Home Blog Page 201

সিলেট আওয়ামী নেতারা কে কোন দিকে পালালেন

0

পেঁয়াজের পিকআপ ভ্যানে করে দেশ ছাড়েন সাবেক মেয়র আনোয়ারুজ্জামান

মঈন উদ্দিন ও সাঈদ চৌধুরী টিপু:

পেঁয়াজ পরিবহনের একটি পিকআপ ভ্যান এগিয়ে চলেছে তামাবিলের দিকে। সে পিকআপের যাত্রী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। কদিন আগেও যিনি দামি গাড়িতে করে নগর চষে বেড়িয়েছেন সেই তিনিই পিকআপ ভ্যানে নিজেকে আড়াল করে ছুটে চলছেন সীমান্তের দিকে। তার সঙ্গী যুবলীগ নেতা এম এ হান্নান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে শ্যুটার হয়ে উঠা রুহুল আলম শিপলু। আগেই ব্যবস্থা করে রাখা ছিলো, জনপ্রতি দুই লাখ টাকার চুক্তিতে তাদের সীমান্ত পার করিয়ে দেবেন চিনি-পেঁয়াজের চোরকারবারিরা সিলেটে যারা ‘বুঙ্গাড়ি’ হিসেবে পরিচিত। ১৪ আগস্ট বাংলাদেশের সীমানা পার হন তারা।

সূত্র নিশ্চিত করেছে, তাদের সীমানার ওপারে পৌঁছার পূর্ব পর্যন্ত তদারকির দায়িত্বে ছিলেন সিলেট বিএনপির প্রভাবশালী এক নেতা। সীমানা পেরিয়ে আর দেরি করেননি, ১৫ আগস্টই যুক্তরাজ্যে পাড়ি জমান এ তিনজন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে পরিস্থিতির হঠাৎ পরিবর্তন না হলে এদিন তাদের নগরীতে বিশাল আয়োজনে জাতীয় শোক দিবস পালনের কথা ছিলো।

পরিস্থিতি যে আর নিজেদের নিয়ন্ত্রণে নেই সরকার পতনের আগে সেটি যে সবাই বুঝতে পারেননি তা নয়। আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ ঠিকই আঁচ করেছিলেন সময় ফুরিয়ে আসছে। তাদেরই একজন রঞ্জিত সরকার। দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো সুনামগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য হওয়া রঞ্জিত সরকার টের পাচ্ছিলেন এখনই সটকে পড়তে না পারলে সামনে মহাবিপদ। ৪ আগস্ট সিলেট নগরীর বন্দরবাজারে আওয়ামী লীগের কর্মসুচি চলাকালে খুব বেশি তাড়াহুড়া লক্ষ্য করা যাচ্ছিলো তার মাঝে। ওই দিন কোনো এক সময় সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমান।

রঞ্জিত সরকারের দেশ ছাড়ার পরদিনই পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ৩০ আগস্ট যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। তার সঙ্গে একই ফ্লাইটে উড়াল দেন যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা। যদিও তিনি ভারত পাড়ি দিয়েছিলেনর রঞ্জিত সরকারের পরে।

সিলেটের রাজনীতিতে ‘কৌশলী’ হিসেবে পরিচিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধরী নাদেলও দেশ ছাড়েন সরকার পতনের আগের দিন অর্থাৎ ৪ আগস্ট। মৌলভীবাজার-২ আসন থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়া নাদেল দেশ ছাড়ার রুট হিসেবে বেছে নেন ময়মনসিংহকে। দলের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক দায়িত্ব থাকায় এখানে তার অনেকের সঙ্গে চেনাজানা হয়ে ওঠে। সেটাকেই কাজে লাগান তিনি। নিজের এলাকা হওয়ায় সিলেট হয়ে দেশ ছাড়তে গেলে বিপদে পড়ার ঝুঁকি বেশি। তিনি সে ঝুঁকি নেননি। শফিউল আলম নেেদলের এ কৌশল ভালোই কাজে দিয়েছে। প্রথম কিছুদিন মেঘালয়ের রাজধানী শিলংয়ে কাটিয়ে এখন অবস্থান করছেন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়।

