Home Blog Page 233

শান্তিগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শান্তিগঞ্জ প্রতিনিধি

শান্তিগঞ্জ উপজেলায় দূরপাল্লার বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা অপর আরোহীও গুরুতরভাবে আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

রবিবার রাত সাড়ে ১১ টায় পাগলা-জগন্নাথপুর সড়কে সিচনী পয়েন্ট সংলগ্ন স্থানে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. এওর মিয়া (৩৩)। তিনি দরগাপাশা (নোয়াগাঁও) গ্রামের আক্কাছ মিয়ার ছেলে ও এক কন্যা সন্তানের জনক। পেশায় তিনি একজন পশু চিকিৎক ছিলেন। আহত আকিক মিয়া (২৮) আক্তাপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে ও পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী রূপসী বাংলা পরিবহণের দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস ও ডাবরগামী মোটরসাইকেলটি সিচনী পয়েন্টের কাছাকাছি এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দু’জন যাত্রীই গুরুতরভাবে আহত হলে তাদেরকে দ্রুত উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। রাত সাড়ে ১২টার দিকে এওর মিয়াকে মৃত ঘোষণা করেন ওসমানীর ডাক্তাররা। আকিক মিয়ার অবস্থাও খুবই আশঙ্কাজনক।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, সড়ক দূর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। আরেকজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

সিলেট থেকে শুরু হবে শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা

আধুনিক ডেস্ক:

সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চাওয়ার যাত্রা শুরু করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আগামী ২০ ডিসেম্বর হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরাণ (র.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভা সিলেট থেকে শুরু করবেন। আগের নির্বাচনগুলোতেও তিনি সিলেট থেকে নির্বাচনের সভা শুরু করেছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও ২০১৮ সালেও সিলেট থেকে নির্বাচনী প্রচারে নেমেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সে সময় হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত এবং সিলেটে সমাবেশের মাধ্যমে নির্বাচনী সফর শুরু করেছিলেন তিনি।

আজ সন্ধ্যায় সেনাবাহিনীর সঙ্গে ইসি’র বৈঠক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে কি না, এ বিষয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে এ বৈঠক হবে।
ইসি সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে সাত লাখ সদস্য ভোটের মাঠে কাজ করবে। তাদের মধ্যে আনসার সদস্য ৫ লাখ ১৬ হাজার জন, পুলিশ ও র‌্যাব এক লাখ ৮২ হাজার ৯১ জন, কোস্টগার্ড দুই হাজার ৩৫০ জন ও বিজিবি সদস্য থাকবেন ৪৬ হাজার ৮৭৬ জন।
এর আগে বৃহস্পতিবার টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘নির্বাচনে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। অতীতের মতো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে কাজ করবে। এবার সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা বেশি রয়েছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।’
তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর করা হয়, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বৈধ : হাইকোর্ট

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বৈধ ঘোষণা দিয়ে রিট খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ৪ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ হয়। একইসঙ্গে আদেশের জন্য ১০ ডিসেম্বর দিন ধার্য করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।
পরে ইউনুছ আলী আকন্দ সংক্ষিপ্ত সময়ের আবেদন করলে সোমবার সকাল সাড়ে ১০টায় আদেশের জন্য দিন ধার্য করেন আদালত। বর্তমানে একটি সংসদ বহাল থাকা অবস্থায় আরেকটি সংসদ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৯ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয় রিট আবেদনে।
গত ২৮ নভেম্বর আইনি নোটিশ পাঠিয়েছিলেন এ আইনজীবী। বর্তমানে রাজনৈতিক সংকট চলছে উল্লেখ করে নোটিশে বলা হয়, দেশে হরতাল-অবরোধ চলছে। এ অবস্থায় সুষ্ঠু ভোট করা সম্ভব নয়। এছাড়া হরতাল অবরোধের ফলে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত নয়। এ অবস্থায় নির্বাচনের তারিখ পিছিয়ে পুনরায় তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানানো হয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর।

