Home Blog Page 203

শান্তিগঞ্জে মানহানি ও মিথ্যাচারের অভিযোগ অধ্যক্ষের

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

শান্তিগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ আক্তাপাড়া ফাজিল মাদ্রাসা। প্রায় ৪০ বছর ধরে উপজেলাব্যাপী দ্বীন ইসলামের প্রোজ্জ্বল আলো বিলিয়ে আসছে প্রতিষ্ঠানটি। মাদ্রারাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা মইনুল হক ১৯৯৫ সাল থেকে কর্মরত আছেন প্রতিষ্ঠানটিতে। এই মাদ্রাসাটিকে দাখিল থেকে ফাজিল পর্যন্ত নিয়ে আসতে অনেক পরিশ্রম করেছেন তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নানান অনিয়মের অভিযোগ এনেছেন সদ্য বাতিল হওয়া পরিচালনা কমিটির এক সদস্য। অভিযোগকারীর নাম মো. জালাল মাহমুদ। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা। তদন্ত চলমান রয়েছে।

এমন পরিপ্রক্ষিতে মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করা ও ব্যক্তিগত মানহানি এবং তার বিরুদ্ধে সম্পূর্ণভাবে মিথ্যাচার করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মইনুল হক। তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, প্রায় ১০ লক্ষ টাকা আত্মসাৎ করার যে অভিযোগ জালাল মাহমুদ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। আমাদের প্রতিষ্ঠানের সকল হিসাব স্বচ্ছ আছে। আমার যোগদানের পর থেকে অনেক কমিটি এসেছে কিংবা এখনো অনেকে আছেন কারো কোনো অভিযোগ আমার বিরুদ্ধে ছিলোই না। মো. জালাল মাহমুদ তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে না পেরে একটি মিথ্যা অভিযোগ এনে আমার মানহানি করার চেষ্টা করছেন। সপরিবারে মাদ্রাসা হোস্টেলে থাকার বিষয়ে তিনি যে অভিযোগ করেছেন সেটাও ঠিক না। আমরা মোট ৬জন শিক্ষক মাদ্রাসায় আবাসিক থাকি। অভিযোগ শুধু আমার উপর। অথচ আমি কমিটি নিয়ে সভা করে, রেজুলেশনের মাধ্যমে ভাড়ায় সেখানে থাকছি। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত একটি টাকাও নেওয়া হচ্ছে না বা হয় না জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদেরকে আমরা রশিদ দিচ্ছি না ঠিক, কিন্তু টাকা উত্তোলনের বিষয়গুলো শ্রেণি শিক্ষকরা অত্যন্ত স্বচ্ছতার সাথে হাজিরা খাতা, বেতন ও জরিমানা রেজিস্টারে লিপিবদ্ধ করে রেখেছেন। এসবের তদারকিতে আছেন সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান। যে কেউ চাইলে সেই হিসাব দেখতে পারবেন। অভিযোগপত্রে জালাল মাহমুদ বলেছেন, ‘মাদ্রাসার অনুদানের সঠিক হিসাব নাই।’ তার এই অভিযোগও মিথ্যা। এযাবৎকালে আমাদের কাছে যে যত টাকা অনুদান দিয়েছেন তার সব রশিদ আমাদের কাছে সংরক্ষিত আছে। দাতাদের ফোনেও পাঠানো হয়েছে। এখানে অর্থের কোনো ব্যত্যয় ঘটেনি। আমার স্ত্রীর নিয়োগের ব্যপারে অভিযোগ আনা হয়েছে। তিনি নাকি ক্লাস করেন না। তার নিয়োগ সম্পূর্ণ বৈধ। এটি নারী কোটা ছিলো। নিয়ম মেনে যোগ্যতার ভিত্তিতেই তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তার নিয়োগের উপর দুইবার মিনিস্ট্রি অডিট হয়েছে। আর আমাদের নির্দিষ্ট ক্লাস রুটিন আছে। রুটিন অনুযায়ী তিনি ক্লাস করেন। অন্যান্য সহকারি শিক্ষকরা তার প্রমাণ। শিক্ষার্থী মারধর বা অভিযোগকারীকে মারধরের কোনো ঘটনা ঘটেনি। অধ্যক্ষ মইনুল হক বলেন, কয়েক বছর পূর্বে জালাল মাহমুদ ও তার ভাই জামিল মিলে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করেছিলেন। এলাকায় তখন শালিস হয়েছিলো। শালিসে তারা ক্ষমাপ্রার্থী হয়ে মাদ্রাসার একটি খাতায় ‘বন্ডসই’ বা অঙ্গিকার দিয়েছিলেন যে, ভবিষ্যতে এমন কাজ করবেন না। সেই আক্রোশ থেকে মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করতে উঠেপড়ে লেগেছেন তিনি।