সিলেট হয়ে দেশ ছাড়াকে বিপজ্জনক মনে করেছিলেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও। তিনিও নিরাপদে দেশ পার হওয়ার জন্য বেছে নেন অচেনা সীমান্ত। সরকার পতনের দুদিন পরই কুমিল্লার সীমান্ত দিয়ে ত্রিপুরা হয়ে লন্ডনে পাড়ি জমিয়েছেন হাবিবুর রহমান হাবিব। ২৯ সেপ্টেম্বর তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ভারত ছাড়েন। একই ফ্লাইটে তার সঙ্গী ছিলেন হবিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহির।

যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ও সাবেক বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। আগস্টের ১৮-১৯ তারিখের মধ্যে তামাবিল সীমান্ত হয়ে দেশ ছাড়েন। দুয়েকদিন পরই যুকরাজ্যের উদ্দেশে উড়াল দেন শফিকুর রহমান।

সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ ১৮ সেপ্টেম্বর তামাবিল হয়ে বাংলাদেশের সীমানা ত্যাগ করে ভারতে যান। সেখান থেকে পাড়ি জমান যুক্তরাজ্যে। মাসখানেক ভারতে অবস্থানের পর যুক্তরাজ্যে নিজের বাসায় ওঠেন তিনি।

দেশ ছাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি নেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। তিনি তিনি ১৮ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনে চেপে পাড়ি জামিয়েছেন ইংল্যান্ডে।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান. মহানগর আওয়ামী লীগের পিযুষ কান্তি দে, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান এখন ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে অবস্থান করছেন। তারা সকলেই সীমানা পেরিয়েছেন তামাবিল হয়ে।

৫ আগস্টের আগে মাঠ দাপানো সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম এখন কলকাতায় অবস্থান করছেন। আর মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহাস সৌরভ সরকার পতনের আগের দিন ৪ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আমেরিকর উদ্দেশ্যে দেশ ছাড়েন।

অপরদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ঢাকাতেই আছেন বলেই জানা গেছে। তবে কেথায় আছেন সে ব্যাপরে কোনো ধারণা পাওয়া যায়নি।

সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদও নিজের এলাকাতেই অবস্থান করছেন বলে জানা গেছে। খোঁঁজ মিলছে না সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদের। এলাকায় কানাঘুঁষা তিনি নাকি পাকিস্তানে চলে গেছেন।

শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান

0

আধুনিক ডেস্ক:

শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে কথায় কথায় তার বিরোধীদের সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানাতেন। এখন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমি আশা করি শেখ হাসিনা দেশে এসে বিচারের মুখোমুখি হবেন।’

সংবিধানের ষোড়শ সংশোধনীর মামলার রায়ের পর রবিবার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন।

পরোয়ানা থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে রাষ্ট্রপক্ষের পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শেখ হাসিনাকে ফিরিরে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ইন্টারপোলের সহযোগিতা নিয়েও শেখ হাসিনাকে ফিরে আনা হতে পারে।’

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচারিক কার্যক্রম শুরুর প্রথম দিনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া অনুসরণ করার কথা জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

সিলেটের গোলাপগঞ্জে স্বামীকে অচেতনের পর খুন করে খাটের নিচে লুকিয়ে রাখেন স্ত্রী

0

আধুনিক ডেস্ক:

সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর হাতে এক ইমাম খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এসময় স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করা হয়।