কারাগারে অনশনে যাচ্ছেন নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মদি

নারী অধিকারের পক্ষে লড়াই করে শান্তিতে নোবেল জেতা নার্গিস মোহাম্মদি কারাগারে নতুন করে অনশন শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছে তার পরিবার। তিনি ইরানের একটি কারাগারে বন্দি।
আল জাজিরা এ খবর জানিয়েছে। শনিবার অসলোতে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদির স্বামী তাঘি রাহমানি, তাদের জমজ সন্তান আলি ও কিয়ানা রাহমানি এবং বর্ষীয়ান এ অধিকারকর্মীর ভাই জানান, ইরানের ধর্মীয় সংখ্যালঘু বাহাই সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করতে তিনি নতুন অনশন শুরু করছেন। রোববার মোহাম্মদির হয়ে তারা পুরস্কার নিচ্ছেন।
তার ছোট ভাই হামিদরেজা মোহাম্মদি সংক্ষিপ্ত এক উদ্বোধনী বিবৃতিতে বলেন, তিনি আমাদের সঙ্গে এখানে নেই। তিনি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করতে কারাগারে নতুন করে অনশন করতে যাচ্ছেন। তবে আমরা এখানে তার উপস্থিতি অনুভব করছি।
৫১ বছর বয়সী নার্গিস মোহাম্মদি ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে তার লড়াইয়ের জন্য গেল অক্টোবরে নোবেল পুরষ্কার পান। তিনি নোবেল পাওয়া ১৯তম নারী। আর কারাগারে থেকে নোবেল পাওয়া পঞ্চমজন তিনি।
মোহাম্মদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে বলা হয়, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমি ইরানে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং এভিন কারাগারে বাহাই নারী বন্দিদের অনশনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনশনে যাব।
মোহাম্মদি বর্তমানে তেহরানের এভিন কারাগারে বন্দি রয়েছেন, যেখানে তিনি গত মাসে তার এবং অন্য বন্দীদের চিকিৎসা সেবার সীমাবদ্ধতার প্রতিবাদে এবং সেই সঙ্গে ইরানে নারীদের হিজাব পরার বাধ্যবাধকতার প্রতিবাদে আরেকটি অনশন করেন বলে জানায় তার পরিবার।

১৫ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে বিদ্যা সিনহা মিম’র ‘মানুষ’

২৪ নভেম্বর ভারতে মুক্তি পেয়েছে বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দারের ‘মানুষ’। জিৎ প্রযোজিত ও অভিনীত ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা করেছিল জাজ মাল্টিমিডিয়া। তবে মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় সম্ভব হয়নি।
অবশেষে মিলেছে অনুমতি, তবে জাজ মাল্টিমিডিয়া নয়, ছবিটি এবার আনছে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। ১৫ ডিসেম্বর [শুক্রবার] ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।
সঞ্জয় সমদ্দার বলেন, ‘অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে।
এটি আমার প্রথম ছবি। চেয়েছিলাম দুই দেশের দর্শক ছবিটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পাবে। আশা করছি, ভালো সাড়াও পাব। এটি আমার প্রথম ছবি। চেয়েছিলাম দুই দেশের দর্শক ছবিটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পাবে। আশা করছি, ভালো সাড়াও পাব।

ঢাকা মেডিকেলের কোয়ার্টার থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট থানা এলাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে মোছা. তানিয়া আক্তার তানহা (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত সোয়া এগারটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এস আই) মিলন মল্লিক জানান, খবর পেয়ে আমরা রাত দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টারে একটি চতুর্থ তলার রুম থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়।
তিনি জানান, আমরা জানতে পেরেছি ওই কিশোরী গ্রাম থেকে খালার সঙ্গে চাকরির উদ্দেশে ঢাকায় এসেছিল। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের চাচা বাবু জানান, আমার ভাতিজি কয়েকদিন আগে চাকরির জন্য ঢাকায় আসেন। কি কারণে গলায় ফাঁস দিয়েছে এ বিষয়ে আমরা কিছু জানি না।

গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৩০০ ফিলিস্তিনি নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবারও হামলায় চালিয়েছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। এতে করে নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে। রোববার অবরুদ্ধ গাজায় ইসরাইলি অভিযান অব্যাহত ছিল। উত্তর গাজাসহ যেখানে পুরো এলাকাগুলো বিমান হামলায় সমতল হয়ে গেছে। যেখানে ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে স্থল অভিযান চালানো ইসরাইলি সেনারা হামাস যোদ্ধাদের কাছ থেকে প্রবল প্রতিরোধের মুখোমুখি হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গাজায় গত ২৪ ঘণ্টায় ২৯৭ জন নিহত এবং ৫৫০ জনের বেশি আহত হয়েছেন। গত দুই মাসে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে; তাদের অধিকাংশ নারী ও শিশু।
এদিকে গাজায় অব্যাহত হামলাকে কেন্দ্র করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হামাস একে অপরকে হুমকি দিয়েছেন। অপরদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেন, রাশিয়া সন্ত্রাসবাদের নিন্দা জানায় কিন্তু গাজায় যে মানবিক বিপর্যয় তা মেনে নিতে পারে না।
এ সময় ইউক্রেনের সহায়তা তহবিলের অনুমোদন দেয়ার জন্য মার্কিন আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি। ক্যামেরন আরও বলেন, ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জয়ের সুযোগ করে দেয়াটা হবে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট কাজগুলোর একটি।

গত ২৪ ঘন্টায় ইউক্রেনে শতাধিক হামলা রাশিয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক
রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ১০০টিরও বেশি হামলা চালিয়েছে রাশিয়া।
রোববার ইউক্রেনের সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে। এ সময় মস্কো জোরলো হামলা চালিয়েছে দেশটির পূর্বাঞ্চলের খারকিভ, লুহানস্ক ও দোনেৎস্কে।
হামলার বর্ণনা দিতে গিয়ে ইউক্রেনীয় বাহিনী বলছে, দেশটির বিভিন্ন সামরিক বাহিনীর স্থাপনা ও জনবসতিপূর্ণ এলাকায় রুশ বাহিনী অন্তত ২৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ২৭ বার বিমান হামলা চালানো হয়েছে। এ ছাড়া রকেট হামলা চালানো হয়েছে ৫৯ বার।
ইউক্রেনের খেরসন অঞ্চলে শনিবার ৬২টি কামানের গোলা আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে এ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্দ্র প্রোকুদিন। হামলায় একজন নারী আহত হয়েছেন। খেরসনের বেরিস্লাভ শহরে রুশ ড্রোন থেকে ফেলা বোমার আঘাতে বেসামরিক এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
চলতি শীতে ইউক্রেনে হামলা জোরদার করেছে মস্কো। এদিকে ইউক্রেনের জন্য নতুন সহায়তা তহবিল আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট।
এ পরিস্থিতিতে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা বিবিসিকে বলেন, ‘ইউক্রেনকে সহায়তার করার যে উৎসাহ ছিল, তা ম্লান হয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। এটা আমাদের কাছে জীবন–মরণের লড়াই, আর এ কারণেই আমরা কষ্টটা পাই।’
গত বৃহস্পতিবার ওয়াশিংটন সফর করেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। সফরকালে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের পাশে রয়েছে পশ্চিমারা। আর তাদের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।

আনসার আল ইসলামের প্রশিক্ষণ শাখার ৬ সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধানসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার প্রধান সমন্বয়কারীর নাম আব্দুর রাজ্জাক ওরফে ইসহাক ওরফে সাইবা।
আজ সকালে ঢাকার নারায়নগঞ্জের রুপগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।
তিনি আরো বলেন, রাজধানীর আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ এলাকার আনসার আল ইসলামের প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধান আব্দুর রাজ্জাক ওরফে ইসহাক ওরফে সাইবাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।