Home Blog Page 199

সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের পদযাত্রা ও সমাবেশ

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

ছয় দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশ করেছে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট (এসটিআই)-এর শিক্ষার্থীবৃন্দ। রবিবার সকাল ১১ টায় শান্তিগঞ্জস্থ প্রতিষ্ঠানটির ক্যাম্পাস থেকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় অভিমুখে শান্তিপূর্ণ এই যাত্রা করেন শিক্ষার্থীরা। এসময় ‘তুমি কে, আমি কে? বাংলা বাংলা। কে বলেছে কে বলেছে বিএসসি বিএসসি’, ‘বিশ্ব সেরা শিক্ষা, কারিগরি শিক্ষা’, ‘আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে’ এসব শ্লোগান দেন তারা। পরে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- শিক্ষার্থী হান্না বেগম, শান্ত রায় ও ওবায়দুর রহমান দিপু। বক্তব্যে তারা বলেন, আমরা ছয়টি যৌক্তিক দাবি নিয়ে মাঠে আন্দোলন করছি। শুধুমাত্র সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটই নয়, সারা দেশের ১৫টি টেক্সটাইল ইন্সটিটিউট ও ৪১টি ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই আন্দোলনে নেমেছে। আমাদের দাবিগুলো হচ্ছে- শিক্ষার মান বজায় রেখে বস্ত্র অধিদপ্তরের নিয়ন্ত্রাধীন সকল প্রতিষ্ঠানের জন্য সমন্বিত নিয়োগবিধি কার্যকর করতে হবে। উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারিত করতে হবে। বর্তমানে প্রতি বছর যে পরিমাণ ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা পাশ করে বের হয়, তাদের বিপরীতে বিএসসির আসন সংখ্যা অতি নগন্য, এখানে আসন সংখ্যাও বৃদ্ধি করতে হবে। শিক্ষক সংকট দূর করা প্রসঙ্গে তারা বলেন, টেক্সটাইল বিষয়ে কারিগরি শিক্ষা অর্জনকারী যোগ্য শিক্ষক নিয়োগ প্রদান করে শিক্ষক সংকট দূর করতে হবে। বস্ত্র ক্যাডার বাস্তবায়ন হবার আগ পর্যন্ত পি.এস.সির মাধ্যমে বিষয় ভিত্তিক পরীক্ষা গ্রহনের করে শিক্ষকতা পেশায় মনেপ্রানে আগ্রহী এবং দক্ষ শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হবে। সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সাথে ইনস্টিটিউটসমূহের শিক্ষাব্যবস্থায় সমন্বয় করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা পালন করতে হবে। ডিপ্লোমা কোর্স স্ট্রাকচার অনুযায়ী ব্যবহারিক ক্লাসগুলো সঠিকভাবে নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে এবং অতি দ্রুতই বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরের বাইরের উচ্চপদস্থ কর্মকর্তাদের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে দূর্নীতিগ্রস্ত শিক্ষক এবং কর্মকর্তাদের আইনের আওতায় আনতে হবে। অন্যতায় আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যাবো।

শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একই দাবিতে চলতি বছরের ৩০ নভেম্বর বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি মানববন্ধন করেছিলেন তারা।

কোম্পানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

কোম্পানীগঞ্জে আম্বিয়া বেগম (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে বতুমারা গ্রামে কালা মিয়ার স্ত্রী। শনিবার বেলা ১১টায় স্বামীর বাড়িতে সে মারা যায়।

নিহত গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যরা আত্মহত্যা বলে দাবি করলেও বাবার বাড়ির লোকজন বলছেন পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত আম্বিয়া বেগম বিজয়পাড়ুয়া গ্রামের মৃত্যু মাসুক মিয়ার মেয়ে।

