Home Blog Page 235

সিলেট ও বরিশাল পুলিশ কমিশনার, এক ডিসি ও ৫ এসপি প্রত্যাহার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য বরিশাল ও সিলেটের মহানগর পুলিশ কমিশনার, একজন জেলা প্রশাসক (ডিসি) ও পাঁচজন পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার সকালে নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।
চিঠিতে দুই পুলিশ কমিশনারের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের এসপিকে প্রত্যাহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া মানিকগঞ্জ সদর, সিংগাইর ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলেছে ইসি।

–এমকে

সিলেটের গ্যাস কূপে তেলের সন্ধান

সিলেটের হরিপুরের গ্যাস ক্ষেত্রে ১০ নম্বর কূপের প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ (রোববার) তিনি এ তথ্য নিশ্চিত করে বলেন, পরীক্ষা শেষে সে স্থানে কি পরিমাণ তেল মজুদ রয়েছে তা নিশ্চিত ভাবে জানা যাবে।

এমকে

স্বামীর খোঁজে লাহোর থেকে চুনারুঘাটে পাকিস্তানি নারী

হবিগঞ্জ প্রতিনিধি:

গত শুক্রবার (০৮ ডিসেম্বর) মাহা বাজোয়ার (৩০) নামে এক পাকিস্তানী নারী লাহোর থেকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ছুটে আসেন। তিনি নিজেকে পাকিস্তানের বাসিন্দা বলে পরিচয় দেন এবং বলেন তিনি তার স্বামীর খোঁজে হবিগঞ্জে এসেছেন।

তিনি পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বড়াইল এলাকার একটি বাড়িতে উঠেছেন।

জানা যায়, মাহা বাজোয়ারের বাড়ি পাকিস্তানের লাহোরে। তার বাবার নাম মকসুদ আহমেদ।

লাহোর থেকে আসা মাহা বাজোয়ার বলেন, তার স্বামীর নাম সাজ্জাদ হোসেন মজুমদার (৩৫)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বড়াইল এলাকার শফি উল্লা মজুমদারের ছেলে। স্বামীর খোঁজে এসে মাহা নিজের স্বামী দাবি করা ব্যক্তির বাড়িতেই অবস্থান করছেন। পরবর্তীতে স্বামী সাজ্জাদের ভাইয়ের হেফাজতে আছেন বলে জানা যায়।

খবরটি জানাজানি হয়ে গেলে আশপাশের এলাকা থেকে উৎসুক জনতা বাড়িতে এসে ভিড় জমান।

সাজ্জাদের ভাই স্বপন মজুমদার বলেন, ২০১৪ সালে তার ভাই সাজ্জাদ পাকিস্তানের লাহোরের এই মাহা বাজোয়ারকে বিয়ে করেন। পরে তাকে নিয়ে বাংলাদেশে আসেন এবং পুনরায় পাকিস্তান চলে যান সাজ্জাদ। ১৭ নভেম্বর পুনরায় দেশে ফেরেন সাজ্জাদ। মাহাও একই দিনে বাংলাদেশে আসেন।

স্বপন মজুমদার আরও বলেন, দুবাইয়ের একটি নাইট ক্লাবে চাকরি করতেন সাজ্জাদ। সেখানেই তার সঙ্গে পরিচয় মাহার। পরে তারা বিয়ে করলেও তাদের সংসারে ভাঙন ধরে। সাজ্জাদ দেশে চলে আসায় মাহাও বাংলাদেশে চলে আসেন। বর্তমানে বাড়িতে উপস্থিত নেই সাজ্জাদ। তিনি আসার পর এলাকার গণ্যমান্যদের নিয়ে বিষয়টির সুরাহা করা হবে।

আরও জানা যায়, ২০১৮ সালে মাহা ও সাজ্জাদের বিচ্ছেদ ঘটলেও মাহা তা মেনে নেন নি। স্বামীর সঙ্গে সংসার করতে চান মাহা।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, পাকিস্তানের লাহোর থেকে আসা মাহা বাজোয়ার ভিসা নিয়ে বাংলাদেশ আসলেও তিনি এদেশে অবস্থানের জন্য প্রয়োজনীয় নিয়মাবলি অনুসরণ করেননি। মাহা থানায় এসেছিলেন এবং পরবর্তীতে আবার আসবেন বলে চলে যান।

এ বিষয়ে মাহার স্বামী সাজ্জাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

