Home Blog Page 198

জৈন্তাপুরে ট্রাক চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

0

জৈন্তাপুর প্রতিনিধি:

জৈন্তাপুরে সিলেট তামাবিল মহাসড়কে কদমখাল নামক স্থানে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (৬ই নভেম্বর) সাড়ে তিনটায় মোটরসাইকেল যোগে চাচাতো ভাইদের সাথে খালার বাড়ী কদমখাল যাচ্ছিলো নিহত গুলজার আহমদ (১৮)। জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের লামামহাইল গ্রামের ফখরুল ইসলামের ছেলে নিহত গুলজার।

পথিমধ্যে তামাবিল মহাসড়কের ডিবিরহাওড় লালশাপলা বিলের প্রবেশমুখে পৌছা মাত্র বিপরীত দিক হতে আসা বালু বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-১৫৭১ ) সাথে সংঘর্ষ হলে বাইকের পিছনে বসা গুলজার বাইক থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পরপর সিলেট-তামাবিল মহাসড়ক যান চলাচল বন্ধ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সাথে আলোচনা করলে যানচলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দূর্ঘটনা কবলিত বাইকটি উদ্ধারের পাশাপাশি ঘাতক ট্রাকটিকে আটক করে। নিহতের ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে পুলিশ। বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলন: প্রকৃত ঘটনাকে আড়াল করতে সালিশ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার

0

ওসমানীনগর প্রতিনিধি:

ওসমানীনগরে আবাসিক এলাকায় শিল্প কারখানা স্থাপনের প্রতিবাদে সম্প্রতি উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর এলাকাবাসী নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করার কারণে শিল্প কারখানার মালিক পক্ষ এলাকার সালিশ ব্যক্তিদের নিয়ে বিভিন্ন মিথ্যাচার করায় বড় ইসবপুর গ্রামবাসী ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গোয়ালাবাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্যে পাঠ করে শাহাব উদ্দিন শিকদার ওরফে গফফার শিকদার বলেন, ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামে “আলিনা ইন্ডাস্ট্রি” নামক আবাসিক এলাকায় কারখানা স্থাপনের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছেন। উক্ত আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে অসৎ উদ্দেশ্যে কথিত ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী লামা ইসবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ হিরা মিয়া তার সহযোগী কথিত সিইও জনি চন্দ্র রায় ও দক্ষিণ সুরমা উপজেলার তেতলী (মাঝপাড়া) নিবাসী শরীফ উদ্দিনসহ কিছু কুচক্রীদের মাধ্যমে সম্প্রতি এলাকাবাসীর বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেন। উক্ত সম্মেলনে বড় ইশবপুর তথা ওসমানীনগর উপজেলার বিশিষ্ট সামাজিক ও সালিশ ব্যক্তিত্ব আব্দুল মালিক শিকদার মানিক শিকদার, আব্দুল গফফার শিকদার, শাহ দামড়ী পীরবাড়ির পীর সৈয়দ শানুর মিয়া, হাজী মানিক মিয়া, মুমিন মিয়া, আনহার মিয়া, স্থানীয় জনপ্রতিনিধি মুকিদ মিয়াসহ প্রতিবাদী এলাকাবাসীর বিরুদ্ধে চাঁদাবাজি, হয়রানি, নির্যাতন ও হত্যার হুমকি, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার করেন। এলাকার সামাজিক নেতবৃন্দদের চাঁদাবাজ চক্র বলে আখ্যা দিয়ে সবার মানহানি করেছেন। আমরা তাদের এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের মিথ্যা অভিযোগসমূহ সার্বিকভাবে প্রত্যাখ্যান করছি। ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ বড় ইশবপুর একটি জনবহুল গ্রাম। লামা ইসবপুর গ্রামের প্রবাসী হিরা মিয়া কর্তৃক ভুয়া তথ্য প্রদানপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভ্রান্ত করে জনবহুল এ আবাসিক এলাকায় কথিত ইন্ডাস্ট্রি স্থাপনের পরিকল্পনা করে যাচ্ছেন। আবাসিক এলাকায় শিল্প কারখানা স্থাপন করলে, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার আশংকা, পার্শ্ববর্তী মাদ্রাসা-স্কুল, মসজিদ, মাজার, পরিবেশ বিপর্যয়কর শব্দদূষণ, কারখানার রাসায়নিক বর্জ্য পদার্থের কারণে পানি দূষণের ফলে পার্শ্ববর্তী কৃষি জমির ওপর ব্যাপক ক্ষতিকর প্রভাব ও মৎস্য সম্পদের জলাধার বিনষ্ট হওয়া, স্বাস্থঝুঁকিসহ সামগ্রিক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এ বিষয়টি নিয়ে বড় ইশবপুরস্থ গোয়ালাবাজার-খাদিমপুর সড়কে উমরপুর ও গোয়ালাবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের শ্রেণি ও পেশার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিগত ৩০ অক্টোবর সংবাদ সম্মেলনে আলিনা ইন্ডাস্ট্রির মালিক হিরা মিয়ার পক্ষে তার মুখপাত্র জনি চন্দ্র রায় বর্তমান ইউপি সদস্য মুকিদ মিয়া ও অন্যান্যদের বিরুদ্ধে চাঁদাবাজির মাধ্যমে বড় অঙ্কের টাকা দাবির যে অভিযোগ এনেছেন তা অসত্য, পরিকল্পিত, মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্য। এটি প্রকৃত ঘটনা ও সত্যকে আড়াল করে হিরা মিয়ার অসৎ ব্যবসায়িক উদ্দেশ্য হাসিলের অপকৌশল ছাড়া আর কিছু নয়। ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শাহাব উদ্দিন শিকদার ওরফে গফফার শিকদার, আব্দুল মালিক শিকদার ওরফে মানিক শিকদার, ইউ/পি সদস্য আব্দুল মুকিত, আমিরুল শিকদার, মুমিন মিয়া প্রমুখ।