থানা-পুলিশ জানান, এ ঘটনায় বাশির মিয়ার স্ত্রী লোকসান (২৩) ও সাচ্ছা মিয়ার স্ত্রী আয়শা বেগম (২৫)-কে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়েব আল মাহমুদ আদনান বলেন, প্রায় সময় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব হয় বলে জানতে পেরেছি। নিহত আম্বিয়া বেগমের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে তার মৃত্যু রহস্যজনক। তিনি আরও জানান, সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে লাশ পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট আসলে বুঝা যাবে মৃত্যুর কারণে কি।

পুলিশ সদস্যের বাড়িতে হামলা: বসতঘর উচ্ছেদ করে ভিটা ‘ক্লিয়ার’ করেছে প্রতিপক্ষ

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

‘আমারে মেরে ফেললি না কেনো? আমার বাবার রেখে যাওয়া শেষ স্মৃতিটুকু এভাবে মোচে দিতে হলো? আমি এখন কোথায় থাকবো? কোথায় যাবো? ৩০ জন মানুষের শেষ সম্বল বসতঘর গুড়িয়ে দিতে হলো কেনো?’ এভাবেই খালি ভিটায় বসে মাথায় হাত রেখে বিলাপ করছিলেন ইস্তফা মিয়া। দুই পুরুষ আগের বসতঘর। এই বসত ঘরেই জন্ম হয়েছে বাংলাদেশ পুলিশের এক সদস্য রুবেল আহমদসহ ৬ ভাইয়ের। বড়ভাই আলকাব মিয়া, ইস্তফা মিয়া, লিটন মিয়াসহ ছয় ভাইয়ের এখন পৃথক পরিবার। তবে সকলেই বসবাস করছেন একই চালের নিচে। সব পরিবারের প্রায় ৩০ জন লোকের বসবাস এই বসত ঘরে। তাদের বাবা মরহুম আঞ্জব আলীর রেখে যাওয়া শেষ স্মৃতি বলতে এই বসত ঘর ছাড়া আর কিছুই নেই।

শনিবার সকাল ৭টায় সদলবলে দেশীয় অস্ত্রশস্ত্রের মুখে বসতঘরটি গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ রাজন মিয়া, জয়নাল মিয়াসহ ৩০/৪০ জন লোক। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্বাকান্দা গ্রামের পূর্ব পাড়ায়। রুবেল আহমদ বাংলাদেশ পুলিশের সদস্য হওয়ায় তিনি থাকেন তার কর্মস্থলে। বর্তমানেও তিনি সেখানে অবস্থান করছেন। তার অপর পাঁচ ভাই জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন। এই সুযোগে সকালে ত্রিশ চল্লিশজনের একটি দল নিয়ে এসে সমস্ত বসতঘর গুঁড়িয়ে দিয়ে আসবাবপত্রসহ অন্যান্য মালপত্র নদীর পাড়ে নিয়ে রেখেছেন প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে তারা নিজ বাড়িতে এসে এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। মাটিতে পড়ে বিলাপ দেন নারী-পুরুষসহ পরিবারটির অন্যান্য সদস্যরা। তাদের কান্নায় পাড়া-প্রতিবেশিরাও কেঁদেছেন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুর্গম দূর্বাকান্দা গ্রামে সরেজমিন ঘুরে দেখা যায়, পুলিশ সদস্য রুবেল আহমদ ও ইস্তফা মিয়াদের বসত ভিটায় কোনো ঘর নেই। ভিটাটি খালি পড়ে আছে। হঠাৎ কেউ দেখলে ভাববেন ঘুর্ণিঝড়ে গুড়িয়ে নদীর পাড়ে নিয়ে ফেলেছে। কোথাও পালঙ্ক, কোথাও ফ্রিজ, কোথাও বাসনপত্র। একটি বাঁশের খুঁটিও খাড়া নেই। বাড়ির পেছন দিকে ফেলে দেওয়া হয়েছে কিছু, আর নদীর পাড়ে কিছু। বড় বড় বাঁশ বেঁধে সীমানা দিয়ে দিয়েছে হামলাকারীরা। এসব দেখে বার বার কান্নায় ভেঙে পড়ছেন বসত ঘরে থাকা শিশু, বৃদ্ধ লোকজন। পাড়া-প্রতিবেশি মুখ খুলে কিছু না বললেও হায়-হায় করছেন। বলছেন, এভাবে ভেঙে ফেলা ঠিক হয়নি।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আমাদের বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। রাজন মিয়া, জয়নাল ও সাহেব আলীরা দাবি করছে এই বসতভিটা তাদের। এসব নিয়ে দীর্ঘদিন ধরে তারা মাতামাতি করে আসতেছে। তারা নাকি আমাদের বাড়ি পায়। আমরা বলেছি, যদি এই বাড়ি কাগজে পত্রে তারা পায় আর কোর্টে রায় দেয় আমরা এখান থেকে চলে যাবো। একদিনও থাকবো না। কিন্তু তারা চাচ্ছে কোর্টের রায়-টায় নাই, এখনই আমরা যেনো জায়গাটা ছেড়ে দেই। আইন-আদালত রেখে কেনো তাদের কথামতো বাড়ি ছাড়ছি না এটাই আমাদের অপরাধ। কেনো পুলিশে যাই, কোর্টে যাই এটা তারা মানতে চায় না। জোর করে আমাদের উচ্ছেদ করে দিতেই ঘরবাড়ি ভেঙে ভিটা খালি করেছে। আমরা পুরুষ মানুষ কেউ বাড়িতে ছিলাম না। আমাদের মহিলাদেরও তারা লাঞ্চিত করেছে৷ নগদ চার লক্ষ টাকাসহ স্বর্ণালঙ্কার, রুপার অলঙ্কারসহ অনেক কাগজপত্রও তারা নিয়ে গেছে। তাদের প্রত্যেকের হাতে রামদাসহ দাঁড়ালো অস্ত্র ছিলো। কেউ বের হলে একটা মার্ডার হতে পারতো। রাজন একজন কু-প্রবৃত্তির লোক। তার বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ দশটিরও বেশি মামলা আছে।

