Home Blog Page 234

ভারত থেকে আসবে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ

রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞার আগে ভারত থেকে আমদানির জন্য খোলা ঋণপত্রের (এলসি) ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার।
দ্রুত পেঁয়াজ আনতে ভারতে বাংলাদেশ দূতবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রোববার (১০ ডিসেম্বর) চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এ ছাড়া দেশে যৌক্তিক মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে কঠোর মনিটারিং করার জন্য সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। তবে এ নিষেধাজ্ঞা আরোপের আগে সেখান থেকে বাংলাদেশে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা হয়। এখন এ পেঁয়াজ দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ভারত রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের আগেই সেখান থেকে আমদানির জন্য ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজের এলসি খোলা হয়। এ পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। কীভাবে বিকল্প দেশ থেকে পেঁয়াজের আমদানি বাড়ানো যায়, সে চেষ্টা চলছে। একইসঙ্গে টিসিবির মাধ্যমে স্বল্প আয়ের মানুষের মধ্যে পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে।
দেশের সর্বত্র যৌক্তিক মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য সচিব।

-mk

নির্বাচনের ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)।
বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে ধারাবাহিকভাবে গেজেট ছাপানো হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, এবার চার হাজার ১০৩টি ভোটকেন্দ্রে চূড়ান্ত করা হয়েছে।
এদিকে আইন অনুযায়ী নির্বাচনের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের গেজেট প্রকাশের করার বিধান রয়েছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, গত ৪ ডিসেম্বর থেকে ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু হয়। এটি ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।
ইসির উপসচিব (নির্বাচন সমন্বয় ও সহায়তা শাখা) মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত ভোটকেন্দ্রের গেজেট সকলের জ্ঞাতার্থে প্রকাশ করছে ইসি সচিবালয়। এতে ভোটকেন্দ্রের ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও অবস্থান, ভোটকক্ষের সংখ্যা, ভোটার এলাকা, পুরুষ, নারী, হিজড়া ভোটার এবং মোট ভোটার সংখ্যা উল্লেখ করা হয়েছে।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮শতাংশ বা ৭৩ শতাংশ।
ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর শুনানি আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

সিলেটে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন

আধুনিক ডেস্ক:

সিলেটে জাতীয় ভ্যাট দিবস এবং জাতীয় ভ্যাট সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উদ্যোগে নগরীর মেন্দিবাগস্থ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘আমার ভ্যাট আমি দিব কেনার সময় চালান নিবো’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারো ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট সপ্তাহ দেশব্যাপী একই সঙ্গে পালিত হচ্ছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর কমিশনার মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মইনুল খান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মইনুল খান বলেন, সিলেট বিভাগে যারা সর্বোচ্চ মূসক প্রদানের জন্য পুরস্কৃত হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাই। তিনি বলেন, ভবিষ্যতেও দেশের নাগরিক হিসেবে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহবান জানান ড. মইনুল খান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, সিলেটের সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+, কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. হুরায়রা ইফতার হোসেইন, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় সহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর কমিশনার মোহাম্মদ এনামুল হক বলেন, মূসক ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ২০১৩ সাল থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর “ভ্যাট দিবস” এবং ১০-১৫ ডিসেম্বর “ভ্যাট সপ্তাহ” উদযাপন করে আসছে। তিনি আরও উল্লেখ করেন যে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বিগত তিন বছর বৈশ্বিক করোনা পরিস্থিতি ও সিলেটের বন্যা পরিস্থিতির পরও বিগত বছরের ন্যায় এবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর উচ্চতর প্রবৃদ্ধির মূসক আদায় হয়েছে। সিলেটের ব্যবসায়ী এবং মূসক কর্মকর্তাদের সদিচ্ছার ফলে বিগত বছরগুলোর চেয়ে মূসক আদায় বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম ও কী-নোট উপস্থাপন করেন যুগ্ম-কমিশনার মো. জাহাঙ্গীর
আলম ও সেমিনারে সিলেট বিভাগের সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী ১০ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে সন্মাননা প্রদান করা হয়। এছাড়াও উৎসে মূসক পরিশোধে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সিলেট কমিশনারেটের আওতাধীন ১৯ টি প্রতিষ্ঠানকে বিশেষভাবে সন্মানিত করা হয়।
সন্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: ১. খাদিম সিরামিক্স লি. সিলেট-উৎপাদন, ২. ইন্টারফোল্ড ট্রেডিং, সিলেট-ব্যবসা, ৩. পাঁচভাই রেস্টুরেন্ট, সিলেট-সেবা, ৪. হেলদি চয়েস ফুডস এন্ড বেভারেজ লিঃ, মৌলভীবাজার -উৎপাদন, ৫. এম.বি ক্লথ স্টোর, মৌলভীবাজার- ব্যবসা, ৬. নভেম লিমিটেড, মৌলভীবাজার-সেবা, ৭. নিটল কার্টিজ পেপার মিলস লিমিটেড, সুনামগঞ্জ- উৎপাদন, ৮. পানসি রেস্টুরেন্ট, সুনামগঞ্জ-সেবা, ৯. মেসার্স এ বি এন্টারপ্রাইজ, হবিগঞ্জ-ব্যবসা, ১০. হাইওয়ে ইন লিমিটেড, হবিগঞ্জ-সেবা।

