Home Blog Page 185

‘গাছের মতো দাঁড়িয়ে, দীর্ঘ’ কবিতার বই নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

0

আধুনিক ডেস্ক:

কবি সাইয়্যিদ মুজাদ্দিদের কবিতার বই ‘গাছের মতো দাঁড়িয়ে, দীর্ঘ’ নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১১ মে সন্ধ্যা ৬টায় চিন্তা ও ফিকিরের সংঘ ফকিরির আয়োজনে সিলেট নগরের গ্রন্থবিপণি বাতিঘরে ‘পাঠের পরে’ শিরোনামে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও গবেষক মোস্তাক আহমাদ দীন। এসময় তিনি বলে, প্রথা মেনেও সময়োত্তীর্ন কবিতা লেখা সম্ভব। জীবনান্দ-আল মাহমুদ তা দেখিয়েছেন। সাইয়্যিদ মুজাদ্দিদের কবিতা নিয়ে আমি আশাবাদী, তরুণ এই কবিকে আমার যথেষ্ট প্রতিশ্রুতিশীল মনে হয়েছে। তারুণ্যের উন্নাসিকতায় নিয়ম ভেঙে ঝুকিপূর্ন নানা অনুষজ্ঞ কবিতায় নিয়ে এসেছেন মুজাদ্দিদ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও প্রাবন্ধিক মীনাক্ষি সাহা। মূল প্রবন্ধে তিনি বলেন, কবিতায় সত্যানুসন্ধান করেছেন সাইয়্যিদ মুজাদ্দিদ। তার কবিতায় যেমন আছে পৌরাণিক নানা উপাদান, একই সাথে আছে প্রেম-বিরহ। তার কবিতায় আত্মাকে চেনার আহবান আছে।
আবৃত্তি শিল্পী সুবর্ণ শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে সভামূখ্যের বক্তব্য দেন কবি মালেকুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন কবি ও গবেষক সৈয়দ মবনু এবং ফকিরির মূখ্য সমন্বয়ক ওয়াহিদ রোকন। এ সময় উপস্থিত ছিলেন গল্পকার শেখ লুৎফর, ড. তুতিউর রহমান, সাংবাদিক নোমান বিন আরমান, লেখক জায়েদ আলী, নাট্যকার সুফি সুফিয়ান, সিলেটের ডাকের বিভাগীয় সম্পাদক ফায়যুর রহমান, গল্পকার মজিবুর রহমান, চিত্রশিল্পী নাওয়াজ মারজান, লেখক আনারুল ইসলাম, কবি হুসাইন ফাহিম, প্রাবন্ধিক হেলাল হামাম, আতিক হাসান মিল্টন, কবি সোলেমান রাসেল, নাট্যকর্মী ইন্দ্রিয় অপূর্ব, কবি শাখা সরদার, কবি গুলশান ইকারুস, লেখক মাহমুদুর রহমান, চত্বর সম্পাদক তাকি নাওয়াজ, সম্পাদক আব্দুল কাদির, মারওয়ান আহমদ, মাসুম বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সাইয়্যিদ মুজাদ্দিদের প্রকাশিত বই থেকে কবিতা পাঠ করেন তাহরিম বখত ও জান্নাতুল ফেরদৌস।

মানবতার মূর্ত প্রতীক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট

0

মানবতার পাশে দাঁড়ানো এটি কোনো স্লোগান নয়, বরং একটি অঙ্গীকার। বিশ্বের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী মানবিক আন্দোলন রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এই অঙ্গীকারকেই ধারণ করে এগিয়ে চলছে নিরলসভাবে। ২০২৫ সালের বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের প্রতিপাদ্য “On the side of Humanity” বা “মানবতার পাশে, একসাথে”-এটি শুধু প্রতিশ্রুতি নয়, এটি একটি বাস্তবতা, যা প্রতিনিয়ত প্রমাণ করছে বিশ্বের ১৯১টি দেশে।

বিশ্বব্যাপী যখন মানবতা নানা সংকটে বিপর্যস্ত, তখন এই বছরের প্রতিপাদ্য “On the side of Humanity” আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। এ প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয়-মানবতা কেবল একটি নীতি নয়, এটি একটি দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সর্বদা প্রস্তুত ।

রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের শেকড় গেঁথে আছে ১৮৫৯ সালের রক্তক্ষয়ী সলফেরিনোর যুদ্ধে । সুইজারল্যান্ডের নাগরিক জীন হেনরি ডুনান্ট তখন এক ব্যবসায়িক সফরে গিয়ে প্রত্যক্ষ করেন যুদ্ধক্ষেত্রের নির্মমতা। হাজার হাজার আহত সৈনিক না খেয়ে, না পান করে, বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। সে দৃশ্য তার হৃদয়কে বিচলিত করে তোলে। তিনি নিজেই স্থানীয় মানুষদের নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন এবং পরে নিজের অভিজ্ঞতার উপর “A Memory of Solferino” নামে একটি বই লেখেন।