প্রত্যক্ষদর্শী শাকিরা বেগম বলেন, সকাল সাড়ে ৬টার দিকে আমি সবজি কাটছিলাম। হঠাৎ আমার নাতি চিৎকার দিয়ে বলে লাঠিসোটা নিয়ে এই বাড়ির দিকে অনেক লোক আসছে। তারপর তারা ইস্তফা মিয়াদের বাড়িতে থাকা শিশু ও মহিলাদের বের করে দিয়ে ‘ফিল্মি স্টাইলে’ বাড়িঘর ভেঙে আসবাবপত্র, টিন, ফ্রিজসহ সবকিছু নদীর পাড়ে নিয়েছে। মহিলাদের লাঞ্চিত করেছে। আমরা কথা বলতে চেয়েছিলাম, রামদা দেখিয়ে আমাদের হুমকি দিয়েছে। বলেছে, কেউ ভিডিও করতে গেলে তার মোবাইল ফোন নিয়ে নেওয়া হবে। এটা একদম অন্যায়। এমন কাজ এই এলাকায় আর ঘটেনি। মনে হচ্ছে দেশে আইন-কানুন বলতে কিছুই নেই। হামলায় এই গ্রামের প্রভাবশালী রাজন মিয়া, জয়নাল মিয়া, শাহ আলম, সালাম মিয়া, জুলহাস মিয়া, শাহাব উদ্দিন, এরশাদ মিয়া, আলী হোসেন, আবদুল মুত্তালিব, সাহেব আলী, কুদ্দুস মিয়া, জুয়েল আহমদ, আল আমীন, বিলাল আহমদ, কামাল আহমদ, জামাল আহমদ, হেলাল আহমদসহ প্রায় ৩৫ জন লোক জড়িত ছিলো।