আধুনিক কাগজ/এমএইচ- ৫

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন শুরু

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন করছে বিএনপি। কর্মসূচি শুরু হওয়ার আগে লোকে লোকারণ্য হয়ে ওঠে প্রেসক্লাব প্রাঙ্গণ।
রোববার সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
সকাল পৌনে ১০টা থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এ সময় নেতাকর্মীরা মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, জেলে নিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, অবৈধ নির্বাচন মানি না মানব নাসহ বিভিন্ন স্লোগানে প্রেসক্লাব প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।
এদিকে বিএনপির মানববন্ধন কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাব এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জলকামান ও এপিসিও রাখা হয়। পাশাপাশি সাদা পোশাকেও ছিলেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক কাদের গনি চৌধুরী, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত আছেন।

ক্যাপটেন হিসেবে নেমেই শান মাসুদের ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের ব্যর্থতার দায় নিয়ে দেশে ফিরেই সব ফর্মেটের ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন পাকিস্তানের ক্যাপটেন আবর আজম। ধারনা করা হচ্ছে বোর্ড থেকে তার উপর অধিনায়কত্ব ছাড়ার জন্য চাপ ছিলো।
বাবরের পদত্যাগের পরপরই তড়িঘড়ি করে পিসিবির পক্ষ থেকে পাকিস্তানের নতুন টেস্ট ক্যাপ্টেন করা হয় শান মাসুদকে।
নেতৃত্ব হাতে পেয়েই বোর্ড ও নির্বাচকদের অস্থার মর্যাদা রেখেছেন মাসুদ। অস্ট্রেলিয়া সফরে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেই পাকিস্তান দলকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে পাকিস্তান জয় পায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে। ট্যুর ম্যাচ হলেও এটিকে ফার্স্ট ক্লাস ম্যাচের স্ট্যাটাস দেয়া হয়েছে। ফলে মাসুদের ক্যারিয়ারে প্রথম শ্রেণির দ্বিশতক হিসেবে যুক্ত হবে এটি।
ক্যানবেরায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩২৪ রান তোলে দলটি। ক্যাপ্টেন মাসুদ প্রথম দিনে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তিনি অপরাজিত ছিলেন ১৫৬ রানে। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে তুলে নেয় ৯ উইকেটে ৩৯১ রান।
শান ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯৮ বলে ২০১ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন। বাবর আজম সেট হয়েও আউট হয়েছেন এই ম্যাচে। তিনি প্রথম ইনিংসে ৮৮ বলে ৪০ রান করেন। প্রথম ইনিংসে আবদুল্লা শফিক ৩৮, ইমাম উল হক ৯, সউদ শাকিল ১৩, সরফরাজ আহমেদ ৪১, ফহিম আশরাফ ১৭, আমের জামাল ৫, মীর হামজা ৮ ও খুররাম শেহজাদ ৬ রান করেন।
প্রাইম মিনিস্টার্স ইলেভেনের হয়ে ৮০ রানে ৫ উইকেট নেন জর্ডন বাকিংহ্যাম। ১টি করে উইকেট নিয়েছেন মার্ক স্টেকেটি, ন্যাথন ম্যাকঅন্ড্রু ও টড মার্ফি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রধানমন্ত্রী একাদশ ২ উইকেটে ১৪৯ রান তোলে। ক্যামেরন ব্যানক্রফট ৫৩ ও মার্কাস হ্যারিস ৪৯ রান করেন। ম্যাট রেনশ ১৮ ও ক্যামেরন গ্রিন ১৯ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে ১টি করে উইকেট নিয়েছেন খুররাম শেহজাদ ও আবরার আহমেদ।

ভারতে এমপি ধীরজ সাহুর বাড়ি থেকে ৩০০ কোটি রুপি জব্দ

ইন্টারন্যাশনাল ডেস্ক
ভারতের ওড়িশ্যায় কংগ্রেস নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য ধীরজ সাহুর বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়েছে।
শনিবার রাঁচীতে ওই সংসদ সদস্যের বাড়ি ও তার মালিকানাধীন একাধিক স্থাপনায় অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় আয়কর দপ্তর।
কেন্দ্রীয় সংস্থাটির দাবি, অভিযুক্ত কংগ্রেস এমপির বাড়ি থেকে এ পর্যন্ত আনুমানিক ৩০০ কোটি রুপি জব্দ করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে আয়কর দপ্তরের অন্তত ১০০ কর্মীকে ডাকা হয়েছে।
গত বুধবার থেকে ভারতের কেন্দ্রীয় আয়কর বিভাগ হটাৎ করেই হানা দেয় ওড়িশ্যা এবং ঝাড়খণ্ডে।
ওড়িশ্যার একটি বৃহৎ মদ কারখানা থেকে জব্দ হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। ঘটনার তদন্ত করতে গিয়ে নাম উঠে আসে কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য ধীরজের নাম। এর পরপরই তার বাড়িতে চিরুনি অভিযান শুরু করে ভারতের কেন্দ্রীয় আয়কর দপ্তর।
আয়কর দপ্তর জানায়, ধীরজ ছাড়াও মদ কারখানার আরেক মালিক বান্টি সাহুর বাড়ি থেকে টাকাভর্তি প্রায় ১৯টি ব্যাগ জব্দ হয়েছে।
ওড়িশ্যার বোলাঙ্গির জেলার বিভিন্ন জায়গায় শনিবার ব্যাপক তল্লাশি চালিয়েছে আয়কর দপ্তরের অন্তত ১০০ জন কর্মকর্তা। শনিবারের জব্দ হয়ওয়া রুপি বোলাঙ্গি জেলার বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এক আয়কর কর্মকর্তা।
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আঞ্চলিক ম্যানেজার ভগত বেহরা বলেন, গত দুই দিনের মধ্যে টাকা গোনার কাজ আমরা শেষ করতে পারবো বলে আশা প্রকাশ করছি। ৫০ জন ব্যাংক কর্মীকে টাকা গণনার কাজে লাগানো হয়েছে। প্রয়োজনে আরো কর্মীদের কাজে লাগানো হবে বলে জানিয়েছেন ভগত বেহরা।