অভিযোগকারী মো. জালাল মাহমুদ বলেন, কমিটিতে অনেক মানুষ আছেন, সবার চোখের সামনেই অধ্যক্ষ মইনুল হক দুর্নীতি করছেন, কেউ কোনো কথা বলেন না। প্রথম থেকে আমিই কথা বলে আসছি। আমার চোখে এসব দুর্নীতি ধরা পড়ায় ও আমি কথা বলায় অধ্যক্ষের লোক এওর মিয়াসহ আরও অনেকে আমাকে মারধর পর্যন্ত করেছে। আমার বাড়িতে হামলার প্রস্তুতিও নিয়েছিলো তারা। আমি কোনো কথা বললেই তারা আমার কথায় কান না দিয়ে সব প্রশ্ন এড়িয়ে চলতেন। অনেক মিটিংয়ে তারা আমাকে দাওয়াত দিতেন না। শুধু আমি না, আরো দু’জন সদস্য আছেন তারাও নিয়মিত দাওয়াত পেতেন না। আমি ইউএনও স্যার বরাবরে যে অভিযোগ করেছি আশা করি স্যারের কাছ থেকে ন্যায় বিচার পাবো।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, মাদ্রাসা বিষয়ে ডিসি অফিসের মাধ্যমে একটি অভিযোগ পেয়েছি। এর তদন্ত এখনো চলমান। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে নিজামুল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর বেলা উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা (পশ্চিম পাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুর ২টার দিকে নিজামুল বাড়ির পাশের হালছাবড়া হাওর থেকে হাঁস তাড়িয়ে বাড়িতে নিয়ে আসার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে গুরুতর আহত পরে থাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি এক বছর বয়সের এক কন্যা সন্তানের জনক। নিজামুলের ৫ ভাই ও ১ বোন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ও ইউনিয়ন বিট অফিসার মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

হবিগঞ্জে পানিতে পড়ে দুই বোনের মৃত্যু

0

আধুনিক ডেস্ক:

হবিগঞ্জের লাখাইয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগও গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ঐ গ্রামের সোহাগ মিয়ার মেয়ে সুষি আক্তার (৫) ও তার বোনের মেয়ে বর্ষা আক্তার (৪)।

স্থানীয়রা জানান, বিকালে সুষি ও বর্ষা নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে বৃষ্টিতে জমে থাকা পানিতে তাদের লাশ ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল আহসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য অরনজিত দাস বলেন, এক সঙ্গে দুই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাবির নতুন ভিসি ডক্টর এ এম সরওয়ার

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান তিনটি গুরুত্বপূর্ণ পদে অভিভাবক নিয়োগ দিল শিক্ষা মন্ত্রণালয়। এতে উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এদিকে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন যথাক্রমে শাবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

বুধবার রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোকছানা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ প্রদান করা হয়।

জানা যায়, শাবিপ্রবি নতুন উপাচার্য এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত আছেন। তিনি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় “পলিমার কম্পোজিটস ইউজিং অ্যানিম্যাল ফাইবারস” শীর্ষক একটি প্রকল্প কাজ করছেন বলে জানা যায়। অন্যদিকে জার্মানের জর্জ-অগাস্ট-ইউনিভার্সিটির ফুল টাইম গবেষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে শাবিপ্রবির এ নতুন উপাচার্যের।

এদিকে শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. সাজেদুল করিম। তিনি এ বিশ্ববিদ্যালয়ের ১৯৯২ সালে গণিত বিভাগের প্রভাষক হিসেবে নিযুক্ত হন। ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মতাদর্শী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) শাবিপ্রবি শাখা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নতুন এ উপ-উপাচার্য।

অন্যদিকে শাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। তিনি ইতালির মিলান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। ২০০১ সাল থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক পদে যোগদান করে। তার গবেষণার আগ্রহের বিষয় হল শ্রম অধিকার, কর্মসংস্থান সম্পর্ক, লিঙ্গ সমস্যা, শিশু শ্রম, দুর্যোগ ব্যবস্থাপনা।

জামিন পেলেও সিলেট কারাগারেই থাকতে হচ্ছে বিচারপতি মানিককে

0

আধুনিক ডেস্ক:

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত। তবে তার বিরুদ্ধে দেশের অন্যান্য স্থানে মামলা থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন।

এর আগে ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি জঙ্গল থেকে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন ২৪ আগস্ট সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন। পরে বিচারক মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সেদিন আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে শামসুদ্দিন চৌধুরী মানিককে ডিম ছোড়ার পাশাপাশি জুতাও নিক্ষেপ করেন। এসময় তাকে বেধড়ক কিল-ঘুষি মারা হয়। এতে তার অণ্ডকোষেও গুরুতর আঘাত লাগে। আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওসমানীতে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়।

গত ১২ সেপ্টেম্বর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মানিককে ছাড়পত্র (ডিসচার্জ) দেয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এদিন দুপুরে তাকে ডিসচার্জ দেওয়া। পরে কড়া নিরাপত্তা ও অত্যন্ত সতর্কতার সঙ্গে হাসপাতাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

0

আধুনিক ডেস্ক:
সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ( ১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঢাকার বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়ন্দো (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের একদিন আগে ৪ আগস্ট আন্দোলনকারীরা সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ফুড অফিসের বাসভবনে ঢুকে ভাঙচুর করেন। এ সময় ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

আসাদুজ্জামান নূর শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতারাও দেশ ছাড়েন। আবার অনেকে আত্মগোপনে চলে যান। কেউ আবার গ্রেপ্তারও হন।