গোয়াইনঘাট সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

0

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৮ কোটি ০২ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকায় বিজিবির উপ-অধিনায়ক সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) মেজর মোঃ নূরুল হুদা’র নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

এতে ভারতীয় শাড়ী-২,৯০৭ পিস, কাশ্মীরি শাল-১,১৬২ পিস, থ্রী পিস-৪১৩ পিস, বিভিন্ন প্রকার থান কাপড়-১২,৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড়-১,১৬০ মিটার, মকমলের সোফার কভার-১৫৫৬ মিটার, বিভিন্ন প্রকার ক্রিম-৪৪,৭২২ পিস, পন্ডস ফেস ওয়াশ-১,৬৬৯ পিস, জনসন বেবী লোশন-৬১২ পিস ব্রিকস চকলেট-২,৬২,৯৯০ পিস, ই-ক্যাপ ট্যাবলেট-১৩,২৬০ পিস, এবং অন্যান্য ভারতীয় পণ্য আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য আট কোটি দুই লক্ষ একত্রিশ হাজার একশত পঞ্চাশ টাকা।

এসব চোরাই মালামাল আটকের বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুনামগঞ্জ জেলা কমিটিতে শান্তিগঞ্জের তিন নেতা: উচ্ছ্বসিত উপজেলা বিএনপি

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

অর্ধ যুগেরও বেশি সময় পর সোমবার (৪ ডিসেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলা বিএনপির ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রিয় বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলনকে। একই কমিটিতে স্থান পেয়েছেন শান্তিগঞ্জ উপজেলার তিন নেতা। তারা হলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক আহমদ এবং জেলা বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক নূর আলী। জেলা কমিটিতে এই তিন নেতার স্থান পাওয়াতে উচ্ছ্বসিত উপজেলার বিএনপি পরিবার। সেই সাথে আহ্বায়ক কমিটি থেকে বাদ পড়া ত্যাগী নেতারা পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে। আনছার উদ্দিন, ফারুক আহমদ ও নূর আলী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে স্থান পেয়েছেন।