ভুক্তভোগী ইস্তফা মিয়া ও লিটন মিয়া বলেন, আমরা বাড়িতে ছিলাম না। আমাদের ঘরে হামলা করে, ভাঙচুর করে নগদ চারলক্ষ টাকা, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। সবকিছু দূরে ফেলে রাখছে। এসব করেও তারা ক্ষান্ত হয়নি। এখন তারা আমাদের হুমকি দিচ্ছে। পুলিশ ও সাংবাদিক চলে গেলে আমাদের উপর হামলা করবে, এই জায়গায় তারা ঘর তুলতে আসবে, দখল করতে আসবে। এমতাবস্থায় আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। আদালতের মাধ্যমে তারা যদি জায়গা পায় আমরা ছেড়ে দেবো। অন্যত্র চলে যাবো কিন্তু বেআইনী ভাবে তারা আমাদের বসতঘর ভাঙার ও লুটপাটের বিচার চাই।

অভিযুক্ত সকলের সাথে কথা বলার সুযোগ না হলেও প্রধান অভিযুক্ত রাজন মিয়া ও জায়গার মালিক দাবিকারী সাহেব আলীর স্ত্রী হুরে মদিনার সাথে কথা হয় এই প্রতিবেদকের। রাজন মিয়া বলেন, ইস্তফা মিয়ারা যে জায়গায় বসবাস করছেন এটি তাদের জায়গা নয়। তাদের জায়গা আরো পশ্চিমে। কিন্তু জোরজবর দখল করে তারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। গ্রামের পঞ্চায়েতের সকলে তাদেরকে জায়গা ছেড়ে দিতে বলেছেন। আগামী ফাল্গুন মাসে তারা জায়গা ছেড়ে যাওয়ার কথা ছিলো। এর আগে তারা থানা, পুলিশ, কোর্টে গিয়ে আরো প্যাঁচ লাগানোর চেষ্টা করে যাচ্ছিলো। এখন আমরা নিরুপায় হয়ে, আমি বাড়িতে ছিলাম না, সকালে শুনি ছেলে-পুলেরা মিলে তাদের ঘর ভেঙে দিয়েছে। এটা ঠিক হয়নি। তাদের লোকজনকে মারধর করা হয়নি, মালপত্রও কেউ নষ্ট করেনি। শুধু ঘর ভেঙেছে এটা ঠিক। কেউ যদি বলেন যে এই জায়গায় আমরা অবৈধভাবে আছি তাহলে যে শাস্তি দেওয়া হবে তা মাথা পেতে নেবো। হুরে মদিনা বলেন, এই জায়গার মালিক আমার স্বামী। পঞ্চায়েতের লোকজন জায়গা ছাড়ার জন্য ৯মাস সময় দিয়েছিলো। কিন্তু তার আগেই তারা আমাদের লোকদের উপরে মামলা দিয়েছে। এজন্য তারা (আমাদের লোকজন) গেছে, গিয়ে তারা তাদের জায়গা দখল নিয়েছে।

খবর পেয়ে এসআই সোলায়মানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি করে কাউকেই পায়নি তারা। সোলায়মান জানান, আগে থেকেই এই জায়গার উপরে একটি ১৪৪ ধারার মামলা রুজু করা আছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, বাড়ির জমি সংক্রান্ত ঝামেলার জেরে এই ঘটনা ঘটেছে। যারা ১৪৪ ধারা ভঙ্গ করেছেন আদালত অবমাননার দায়ে তাদের বিরুদ্ধে মামলা হবে। ঘরবাড়ি ভাঙচুর করায় ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। মামলা করলে কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিরাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত

0

দুর্জয় রায় : দিরাই 

সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য  ধারণ করে বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জের দিরাইয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মুল কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও অথিতিবৃন্দের অংশগ্রহনে একটি র‍্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে দিরাইয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গণমিলনায়তন হলে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়ের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুর রহমান খোন্দকা।

সভায় আরও বক্তব্য দেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামসুল ইসলাম খেজুর, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি -প্রশান্ত সাগর দাস, সমবায়ী লিলি আক্তার, দিরাই উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  উবায়দুল্লাহ তাহমিদ,মিনহাজ তালুকদার, ইফতেখার আহমেদ শাহানুর,গোপেশ বর্মন,। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় অর্থনৈতিক কর্মকান্ডে সমৃদ্ধি আনে । সকলকে একতা শেখায়। এ ছাড়া সকলের সমন্বয়ে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন করা তথা আর্থ সামাজিক উন্নয়নে সমবায় পদ্ধতি একটি ফলপ্রসূ পদক্ষেপ।