বিএনপি নেতা পাপলুর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

0

সিলেট জেলা বিএনপি যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর বিরুদ্ধে জোরপূর্বক ভূমি দখল ও রাজনৈতিক মামলার মাধ্যমে হয়রানি করার অভিযোগ উঠেছে।
শনিবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শাহপরান রয়েল সিটি প্রা. লি.-এর পরিচালক আলী আশরাফ খান মাছুম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশ যখন একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানের পথে অগ্রসর হচ্ছে তখন রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলু গত ৮ আগস্ট সন্ত্রাসী বাহিনী নিয়ে শাহপরান রয়েল সিটি প্রা. লি.-এ হামলা চালিয়ে কোম্পানীর চৌকিদার লুকু মিয়াকে মারধর, জিনিসপত্র ভাংচুর ও হত্যার হুমকি দিয়ে কোম্পানীর দখলীয় ঘর থেকে বের করে দেয়।
সে সময় থানার কার্যক্রম বন্ধ থাকায় সেনাবাহিনীর কাছে বারবার অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগি।
আলী আশরাফ খান মাছুম আরো জানান, বিএনপি নেতা পাপলু কোম্পানীর জায়গা দখল করে ক্ষান্ত না হয়ে গত ১৭ আগস্ট কোম্পানীর চৌকিদারের কাছ থেকে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে ও সাদা কাগজে টিপসই নিয়ে নেন। এ ব্যাপারে গত ১৮ আগস্ট শাহপরান ( রহ.) থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু অদ্যবদি পর্যন্ত এ অভিযোগে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। থানায় অভিযোগ দায়ের করার পর থেকে ভূমি দখলের এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সিদ্দিকুর রহমান পাপলু আমাকে প্রতিপক্ষ বানিয়ে বিভিন্ন জনকে ইন্ধন যুগিয়ে গত ২০ আগস্ট থেকে আজ পর্যন্ত আমার বিরুদ্ধে ৮টি রাজনৈতিক মামলায় আসামী করেছে ।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো Ñ সাজন আহমদ সাজু কর্তৃক গত ২০ আগস্ট সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন আদালতের মাধ্যমে সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলা, কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনে মামলা নং ৩৮২, জুবের আহমদ, পিতা- সিরাজুল ইসলাম কর্তৃক ২১ আগস্ট সিলেট মেট্রোপলিটন ১ম ও দ্রুত বিচার আদালতে দায়ের করা মামলা, মাহবুব হোসাইন, পিতা মাহমুদ হোসেন কর্তৃক দায়েরকৃত মামলা নং ৩৯৬, তাং ৩০/৮/২০২৪, সওদাগর আহমদ, পিতা বেলাল মিয়া কর্তৃক ৫ সেপ্টেম্বর শাহপরান থানায় দায়েরকৃত মামলা নং-২২১।
এ ছাড়াও গত ৩০ আগস্ট এক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার পরিচয়ে মোবাইলে (০১৭১৭ ৭০৭৫২৪) হুমকিও দেয়া হয় বলে জানান আলী আশরাফ খান।
পরিচালক আলী আশরাফ খান মাছুম আরো জানান, শাহপরান থানার খাদিমপাড়া ৩নং রোডস্থ শাহপরান রয়েল সিটি প্রা. লি. কোম্পানীর নামে গত ১৯ অক্টোবর ২০০৬ ইং ১৫,২৩২ নং দলিলে ৫ একর ৫০ শতক ভূমি রেজিস্ট্রি করা হয় যার মৌজা- বহর, জেএলনং ৭০ এবং দাগ নং-৩৫৬১।
শাহপারানে কোম্পানীর জায়গার পাশে ফাতেমা বেগমের মালিকানাধীন ৩৬৪ শতক ভূমি বহর মৌজার জেল এল নং- ৭০, দাগ নং ৩৫৬১ ও ৩৫৫৬। ফাতেমা বেগমের পক্ষে আমমোক্তার নিযুক্ত হয়ে সিদ্দিকুর রহমান পাপলু ১০/০৬/২০১৩ইং তারিখে ৬০২৬ নং বায়নামাপত্রের মাধ্যমে এ ভূমি ৫০ লক্ষ টাকা মূল্য সাব্যস্ত করে বিভিন্ন তারিখে মোট ৪৩ লক্ষ টাকা নেয়ার পরে আমাদেরকে দখল সমঝাইয়া দেন। কিন্তু অবশিষ্ট ৭ লক্ষ টাকা দিয়ে ভূমি রেজিস্ট্রি করে দিতে বললেও সিদ্দিকুর রহমান পাপলু বিভিন্ন কৌশলে এড়িয়ে যান। এ ঘটনায় গত ১৯/০৯/২০১৯ তারিখে সিলেট জেলা অতিরক্তি মেজিস্ট্রেট অদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করা হয়, যার নং-৩৪/১৯। এ ঘটনা সুরহা না হওয়ায় পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ২৯/০৮/২০২১ তারিখে মামলা দায়ের করা হয়, যার নং- শাহপরান থানা মামলা নং ২৫২/২০২১ইং। উক্ত মামলা সিআইডি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আমার পক্ষে প্রতিবেদন দাখিল করে ১৬/৬/২০২২ ইং তারিখে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে সিরিজ মামলা দায়ের করা শুরু করে শাহপরান রয়েল সিটি প্রা. লি.-এর ভূমি দখলের পায়তারা করে আসছিল।
তিনি আরো অভিযোগ করেন, কোম্পানীর নামীয় বহর মৌজার জেল এল নং ৭০, দাগ নং ৩৫৪৫ এর ৫ একর ৫৩ শতক ভূমি সিদ্দিকুর রহমান পাপলু ও আব্দুল হালিম চৌধুরী সেটেলমেন্ট অফিসের কিছু অসৎ অফিসার ও কর্মকর্তার সহযোগিতায় তঞ্চকতার মাধ্যমে তাদের নামে রেকর্ড করে নেয়। এছাড়াও বহর মৌজার জেল এল নং ৭০, দাগ নং ৪০৩১-এর ১ একর ২৯ শতক ভূমি ও সিদ্দিকুর রহমান পাপলু তার নামে রেকর্ড করান।
আলী আশরাফ খান বলেন, নিরীহ কোনো লোককে মামলায় না জড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশ থাকার পরও অনৈতিক ফায়দা হাসিলের জন্য সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু এ রকম সন্ত্রাসী আচরণ দল হিসেবে বিএনপির সুনাম ও গ্রহনযোগ্যতা বিনষ্ট করছে।
ভুক্তভোগি আলী আশরাফ খান সিদ্দিকুর রহমান পাপলু গংদের দখলে থাকা কোম্পানী ভূমি ফেরত ও তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে সিলেট বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসন সহ সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন।

