Home Blog Page 245

জকিগঞ্জ থানার ভেন্টিলেটর ভেঙে পালালো আসামি

জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ থানার হাজত থেকে ভেন্টিলেটর ভেঙে পালিয়েছেন রাসেল আহমদ রাসু (২৪) নামের গ্রেফতারকৃত চুরির মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামি।

সে জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে। চুরির মামলায় বুধবার সকাল সাতটার দিকে তাকে বিলেরবন্দ এলাকা থেকে গ্রেফতার করে থানা হাজতে রেখেছিলো পুলিশ। সকাল ১০টার দিকে পুলিশ টের পায় থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে রাসেল আহমদ রাসু। তাকে আবারও গ্রেফতারে থানা পুলিশ ও ডিবি পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ সংবাদ লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশের একটি সূত্র জানায়, রাসেল আহমদ রাসুর বিরুদ্ধে ভেন্টিলেটর ভেঙ্গে চুরির একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। বুধবার সকালে তাকে বিলেরবন্দ এলাকা থেকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে রাখা হয়। সকাল ১০টার দিকে থানা হাজতে তাকে পাওয়া যায়নি। এ সময় থানার ভেন্টিলেটর ভাঙা অবস্থায় পাওয়া যায়।
পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাসেল আহমদ রাসু চিহ্নিত চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে খুবই ধুরন্ধর প্রকৃতির চুর। প্রায় প্রতিটি চুরির ঘটনাই সে ভেন্টিলেটর ভেঙে সংগঠিত করে।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ থানা হাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, তাকে গ্রেফতারে অভিযান চলছে। কিছু সময়ের মধ্যে গ্রেফতার করে বিস্তারিত বলা যাবে।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব, সদস্য সচিব আফছরসহ ৪ জন আটক

কাগজ রিপোর্ট:

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফছর খানকে আটক করেছে পুলিশ। এছাড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহসাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমনকেও আটক করা হয়েছে। নগরীতে সড়ক অবরোধের চেষ্টাকালে বিএনপির অঙ্গসংগঠনের চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) বেলা ২টার দিকে সোবহানীঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল আহাদ খান জামাল জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল ও খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে নবম ধাপে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা মহানগরের সোবহানীঘাট হাজী নওয়াব আলী জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিল নিয়ে তারা শাহজালাল উপশহরে গিয়ে সড়কে বসে অবরোধের চেষ্টা করলে খবর পেয়ে সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানাপুলিশ গিয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ ছাত্রদলের দুই নেতা রাসেল ও লিমনকে আটক করে। পরে অভিযান চালিয়ে স্বেচ্ছাসবেক দলেল দুই নেতা মাহবুবুল ও আফসারকে আটক করে পুলিশ।

তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন আজবাহার আলী শেখ।

সেরা করদাতার তালিকায় সাকিব-তামিম-রিয়াদ

আধুনিক ডেস্ক:

২০২২-২৩ করবর্ষে খেলোয়াড় কোটায় সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের তিন ক্রিকেটার।

তারা হলেন অলরাউন্ডার সাকিব আল হাসান, বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ও সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনজনের মধ্যে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। এর পরের অবস্থানে যথাক্রমে মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল খান।

এর আগে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে সেরা করদাতাদের তালিকায় ছিলেন সাকিব ও তামিম। এ দুজনের বাইরে এবার নতুন করে এ তালিকায় যুক্ত হয়েছেন মাহমুদউল্লাহ।

তালিকায় এ বছর মোট ১৪১ জন করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে এনবিআর। এর ভেতর ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন।

ইতোমধ্যে সরকারি গেজেট আকারে এটি প্রকাশিত হয়েছে। সেরা করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর। ২০১৬ সাল থেকে এ সম্মাননার প্রচলন করেছে এনবিআর।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যারিস্টার সুমনকে শোকজ

আধুনিক ডেস্ক:

আচরণবিধি লঙ্ঘনের কারণে হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে শোকজ করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে তাকে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান কমিটি গত সোমবার ব্যারিস্টার সুমনকে শোকজের চিঠি দেয়।