এই বই বিশ্বব্যাপী মানবিক চেতনার সাড়া জাগায়। ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (ICRC), এবং ১৮৬৪ সালের জেনেভা কনভেনশনের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে আহতদের জন্য মানবিক সুরক্ষা নিশ্চিত করার আন্তর্জাতিক আইন প্রণয়ন হয়।

আজ, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট কেবল যুদ্ধক্ষেত্রে নয়, বরং প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, শরণার্থী সংকট, স্বাস্থ্য ও খাদ্য সংকট, জলবায়ু পরিবর্তন, এবং মানসিক স্বাস্থ্যসহ নানাবিধ মানবিক সংকটে কাজ করছে।

১) মানবতা, ২) পক্ষপাতহীনতা, ৩) নিরপেক্ষতা, ৪) স্বাধীনতা, ৫) স্বেচ্ছাসেবা, ৬) একতা এবং ৭) সার্বজনীনতা, এই সাতটি মৌলিক নীতির ভিত্তিতে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলন পরিচালিত হয়। এটি কেবল দাপ্তরিক নীতি নয়-এটি একটি জীবন্ত চেতনা, যা প্রতিটি স্বেচ্ছাসেবকের প্রতিটি কার্যক্রমে প্রতিফলিত হয়।

যুবরাই এই সংগঠনের প্রাণ। যুব রেড ক্রিসেন্ট (RCY) কার্যক্রমের মাধ্যমে তরুণরা দেশজুড়ে নানা প্রশিক্ষণ গ্রহণ করে এবং দুর্যোগে উদ্ধার ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে ওঠা ইউনিট গুলো তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশে সহায়ক ভূমিকা রাখে ।

বর্তমান বিশ্বে প্রযুক্তি, সংঘাত, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ঝুঁকি, অভিবাসন সমস্যা এবং গুজব বা ভুল তথ্যের মতো নতুন চ্যালেঞ্জ রেড ক্রিসেন্ট ও রেড ক্রস আন্দোলনের কাজকে আরও জটিল করেছে। কিন্তু চ্যালেঞ্জ যত বড় হোক না কেন, মানবতার পাশে দাঁড়ানোর সংকল্পে কোনো কমতি নেই ।

রেড ক্রস ও রেড ক্রিসেন্টের পতাকা কেবল একটি প্রতীক নয়-এটি নিরাপত্তার, বিশ্বাসের, সহমর্মিতার এবং নির্ভরতার প্রতীক। এই পতাকা যেখানে উড়ে, সেখানেই একজন আহত, ক্ষতিগ্রস্ত মানুষ অন্তত আশা করে, কেউ পাশে আছে। কেউ তাদের ব্যথা অনুভব করছে।

২০২৫ সালের প্রতিপাদ্য “On the side of Humanity” আমাদের স্মরণ করিয়ে দেয়-এই সংগঠন কেবল সেবা নয়, , এটি আশা, এটি সাহস, এটি বিশ্বাস। যেখানে রেড ক্রিসেন্ট পতাকা ওড়ে, সেখানেই একজন অসহায় মানুষ আশার আলো খুঁজে পায় ।

আমরা যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, আমাদের প্রতিটি কাজেই থাকতে হবে দায়বদ্ধতা, সহানুভূতি ও সততা। মানুষ যখন বিপদে পড়ে, তখন সে চায় কেউ পাশে থাকুক। রেড ক্রিসেন্ট সেই পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি।

এই দিনে, আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে একটি মানবিক কাজ করা। সেটি হতে পারে একজন অসহায়কে সাহায্য, রক্তদান, অথবা কারো কষ্ট শোনার একটু সময় দেওয়া এই ছোট ছোট কাজগুলোই গড়ে তোলে একটি সহানুভূতিশীল সমাজ।

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের এই মাহেন্দ্রক্ষণে আমরা শপথ করি-বিপদের সময়, দুঃখের সময়, অসহায়ত্বের মুহূর্তে, আমরা মানবতার পাশে থাকব কারণ মানুষের পাশে থাকাই আসল মানবতা ।

মোহাম্মদ আমিনুল ইসলাম
ট্রেজারার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং
চেয়ারম্যান, সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস : সত্য ও স্বাধীনতার পথে সাহসী সাংবাদিকতা

0

শাবি প্রতিনিধি:

আজ ৩ মে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ১৯৯৩ সালে এ দিবসটি ঘোষণা করে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিনটি পালন করা হয়।

এ বছরের প্রতিপাদ্য—“সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং: স্বাধীন গণমাধ্যমে এআই-এর প্রভাব”—এই প্রযুক্তিনির্ভর যুগে সাংবাদিকতার নতুন বাস্তবতাকে তুলে ধরেছে।

বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাবের সাংবাদিকরা তাঁদের ভাবনা ও অভিজ্ঞতা প্রকাশ করেছেন।