ছড়ার পাড় ও চায়ের টিলা খুঁড়ে উত্তোলিত হচ্ছে সিলিকা বালু; রাজস্ব বঞ্ছিত সরকার

0

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ-
দেশের সম্ভাবনাময়ী প্রাকৃতিক সম্পদ সিলিকা বালু বাণিজ্যে লিপ্ত একটি স্বার্থাম্মেষী সিন্ডিকেট মহল। উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে চা বাগানের ভেতর দিয়ে প্রবাহিত ছোট্র একটি পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে প্রতিনিয়ত চলছে বালু বাণিজ্য। ছড়ার পাড় ও চায়ের টিলা খুঁড়েও উত্তোলন করে বালু বিক্রি চলছে। ফলে ছড়ার বাঁধ, কালভার্ট, চায়ের টিলা ও রাস্তাঘাট বিনষ্ট হচ্ছে। বিপর্যস্ত হচ্ছে স্থানীয় পরিবেশ ও প্রতিবেশ। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাহাড়ি সুনছড়ায় এমন চিত্র ফুটে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার আলীনগর চা বাগানের ফাঁড়ি সুনছড়া চা বাগানের ভেতর দিয়ে প্রবাহিত পাহাড়ি সুনছড়া। ছড়াটিতে চকচকে মসৃন সিলিকা বালু সমৃদ্ধ। ছড়াটিতে কোনো ইজারাও নেই। তবে স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘ সময় ধরে পাহাড়ি সুনছড়ার কালিছালি, বাজার সহ চা বাগান এলাকার পুরো অংশ জুড়ে সিলিকা বালু উত্তোলন করা হচ্ছে। ছড়ার বাঁধ কেটে ও চা বাগানের টিলা খুঁড়েও উত্তোলন করা হয় বালু। বালু উত্তোলনের পর ট্রাক, পিকআপ ও ট্রলি যোগে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে। এতে চা বাগান সহ গ্রামের রাস্তাঘাটও বিনষ্ট হচ্ছে। চা বাগান কর্তৃপক্ষের বাঁধানিষেধও মানা হচ্ছে না। এতে ধ্বংস হচ্ছে সম্ভাবনাময়ী প্রাকৃতিক সম্পদ ও বিপর্যস্ত হচ্ছে পরিবেশ, প্রতিবেশ। সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ জুন এক প্রজ্ঞাপন দ্বারা মৌলভীবাজার জেলার অন্তর্গত ৫১টি পাহাড়ি ছড়া সিলিকা বালু সম্পৃক্ত এলাকা হিসাবে ঘোষণা করা হয়। এই ছড়া সমুহের মধ্যে সুনছড়াও সম্পৃক্ত। এরমধ্যে ১৯টি ছড়াকে অযান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলনের জন্য ইজারা প্রদান করা হয়। তবে ইজারা গ্রহীতারা অনিয়ন্ত্রিত ও বেআইনিভাবে বালু উত্তোলন শুরু করলে ২০১৬ সালের ৮ মার্চ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) জনস্বার্থে রিট পিটিশন দায়ের করে। পরে ২১ মার্চ হাইকোর্টের ডিভিশন বে ১৯টি বালুমহালকে পরিবেশগত প্রভাব নিরূপন (ইআইএ) ও পরিবেশগত ছাড়পত্র (ইসিসি) ছাড়া পরবর্তী ইজারা প্রদানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করে। তবে উচ্চ আদালতের এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুনছড়া, কামারছড়া সহ চা বাগানের বিভিন্ন ছড়া থেকে বালু বাণিজ্য চলছে।
পাহাড়ি ছড়ার চা বাগানের ভেতর থেকে অবৈধভাবে টিলা খুঁড়ে বালু উত্তোলন বন্ধের জন্য আলীনগর চা বাগান কর্তৃপক্ষ আপত্তি জানিয়েছে। চা বাগানের ব্যবস্থাপক হাবিব আহমেদ চৌধুরী ইতিপূর্বে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে কয়েক দফা লিখিত অভিযোগ দিয়েছেন। তারপরও রোধ হয়নি সুনছড়ার অবৈধভাবে বালু বাণিজ্য।
এব্যাপারে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা আক্তার বলেন, সম্প্রতি সুনছড়ায় বালু উত্তোলনকৃত এলাকা পরিদর্শন করেছি। উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে যে হারে যত্রতত্র বালু উত্তোলন ও পরিবহন হচ্ছে তাতে সামগ্রিক ক্ষয়ক্ষতির চিত্র পরিলক্ষিত হচ্ছে। এর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি আমরা গুরুত্বসহারে খতিয়ে দেখবো। তবে সম্প্রতি সময়ে কাজের চাপ বৃদ্ধি পেয়েছে। ফলে দুর্গম এলাকায় অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।

নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বালু তোলা যাবে না : দুই জেলার এসপি

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

কোম্পানীগঞ্জ উপজেলার পিয়াইন নদীর বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বালু তোলা যাবে না।
গতকাল শনিবার দুপুরে সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান ও সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান সরেজমিন পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন। এসময় বালু মহালের জায়গা চিহ্নিতকরণ ও দুই উপজেলার মৌজা ও সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে জেলা প্রশাসনের সহযোগিতায় সহসাই উদ্যোগ নেওয়ার কথাও বলেন তারা।