নেতাকর্মীরা জানান, শান্তিগঞ্জ উপজেলা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উর্বর ভূমি। এখানে আনছার উদ্দিন ও ফারুক আহমদের মতো ত্যাগী নেতাদের জন্ম হয়েছে। রাজনীতিতে স্থানীয় পর্যায়ে বিএনপি পরিবারটিকে এগিয়ে নিতে এই দুই নেতা আলাদা বলয়ে হোক আর আর এক সাথেই হোক দিনরাত পরিশ্রম করেছেন। গত সরকারের দেওয়া মামলা, হামলায় তারা অনেক নির্যাতন সহ্য করেছেন৷ জেল খেটেছেন। গ্রেফতার এড়াতে হাওর-জঙ্গলে অসংখ্য রাত কাটিয়েছেন। শান্তিগঞ্জে রাজনৈতিক কোনো গ্রুপিং নয়, আছে রাজনৈতিক নেতৃত্বের প্রতিযোগিতা। এটাই রাজনীর সৌন্দর্য।

জেলা বিএনপিতে এই ত্রয়ী নেতার স্থান পাওয়া নিয়ে কথা হয় উপজেলার একাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর সাথে। বিষয়টি নিয়ে খুবই উচ্ছ্বসিত তারা।

শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাছুম বলেন, আনছার উদ্দিন, ফারুক আহমদ ও নূর আলী আমাদের রাজনৈতিক অভিভাবক। তারা জেলার ৩২ জনের আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়ায় আমরা খুবই খুশি, আনন্দিত, উচ্ছ্বসিত। আমরা বিশ্বাস করি তাদের নেতৃত্বে একটি যোগ্য কমিটি পেতে যাচ্ছি আমরা। যে কমিটিতে ত্যাগী, কারা বরণকারী, নির্যাতিত কর্মীরা স্থান পাবেন। তারা ত্যাগীদের মূল্যায়ণ করবেন বলে আমাদের বিশ্বাস। আমাদের উপজেলা থেকে তিন নেতাকে কমিটিতে স্থান দেওয়ায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান, কয়ছর এম আহমদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা। সেই সাথে আহ্বায়ক কমিটির তিন সদস্যকে অভিনন্দন!

উপজেলা যুবদল নেতা ফরিদ গাজী, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী শাহ আলম ও ছাত্রদল নেতা মানছুর আহমদ বলেন, আমাদের উপজেলা থেকে তিন নেতা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আমরা খুবই উচ্ছ্বসিত। শান্তিগঞ্জ উপজেলা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উর্বর ভূমি। শান্তিগঞ্জে রাজনৈতিক কোনো গ্রুপিং নয়, আছে রাজনৈতিক নেতৃত্বের প্রতিযোগিতা। এটাই রাজনীর সৌন্দর্য। ফ্যাসিস্ট সরকারের উত্তাল সময়েও শান্তিগঞ্জ বিএনপি সক্রিয় ছিলো। ত্যাগী নেতারা সদস্য নির্বাচিত হওয়ায় কার্যক্রম আরও বাড়বে বলে আমরা বিশ্বাস করি। তবে এই কমিটিতে কিছু ত্যাগী, কারা বরণকারী নেতারা বঞ্চিত হয়েছেন। আমরা আশা করবো, পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় তারাও মূল্যায়িত হবে।

বিএনপির সুনামগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির সদস্য পদে স্থান পাওয়া তিন নেতা আনছার উদ্দিন, ফারুক আহমদ ও নূর আলী বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদসহ যারা আমাদেরকে মূল্যায়ণ করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা মনে করছি এই কমিটির মধ্য দিয়ে ত্যাগীদের মূল্যায়ণ করা করা হয়েছে। আর যারা বাদ পড়েছেন পূর্ণাঙ্গ কমিটিতে তারা স্থান পাবেন বলে আমাদের বিশ্বাস। শান্তিগঞ্জ উপজেলা বিএনপি আগেও সক্রিয় ছিলো এখনো সক্রিয়। আমাদের উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে আমরা চেষ্টা করবো তা যথাযথভাবে পালন করার। শান্তিগঞ্জে যারা কারা বরণ করেছেন, নির্যাতিত ছিলেন, হামলা-মামলার স্বীকার হয়েছেন তারা মূল্যায়িত হবেন। ত্যাগী নেতাকর্মীদের বিকল্প নেই।