চিঠিতে বলা হয়, গত ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে এক নির্বাচনী জনসভা করেন ব্যারিস্টার সুমন। প্রথমত এটি একটি জনাকীর্ণ বাজার। দ্বিতীয়ত ওই নির্বাচনী সমাবেশের জন্য বাজারের তিন রাস্তার মোড়সহ ওই বাজারের ওপর দিয়ে চলাচলকারী প্রধান তিনটি সড়ক বন্ধ করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়। তৃতীয়ত ওই নির্বাচনী সমাবেশের বিষয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি। ফলে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি-০৬ (খ, গ, ঘ) ভঙ্গ করা হয়েছে বলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ব্যারিস্টার সুমনকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে ব্যারিস্টার সুমন বলেন, কমিটির কাছে আমি ৭ ডিসেম্বর লিখিত ব্যাখ্যা দেব। আমি যে কোনো জায়গায় গেলে মানুষ আমাকে দেখার জন্য ছুটে আসে। সেদিনও বিকল্প হয়নি। কিন্তু বুঝতে পারিনি যে এত মানুষ হবে।

সিলেটে রেললাইনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

ফের সিলেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৭টায় এসএমপির মোগলাবাজার থানাধীন পারাইরচক ট্রাক টার্মিনালের বিপরীতে রেললাইনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী।

তিনি বলেন, বুধবার সকাল সাতটার দিকে কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু ঘটে। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডেকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।

আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের নাম-পরিচয় পাওয়া না গেলেও তা খোঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে বলেও জানান তিনি।

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় এবারও আছেন শেখ হাসিনা

কাগজ ডেস্ক ::

মার্কিন প্রভাবশালী সাময়িকী ‘ফোর্বস’ চলতি বছর বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬তম স্থানে রয়েছেন। গত বছর এ তালিকায় তিনি ৪২তম অবস্থানে ছিলেন। আগের বছরের মতো এবারও তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

এবারের তালিকায় ছয়টি শ্রেণির মধ্যে রাজনীতি ও নীতি শ্রেণিতে নাম রয়েছে ৭৬ বছর বয়সী শেখ হাসিনার। ‘ফোর্বস’-এর এ শ্রেণিতে ১৮ ক্ষমতাধর নারীর মধ্যে নবম স্থানে রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘ফোর্বস’ লিখেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী তিনি। বর্তমানে তিনি চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। গত নির্বাচনে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতে জয়ী হয়। টানা তৃতীয় মেয়াদে সরকারপ্রধান হন শেখ হাসিনা।

‘ফোর্বস’ লিখেছে, শেখ হাসিনা বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নারী প্রধানমন্ত্রী। আগামী জানুয়ারিতে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে জয় পেলে পঞ্চম মেয়াদে (টানা চতুর্থ মেয়াদ) ক্ষমতায় বসতে পারেন শেখ হাসিনা।

‘ফোর্বস’-এর এবারের তালিকায় শীর্ষে থাকা ইসির প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপীয় ইউনিয়নের তৎপরতা এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন তিনি। লিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লগার্দ ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। চতুর্থ স্থানে আছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পঞ্চম স্থানে মার্কিন তারকা টেইলর সুইফটের নাম রয়েছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবারের তালিকায় ৩২তম অবস্থানে রয়েছেন। তিনিসহ ভারতের চারজন নারী এ তালিকায় জায়গা পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাময়িকী ‘ফোর্বস’ ২০০৪ সাল থেকে বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করে আসছে। তালিকা করার ক্ষেত্রে অর্থ, গণমাধ্যম, প্রভাব ও প্রভাবের ক্ষেত্র—এই চার বিষয় বিবেচনায় নেয় তারা।

নগরীতে মহিলা আ.লীগের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা

সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের আওতাধীন ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় নগরীর মেজরটিলাস্থ শ্যামলী আবাসিক এলাকায় সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসমা কামরানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজনীন হোসেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়াম চৌধুরী মাম্মি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য সাবিনা সুলতানা, মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালমা বেগম, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাজেরা বেগম।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী রাবেয়া বেগম, ফাতেমা বেগম, আম্বিয়া বেগম প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।

