছেই। তবে কর্মকর্তারা এমন কোনো চ্যালেঞ্জের কথা বলেননি যেটা আমাদের কাছে বড় ইস্যু হিসেবে দেখা দিয়েছে।

প্রশাসনে রদবদলের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, আমাদের দেশের নির্বাচনে অতীতেও জেলা প্রশাসন পর্যায়ে কখনও কখনও পরিবর্তন করা হয়েছে, উপজেলা পর্যায়েও পরিবর্তন করা হয়েছে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসার শর্ত হিসেবে যে দাবিগুলো তুলেছিল, এর মধ্যে একটা দাবি ছিল প্রশাসনের রদবদল করতে হবে। তার একটা অংশ হিসেবে এটি করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না। ভোটারদের ভালো উপস্থিতি থাকবে বলে আশাবাদ।

অভিবাসন ঠেকাতে কঠোর ভিসা নীতির ভাবনা যুক্তরাজ্যের

ডেস্ক রিপোর্ট ::
অভিবাসন রোধে ভিসা নীতি আরও কঠোর করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য। এ লক্ষ্যে সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি পাঁচ দফার একটি পরিকল্পনা ঘোষণা করেন। এতে যেসব পরিবর্তনের কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে অভিবাসী দক্ষ কর্মীদের বেতন বৃদ্ধি। আর এই বেতন বৃদ্ধির ফলে গত বছর যে তিন লাখ নতুন অভিবাসী যুক্তরাজ্যে আসার যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন, তারা আর আসতে পারবেন না বলে ক্লেভারলি জানিয়েছেন। নতুন এই পরিকল্পনায় পারিবারিক ভিসার জন্য প্রয়োজনীয় ন্যূনতম আয়ের পরিমাণও বাড়ানো হয়েছে।

নতুন পরিকল্পনায় স্বাস্থ্য ও পরিচর্যা কর্মীদের (কেয়ারার) পরিবারকে যুক্তরাজ্যে নিয়ে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়ার কথা বলা হচ্ছে। এছাড়া যেসব কোম্পানি তাদের বর্তমান বেতন কাঠামোর চেয়ে ২০ শতাংশ কম বেতন দিচ্ছে, তারা যেন অভিবাসী শ্রমিকদের আনতে না পারে, সে ব্যাপারেও সিদ্ধান্ত নেয়ার কথা বলা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে যারা যুক্তরাজ্যে পড়তে আসেন, সেই সব শিক্ষার্থীরা যেন ইচ্ছা করলেই তাদের পরিবারের সদস্যদের দেশটিতে আনতে না পারেন, সে ব্যাপারেও ব্যবস্থা নেয়া হচ্ছে।

নভেম্বরে যুক্তরাজ্য সরকারের এক পরিসংখ্যানে দেখা যায় যে, ২০২২ সালে দেশটিতে ৭ লাখ ৪৫ হাজার মানুষ অভিবাসী হিসেবে প্রবেশ করেছে, যা দেশটির অভিবাসন ইতিহাসে সর্বোচ্চ। এর ফলে উদ্বেগ সৃষ্টি হওয়ায় নতুন এই পরিকল্পনা গ্রহণ করেছে ব্রিটিশ সরকার।

সংসদ সদস্যদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে অভিবাসনের লাগাম টানা প্রয়োজন। বছরের পর বছর ধরে দেশটিতে স্বাস্থ্য ও পরিচর্যা ভিসার অপব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, অভিবাসন নীতি অবশ্যই স্বচ্ছ, ন্যায্য ও টেকসই হতে হবে।

নতুন পরিকল্পনায় দক্ষ কর্মীদের ন্যূনতম বেতন ৩৮ হাজার ৭০০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। আগে যেখানে তাদের ন্যূনতম বেতন ছিল ২৬ হাজার ২০০ পাউন্ড। এছাড়া নতুন এই পরিকল্পনার ফলে এখন থেকে পারিবারিক ভিসায় যুক্তরাজ্যে যেতে হলে আবেদনকারীর ন্যূনতম আয় থাকতে হবে ৩৮ হাজার ৭০০ পাউন্ড।