ওসমানীনগরে দুই দোকান থেকে ৩৭ লাখ টাকার মোবাইলফোন চুরি

0

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে দু’টি দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের তিন শতাধিক স্মার্টফোন চুরি হয়েছে। সোমবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার আল হাসান মার্কেটের ফাইমা টেলিকম ও আয়ান মোবাইল শপে এই চুরির ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ, স্থানীয় চেয়ারম্যান এবং বাজার কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, আল হাসান মার্কেটের নিচ তলায় অনেকগুলো দোকানের তালা কেটে ফেলে চোরেরা। এর মধ্যে ফাইমা টেলিকম ও আয়ান মোবাইল শপের ভিতরে প্রবেশ করতে সক্ষম হয় তারা। এই দোকান দুটিতে রাখা স্যামসাং, অপো, ভিভোসহ ভিবিন্ন ব্রান্ডের নতুন পুরাতন ৩ শতাধিক স্মার্টফোনসহ মোবাইল এক্সসরিজ চুরি করে নিয়ে যায় চোরেরা। চুরি হওয়া মালামালের মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা বলে জানিয়েছেন ব্যবসায়িরা।

সকালবেলা একটি ব্যস্ত বাজারে এমন চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়িরা। তাছাড়া যে মার্কেটে চুরির ঘটনা ঘটেছে তার উপরেই রয়েছে উত্তরা ব্যাংকের শাখা। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে ছুটে আসে ওসমানীনগর থানা পুলিশ, স্থানীয় চেয়ারম্যান পীর মজনু মিয়া এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা।

ফাইমা টেলিকমের মালিক সুন্দর মিয়া বলেন, এই চুরির ঘটনা আমাকে নিঃস্ব করে দিয়েছে। দোকান থেকে নগদ টাকা ও ৮৯ পিছ স্মার্টফোনসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

আয়ান মোবাইল শপের মালিক জুনেদ মিয়া রিবু বলেন, দোকানে বিভিন্ন ব্রান্ডের এক শতাধিক নতুন এবং এক শতাধিক পুরাতন স্মার্টফোন নিয়ে গেছে চোরেরা। যেগুলোর মূল্য প্রায় ২০ লাখ টাকা হবে।

ওসমানীনগর থানার ওসি মো: মোনায়েম মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন আছে।

অক্টোবরেই উদ্ধার কোটি টাকার চিনি: চোরাকারবারিদের গলারকাঁটা ওসমানীনগর পুলিশ

0

জুবেল আহমেদ, ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটে বেপরোয়া হয়ে উঠেছে চিনি চোরাকারবারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানেও কোনভাবে থামানো যাচ্ছেনা অবৈধ ভারতীয় চিনি চোরাকারবারীদের। চিনি চোরাকারবারীদের নিরাপদ রোড হয়ে উঠেছে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশ। তবে এসব চোরাকারবারিদের পথের কাটাঁ হয়ে দাঁড়িয়েছে ওসমানীনগর থানা পুলিশ। গত ১ মাসে চিনি বোঝাই একের পর এক ট্রাক আসছে আর ফেঁসে যাচ্ছে পুলিশের জালে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ভারতীয় চিনি চোরাচালান করতে গিয়ে শুধু অক্টোবর মাসেই ওসমানীনগর থানা পুলিশ কোটি টাকার উপরে অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করেছে। একই সময় চিনি চোরাচালানের সাথে জড়িত, চিনির গাড়ী ছিনতাইয়ের চেষ্টা, চিনি ছাড়িয়ে নিতে ঘুষ প্রদানে অপচেষ্টা সহ এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ২০জনকে আটক করে পুলিশ।