কবি আবদুল বাসিত মোহাম্মদের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

আজ ১০ ডিসেম্বর সিলেটের বিশিষ্ট কবি ও ছড়াকার আবদুল বাসিত মোহাম্মদের ৩য় মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ৭ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানার হুরায়রা ম্যানশনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের নির্মাণাধীন খোলা ড্রেনে পড়ে আবদুল বাসিত মোহাম্মদের পেটের মধ্যে রড ঢুকে যায়। সংকটাপন্ন অবস্থায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১০ ডিসেম্বর তিনি মারা যান।

সিলেটের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবদুল বাসিত মোহাম্মদ (৬৫) প্রবীণ সাহিত্যিক, কবি ও ছড়াকার হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর লেখা কয়েকটি ছড়া ও কবিতার বইও বেড়িয়েছে।

আবদুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনায় জন্য সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করে নগরীতে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। এসব প্রতিবাদী কর্মসূচি থেকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে। তবে এখন পর্যন্ত তাঁর মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে কোনা ব্যবস্থা নেয়নি সিটি কর্পোরেশন।

এডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপনের দায়েরকৃত ২ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা হাইকোর্টে শুনানীতে চলমান রয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি আবদুল বাসিত মোহাম্মদের চৌকিদেখির বাসায় খতমে কোরআন, দোয়া মাহফিলসহ পারিবারিক কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

ছামির মাহমুদের সপরিবারে যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে ‘সুহৃদ আড্ডা’

আধুনিক ডেস্ক:

ছামির মাহমুদ একজন দায়িত্বশীল সাংবাদিক, সমাজকর্মী। তিনি নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন। দেশ, গণমানুষ ও সমাজের কল্যাণে তিনি কাজ করেছেন, প্রবাসে গিয়েও তিনি সেই ধারা অব্যাহত রাখবেন। সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিক নেতা হিসেবেও ছিলেন জনপ্রিয়। তেমনি পারিবারিকভাবেও ছিলেন দায়িত্ববান।

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জাগোনিউজ ২৪ ডটকম’র নিজস্ব প্রতিবেদক ছামির মাহমুদের সপরিবারে যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে ‘সুহৃদ আড্ডা’য় বক্তারা এসব কথা বলেন।

‘ছামির মাহমুদের বন্ধু-স্বজন, অনুরাগীবৃন্দ’ ব্যানারে আয়োজিত সুহৃদ আড্ডায় সূচনা বক্তব্য রাখেন- আজকের পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ইয়াহইয়া মারুফ।

কবি ও শিক্ষক সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় বক্তারা আরও বলেন, আমরা একজন অভিভাবককে যেন দূরে ঠেলে দিচ্ছি। যিনি সবসময় আমাদের আগলে রাখতেন। দেশ, দশ ও পরিবেশের প্রতি তার টান সবসময় আমাদেরকে মিস করাতে বাধ্য করবে। দেশের ন্যায় প্রবাসেও তিনি সাংবাদিকতায় থাকবেন। নিজের দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে কাজ করবেন। ছামির মাহমুদের মতো যারা চলে যাচ্ছেন, তারা নিজেকে ভালো রাখার পাশাপাশি দেশকে ভালো রাখেন। তারা সেখানে গেলেও দেশকে ভুলেন না। দেশের কল্যাণের জন্য বিভিন্নভাবে কাজ করেন।