নতুন নীতির কারণে যুক্তরাজ্যে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীরা এখন চাইলেই আর তাদের পরিবারের সদস্যদের আনতে পারবেন না। আর এতেই অভিবাসীদের সংখ্যা অর্ধেকে নেমে আসবে বলে বিশ্বাস করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২০২২ সালের অভিবাসনের তথ্য প্রকাশ হওয়ার পর থেকেই নড়েচড়ে বসে যুক্তরাজ্য সরকার। দেশটিতে অভিবাসন কমিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার সরকারের উপর চাপ চাপ বাড়তে থাকে।

এসব পরিবর্তন আগামী বসন্ত থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন বলেন, এই নীতির ফলে গত বছরের তুলনায় আগামী বছর অন্তত তিন লাখ কম অভিবাসী আসবে।

এদিকে, নতুন এই পরিকল্পনার প্রতিক্রিয়ায় লেবার পার্টির সংসদ সদস্য ইভেট কুপার বলেছেন, সোমবারের ঘোষণা এটি বুঝিয়ে দিয়েছে যে, অভিবাসন ব্যবস্থা ও অর্থনীতি- উভয় ক্ষেত্রেই বছরের পর বছর ধরে টোরিরা কীভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, অভিবাসীদের সংখ্যায় লাগাম টানা উচিত, অথচ এ বিষয়ে কনজারভেটিভরা আর উল্লেখযোগ্য কোনো টেকসই সংস্কার আনতে পারছে না।

অন্যদিকে, ব্রিটেনের ট্রেড ইউনিয়ন ইউনিসনের জেনারেল সেক্রেটারি ক্রিস্টিনা ম্যাকানিয়া নতুন অভিবাসন নীতিকে নিষ্ঠুর বলে অভিহিত করে বলেন, এই পরিকল্পনা যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক পরিচর্যার ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনবে। অভিবাসী শ্রমিকদের এখানে আসতে উৎসাহিত করা হয়েছিল, কারণ উভয় সেক্টরেই কর্মীদের যথেষ্ঠ অভাব রয়েছে। হাসপাতাল ও কেয়ার হোমগুলি এসব অভিবাসী শ্রমিকদের ছাড়া কাজ চালাতে পারবে না।

জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার আব্দুল মালিক আর নেই

কাগজ ডেস্ক ::

জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) আব্দুল মালিক আর নেই। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে স্বাধীনতা পদকজয়ী এ শিক্ষাবিদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ…রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্বে ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহকারী পরিচালক (জনসংযোগ) শাহাজাদী সুলতানা ডলি বলেন, বার্ধক্যজনিত কারণে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালিক মারা যান।

উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) আব্দুল মালিক ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৯ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। আব্দুল মালিক ২০০৪ সালে স্বাধীনতা পদক পেয়েছিলেন। ২০০৬ সালে সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করে।

আবদুল মালিকের স্ত্রী আশরাফুন্নেসা খাতুন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে ডা. ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিলজি বিভাগের অধ্যাপক। ছেলে মাসুদ মালিক একজন ব্যবসায়ী। অপর ছেলে মনজুর মালিক কানাডায় থাকেন।

মিগজাউম’র প্রভাবে বৃষ্টি হতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ (Michaung) আজ (মঙ্গলবার) ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আজ সকাল থেকেই সিলেটসহ দেশের আকাশ মেঘলা রয়েছে। সকালে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়টির প্রভাবে আজ সারা দেশেই আকাশ কমবেশি মেঘলা থাকতে পারে। দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বুধবার বৃষ্টি বাড়তে পারে।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় আবহাওয়া অধিদপ্তরের ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের কাছের এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতা খুন, গ্রেপ্তার – ৩

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেট কোম্পানীগঞ্জে সিএনজি (অটোরিকশা) যাতায়াত নিয়ে কথা-কাটাকাটির জেরে পুর্নাছগাম ও সুন্দাউরায় গ্রামের মারামারিতে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি নিহত হয়েছেন। নিহত আব্দুল্লাহ পছা মিয়া (৪০)। তিনি সুন্দাউরা গ্রামের মৃতু আয়াত উল্লার পুত্র। এ ঘটনায় আহত অর্ধশতাধিক।