পুলিশের বিভিন্ন অভিযানে গতকাল সোমবার পর্যন্ত ১২১২ বস্তায় ৯৫০৪০ কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করেছে যার বাজার মূল্য ১ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময় চোরাচালানের পন্য বহনের কারণে ৫টি ট্রাক, ২টি মাইক্রোবাস ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সব ঘটনার জন্য সংশ্লিষ্ট আইনে ওসমানীনগর থানায় ৮টি মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রোববার বিকেলে উপজেলার তাজপুর বাজারে ২৮০ বস্তা বোঝাই ২০ লাখ টাকবার অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। এর সাথে জড়িত থাকার অভিযোগে ৪জনকে আটক করে পুলিশ। গত ২৯ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে চিনি চোরাচালান নিয়ে যাওয়ার খবর পেয়ে উপজেলার ইলাশপুর নামক স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রায় সাড়ে ১১লক্ষ টাকার ১শ ৯৮বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ২৮ অক্টোবর রাতে ট্রাকভর্তি চিনি চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার সামন থেকে ১৬ লক্ষ ৮০ হাজার টাকার ২শ’ ৮০ বস্তায় ১৪ হাজার কেজি অবৈধ ভারতীয় চিনিসহ ৪ জনকে আটক করে পুলিশ। ২৭ অক্টোবর রাতে উপজেলার গোয়ালাবাজার ইউপির গয়নাঘাট নামক স্থান থেকে সাড়ে ১১ লক্ষ টাকার ২০০ বস্তায় ৯ হাজার ৬শ কেজি অবৈধ ভারতীয় চিনিসহ জৈন্তাপুর উপজেলার পানিছড়া চা বাগান এলাকার নিরেশ দাসের পুত্র ট্রাক চালক সমিরন দাসকে (৩০) আটক করে পুলিশ। ২৪ অক্টোবর সকালে গ্রাম তলা (দাশপাড়া) এলাকার হালিমা ম্যানশনে গুদামে অভিযান চালিয়ে বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৩৫ হাজার টাকার ৬৭ বস্তায় ৩ হাজার ২১৬ কেজি চিনি সহ ১জনকে আটক করে পুলিশ। ১৩ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাদিপুর সেতুর সামনে থেকে স্থানীয় জনতার সহযোগিতায় ২০৫ বস্তায় ১০ হাজার ২শ’ ৫০ কেজি চিনিভর্তি ট্রাক, দুইটি মাইক্রোবাস,দুইটি মোটরসাইকেল ও সিলেট মহানগর বিএনপির দুই প্রভাবশালী নেতাসহ ৬ জনকে আটক করে পুলিশ। গত ৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর ব্রিজ এলাকা থেকে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ৬৮২ বস্তায় ৩৪ হাজার ১০০ কেজি চিনি আটক করে পুলিশ। এসময় চিনি ছিনতাইকালে পালিয়ে যাওয়ার সময় ১জনকে আটক করা হয়।

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, চিনি চোরাচালানীদের বিরুদ্ধে ওসমানীনগর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না।

অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর(সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম বলেন, পুলিশ চোরাকারবারীদের বিরুদ্ধে সার্বোক্ষণিক নজর রাখছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় মোছাঃ সমরুন নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া কালাসাদক গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী। সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট ভোলাগঞ্জ সড়কের পাড়ুয়া ফিলিং স্টেশনের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে ভোলাগঞ্জ টু সিলেটগামী পাড়ুয়া পাম্পের কাছাকাছি পাকার রাস্তার উপর সমরুন নেছাকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল শাবিপ্রবি

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার ৩২০ একরের ভুমিতে বরণ করে নিল স্নাতক ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের।

রবিবার (৩ নভেম্বর ) দুই ধাপে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

এ সময় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিমের সভাপতিত্বে এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

সকালে অনুষ্ঠানের প্রথম পর্বে ‘বিজ্ঞান অনুষদের ভর্তিকৃত শিক্ষার্থীদের এবং দুপুর আড়াইটায় সামাজিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়টি।

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন ও কার্যক্রম নবীন শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়। নবীন শিক্ষার্থীরা যেন সকল ধরনের হয়রানি মুক্ত থাকতে পারে সেজন্য প্রক্টরিয়াল নীতিমালা ও যৌন নির্যাতন প্রতিরোধ সেল সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘দেশসেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে পেরেছ এটা গৌরবের। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, পড়ালেখা ও গবেষণার পাশাপাশি শরীরচর্চা করতে হবে। কখনো নেশাগ্রস্ত হওয়া যাবে না। এমনকি সিগারেট না খেতেও নির্দেশনা দেন শিক্ষার্থীদের।

উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম নবীনদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

জুলাই বিপ্লবে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, ‘টিলাবেষ্টিত সবুজ ক্যাম্পাসে তোমাদের পদচারণা মঙ্গল হোক। বিশ্ববিদ্যালয় হলো মুক্ত জ্ঞানচর্চার জায়গা। সেই মুক্ত জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। একটি আদর্শ সমাজ বিনির্মাণে যেরকম মানুষ দরকার আমরা সে রকম মানুষ তৈরি করতে চাই।

সমাপনী বক্তব্যে অধ্যাপক ড রেজা সেলিম নবীনদের উদ্দেশ্য বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবে। কেননা এটা নেশার মত। আর তোমরা অবগত আছো যে কোন কিছুর নেশা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

নিজের অনূভুতি ব্যক্ত করে সদ্য ভর্তি হওয়া কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রেদওয়ানুল হক মারুফ বলেন, ‘মা বাবার দোয়া আর নিজের প্রচেষ্টায় গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে প্রথম হই। পছন্দের শীর্ষে আর দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি। এখন শাবির অগ্রগতির অংশীদার হতে চাই।

ব্যবসায় প্রশাসন বিভাগের শেখ নাজিয়া রহমান বলেন, ‘সিলেটের স্থানীয় বাসিন্দা হওয়ায় ছোট থেকেই শাবি আমার কাছে একটি আবেগী নাম। নিজের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আমি গর্বিত। এ সফলতার পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি আমার শিক্ষক ও মা-বাবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয় জীবন দক্ষতার পাশাপাশি বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে সেই প্রত্যাশা করছি’।

নবীন বরন অনুষ্ঠান পরবর্তীতে শিক্ষার্থীদের অনুভূতি জানতে চাইলে সমাজ-কর্ম বিভাগের নবীন শিক্ষার্থী সাগর মজুমদার বলেন, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পেরে খুবই ভালো লাগতেছে। নৃবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী অতই বলেন, ৩২০ একরের শিক্ষার্থী হতে পেরে আমি আমার মা বাবার মুখে হাসি ফোটাতে ফেরেছি যা আমার জন্য সর্বোচ্চ সাফল্যের। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস চাই যেখানে আমরা নবীন শিক্ষার্থীরা কোন ধরনের শারীরিক, মানসিক হেনস্তার শিকার না হয়ে আমাদের মেধার বিকাশ ঘটিয়ে আমাদের নিজেদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে অনন্য মাত্রায় নিয়ে যাব।

পলিটিক্যাল স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী জাকির আহমেদ বলেন যদিও আমি আমার কাংক্ষিত বিষয় পাইনি এজন্য একটু মন খারাপ ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পর এর সৌন্দর্যে বিমোহিত হয়েছি।

এদিকে দেশের নানা প্রান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীদের আগমনে ক্যাম্পাস সেজেছে নতুন আঙ্গিকে। গোলচত্তর থেকে কেন্দ্রীয় মিলনায়তন পর্যন্ত রাস্তার দুপাশে শোভা পাচ্ছে নানা রঙের পতাকা। এদিন সকাল থেকেই নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করে। শিক্ষার্থীদের সঙ্গে তাদের মা-বাবাকে আসতে দেখা যায়। আয়োজক কমিটির সদস্যরাও শিক্ষার্থীদের সাথে অবিভাবকদের অনুষ্ঠান উপভোগের সুযোগ করে দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এবং বিশ্ববিদ্যালয়ের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ধন্যবাদ জানান অভিভাবকরা।

গ্রেফতার যুবলীগ নেতাকে বিএনপি কর্মী বানানোর চেষ্টা, দলের নিন্দা

0

আধুনিক ডেস্ক:

ফিনল্যান্ডপ্রবাসী যুবলীগ নেতা ও আওয়ামী লীগ নেতাদের অর্থদাতা সাজ্জাদুর রহমান মুন্নাকে বিএনপির কর্মী বানানোর অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সিলেট মহানগরের ২১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা প্রতিবাদ জানিয়েছেন।