এর আগে লিজ বহির্ভূত জায়গা থেকে বালু তোলার অভিযোগ আনেন কোম্পানীগঞ্জের কাঁঠালবাড়ি গ্রামের উসমান খান ও স্থানীয় ভুক্তভোগী লোকজন।

উসমান খানের লিখিত অভিযোগে বলা হয়- চাটিবহর গ্রামের সুজন মিয়া ১৪৩১ বাংলা সনের জন্য শেরপুর ও নিজগাঁও মৌজার অর্ধেক অংশ বালু মহাল লিজ গ্রহণ করে। কিন্তু গত ৩ জুন থেকে এখন পর্যন্ত লিজ বহির্ভূত এলাকা জাহাজখালী, মরা গাং, বাইরং, কুত্তাখালী ও চইলতার ঢালা থেকে রাতের আঁধারে যন্ত্রদানব বোমা মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে। যে কারণে এলাকার পরিবেশ-প্রতিবেশ হুমকির মুখে। অবাধে বালু তোলার ফলে নদীর তীরবর্তী সরকারি কাঁঠালবাড়ি শিমুলতলা আশ্রয়ণ প্রকল্পের বাড়িঘরসহ অনেক গ্রাম ও কয়েক শ’ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হবার আশঙ্কা দেখা দিয়েছে।

বালু মহাল পরিদর্শনকালে কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান, ছাতক থানার ওসি শাহ আলম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, বশির আহমেদ মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন আরিফ, ইউনিয়ন যুবদলের সভাপতি আজিজুল হকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেটের বন্ধ পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে মতবিনিময়

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের পাথর কোয়ারী সচলের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সঙ্গে মতবিনিময় করছেন বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর বেলা ইসলামী আন্দোলনের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, সনাতন পদ্ধতিতে পাথর আহরণের জন্য কোয়ারি খুলে দিলে লাখো মানুষের জীবিকার সুযোগ সৃষ্টি হবে। বিগত সরকারের মদদপুষ্ট একটি দুষ্টচক্র ও চিহ্নিত সিন্ডিকেটের প্রত্যক্ষ ইশারায় সিলেটের লাখ লাখ মানুষের রোজগারস্থল পাথর কোয়ারী বন্ধ করে দেওয়া হয়। কোয়ারি বন্ধ করে দিয়ে এই চক্র রিজার্ভের ডলার দিয়ে ব্যাপকভাবে পাথর আমদানি করে দেশের অর্থনীতির মারাত্মক ক্ষতি সাধন করেছে। স্থানীয় পাথর কোয়ারিতে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বৈদেশিক মুদ্রার অপচয় করে পাথর আমদানির ফলে আমাদের অর্থনীতির মারাত্মক ক্ষতি সাধিত হয়।

বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বলেন, সিলেটের পাথর কোয়ারী যখন চালু ছিল তখন এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি ছিল ব্যাপক। শত শত কোটি টাকা পাথর ব্যবসায় বিনিয়োগ করে লাখ লাখ মানুষ জীবিকা নির্বাহ করতেন। লাখ লাখ বারকী শ্রমিকের উপার্জনের সুযোগ ছিল। পাথর কোয়ারি বন্ধ হওয়ায় এসব মানুষগুলো এখন মানবেতর জীবন যাপন করছেন। কোটি কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে এখন দেউলিয়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তারা আরও বলেন, যুগ যুগ ধরে উজান থেকে নেম আসা পাহাড়ি ঢলের সাথে নেমে আসা রাশি রাশি পাথর। এসব পাথর সংগ্রহ করেই এ অঞ্চলের প্রায় সব মানুষ জীবিকা নির্বাহ করত। দেশের নির্মাণ শিল্পের অন্যতম উপাদান হিসেবে এ অঞ্চলের পাথর ব্যবহৃত হয়ে আসছে।

অবিলম্বে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি জানিয়ে সিলেটের লাখো মানুষের জীবন ও জীবিকার পথ সুগম করতে অবিলম্বে পাথর কোয়ারি খুলে দিয়ে সনাতন পদ্ধতিতে পাথর আহরণের সুযোগ দেওয়ার দাবী জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় পাথর ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের সদস্য শওকত আলী বাবুল, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস উদ্দিন লিকু, পাথর ব্যবসায়ী আব্দুল আজীজ, কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিমুল ইসলাম আঙ্গুর, মুফতী ইমাম উদ্দিন, সদস্য হাসানসহ প্রমুখ।