Home Blog Page 200

অ্যাপ থেকেই মিলবে টিউশন

0

শাবিপ্রবি প্রতিনিধি:

‘মিডিয়াকে না বলি, টিউশন পাওয়া সহজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিশন মুক্ত টিউশন অ্যাপ উদ্ভাবন করল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেলিম রানা।
বুধবার সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সংবাদ সম্মেলন কক্ষে এ উদ্ভাবনী অ্যাপস উদ্ভোধন করেন উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।
মূলত টিউশন বাণিজ্য ভেঙ্গে শিক্ষার্থীদের স্বেচ্ছায় টিউশন ব্যবস্থা করে দিতে জনকল্যাণমূলক এ অ্যাপস্ উদ্ভাবন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অ্যাপসটির বৈশিষ্ট্য সম্পর্কে উপস্থাপনা নিয়ে আসেন অ্যাপসটির উদ্ভাবক পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সেলিম রানা। উদ্ভাবক বলেন, “অ্যাপসটি টিউশন কেন্দ্রিক যে ব্যবসা, সে ব্যবসা ভাঙ্গতে যুগান্তকারী ভূমিকা পালন করবে। অ্যাপস্ থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা সেবা পেতে হলে প্রথমে তাদেরকে অ্যাপসে গিয়ে নাম, ফোন নাম্বার ও ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই অ্যাপসে বাংলাদেশের যেকোন জায়গা থেকে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে। তবে সেবাটি আপাতত সিলেটে চালু করা হবে। এতে করে টিউটর চাওয়া শিক্ষার্থী বা অভিবাবক তাদের রিকুয়ারমেন্ট অনুযায়ী বিষয়ভিত্তিক বিষয়ের জন্য সেখানে আবেদন করতে পারবেন। সে আবেদনের নোটিফিকেশন রেজিস্ট্রেশন করা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিকট পৌঁছে যাবে। এতে টিউটর কোন ধরনের মিডিয়া ফি ছাড়াই অভিবাবকের সাথে যোগাযোগ করে টিউশন নিতে পারবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকারের সভাপতিত্বে ও নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।

উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের এই উদ্ভাবনকে সাধুবাদ জানাই। তাদের এ ধরনের যেকোন উদ্ভাবনমূলক কার্যক্রমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাশে থাকবে। আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা সামনে আরও ভালো ভালো ইনোভেটিভ অ্যাপস উদ্ভাবন করবে।”

এই অ্যাপসের পাশাপাশি শিক্ষার্থীদের পার্ট টাইম জবের অ্যাপসের ইনোভেশনের পরামর্শ দেন উপাচার্য।

বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম বলেন, “আমি দীর্ঘদিন যাবৎ সিলেটে আছি। এখানকার টিউশন কেন্দ্রিক আমার অভিজ্ঞতা খুবই বিরক্তিকর। এখানে একজন শিক্ষার্থীকে মিডিয়া থেকে টিউশন নিতে হলে মোট টিউশনের ৬০ শতাংশ মিডিয়া দিতে হয়। আমাদের শিক্ষার্থীদের এই ইনোভেশনের মাধ্যমে এখন সে টিউশন কেন্দ্রিক সিন্ডিকেট ভেঙ্গে যাবে। এতে শিক্ষার্থীদের টিউশন কেন্দ্রিক ভোগান্তির লাঘব হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান, ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো ইকবাল হোসাইন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুরাদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গ্রাহকরা অ্যাপসটি টিউশন অ্যাপ নামে গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে সার্চ করলেই পাবে।

শান্তিগঞ্জে বস্ত্র শিক্ষাখাতকে অস্থিতিশীল ও ষড়যন্ত্রকারীদের বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

0

সুনামগঞ্জ প্রতিনিধি:

বস্ত্র অধিদপ্তরের নিয়োগবিধি ও বস্ত্র শিক্ষাখাতকে অস্থিতিশীলকারী ও ষড়যন্ত্রকারীদের বিচারের দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টায় সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন করেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, বস্ত্র অধিদপ্তরাধীন সকল প্রতিষ্ঠানের জন্য বৈষম্যহীন সমন্বিত নিয়োগবিধি চাই যেখানে সম-যোগ্যতাসম্পন্ন সবাই সমান সুযোগ পাবে। বস্ত্র অধিদপ্তরাধীন সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য ৫০% সিট বরাদ্দ রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে ডিপ্লোমা ও ভোকেশনাল ইন্সটিটিউটের শিক্ষক সংকট দূর করতে হবে। অফিস করে না, ক্লাস নেয় না, এইরকম দূর্নীতিবাজ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বস্ত্র অধিদপ্তর ও বস্ত্রশিক্ষা অস্থিতিশীল করার জন্য কলেজের সকল ষড়যন্ত্রকারী দোষীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করা হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কারিগরি শিক্ষার দক্ষতা যাচাই করে পিএসসি এর মাধ্যমে নিয়োগ নিশ্চিত করতে হবে। নন-ক্যাডার থেকে নিয়োগ মানি না। বিসিএস টেক্সটাইল ক্যাডার অনতিবিলম্বে বাস্তবায়ন চাই। আর যারা আমাদের টেক্সটাইলের শিক্ষকদের নিয়ে কটুক্তি করেছেন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ওসমানীনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

0

ওসমানীনগর প্রতিনিধি:

ওসমানীনগরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৪টি দোকানে ভোক্তা অধিকার আইনে ৭হাজার টাকা জারিমানা আদায় করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২ দিকে উপজেলার গোয়ালাবাজারে আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভিন। এসময় উপস্থিত ছিলেন, গোয়ালাবাজার ইউনিয়নের (সদস্য ) প্যানেল চেয়ারম্যান ও বাজার কমিটির সদস্য শাহ আলমগীর, বাজার সেক্রেটারী মনির আলী, উপসহকারী উদ্ভিদ কর্মকর্তা আরিফ রব্বানি ও এএসআই আব্দুর রহিম।

ওসমানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভিন জানান, ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রি করতে না পারে, সে জন্য বাজার মনিটরিং করে কয়েকটি দোকানে জরিমানা আদায় করা হয়েছে। বাজার মনিটরিংয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। বেশি দামে খাদ্য-পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাপুরে বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসন

0

জৈন্তাপুর প্রতিনিধি:

জৈন্তাপুর নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাপন্যের বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১ টায় জৈন্তাপুর সদরে দৈনিক বাজার মনিটরিং এ আসেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী।

এ সময় নিত্য প্রয়োজনীয় মুদি, ভূষি পন্যের বিভিন্ন দোকান তিনি পরিদর্শন করেন। এ সময় কোন কোন দোকানে দ্রব্যমূল্যের নির্ধারিত তালিকা প্রদর্শন না করা ও ক্রয়মূল্যের রিসিটের সাথে বিক্রয়মূল্যে ব্যবধান বেশী থাকায় তাদের মৌখিকভাবে সর্তক করে দেন।

এ সময় বাজার মনিটরিং কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মনসুর আহমেদ, ৮ নং ওয়ার্ডে সদস্য আখলাকুল আম্বিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের খাদ্য পরিদর্শক সবিতা দেবী, জৈন্তাপুর মডেল থানার সহকারী উপ পরিদর্শক রাজিবুল হাসান, জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ সহ স্হানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মাঝে রাখতে ও সিন্ডিকেট করে যাতে দ্রব্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

কেমুসাসে ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

0

আধুনিক ডেস্ক:

সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সিলেট ক্যালিগ্রাফার’স এসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মাঠে এই আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যালিগ্রাফির ইতিহাস, ইসলামিক সংস্কৃতি, এবং এর সৌন্দর্যের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৩০ জন শিল্পী অংশগ্রহণ করেন, যারা দর্শকদের সামনে সরাসরি ক্যালিগ্রাফি তৈরি করেন। গুণীজনদের উপস্থিতি এবং দর্শকদের উপচে পড়া ভিড় ক্যাম্পটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

শিল্পী মোঃ জাহিদুল ইসলাম এই ক্যাম্পের উদ্দেশ্য সম্পর্কে বলেন, “ক্যালিগ্রাফি আমাদের ইসলামিক সংস্কৃতির অন্যতম প্রতীক এবং প্রাচীন একটি শিল্প। নববী যুগ থেকে শুরু হওয়া এই ঐতিহ্য আজও টিকে আছে, যা মুসলমানদের মধ্যে শক্তিশালী শিল্পসত্ত্বা তৈরি করেছে। আমাদের লক্ষ্য হলো অপসংস্কৃতির প্রভাব কমিয়ে সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসার করা, যেন আমাদের প্রাচীন শিল্প বিশ্বময় ছড়িয়ে পড়ে।”

