Home Blog Page 202

বিয়ানীবাজার থেকে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারীসহ গ্রেপ্তার ২

0

বিয়ানীবাজার প্রতিনিধি:

সিলেটের বিয়ানীবাজার থেকে অপহরণ করে নিয়ে যাওয়া এক কিশোরীকে (১৭) অপহরণের প্রায় তিন সপ্তাহ পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) রাতে সিলেট নগরীর শাহপরান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই অপহৃত কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় মূল তাওহিদ হোসেন ইমন (১৯) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত তাওহিদ হোসেন ইমন সিলেট নগরীর এসএমপির শাহপরান থানার ধলইপাড়ার সুরমা গেইট এলাকার মো. দুলাল মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত কিশোরীর বাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে। গত ১০ সেপ্টেম্বর ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন৷ অভিযোগ পাওয়ার থেকেই তৎপরতা চালাতে শুরু করে থানা পুলিশ। সর্বশেষ গত ৪ অক্টোবর তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত কিশোরীর অবস্থান শনাক্ত করে থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরীর নির্দেশে এসআই আব্দুর রহিম একটি টিম নিয়ে এসএমপির শাহপরান থানা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করেন এবং অভিযোগ অপহরণকারী তাওহিদ হোসেন ইমনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারের পর অপহৃতা কিশোরীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত অপহরণকারী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া অপহৃত কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, শুক্রবার (৪ অক্টোবর) বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক আরেকটি অভিযানে জামাল উদ্দিন (৪৮) নামে ওয়ারেন্টভুক্ত একজন আসামীকে গ্রেপ্তার করেছে৷ গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামের মৃত ফখর উদ্দিনের ছেলে। গ্রেপ্তারের পর তাকেও আদালতে সোপর্দ করা বিষয়টি নিশ্চিত করেছেন থানা সেকেন্ড অফিসার এসআই আসাদ উদ্দিন।

এক রাতেই বদলে গেল চিত্র, বিয়ানীবাজারজুড়ে গ্রেপ্তার আতঙ্ক

0

বিয়ানীবাজার প্রতিনিধি:

গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর থেকে বিয়ানীবাজার থানায় একের পর এক মামলায় দিশেহারা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একাধিক মামলার আসামী হয়ে আত্মগোপনে রয়েছেন সংগঠনটির উপজেলা শীর্ষ সারির নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

থানা পুলিশের অভিযানে ৪ অক্টোবর রায়হান হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামী উপজেলা আওয়ামী যুবলীগের অন্যতম দুই নেতা কলিম উদ্দিন ও সাইফুল ইসলাম রোকনের গ্রেপ্তার ঘটনায় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ও আতঙ্ক দেখা দিয়েছে।

গত ১৫ বছর কোন প্রয়োজন ছাড়া থানা সদরে আসা একদিনের জন্য বন্ধ না করা আওয়ামী লীগের শীর্ষ সারির নেতারা গত দুই মাস ধরে আত্মগোপনে রয়েছেন। শীর্ষ নেতাদের মতো আত্মগোপনে রয়েছেন পৌরসভা আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। মাঝে মধ্যে দুয়েকজনকে পৌরশহরে এক ঝলক দেখা গেলেও পর মুহূর্তে উধাও হয়ে যান।

গুরুত্বপূর্ণ কাজে শহরে আসা উপজেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতা বলেন, এসব রাজনৈতিক মামলা। আওয়ামী লীগের সবস্তরের নেতাকর্মীদের হয়রানি করতে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

তবে শহরের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন যারা আত্মগোপনে ছিলেন তারা এখন প্রকাশ্যে মিছিল-মিটিং করছেন। যারা প্রকাশ্যে ছিলেন তারা এখন আত্মগোপনে। তাঁর মতে, এরকম রাজনৈতিক চর্চা যতদিন থাকবে দেশের প্রকৃত উন্নয়ন হবে না।

থানা পুলিশ জানায়, গত ৫ আগস্টে বিয়ানীবাজার থানা, উপজেলা ও পৌরশহরে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ চলাকালে গুলিতে নিহত তিনজনের পরিবার থানায় পৃথকভাবে তিনটি হত্যা মামলা দায়ের করে। তাছাড়া এ দিনের ঘটনায় আহত দুবাগ ইউনিয়নের নাজমুল ইসলাম চৌধুরী ওরফে তাজিম বাদী হয়ে অপর মামলা দায়ের করেন। পুলিশ মামলার আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে।

পুলিশের তদন্ত ও অভিযানে কোন নিরীহ মানুষকে হয়রানি না করার আশ্বাস দিয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, তিন হত্যা মামলাসহ গত ৫ আগস্টের ঘটনায় দায়ের করা চার মামলার সকল আসামীকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