এসময় উপজেলার সকল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেটের পরিচালনা পর্ষদের সদস্য হলেন আমিনুল ইসলাম

0

আধুনিক ডেস্ক:

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সমগ্র বাংলাদেশের নতুন পরিচালনা পর্ষদের সদস্য মনোনীত হয়েছেন ঢাকা ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন রেডক্রিসেন্ট ইউনিটের সাবেক যুবপ্রধান সারা দেশের কেন্দ্রীয় বোর্ডের সদস্য নির্বাচিত হলেন।

গত ২৭ অক্টোবর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রফিকুল ইসলামকে চেয়ারম্যান করে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ১২ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়।

মোহাম্মদ আমিনুল ইসলাম আয়কর আইনজীবী ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।

তিনি রোটারি ইন্টারন্যাশনালের সাবেক এসিস্ট্যান্ট গভর্নর, নজরুল একাডেমি সিলেটের কোষাধ্যক্ষ ও জীবন সদস্য, বেকা সিলেট ইউনিটের নির্বাহী সদস্য, লায়ন্স আই হসপিটালের প্রতিষ্ঠাতা জীবন সদস্য, রোটারি সেন্টারের জীবন সদস্য এবং ক্লিন গ্রিন বাংলাদেশ-এর সিলেট ইউনিটের সমন্বয়ক।

রোটারিয়ান আমিন অর্পিত দায়িত্ব পালনে সব মহলের সহযোগিতা কামনা করেন ।

শান্তিগঞ্জ-জগন্নাথপুরে এতদিন বিনা ভোটের এমপি-মন্ত্রী ছিলো: কয়ছর এম আহমদ

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

শান্তিগঞ্জ-জগন্নাথপুরে এতদিন বিনা ভোটের এমপি-মন্ত্রী ছিলো বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে এক সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করেন পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপি নেতা ফারুক মিয়া। চিকারকান্দি গ্রামে বিকালে তার বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।

সংবর্ধিত অতিথির বক্তব্যে কয়ছর এম আহমদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বেশি মামলা ও কারা নির্যাতনের শিকার হয়েছিলেন শান্তিগঞ্জের নেতাকর্মীরা। কার কারণে শান্তিগঞ্জের মানুষ অশান্তিতে ছিলেন? আপনারা জানেন, এই এলাকার একজন বিনা ভোটের এমপি-মন্ত্রী হয়েছিলেন। এক বার নয় বার বার, তাঁর কারোর ভোটের প্রয়োজন হয়নি। এ কারণে তিনি যাচ্ছেতাই করেছেন। জনগণকে তোয়াক্কা করেন নি। শান্তিগঞ্জে মেগা প্রকল্প ছাড়া দৃশ্যমান উন্নয়ন হয়নি। মেগা প্রকল্প করা হয়েছিলো, মেগা দূর্নীতি করার জন্যে। একে উন্নয়ন বলে না। লুটপাটের মোচ্ছব বলে। উন্নয়নের প্রথম সিড়ি হলো- দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার। বিএনপি সরকারে গেলে মানুষের জন্য কাজ করবে। মানুষের ভাগ্যোন্নয়নের চেষ্টা করবে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার হবে জণগণের সরকার, বিএনপির সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর। দরগাপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও প্রাক্তন ইউপি সদস্য আবদাল হোসেন, যুবদল নেতা ফরিদ গাজী ও আবু জাফর যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সুজাতুর রেজা চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুনাজির হোসেন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম রাজু, তোফাজ্জল হক, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, জেলা যুবদল নেতা মুমিনুল হক কালাচাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুরাদ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক তারেক রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, সিরাজ মিয়া, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আওলাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ মোশাহিদ, তোফায়েল আহমদ, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম, প্রচার সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার,জেলা যুবদলের সদস্য আবদুল মজিদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া, জেলা কৃষক দলের আহ্বায়ক অজিত দাশ, উপজেলা ওলামা দলের সভাপতি সজীব আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিয়ারউর রহমান তুহিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সুয়েব আহমদ, জুনেদ আহমদ ফয়সল, ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও ইউপি সদস্য লিটন মিয়া, জেলা প্রজন্মদলের সভাপতি জাহিদুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা, উপজেলা ও পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, প্রজন্মদল, ওলামা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাজাজুড়ে ইসরাইলি হামলায় নিহত ৯৫, লেবাননে আরও ৪৫