এই আর্ট ক্যাম্পের মাধ্যমে সিলেটের মানুষ ক্যালিগ্রাফির নান্দনিকতা ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সচেতন হন। ক্যালিগ্রাফি শুধুমাত্র ইসলামিক শিল্প নয়, বরং এটি বর্তমানে আধুনিক শিল্পকলার অন্যতম ধারায় পরিণত হয়েছে। এই ক্যাম্পে প্রাচীন ও আধুনিক ক্যালিগ্রাফির বিভিন্ন স্টাইল ও কৌশল প্রদর্শন করা হয়, যা নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করেছে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, এই ধরনের উদ্যোগ সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে ক্যালিগ্রাফির গুরুত্ব আরও বাড়াবে এবং নতুন প্রজন্মকে এই ঐতিহ্যবাহী শিল্পের দিকে আকৃষ্ট করবে।

এই আয়োজনের মাধ্যমে ক্যালিগ্রাফির প্রতি মানুষের ভালবাসা ও আগ্রহ আরও বৃদ্ধি পাবে, এবং সিলেটের সংস্কৃতিতে এই শিল্পটির অবস্থান আরও মজবুত হবে বলে আশা করছেন আয়োজকরা।

বাংলাদেশকে ‘৭’ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

0

আধুনিক স্পোর্টস:

মিরপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের চতুর্থ দিনে প্রোটিয়াদের ১০৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল টাইগাররা। চতুর্থ দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগেই সেই লক্ষে পৌছে যায় দক্ষিণ আফ্রিকা। ১০৬ রানের লক্ষ্য ৩ উইকেট হারিয়ে ২২ ওভারেই ছুঁয়ে ফেলে তারা। বেশ সহজেই তা ছুঁয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।

রান তাড়ায় তেমন সমস্যায় পড়তে হয়নি সফরকারীদের। উদ্বোধনী জুটিতে ৪২ রান যোগ করেন এইডেন মার্করাম ও টোনি ডি জোর্জি। মার্করাম ফেরেন ২০ রান করে। ছক্কা মারতে গিয়ে আউট হন ৪১ রান করা ডি জোর্জি।

পরে ডেভিড বেডিংহ্যামকেও ফেরান তাইজুল ইসলাম। রায়ান রিকেল্টনকে নিয়ে ম্যাচ শেষ করেন ৩০ রানে অপরাজিত থাকা ট্রিস্টান স্টাবস। প্রথম ইনিংসে ৫টির পর দ্বিতীয়বার ৩ উইকেট নেন তাইজুল।

এর আগে চতুর্থ দিন সকালে বাংলাদেশের ইনিংস টিকেছে মাত্র ৪ ওভার ৫ বল পর্যন্ত। ৮৫ ওভারে ৭ উইকেটে ২৮৩ রানে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ৮৯ ওভার ৫ বলে ৩০৭ রানে।

অপরাজিত ৮৭ রানে তৃতীয় দিন শেষ করা মিরাজের ব্যাটে আজ সেঞ্চুরি দেখার আশায় ছিলেন অনেকেই। ব্যক্তিগত ১৬ রানে অন্য প্রান্তে ছিলেন নাঈম হাসান। কিন্তু দিনের তৃতীয় বলেই নাঈমকে ফিরিয়ে দিয়ে অন্য কিছুর ইঙ্গিত দেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। মাঝে দুই ওভার পর উইয়ান মুল্ডার তাইজুলকে আউট করায় মিরাজের সেঞ্চুরি করা শঙ্কার মুখে পড়ে যায়। এই স্পিন অলরাউন্ডার তখন ৯৭ রানে অপরাজিত। কিন্তু পরের ওভারে মিরাজ নিজেই রাবাদাকে উইকেট দেন। তাতে ৯৭ রানে থামে তাঁর ইনিংস। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে থামে ২০৭ রানে।

রাবাদা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে নিয়েছেন ৬ উইকেট। দুই ইনিংস মিলিয়ে মিরপুর টেস্টে মোট ৭২ রানে ৯ উইকেট নিলেন রাবাদা। যা তাঁর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেরা বোলিং। ক্যারিয়ারে এ নিয়ে ১৫তমবার ইনিংসে ৫ উইকেট নিলেন রাবাদা।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ এবং জাকের আলীর রেকর্ড ১৩৮ রানের জুটি কিছুটা প্রতিরোধের চেষ্ঠা করলেও তা পর্যাপ্ত ছিলনা।