শনিবার (২ নভেম্বর) ওয়ার্ড বিএনপির সভাপতি মো.খায়রুল ইসলাম খায়ের ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেবুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ফিনল্যান্ডপ্রবাসী যুবলীগ নেতা ও আওয়ামী লীগ নেতাদের অর্থদাতা সাজ্জাদুর রহমান মুন্নার বাসায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলাও আছে। কিন্তু গ্রেফতারের পর বিভিন্ন গণমাধ্যমে মুন্নাকে বিএনপি কর্মী বানানোর অপচেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা ২১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতারা তা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হয়রানি করে আসছিল সাজ্জাদুর রহমান মুন্না। সেই সঙ্গে গ্রেফতারের তথ্য ও টাকা দিয়ে সহযোগিতা করেছিল। ৫ আগস্ট আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পর খোলস পাল্টে বিএনপি কর্মী সাজার নাটক শুরু করে দিয়েছে মুন্না। তার এই নাটক মামলা থেকে বাঁচার জন্য। অথচ ফ্যাসিবাদী হাসিনার আমলে আওয়ামী এমপি-মন্ত্রীদের সঙ্গে দলীয় কর্মসূচিতে দেখা গেছে তাকে। দিনরাত তাদের পেছনে সময় ও টাকা দিয়ে সহযোগিতা করেছে।

বুধবার (৩০ অক্টোবর) রাত ১১টায় কোতোয়ালি থানার বিস্ফোরক মামলায় সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ফিনল্যান্ড যুবলীগের সহসভাপতি সাজ্জাদুর রহমান মুন্নাকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তার বিরুদ্ধে অর্থ পাচারসহ নানা অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় অভিযোগ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের অবৈধ আয়ের অর্থ ফিনল্যান্ড পাচার এবং সেই অর্থে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়া।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সাবেক মন্ত্রী মোমেন এখন ফিনল্যান্ড আছেন এবং তাকে সেখানে রেখেছেন যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান মুন্না।

হাওরবাসীর স্বপ্ন পূরণ: নবীন বরণের মধ্য দিয়ে সুবিপ্রবির আনুষ্ঠানিক যাত্রা শুরু

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

দীর্ঘ অপেক্ষার পর এবার সুনামগঞ্জবাসীর স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। উদ্বোধন হয়েছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের। নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে ইতিহাসের নতুন এক যুগে পদার্পণ করেছে হাওরের রাজধানী খ্যাত সুনামগঞ্জ জেলা।
রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় জেলার শান্তিগঞ্জস্থ টেক্সটাইল ইন্সটিটিউটের সভা কক্ষে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ নেয় সুবিপ্রবি।

প্রতিষ্ঠানটিতে চার বিভাগে ১২৮ জন শিক্ষার্থী নিয়ে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের অস্থায়ী ক্যাম্পাসে চলবে এ শিক্ষা কার্যক্রম।

নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থ বিভাগের চেয়ারম্যান শেখ আবদুল লতিফ। বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইদুল হাসান এবং শান্তা রানী সাহার যৌথ পরিচালনায় শিক্ষা কার্যক্রম উদ্বোধন এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন হলেও আপনারা জেনে খুবই খুশি হবেন যে, ইতোমধ্যে প্রায় ৫০টি জার্নালে এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এটি অত্যন্ত আশাবাদের খবর। এখানে অনেক শিক্ষক এসেছেন, যারা চাইলে একটি বিশ্ববিদ্যালয়ের চেহারা আমূল বদলে দিতে পারবেন। সুনামগঞ্জবাসীর জন্য এটিও ভালো খবর। আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মেয়েরা মায়ের জাতি। তারাও পুরুষের সাথে সমানে কাজ করে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে, যাচ্ছে। একজন শিক্ষিত নারীই পারে তার পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। এটি সব সময় প্রমাণিত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হেমায়েত মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অভিভাবক শফিকুল ইসলাম, নবীণ শিক্ষার্থী মুহতাসিবা, আদিবা জামান নাফি, মনিকাঞ্চন মৃধা জিওন, আশরাফ হোসেন, আদৃতা তালুকদার ও সোহানুর রহমান সোহান প্রমুখ৷
এসময় বিশ্ববিদ্যালয়র বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।