আধুনিক কাগজ/এমএইচ- ৮

শেখ হাসিনা সরকারের আমলে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে: শফিক চৌধুরী

আধুনিক ডেস্ক:

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগসহ দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের এমন কোনো স্থান নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনায় এসমস্ত উন্নয়ন করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে নৌকার মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরী।

তিনি রবিবার (১০ ডিসেম্বর) বিশ্বনাথ উপজেলার ২নং খাজানঞ্চি ইউনিয়ন ও ৬নং বিশ্বনাথ ইউনিয়ন এবং ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের পৃথক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, তখনই দেশ ও দেশের মানুষের সার্বিক উন্নয়ন হয়। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকারকে বিজয়ী করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য এএইচএম ফিরোজ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সদস্য কবির আহমদ কুব্বার, তপন দাশ, মুক্তিযোদ্ যুক্তরাজ্যের লন্ডন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, সদস্য ফলিক চৌধুরী, খাজানঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গনি, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুল হোসেন, আছাব উদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, যুবলীগ নেতা পলাশ সেনাপতি, রনজিত দাশ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়।

এদিকে, ৬নং বিশ্বনাথ ইউনিয়ন ও ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহ শাহিদুল ইসলাম সুজার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ ফরিদ আহমদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সহ-সভাপতি হাজী হিরন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম, সদস্য শেখ নুর, শেখ আজাদ, আশিক আলী, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কবির হোসেন, আক্তার আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফকরুল ইসলাম, ২নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান, ৩নং ওয়ার্ডের সভাপতি শেখ ফজর রহমান, ৬নং ওয়ার্ডের সভাপতি তকবুল আলী, ৮নং ওয়ার্ডের সভাপতি অশক চন্দ্র দেব, ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কবির আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মনহর হোসেন, উপজেলা যুবলীগ নেতা সাইদুল ইসলাম, আমির আলী, কামরুজ্জামান সেবুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

আধুনিক কাগজ /এমএইচএম / ৮

নির্বাচনে নূন্যতম শৈথিল্য প্রদর্শন করা যাবে না- বালাগঞ্জে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী

বালাগঞ্জ প্রতিনিধি:


সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, আসন্ন দ্বাদশ নির্বাচনে নুন্যতম শৈথিল্য প্রদর্শন করা যাবে না। বর্তমানে আমাদের সকলের চাকুরী নির্বাচন কমিশনের অধীনে। কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা যাবে না। যদি কেউ করেন তাহলে সে বিপদগ্রস্থ হবে। আমরা যেই আদেশ পাবো, সেটা যেনো যথাযথভাবে পালন করবো।

রবিবার (১০ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় কর্মকর্তা ও কর্মকর্তাদের জ্ঞাতার্থে এসব বলেন এনডিসি, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। তাঁর সাথে সফর সঙ্গী ছিলেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. মহিউদ্দিন, এডিসি শিক্ষা আইসিটি কর্মকর্তা হুসাইন মোহাম্মদ আল জুনায়েদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সঞ্চালনায় আরো বক্তব্য রেখেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ডিএম মোহাম্মদ আল সাফিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান, বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন। বিভিন্ন সমস্যার কথা উল্লেখ্য করে আরো বক্তব্য rরাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেপী দাস, নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভুঁইয়া সহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক বৃন্দ।
মতবিনিময় শেষে বিভাগীয় কমিশনার কে বালাগঞ্জের শীতলপাটি সহ শীতলপাটির তৈরী বিভিন্ন উপকরণ উপহার দেওয়া হয়। পরে তয়রুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় ও বোয়ালজুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