রবিবার (৩ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার পুর্নাছগাম-সুন্দাউরায় এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল্লাহ পছা মিয়া উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামীলীগের ৭নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন। নিহত আব্দুল্লাহ’র ময়নাতদন্ত শেষে আজ বাদ আসর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

নিহতের স্ত্রী মোছাম্মদ চাম্পা বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০/৪৫ জন, কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নাম্বার – ১ জিআর নং ২১১/২০২৩। মামলায় অভিযুক্তরা হলেন, আকিল মিয়া (৬০), পিতা-মৃত খলিলুর রহমানরুহুল আমিন (২৮) নাছির উদ্দিন ওরফে সাদ্দাম (৩০), উভয় পিতা-সপ্ত মিয়া, সানুর মিয়া (৩৫), পিতা-মৃত খলিলুর রহমান, কয়েছ মিয়া (৩২), পিতা-সন্ত মিয়া, দুলাল মিয়া (৩৫), পিতা-মরম আলী, ফারুক মিয়া (৩৬), পিতা-মৃত শুকুর উল্লাহ, আনছার আলী (৩৮), পিতা-মৃত কলিম উল্লাহ, দিলদার মিয়া (২২), পিতা-আব্দুল মতিন, শামীম আহমদ (২৫), পিতা-মরম আলী, সালিক আহমদ (২২), পিতা-সন্তু মিয়া, সন্তু মিয়া (৬৬), পিতা-মৃত সুবেদ আলী, আব্দুল মালিক (২০), পিতা-সন্তু মিয়া, আইন উদ্দিন (৩৫), পিতা-মৃত কাছিম আলী, মশাহিদ আলী (৫৮), পিতা-মৃত সোনাফর আলী, রিয়াজ উদ্দিন (৪৮), পিতা-মৃত খলিলুর রহমান, আছিয়া খাতুন (৫৫), স্বামী-সন্তু মিয়া, সর্ব সাং পূর্নাছগাম, সর্ব থানা-কোম্পানীগঞ্জ, জেলা সিলেট।

আটককৃতরা হলেন, দিলদার হোসেন, ফারুক মিয়া ও আইনুদ্দীন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, এ ঘটনায় একটা মামলা দায়ের করা হয়, তিন জনকে আটক করা হয়েছে।

উল্লেখ, শনিবার সিএনজি (অটোরিকশা) যুগে হায়দরি বাজারে যাতায়াতের জন্য একটি সিএনজিকে থামানো হয়, সেখানে যাতায়াত নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায় বিষয়টি গ্রাম ভিত্তিক চলে যায়। রবিবার সকাল ৮ টার দিকে পুর্নাছগাম ও সুন্দাউরা গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষ ফেরাতে যান আব্দুল্লাহ ওরফে পছা মিয়া। সেখানে তিনি আঘাতপ্রাপ্ত হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

আধুনিক রিপোর্টার

বিয়ানীবাজার বারইগ্রাম-সিলেট আঞ্চলিক মহাসড়কের পল্লীশাসন এলাকায় সিলেটগামী যাত্রীবাহী বাসের চাপায় ষাটোর্ধ বৃদ্ধা মারা যান। সোমবার বিকেলে ৪টা ১৫ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম তসলিমা বিবি (৬০)। তিনি চারখাই ইউনিয়নের পল্লীশাসন নইরচক গ্রামের আব্দুল মনাফ ওরফে কটই মিয়ার স্ত্রী।

সোমবার বিকাল ৪টা ১৫ মিনিটের সময় রাস্তা পারাপারের সময় পল্লীশাসন এলাকায় সিলেটগামী যাত্রীবাহী বাসের চাপায় ষাটোর্ধ বৃদ্ধা ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে বিয়ানীবাজার থানা পুলিশ।

এসময় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, সুরতহাল রিপোর্ট শেষ হলে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