বক্তারা আরও বলেন, ‘কবি ও সাংবাদিকের পাশাপাশি ছামির মাহমুদ একজন বিশ্বাসী মানুষ। ছিলেন একজন পরিবেশ আন্দোলনকারী। তিনি পরিবেশ রক্ষায় সবসময় কাজ করেছেন। এইরকম মানুষ চলে গেলে আমরা বৃহৎ শূন্যতা অনুভব করবো। খারাপ লাগলেও নিজের এবং পরিবারের স্বপ্ন পূরণের জন্য তাকে সেখানে যেতে হচ্ছে। দোয়া করি সেখানে ভালো থাকেন।’

শনিবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের জিন্দাবাজারের গ্রন্থবিপনী ‘বাতিঘর’-এ সুহৃদ আড্ডা বক্তব্য রাখেন- সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহীন, জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, শাবিপ্রবির অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নজরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, কবি ও সাংবাদিক মুহিত চৌধুরী, কবি বিধুভূষণ ভট্টাচার্য, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, নাট্য ব্যক্তিত্ব শামসুল বাসিত শেরো, মু. আনোয়ার হোসেন রনি, লেখক আলেয়া রহমান, বেতার সিলেট কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, সংগঠক প্রণব পাল, লোকসংস্কৃতি গবেষক ও ব্যাংকার পার্থ তালুকদার, ব্যাংকার রাজু আহমদ।

উপস্থিত ছিলেন- লোকসংস্কৃতি গবেষক ও সাংবাদিক সুমন কুমার দাস, লেখক রণদীপন বসু, গল্পকার সেলিম আওয়াল, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিঠু দাস জয়, সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মামুন আহমদ, জাগোনিউজ ২৪.কমের সিলেট প্রতিনিধি আহমদ জামিল, বিডিনিউজ২৪.কমের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র, সাংবাদিক মৃনাল কান্তি দাশ, জিকরুল ইসলাম, আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি লবীব আহমেদ, শাবিপ্রবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাঈম আহমদ শুভ, বিডিনিউজ২৪.কমের শাবিপ্রবি প্রতিনিধি মো. নুমান মিয়া, সিকৃবির সাংবাদিক মাহমুদুর রহমান সহ সিলেটের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন পেশাজীবি সংগঠনের শতাধিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে শিল্পী ইকবাল সাঁই ও লিংকন দাস গান পরিবেশন করেন।

আধুনিক কাগজ/এমএইচ- ৪

জাফলংয়ে বালু তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের অন্তর্গত চা বাগান সংলগ্ন নদীর পাড়ে এ ঘটনা ঘটে বলে জানান গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ।

মৃত শ্রমিক মানিক মিয়া (৫৭) উপজেলার মধ্য লাখেরপাড় গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে ।

ওসি বলেন, ওই ব্যক্তি বয়স্ক বালু শ্রমিক ছিলেন। ঠান্ডা জনিত কারণে স্ট্রোকের আশঙ্কা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানা যাবে।

তবে স্থানীয়রা জানান, মানিক মিয়াসহ আরও কয়েকজন লোক নদীর পাড়ে ছোট গর্ত করে চালনি দিয়ে ছেকে বালু আহরণ করছিলেন। তখন হঠাৎ পাড় থেকে বালু ধসে পড়ায় বয়স্ক মানিক মিয়া তাল সামলাতে না পেরে গর্তে পড়ে যান। তার সঙ্গে থাকা শ্রমিকরা তাকে বালুমাটি চাপা থেকে উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে নয়টায় কর্তব্যরত চিকিৎসক মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিখোঁজের চারদিন পর যুবকের লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে নিখোঁজের চারদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ। তিনি দিরাই উপজেলার করিমপুরের চান্দপুর গ্রামের শ্যামা বর্মণের ছেলে সুজিত বর্মণ (২৫)। বুধবার কালনী নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে পুলিশের একটি দল উপজেলার করিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জয়নগরের দক্ষিণে কাঠের সেতু সংলগ্ন কালনী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত হিসেবে এ লাশ উদ্ধার করা হয়।

এসআই মাহবুব সিদ্দিকি বলেন, স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পেয়ে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশের পড়নে শার্ট, পেন্ট ও লুঙ্গি ছিল। তাছাড়া মুখ, দুই হাত ও দুই পা কালো কসটিব দিয়ে বাঁধা ছিল বলেও তিনি উল্লেখ করেন। ধারণা করা হচ্ছে, সুজিতকে চার-পাঁচ দিন আগে মেরে নদীতে ভাসিয়ে দেয়া হয়।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি, পরিবারের লোকজনকে জ্ঞিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জে পাঠানো হবে, এরপর রিপোর্ট আসলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে।

আধুনিক কাগজ/এমএইচ- ৩