৫ আগস্টের বিজয়োৎসবে বিয়ানীবাজারে রায়হান হত্যা: দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

0

বিয়ানীবাজার প্রতিনিধি:

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের বিয়ানীবাজার থানা প্রাঙ্গনে বিজয়োৎসব করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত রায়হান উদ্দিন (১৮) হত্যা মামলার এজাহারভুক্ত আসামী দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশের একটি বিশেষ টিম।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম রোকন এবং উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ পাড়িয়াবহর গ্রামের আব্দুর রউফের ছেলে ও যুবলীগ নেতা কলিম উদ্দিন। তারা দু’জনেই রায়হান উদ্দিন (১৮) হত্যা মামলার এজাহারনামীয় ১৫ নম্বর আসামী কলিম উদ্দিন এবং একই মামলার ৩০ নম্বর আসামী সাইফুল ইসলাম রোকন।

জানা গেছে, গত ৫ আগস্ট বিয়ানীবাজার থানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলা চলাকালে গুলিতে তিন যুবক নিহত এবং অন্তত ১০জন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হচ্ছেন রায়হান উদ্দিন (১৮)। সে ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার তেলিকান্দি গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। তবে রায়হান উদ্দিন দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় নিহত অন্য দুজন হচ্ছেন- উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কটুখালিরপাড় এলাকার তারেক আহমদ (২৪) ও পৌরসভার পূর্ব নয়াগ্রাম এলাকার ময়নুল ইসলাম (৩২)। নিহত সকলেরই ময়নাতদন্ত ছাড়াই দাফন কার্য সম্পাদন হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ছোটভাই রায়হান উদ্দিন নিহতের ঘটনায় বড়ভাই বুরহান উদ্দিন গত ২৬ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ ৩০ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া গত ৫ আগস্ট তারেক আহমদ (২৪) ও ময়নুল ইসলাম (৩২) নামে আরও দুজন নিহতের ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের রয়েছে। ওই দিনের তিন মামলায় প্রধান আসামী সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরীকে মুঠোফোনে বলেন, সাইফুল ইসলাম রোকন ও কলিম উদ্দিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনেই গত ৫ আগস্ট রায়হান উদ্দিন নিহতের ঘটনায় তার ভাই বুরহান উদ্দিনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী। তিনি বলেন, সকল মামলার আসামীদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রি ভ ল বা র ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মালিকানা লিখিয়ে নেওয়ার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা

0

আধুনিক ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার বিরুদ্ধে মামলা হয়েছে। জোর করে সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সারোয়ার চৌধুরীর কাছ থেকে লিখিয়ে নেওয়ার অভিযোগে এ মামলাটি করা দায়ের করা হয়েছে। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার চৌধুরী বাদী হয়ে এই মামলাটি করেন।

রাজধানীর পল্লবী থানায় করা মামলা থেকে জানা যায়, মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে মাশরাফিকে। এই মামলায় অন্য আসামিরা হলেন-হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসান, অজ্ঞাত (রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা), কে এম রাসেল, বাবলু ও অজ্ঞাতনামা ১০-১৫ জন।

মামলার এজাহারে বাদী সারোয়ার চৌধুরী দাবি করেন, জোর করে তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের সহমালিক সারোয়ার চৌধুরীর মাথায় রিভলবার ঠেকিয়ে ছিলেন।

তিনি আরও দাবি করেন, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা (যার নাম মামলায় অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে) সারোয়ারকে কোনো কিছু জিজ্ঞেস না করেই স্বাক্ষর নিতে শুরু করেন। এমনকি তার পাসপোর্টও জব্দ করা হয়েছিল। এ সময় তিনি যেন কারো সঙ্গে বিষয়টি নিয়ে কোনো কথা না বলেন সেই হুমকিও দিয়েছিলেন শুভ্র।

দক্ষিণ সুরমা সিলাম ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা

0

আধুনিক ডেস্ক:

সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে ঠিকই। কিন্তু দেশটা পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকার অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়ে গেছে। নগ্ন দলীয়করণের কারণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল সেক্টরে নিজ দলের সুবিধাভোগীদের বসিয়ে দিয়ে গেছে। এই প্রশাসনের হাতে ছাত্র-জনতার বিজয় বেশীদিন টিতে থাকবেনা। তাই বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারকে যত দ্রুত সম্ভব অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্থান্তর করা। অন্যথায় প্রশাসনের সকল স্তরে বসে থাকা ফ্যাসিস্ট হাসিনার দোসররা ছাত্র-জনতার বিজয়কে নস্যাত করে দিতে পারে। এদেশে খুনী হাসিনার সকল গণহত্যা ও অপকর্মের বিচার নিশ্চিত করা হবে।