আধুনিক কাগজ/এমএইচ- ৭

আবারও নদীগর্ভে বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়ক, যানচলাচল ব্যাহত

আবুল কাশেম অফিক, বালাগঞ্জ:

কুশিয়ারা নদীর পূর্বের ভাঙনের স্থানে আবারো ভেঙে সিলেটের বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়কের বেশ কিছু অংশ নদীগর্ভে তলিয়ে গেছে। ইতিপূর্বে এই সড়কের বেশ কয়েক যায়গা ভেঙ্গে কুশিয়ারার বুকে চলে যায়।

সরেজমিনে জানা গেছে, গেল বন্যার পানি নামার সাথে সাথে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের আমজুড় গ্রাম এলাকায় বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়কের একাধিক স্থানে ফাটল দেখা দেয়। গত দুই দিন আগে মধ্যরাতে কুশিয়ারা নদীর তীর ঘেঁষা এই সড়কের প্রায় ২০০ মিটার জায়গা নদীগর্ভে ধসে পড়ে। এই রাস্তায় যান চলাচল বন্ধ হওয়ায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। এমতাবস্থায় সিএনজি শ্রমিকবৃন্দ নিজ উদ্যোগে ভাঙনের আশেপাশে কিছু মাটিভরাট করে বিকল্প রাস্তা বের করে কোনো রকম যান চলাচল করছেন।

স্থানীয়রা জানান, ভাঙ্গনের ওইস্থানে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নতুন করে সড়কটি ভাঙনের সৃষ্টি হয়েছে। যার ফলে জনদূর্ভোগের অন্ত নেই। সড়ক কর্তৃপক্ষ দেখার মতো এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এসড়কটি একাধিক জায়গায় ফাটল সৃষ্টি হয়েছে। জরুরি ভিত্তিতে স্থায়ী কোনো পদক্ষেপ না নিলে কুশিয়ারা ডাইকের এই জনবহুল সড়কটি কুশিয়ারা গর্ভে চলে যাবে অদূর ভবিষ্যতে।

এবিষয়ে বালাগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী মোস্তাকিম শরিফ সাইদ বলেন, সড়কে ভাঙনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। জরুরী মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রকৌশলী অফিস থেকে একটি স্টিমিট দেওয়া হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।

আধুনিক কাগজ/এমএইচ- ৬

আবারও বিএনপি’র অবরোধ কর্মসূচি ঘোষণা

সরকার পতনের এক দফা দাবিতে আবারও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী ১২ ডিসেম্বও মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এ ছাড়া আগামী ১৪ নভেম্বর সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হবে।
রিজভী আরও বলেন, ১৬ ডিসেম্বর সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শেরেবাংলা নগরে এসে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করা হবে। একইসঙ্গে দিবসটি উপলক্ষে আলোচনা করা, কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানান বিএনপির এই নেতা।
রিজভী বলেন, বরাবরের মতো এবারও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেনবাহী যানবাহন অবরোধের আওতাভুক্ত থাকবে।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে মঙ্গলবার, শুক্রবার ও শনিবার ব্যতীত দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি করে যাচ্ছে দলটি।
এদিকে ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ২৬৩টি যানবাহন আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৬২টি বাস ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও অন্যান্য ২৩টি বাহন রয়েছে।
-এমকে

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে দুই সাংবাদিক গুলিবিদ্ধ, আহত ৪০

হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে বিএনপি পুলিশ সংঘর্ষে দুই গুলিবিদ্ধ সাংবাদিক, পথচারী ও পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় মাই টিভির হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, দেশ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আমির হামজা ও মেরাজ মিয়া নামে এক পথচারীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি করা হয়েছে।

বাকীদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

রবিবার বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শায়েস্তানগর এলাকায় দফায় দফায় ঘন্টা ব্যাপি এ সংঘর্ষ চলে। পরে হবিগঞ্জ সদর থানা ও পুলিশ লাইন্সের অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় শায়েস্তানগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা যায়, ১০ ডিসেম্বর আন্তার্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার লঙ্গণের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের স্বজনদের নিয়ে হবিগঞ্জ জেলা বিএনপির ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাম্মী আক্তার শিফার সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ নেতাকর্মীরা অংশ গ্রহন করে।