মাওলানা রুহুল আমীন (৩৭) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের শহীদুর রহমানের ছেলে। তিনি হিলালপুর একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতের কোনো এক সময় স্ত্রী নাদিয়া বেগম স্বামী রুহুল আমীনকে প্রথমে অচেতন করেন। এরপর শ্বাসরুদ্ধ করে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখেন। পরে রুহুল আমীনের গ্রামের বাড়িতে মোবাইল ফোনে তার স্বামীর খোঁজ মিলছে না বলে জানান। বিকেল ৫টার দিকে এলাকার লোকজন বাসার খাটের নিচে রুহুল আমিনের মরদেহ দেখতে পান। এ সময় এলাকার লোকজন নাদিয়া বেগমকে ধরে পুলিশে দেন।

জানা যায়, নিহত মাওলানা রুহুল আমিন গত ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন। এর আগে ২০২০ সালে প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে বিয়ে করেন। নতুন বিয়েকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

১৪৬ দিন পর ক্লাসে ফিরল শাবিপ্রবির শিক্ষার্থীরা

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শিক্ষকদের পেনশন স্কিম এবং ছাত্রদের আন্দোলন ও নানা সরকারি ছুটিতে দীর্ঘ ১৪৬ দিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর ক্লাসে ফিরেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) শিক্ষার্থীরা। এতে স্বস্তির পরিবেশ কাজ করছে শিক্ষার্থীদের মাঝে।
রবিবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে ক্লাস-পরীক্ষা চালু হওয়ার মাধ্যমে বহুদিন পর বিশ্ববিদ্যালয়ে পুরোদমে চালু হয়েছে একাডেমিক কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়, এদিন সকাল থেকেই ক্যাপাসে ক্লাসে ফেরা শিক্ষার্থীদের বিচরণ শুরু হয়েছে। বিভিন্ন বিভাগের সকাল ৮টা থেকে ক্লাস শুরু হয়। আবার কিছু বিভাগে শুরুর দিনই টার্মটেস্ট পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। এছাড়া ক্লাস শুরুর প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

দীর্ঘদিন পর ক্লাসে ফেরা শিক্ষার্থীর ভাষ্য, “অনেকদিন পর আমরা সবাই একসঙ্গে হতে পারছি, বেশ ভালোই লাগছে। কতদিন পড়াশোনা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিলাম। আবারও সেই ক্যাম্পাসের চিরচেনা রূপ ফিরে পেয়ে ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ে সবসময় স্বাভাবিক পড়াশোনার পরিবেশ বজায় থাকুক, এতটুকুই আমাদের চাওয়া।”

এর আগে, গত ২৫ মে ঈদ-উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। এরপর থেকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন; এরপর কোটাবিরোধী আন্দোলনের কারণে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ সবকিছু বন্ধ করে দেয় সরকার। আওয়ামী লীগ সরকারের পতনের পরে ছাত্রীরা তাদের হলে উঠতে পারলেও ছাত্ররা ৮ অক্টোবর থেকে হলে উঠে। তবে হলে উঠলেও ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল দুর্গাপূজার জন্য। এতে সবমিলিয়ে ১৪৬ বন্ধের অস্থিরতা কাটিয়ে ক্লাসে ফিরে স্বস্তি প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

বাসায় অভিযান চালিয়ে সিলেটের শমসের মবিন চৌধুরীকে আটক

0

আধুনিক ডেস্ক:

তৃণমূল বিএনপি নেতা শমশের মুবিন চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর ৯২/এ মসজিদ রোডের বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া তার আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। তবে কোন অভিযোগ বা মামলায় তাঁকে আনা হয়েছে, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে দুপুরে শমসের মবিন চৌধুরীর বনানীর বাসায় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এদিকে গতকাল বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় শমশের মুবিন চৌধুরীকে। তিনি স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়।

উল্লেখ্য, শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন তিনি। সবশেষ গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন তিনি।

আবাসিক শিক্ষার্থীদের জন্য হল খুলে দিয়েছে শাবিপ্রবি

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের আবাসিক হলগুলো খুলে দেওয়ায় শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করেছে।

মঙ্গলবার(১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল ও বঙ্গবন্ধু হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়।সকাল থেকে আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করেছেন।