0

আধুনিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাজুড়ে ইসরাইলি বর্বর হামলায় আরও ৯৫ জন নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৩ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। এছাড়া লেবাননেও নিরলস হামলা চালাচ্ছে ইসরাইল। ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৪৫ লেবানিজ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

শুক্রবার (১ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার গাজা ভূখণ্ডজুড়ে ইসরাইলি হামলায় অন্তত ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র বলা হয়েছে। যার মধ্যে বেশিরভাগ ফিলিস্তিনিই প্রাণ হারিয়েছেন অবরুদ্ধ উত্তর গাজায়।

মূলত গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া এলাকায় স্থল অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। আবার তারা ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করলেও তাদের আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

আলজাজিরা বলছে, বৃহস্পতিবার ভোর থেকে উত্তর গাজাজুড়ে একাধিক বিমান হামলায় অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ফিলিস্তিনের এই ভূখণ্ডজুড়ে অন্যান্য স্থানে আরও অন্তত ২০ জন নিহত হয়েছেন।

এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ২০৪ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া এক বছরেরও বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার সারাদেশে ইসরাইলের বর্বর হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ লেবাননে পৃথক হামলায় কমপক্ষে ছয়জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরাইলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। অবশ্য ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা এই বিবৃতিতে উল্লেখ করেনি গোষ্ঠীটি।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৮৬৫ জন নিহত এবং ১৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

হাসিনার অন্যায়ের প্রতিবাদে মন্ত্রিত্ব থেকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন জিএম কাদের

0

আধুনিক ডেস্ক:

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের জানিয়েছেন ২০০৮ সালের শেখ হাসিনার সরকারের সময় তাদের অন্যায়ের প্রতিবাদে করে মন্ত্রিত্ব থেকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আজ শুক্রবার (১ নভেম্বর) দুপুরে বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, আমাদেরকে বলা হয় আওয়ামী লীগের দোসর? কীভাবে ২০০৮ সালে নির্বাচনে আমরা আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করে নির্বাচনে অংশ নিয়েছিলাম। সেই শেখ হাসিনার সরকারে আমি মন্ত্রী ছিলাম। তাই বলে আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ ও অন্যায়ের ভাগীদার হবো কেন? সেই সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী থাকাকালে হজযাত্রীদের খারাপ বিমানে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তার প্রতিবাদে আমি পদত্যাগপত্র জমা দিয়েছিলাম।

তিনি বলেন, তখন এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত প্রতিবেদনে আমি যে সঠিক ছিলাম তা উঠে এসেছিল। যার কারণে আমাকে পদত্যাগ করতে দেয়নি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় পার্টির কখনও সন্ত্রাসের আশ্রয় নেয়নি বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, আমরা সবসময় আলাপ-আলোচনা করে চলার চেষ্টা করেছি।

‘১৯৯০ সাল থেকে আমাদেরকে শেষ করার যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, এখনকার জাতীয় পার্টির নিয়ে যা হচ্ছে তা সেই ষড়যন্ত্রের অংশ। গত কিছুদিন ধরে একটা ক্ষুদ্র জনগোষ্ঠী জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর বলে নানা অপ্রচার করছে। আমরা শুরুতে ভেবেছিলাম অন্তর্বর্তী সরকার এলে এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটা এখনও চলছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন- জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু, অতিরিক্ত মহাসচিব রেজাউল করিম, শামীম হায়দার পাটোয়ারী ও স্ত্রী শেরিফা কাদের প্রমুখ।