৩ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৯৭ রান করে আউট হন মিরাজ। জাকেরও ফিফটি করেন তার অভিষেক টেস্টে। তবে শেষ পর্যন্ত এই সংগ্রহ যথেষ্ট হয়নি। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ভয় ধরিয়ে দেন। জয়ের জন্য প্রোটিয়াদের ১০৬ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা তাদের লক্ষ্য পূরণে খুব একটা সমস্যায় পড়েনি। ১০৬ রানের লক্ষ্য সহজেই অতিক্রম করে ফেলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।

আগামী মঙ্গলবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

পিকআপ ভ্যানের চাপায় বৃদ্ধ নিহত

0

আধুনিক ডেস্ক:

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে পশ্চিমভাগ গ্রামের জাকির মিয়ার বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত ফারুক মিয়া (৬০) সিলেটের ঘাসিটোলা এলাকার বাসিন্দা।

জানা যায়, বুধবার সকালে ফারুক মিয়া কাজে যেতে বের হন। এ সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে রাস্তার পাশে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রাজনগর থানার ওসি তদন্ত এমদাদুল হক জানান, দীর্ঘদিন যাবত পশ্চিমভাগ এলাকার কাইয়ুম মিয়ার বাড়িতে বসবাস করে বেতের কাজ করে জীবনধারণ করতেন ফারুক মিয়া। আজ সকালে কাজে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। তাকে চাপা দেওয়ার পরই চালক পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।

রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে নতুন সংকট তৈরি না করার আহ্বান বিএনপির

0

আধুনিক ডেস্ক:

রাষ্ট্রপতির পদত্যাগের দাবি ঘিরে দেশে ‘নতুন কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট’ যেন সৃষ্টি না হয়, অন্তর্বর্তী সরকারকে সে বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠার মধ্যেই বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যায়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালেহউদ্দিন আহমেদ।

সম্প্রতি মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানান, তার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।

রাষ্ট্রপতির এই বক্তব্যের পর তাকে অপসারণ করতে আন্দোলনে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মহল। গতকাল মঙ্গলবার দুপুর থেকে ভিন্ন ভিন্ন ব্যানারে বঙ্গভবনের সামনের সড়কে অবস্থান নেন কয়েক শ বিক্ষোভকারী। রাত সাড়ে আটটার দিকে তাদের একটি অংশ বঙ্গভবনের সামনের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত পৌনে ২টার দিকে বিক্ষোভকারীরা বঙ্গভবন এলাকা ছেড়ে যান।

মঙ্গলবার (২২ অক্টোবর) দিন-রাত আন্দোলনের পর আজ বুধবারও থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের সামনে।

সকাল থেকে ছাত্র-জনতার উপস্থিতি দেখা না গেলেও কড়াকড়ি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি। সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব ও এপিবিএন সদস্যরাও। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বঙ্গভবনের সামনের রাস্তায় বসানো হয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনী। চার স্তরের বেষ্টনীর পাশাপাশি রাখা হয়েছে তিন স্তরের কাঁটাতারের বেড়াও।

ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সুমন ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার

0

আধুনিক ডেস্ক:

সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ নম্বর এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ব্যারিস্টার সুমন বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে মিরপুর ও আদাবর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রাত দেড়টার কিছু পরে নিজের ভেরিফায়েড ফেসবুক একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। পোস্টে সুমন লেখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

ব্যারিস্টার সুমন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর সরকারের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলা, পুলিশ, সাংবাদিকসহ ৭৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার

0

আধুনিক ডেস্ক:

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২০ অক্টোবর) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ইমরান আহমদ শেখ মুজিবুর রহমানের দ্বারা প্রভাবিত একজন রাজনীতিক। তিনি ১৯৮৬ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ও জনসেবার সঙ্গে সরাসরি জড়িত আছেন।

তিনি তৃতীয় (১৯৮৬), পঞ্চম (১৯৯১), সেপ্টেম্বর ১৯৯৬ উপনির্বাচন, নবম (২০০৮), দশম (২০১৪) এবং একাদশ জাতীয় সংসদ (২০১৮)নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

ইমরান আহমদ পঞ্চম জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি সপ্তম জাতীয় সংসদে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

নবম জাতীয় সংসদে লাইব্রেরি কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। দশম জাতীয় সংসদে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।