উল্লেখ্য যে বৈষম্য বিরোদী আন্দোলনের পর শিক্ষার্থীদের সুষম বণ্টনের মাধ্যমে হলে সিট প্রদানের জন্য প্রশাসন শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়।এরই প্রেক্ষিতে আবাসিক শিক্ষার্থীরা হল ছেড়ে দেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৮ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের হলে সিট প্রদানের জন্য আবেদনের বিজ্ঞপ্তি দেয়। ১৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সময়ে যাচাই বাচাইয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সিট প্রদান করেন।৮ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। শিক্ষার্থীরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আজ থেকে হলে উঠতে শুরু করেছেন।

এছাড়াও সৈয়দ মুজতবা আলি হল ৮ অক্টোবর খুলে দেওয়ায় হয় আবাসিক শিক্ষার্থীদের জন্য।

সিলেট ক্যাডেট কলেজের সামনে থেকে ভারতীয় ‘বুঙ্গার চিনি’ বোঝাই ট্রাক জব্দ, আটক ৩

0

আধুনিক ডেস্ক:

বুধবার (০৯ অক্টোবর) সকালে আম্বরখানা-বিমানবন্দর সড়কের সিলেট ক্যাডেট কলেজের সামনে থেকে ভারতীয় ‘বুঙ্গার চিনি’ বোঝাই ট্রাক জব্দ করে এয়ারপোর্ট থানা পুলিশ। একইসাথে তিনজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার টেকনাগুল গ্রামের লিলু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫), শাহজাহানের ছেলে হৃদয় আহমেদ (২১) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামের ইলন রবি দাসের ছেলে সাজু রবি দাস (২২)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সিলেট ক্যাডেট কলেজের সামনে সিলেট নগরমুখী একটি ট্রাক আটক করে ট্রাকের ভেতর থেকে ১০৯ বস্তা (৫২৩২ কেজি) ভারতীয় চিনি জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান মানিক গ্রেপ্তার

0

আধুনিক ডেস্ক:

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী সুনামগঞ্জ-৫ এর সাবেক এমপি মহিবুর রহমান মানিককে (ওরফে বোমা মানিক) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (০৮ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা রুজু হয়। সুনামগঞ্জ সদর থানার মামলা নং -০৫/২৫৮, ০৪/০৮/২০২৪।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনিম ফেরদৌস জানান, মহিবুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশত্যাগ করে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই বিপাকে পড়েন দলটির এমপি-মন্ত্রী ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ইতোমধ্যে অনেক এমপি-মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার গ্রেপ্তার হলেন সাবেক এমপি মুহিবুর রহমান মানিক।

ময়মনসিংহ থেকে শাবিপ্রবি ছাত্রলীগের আরও দুই নেতা গ্রেফতার

0

আধুনিক ডেস্ক:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগের আরও দুই নেতাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ জেলার সদর থানা এলাকায় যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শাবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান (২২) ও সাংগঠনিক সম্পাদক অমিত সাহা (২৮)। আশিক ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চিকনা মনোহর গ্রামের মো. হাসিম উদ্দিনের ছেলে এবং অমিত নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার মন্তলা গ্রামের সুশীল সাহার ছেলে। গ্রেফতার হওয়া দুই ছাত্রলীগ নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় করা নাশকতা মামলার আসামী।

সিলেট র‍্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল বলেন, গ্রেফতার হওয়া আসামীদের সিলেটের কোতোয়ালী থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সিলেটে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মীর আব্দুল্লাহ গ্রেপ্তার

0

আধুনিক ডেস্ক:

সোমবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মীর আবদুল্লাহ (৩৭) কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের মঈন উদ্দিনের ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ কমিশনার মো. মশিহুর রহমান সোহেল জানিয়েছেন, তার বিরুদ্ধে কানাইঘাট থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা রয়েছে। মীর আবদুল্লাহকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।