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

0

আধুনিক স্পোর্টস:

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করল বাংলাদেশের নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করল সাবিনা খাতুনের দল।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-নেপালের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে দুই দল। বক্সের সামনে তহুরা-সাবিনা খাতুনের বল দেওয়া-নেওয়ার মধ্যে বল পেয়ে নিখুঁত প্লেসিংয়ে বল জালে জড়িয়ে ৫১তম মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন মনিকা চাকমা।

সেই লিড টিকে মাত্র ৩ মিনিট। মধ্যমাঠ থেকে থ্রু পাসে আমিশা কার্কি গোল করে ৫৪ মিনিটে নেপালকে সমতায় ফেরান। স্বাগতিক প্রায় ২০ হাজার দর্শকের উচ্ছ্বাসে স্টেডিয়াম গর্জে ওঠে।

গোলের জন্য মরিয়া দুই দলই গোলের সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে অধিনায়ক মারিয়া মান্দার অসাধারণ এক শট ঠেকিয়ে দেন নেপাল গোলরক্ষক আঞ্জিলা। অন্যদিকে নেপালও দুইবার প্রতি-আক্রমণে গিয়ে ব্যর্থ হয়।

শেষ পর্যন্ত ৮২ মিনিটে বাঁ প্রান্ত থেকে মাসুরার থ্রো-ইন থেকে বল পান ঋতুপর্ণা চাকমা। দূর থেকে নেওয়া তার জোরালো শটে নেপালের গোলরক্ষক বল হাতে লাগালেও সেটি সেকেন্ড বারের ভেতরের অংশে লেগে জালে জড়িয়ে যায়। দারুণ গোলে ২-১ ব্যবধানের লিড নিয়ে উৎসবে মাতে বাংলাদেশ।

বাকি সময়ে নেপাল আর কোনো গোল করতে না পারলে ২-১ গোলের অসাধারণ জয়ে টানা ২য় বার সাফ শিরোপা জিতে বাংলাদেশ। একই ভেন্যুতে ২০২২ সালে ৩-১ ব্যবধানে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও সেই নেপালকে হারিয়ে একই ট্রফি ধরে রাখল দলটি, যা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জন্য এক অনন্য কীর্তি।

ওসমানীনগরে আবারো জব্দ সাড়ে ১১লক্ষ টাকার ভারতীয় চিনি, গ্রেফতার ৩

0

ওসমানীনগর প্রতিনিধি:

ওসমানীনগরে প্রায় সাড়ে ১১লক্ষ টাকা মূল্যের ১শ ৯৮বস্তা ভারতীয় অবৈধ চিনি পাচারকালে চিনিসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের বালাগঞ্জ উপজেলার আতাসন গ্রামের তেরাব আলীর ছেলে তারেক মিয়া (২৩), এয়ারপোর্ট থানার ধোপাগুল গ্রামের আব্দুল বারিক কলমদর আলীর ছেলে জুবায়ের আহমদ (২৪) ও দক্ষিণ সুরমা উপজেলার কদমতলি গ্রামের রফিক মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩)।

২৯ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (নং-১৬) দায়ের করা হয়েছে। আটককৃতরা জব্দকৃত চিনির মালিক জৈন্তাপুর থানার হরিপুর গ্রামের ছৈফ উল্লাহ’র ছেলে বেলাল আহমদ (৪৮) বলে স্বীকার করলে তাকেসহ অজ্ঞাত আরো ৪/৫জনকে মামলার আসামি করা হয়েছে।

জানা যায়, মহাসড়কের ইলাশপুর নামক স্থানে ওসমানীনগর থানার এস আই ওবায়দুল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকবর্তি (ট্রাক নং ঢাকা মেট্রো ট-২২-৯১৩৫) চিনিসহ তাদের গ্রেফতার করে। ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।