মায়ের কথা রাখতে নির্বাচনে অংশ নিলেন তৃণমূল বিএনপি প্রার্থী এএম খান


বিশ্বনাথ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. আব্দুল মান্নান খান বলেছেন, আমার মা সব সময় বলতেন মানুষের সেবা করো। অসহায় মানুষের পাশে দাড়াও। তাই আমার মায়ের কথা রাখতেই নির্বাচনে অংশ নিয়েছি। যদি সিলেট-২ আসনের মানুষ আমাকে সেই সুযোগ দেন আর আমি নির্বাচিত হই তাহলে আমি বিশ্বনাথ-ওসমানীনগর তথা দেশের চেহারাটা বদলে দিতে কাজ করবো। তিনি বলেন, এমনিতেই আমি আমার প্রতিষ্ঠিত দুটি ফাউন্ডেশনের মাধ্যমে সেবা করে যাচ্ছি। আমি এমপি নির্বাচিত হলে, আরও ব্যাপকভাবে অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবো। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করবো। আর এই আসনে সুষ্টু ভোট হলে আমি শতভাগ বিশ্বাস করি আমিই নির্বাচিত হবো। কারন আমার সাথে যারা প্রার্থী হয়েছেন তারা বেশিরভাগই বিগত দিনে জনপ্রতিনিধি ছিলেন। তাদেরকে ভোট দিয়ে জনগণ দেখেছে, তারা কি করেছেন। তারা জনগনের ভাগ্য উন্নয়নে কিছুই করতে পারেননি। তাই জনগন তাদেরকে আর ভোট দিবে না। তিনি ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির প্রতীক সোনালী আঁশ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদেরকে আহবান জানান। এছাড়াও তার বার্তাটা এই আসনের সকলের কাছে পৌছে দেয়ার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
মঙ্গলবার সকালে বিশ্বনাথ পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তৃণমূল বিএনপির এই প্রার্থী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, তার দুই মেয়ে ইয়ারুন আক্তার জেসমিন ও তাহমিনা আক্তার মুন্নি।

বুধবার বাদ আসর সিলেটে ব্রিগেডিয়ার ডা. আবদুল মালিকের জানাজা

কাগজ রিপোর্ট ::

বুধবার বাদ আসর সিলেটে অনুষ্ঠিত হবে জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) আব্দুল মালিকের জানাজা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শায়িত হবেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দেশের প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ আব্দুল মালেক।

ডা. আব্দুল মালিকের ভাতিজা ব্যাংকার মো জালাল উদ্দিন তাজ আধুনিক কাগজকে জানান, বুধবার ভোর ৪টায় ঢাকা থেকে মরদেহবাহী গাড়ি সিলেটের উদ্দেশে রওয়ানা হবে। বাদ আসর দক্ষিণ সুরমার কুচাইয়ের সৈয়দা নুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে স্বাধীনতা পদকজয়ী এ শিক্ষাবিদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ…রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্বে ছিলেন। বার্ধক্যজনিত কারণে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালিক মারা যান।

উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) আব্দুল মালিক ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৯ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। আব্দুল মালিক ২০০৪ সালে স্বাধীনতা পদক পেয়েছিলেন। ২০০৬ সালে সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করে। আবদুল মালিকের স্ত্রী আশরাফুন্নেসা খাতুন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে ডা. ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিলজি বিভাগের অধ্যাপক। ছেলে মাসুদ মালিক একজন ব্যবসায়ী। অপর ছেলে মনজুর মালিক কানাডায় থাকেন।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

৬ ও ৭ ডিসেম্বরের অবরোধ সফল করতে মঙ্গলবার রাতে নাইওরপুল টু জিন্দাবাজার সড়কে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ। মিছিলে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের ১ দফাবদাবিতে কাল পরশুর অবরোধ সফল করতে সিলেটবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
৫ ডিসেম্বর ২০২৩ ইং।