তিনি শনিবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড বিএনপির সভাপতি চুনু মিয়ার সভাপতিত্বে, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাসেল ও যুবদল নেতা আলী আহমদ রনির যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, কুয়েত বিএনপির সদস্য সচিব শৈকত আলী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আসাদ উদ্দিন, আত্তর আলী, যুগ্ম সম্পাদক শাহ মাহমদ আলী, বিএনপি নেতা নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, সিলাম ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মালিল মল্লিক, যুগ্ম সম্পাদক মাসুম আহমদ মেম্বার, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রাসেল হুসেন, সহ সাংগঠনিক সম্পাদক রিফল আহমদ, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক নামর আলী, প্রমূখ।

বক্তব্য রাখেন, বিএনপি নেতা মাহবুব হাসান রিংকু, শাহ জুনেদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলী বাহার, লায়েক আহমদ, আশরাফ হুসেন, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিছবাউল ইসলাম দলা, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজু আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য আহমদ আলী মুন্না, সিলাম ইউনিয়ন যুবদলের সভাপতি মুক্তার আহমদ, জেলা ছাত্রদলের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিফতাউল ইসলাম রাশেদ, সিলাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসির আলী খান, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি সহ-সভাপতি রুবেল আহমদ, আতিক আহমদ, রুবেল আহমদ হৃদয়, আফজল হুসেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা আহমদ আল-জায়েদ, ফয়েজ আহমদ ইমন, লিটন আহমদ, জাকির হুসেন তিতন, সাব্বির আহমদ, শাকিল আহমদ ও ইমাদ উদ্দিন প্রমূখ।

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

0

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে সুন্দর আলী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের খুশিদ আলীর ছেলে।

এদিকে, একই দিন সকাল ৭টার দিকে দেখার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আরও দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন, দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জলাল মিয়া (৩২) ও একই গ্রামের নুরুল হক’র ছেলে জসিম উদ্দিন (৩৩)।

বজ্রপাতে ছাতকে একজন ও দোয়ারায় দুইজনসহ মোট তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে সত্যতা নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (ছাতক) সার্কেল রণজয় চন্দ্র মল্লিক।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আটক

0

আধুনিক ডেস্ক:

সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুককে (৪৭) আটক করেছে র‌্যাব-৯।

শনিবার রাত ১১টা ২০ মিনিটের সময় সিলেট নগর থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গোলাম কিবরিয়া মাসুক সিলেট নগরের শেখঘাট কলাপাড়া দুর্বার-১০ নম্বর বাসার মৃত গোলাম হোসেনের ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গোলাম কিবরিয়া মাসুকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

এদিকে, শনিবার বেলা ১টার দিকে ময়মনসিংহরে ভালুকা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেফতার করে র‌্যাব-৯।

কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মাসুক আহমেদ (৪১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার(২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের কনু মিয়ার ছেলে। তিনি ২ মেয়ে ২ ছেলে সন্তানের জনক।

স্বজনরা জানান, আজ রোববার ভোর সাড়ে ৭টায় মাসুক বাড়ির পাশের হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। সেখানে বজ্রপাত হলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরিবার চাচ্ছে বিনা-তদন্তে লাশ দাফন সম্পূর্ণ করতে, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছি। আইননুসারে পরবর্তী কার্যক্রম চলমান।

শাবি ছাত্রলীগ সভাপতি খলিল গ্রেফতার

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

খলিলুর রহমান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের মো. আব্দুল আওয়াল মিয়ার ছেলে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খলিলুর রহমানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকা এলাকায় র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ অভিযান চালিয়ে খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তিনি একটি মামলার পলাতক আসামি।

সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান জানান, গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় পলাতক অন্য আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৯ জুলাই সাংবাদিক এ টি এম তুরাবের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার আসামি শাবি ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান। এ ছাড়া আন্দোলনের সময় শাবিপ্রবি এলাকায় পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে মারা যাওয়া বিশ্ববিদ্যালয়টির ছাত্র রুদ্র সেন হত্যা মামলায়ও তাকে আসামি করা হয়। এ দুটি ছাড়াও আন্দোলনের সময় আরও কয়েকটি সহিংস ঘটনার অন্যতম আসামি খলিল।

শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব গ্রেফতার

0

শাবিপ্রবি প্রতিনিধি:

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাব-৯। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা থানাধীন এলাকা থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে বলে জানা যায় ।

সজিবুর রহমান নরসিংদী জেলার রায়পুরা থানাধীন দুকুন্দিচর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম রবি উল্লাহ।

গ্রেফতারের বিষয়টি বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।

তিনি গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত সজিবুর রহমানের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কতোয়ালি থানায় নাশকতা মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, আসামিকে সিলেট কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।