মানববন্ধনের এক পর্যায়ে হঠাৎ করে একটি ককটেল বিষ্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এসময় বেশ কয়েকটি দোকান পাঠ ও গাড়ি ভাংচুর করা হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান জানান, বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

তিনি বলেন, আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি। আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছে।

সিলেট ১০ নম্বর কূপে তেলের সন্ধান

আধুনিক কাগজ ডেস্ক :: সিলেট গ্যাসক্ষেত্রে ১০ নম্বর কূপের প্রথম স্তরে তেল পাওয়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সিলেট গ্যাসক্ষেত্র ১০ নম্বর কূপে তেলের সন্ধান পাওয়া গেছে। সেখানে ৩৫ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া যাচ্ছে। ৭০ ব্যারেল তেল উঠেছে প্রথমদিনই। তেলের মজুদের বিষয়ে বিস্তারিত জানা যাবে ৪ থেকে ৫ মাস পর।

তিনি বলেন, সিলেট-১০ নম্বর কূপে ২৫৭৬ মিটার গভীরতায় খনন সম্পন্ন করা হয়। এই কূপে ৪টি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। নীচের স্তরটি ২৫৪০-২৫৫০ মিটার টেস্ট করে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহ পাওয়া যায় এবং ফ্লোয়িং প্রেসার ৩২৫০ পিএসআই। মজুদের পরিমাণ ৪৩-১০০ বিলিয়ন ঘনফুট। ২৪৬০-২৪৭৫ মিটারে আরও একটি ভালো গ্যাস স্তর পাওয়া যায়, এখানে টেস্ট করলে ২৫-৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যায়। ২২৯০-২৩১০ মিটারে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়।

নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটের আদেশ সোমবারনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটের আদেশ সোমবার
তিনি আরও বলেন, ১৩৯৭-১৪৪৫ মিটার গভীরতায় আরও একটি জোন পাওয়া যায় যেখানে ৮ ডিসেম্বর টেস্ট করে তেলের উপস্থিতি জানা যায়, যার প্রাথমিকভাবে এপিআই গ্রাভিটি ২৯.৭ ডিগ্রি। সেলফ প্রেসারে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া যায়।

তেল ছাড়াও সেখানে ৪৩ দশমিক ৬ থেকে ১০৬ বিলিয়ন ঘন মিটার গ্যাসের মজুদও মিলেছে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

এর আগে সিলেটের হরিপুরে ১৯৮৬ সালে তেলের মজুদ পাওয়া যায়।

এসএমপি কমিশনার ইলিয়াস শরীফকে প্রত্যাহারের নির্দেশ

আধুনিক কাগজ ডেস্ক :: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াস শরীফকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে রোববার দেশের দুই বিভাগের দুই পুলিশ কমিশনার, পাঁচ জেলার পুলিশ সুপার এবং একজন জেলা প্রশাসক ও তিন ওসিকে প্রত্যাহার করার নির্দেশ প্রদান করা হয়।

এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসনের সিনিয়র সচিব ও জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে ইসি।

রোববার সকালে নির্বাচন কমিশনের উপ সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ওই চিঠিতে সিলেট ও বরিশালের পুলিশ কমিশনার এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ব্রাক্ষ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং মানিকগঞ্জ সদর, সিংগাইর ও শ্রীপুর থানার ওসিকেও প্রত্যাহার করে তাদের জায়গায় অন্য কর্মকর্তাকে পদায়ন করতে বলেছে ইসি।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, “সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের স্থলে নতুন কর্মকর্তা দিতে বলা হয়েছে।“

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসিদের বদলির পর এই পদক্ষেপ নিল ইসি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ৩০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিদের বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।

কাদেরকে বদলি করা হবে সেই প্রস্তাব কমিশনে পাঠাতে বলা হয়।

সে অনুযায়ী ছয় মাসের বেশি সময় ধরে একই কর্মস্থলে থাকা ওসিদের তালিকা কমিশনে পাঠায় জননিরাপত্তা বিভাগ। আর এক বছর দায়িত্বে থাকা শতাধিক ইউএনওর বদলির প্রস্তাব দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেয় ইসি।