গোলাপগঞ্জে আব্দুল মুতলিব কমপ্লেক্স’র উদ্বোধন অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ পৌর শহরে অধ্যাধুনিক সুযোগ সু‌বিধা সম্ব‌লিত আব্দুল মুতলিব কমপ্লেক্স’র উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুর ১২ টায় ফিতা কেটে এ কমপ্লেক্সে আনুষ্ঠা‌নিক উদ্বোধন করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম ও গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কা‌দির শা‌ফি চৌধুরী এলিম ব‌লেন, একটা প্রতিষ্ঠান যখন গড়ে উঠে তখন এই প্রতিষ্ঠানের জন্য অনেক মানুষের জীবিকা নির্বাহ হয়। প্রবাসী আনোয়ার শাহজাহান ও তাঁর পরিবারকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের দেশে বিনিয়োগ দেশের আর্থিক চাকা সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ক্রেতাদের সাথে ভালো ও সুন্দর ব্যবহার করবেন যাতে করে ক্রেতারা আকৃষ্ট হয় এবং তারা বলতে পারে গোলাপগঞ্জে একটি ভালো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায় সফলতা পেতে হলে মূলধনের পাশাপাশি অধ্যবসায়, নিষ্ঠা ও সততা থাকতে হবে।

পৌর মেয়র আমিনুল ইসলাম রা‌বেল ব‌লেন, আমি গোলাপগঞ্জ পৌরসভার মেয়র হওয়ার পর থেকেই পৌর শহরকে ব্যবসায়ী বান্ধব করতে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিশেষ করে কোন প্রবাসীদের পৌর শহরে কোন ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করতে করেন আমি তাদের সব সময় সর্বাত্বক সহযোগিতা করেছি। আমি চাই আমার পৌর শহরে দেশ বিদেশের সকলে বিনিয়োগ করুক। আমরা পৌর কর্তৃপক্ষ সব সময় ব্যবসায়ীদের পাশে রয়েছি।

আক্তার হোসেনের সভাপতিত্বে ও মার্কেটের সত্ত্বাধিকারী, যুক্তরাজ্য প্রবাসী লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠানে বি‌শেষ অতিথি ছিলেন আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, সি‌লেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু তাহের, যুক্তরাজ্য প্রবাসী ও এম আর খান ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমান খান সুজা।

আদিয়ান হুমায়ুনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৈলাশটিলা গ্যাস ফিল্ডের সাবেক ডিজিএম কাজী এটি এম সিরাজুল্লাহ, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য গোলাম রাব্বানী, পারভেজ আহমদ, গোলাপগঞ্জ কল্যাণ সমিতি গোলাপগপঞ্জের শিক্ষক জাবেদ আহমদ, হেলাল আহমদ ও কয়েছ আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, মার্কেটের প‌রিচালক আ‌নোয়ার জাহাঙ্গীর, আ‌নোয়ার মাছুম, আনোয়ার হুমায়ুন, সা‌বেক ইউ‌পি সদস্য হোসাইন আহমদ, আবু‌ল কা‌শেম, রায়হান আহমদ, অ‌লিদুর রহমান জাবেদ প্রমুখ।

উদ্বোধন শেষে মোনাজাত প‌রিচালনা ক‌রেন ঢাকাদ‌ক্ষিণ কেন্দ্রীয় জামে মস‌জি‌দের ইমাম ও খ‌তিব মাওলানা মুফতি খায়রুল আ‌মিন মাহমুদী এবং অনুষ্ঠা‌নের শুরু‌তে আলোচনা করেন মাওলানা হেলাল আহমদ সুনামপুরী।

সিসিকের মেয়র প্যানেলে কামরান, লিপন, শাহানা

কাগজ রিপোর্ট ::

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নতুন মেয়র প্যানেল গঠিত হয়েছে। প্যানেলের প্রথম সদস্য হয়েছেন কাউন্সিলর মখলিছৃর রহমান কামরান, দ্বিতীয় সদস্য হয়েছেন তৌফিক বক্স লিপন, তৃতীয় সদস্য হয়েছেন শাহানা বেগম শানু। সোমবার সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত পরিষদের প্রথম সভায় মেয়র প্যানেলের সদস্যদের নির্বাচিত করা হয়।

এদিকে, সভা চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মেয়রের অসুস্থতাজনিত কারণে মুলতবি করা হয়েছিল করপোরেশনের সভা। তবে আড়াইঘণ্টা পর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে ফের নগরভবনে ফেরেন মেয়র আনোয়রুজ্জামান। শুরু করেন মুলতবি সভা।

বৈঠকসূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টায় করপোরেশনের নতুন পরিষদের প্রথম সভা শুরু হয়। সভা চলাকালে বেলা পৌনে ১টার দিকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অসুস্থবোধ করেন। সাথে সাথে সভা মুলতবি করে তাকে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও পরে কেবিনে স্থানান্তর করা হয়। মেডিসিন বিশেষজ্ঞ শিশির বসাকের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হয়।

শোকজের জবাব দিলেন মাসুক উদ্দিন

আধুনিক ডেস্ক

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সিলেট-৫ আসনের আওয়ামীলীগের প্রার্থী ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ শোকজের জবাব দিয়েছেন।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে সিলেটে নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ দিদার হোসেনের আদালতে সশরীরে উপস্থিত হয়ে জবাব দেন তিনি।

এর আগে, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে মাসুক উদ্দিন আহমদ শতাধিক মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিশাল বহর নিয়ে সিলেট থেকে জকিগঞ্জে যাওয়ার পথে নির্বাচনী মহড়া (শোডাউন) দেন এবং পথসভা করেন। এতে কানাইঘাট উপজেলার বাংলাবাজার থেকে জকিগঞ্জ সদর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

এ সময় নির্বাচনী অনুসন্ধান ক‌মি‌টির চেয়ারম্যানের গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

এতে, ওই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ৬(ক), ৮(ঘ) ও ১২ ধারার বিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

এজন্য সোমবার বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় যুগ্ম মহানগর দায়রা জজ প্রথম আদালতে সশরীর উপস্থিত হয়ে মাসুক উদ্দিনকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়।

সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের তালিকা করে গ্রেপ্তারের নির্দেশ

আধুনিক ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে এবং নির্বাচনের পরিবেশ অনুকূলে রাখতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের তালিকা করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (৩ ডিসেম্বর) জারি করা ইসির পরিপত্র-৯ এ এই নির্দেশ দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়, সব শ্রেণির ভোটার যাতে তাদের ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারেন তার নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যে স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও স্থানীয় আস্থাভাজন কর্মীদেরও সঙ্গে নিয়ে একটি এবং প্রয়োজনে একাধিক বৈঠক আয়োজনের ব্যবস্থা করতে হবে। আলাপ-আলোচনার মাধ্যমে আইন ও বিধিগত দিক উল্লেখ করে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করতে হবে। কারো কোনো অভিযোগ থাকলে তা অবিলম্বে তদন্ত করে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে।

নির্বাচনী এলাকার সর্বস্তরের ভোটার বিশেষ করে নারী ভোটারদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটদানের জন্য উদ্বুদ্ধ করতে হবে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে হাতে নেওয়া কার্যক্রম সম্পর্কে যেন সব শ্রেণির ভোটার আগে থেকে নিশ্চিত হতে পারেন, তা উপযুক্ত প্রচারের মাধ্যমে সংশ্লিষ্টদের জানাতে হবে।

এছাড়া, ভোটকেন্দ্র ও ভোটকক্ষের বাইরে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তামূলক ব্যবস্থাসহ সব ধরনের বেআইনি অস্ত্র উদ্ধার পরিচালনা জোরদার করতে হবে। চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন করে চাঁদাবাজ, মাস্তান ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটকেন্দ্রে মোতায়েন করতে হবে।

চিহ্নিত গোলযোগপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছে ইসি।

পরিপত্রে আরও জানানো হয়, অংশগ্রহণকারী রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের সমর্থকরা যাতে নির্বাচনী আচরণবিধি মেনে চলেন; কোনো উসকানিমূলক ও ধর্মানুভূতিতে আঘাত করে এমন কার্যকলাপ বা বক্তব্য যেন না দেন; অর্থ, পেশিশক্তি অথবা স্থানীয় ক্ষমতা দ্বারা যেন কেউ নির্বাচনকে প্রভাবিত করতে না পারেন; পারস্পরিক সৌহার্দ্য ও সুসম্পর্ক যেন বজায় রাখা যায় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করতে হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে হবে।