দৈনিক যুগান্তরের শাবি প্রতিনিধি এবং শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন, বলেন, “বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা আজ কঠিন পরীক্ষার মুখে। উন্নত দেশ হোক বা উন্নয়নশীল, অনেক রাষ্ট্রেই সাংবাদিকরা রয়েছেন নজরদারি, সেন্সরশিপ ও নিপীড়নের ছায়ায়। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তথ্য অনুযায়ী, প্রতি বছর অসংখ্য সাংবাদিককে হুমকি, নির্যাতন বা কারাবন্দির শিকার হতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটও উদ্বেগজনক।
বাংলাদেশের সংবিধানের ৩৯ নং ধারায় বাকস্বাধীনতা ও মুক্ত তথ্যপ্রবাহের কথা বলা হলেও মাঠপর্যায়ে সাংবাদিকদের অবস্থা ভিন্ন। সাংবাদিকদের বিভিন্ন সময়ে হয়রানি, হুমকি, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ও রাজনৈতিক চাপের মধ্যে সাংবাদিকতা আজ এক দুঃসাহসিক পেশা হিসেবে গণ্য হয়েছে। ক্যাম্পাস সাংবাদিকদের অবস্থা আরও সংকটাপন্ন। তথ্য সংগ্রহে বাধা, প্রশাসনের বিধিনিষেধ, ছাত্ররাজনীতির চাপ, হুমকি—এগুলোই তাদের প্রতিদিনের বাস্তবতা।
তবুও আমরা আশাবাদী, নতুন প্রযুক্তি, বিকল্প মিডিয়া এবং তরুণদের উদ্যম গণমাধ্যমে নতুন ধারার সূচনা করেছে। অনুসন্ধানী সাংবাদিকতা আজ আগের চেয়ে আরও সাহসী, আরও জনমুখী।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কেবল একটি প্রতীকী উপলক্ষ নয়, বরং এটি সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার সাহসিকতার স্মারক। আমাদের প্রত্যাশা, গণমাধ্যমকে হতে হবে মুক্ত, নিরপেক্ষ ও দায়িত্বশীল। সাংবাদিকতার স্বাধীনতাই গণতন্ত্রের মূল স্তম্ভ। আর সেই স্তম্ভকে শক্ত রাখতে আমাদের সংগ্রাম থেমে যাবে না।”

জাগো নিউজের শাবি প্রতিনিধি এবং শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ, বলেন, “সাংবাদিকতা হোক রাজনৈতিক প্রভাবমুক্ত। সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। তারা সৃজনশীল চিন্তা দিয়ে মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা ও সংকটকে জনসমক্ষে আনেন—জনগণের কল্যাণে, দেশের কল্যাণে।
সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কারণ এটি জনমত গঠন করে, যা গণতন্ত্রের ভিত্তি। অথচ স্বাধীনতার ৫০ বছর পার হলেও সাংবাদিকতা এখনো পুরোপুরি স্বাধীন নয়। রাজনৈতিক প্রভাব এখনো এই পেশার বড় বাধা। সরকার বদলায়, কিন্তু গণমাধ্যম নিয়ন্ত্রণের প্রবণতা বদলায় না।
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমার প্রত্যাশা একটাই—সাংবাদিকতা হোক রাজনৈতিক প্রভাবমুক্ত, হোক সত্য ও স্বাধীনতার পক্ষে, হোক জনগণের কণ্ঠস্বর।”

দৈনিক ইত্তেফাকের শাবি প্রতিনিধি এবং শাবি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা, যেখানে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজে সত্য ও সুন্দর তুলে ধরার দায়িত্ব পালন করেন। তবে তাদের এই নিরলস পরিশ্রম ও সাহসিকতার যথাযথ মূল্যায়নের অভাব একটি বড় চ্যালেঞ্জ। প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা না থাকায় অনেক ক্ষেত্রেই অপসাংবাদিকতার জন্ম হয়। তবে যারা সাংবাদিকতাকে সত্যিকারের মহান পেশা হিসেবে গ্রহণ করেন, তারা কখনোই অপসাংবাদিকতার চর্চা করতে পারেন না। তারা দেশ ও মাতৃকার জন্য সর্বদা দায়বদ্ধ এবং নৈতিক মূল্যবোধে অটল থাকেন।
মেধাবী, যোগ্য ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের সাংবাদিকতায় আকৃষ্ট করতে হলে এই পেশার সম্মান ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি, সাংবাদিকদের সুরক্ষা, ন্যায্য বেতন ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতা গণমাধ্যমকে অপসাংবাদিকতা থেকে মুক্ত রাখতে পারে। সমাজের দুর্নীতি, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কলমকে শাণিত রেখে সাংবাদিকরা যদি সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ থাকেন, তবে সমাজের অনিয়মের শিকড় উপড়ে ফেলা সম্ভব। সাংবাদিকদের এই দায়িত্বশীল ভূমিকা শুধু সমাজ নয়, বরং একটি জাতির সামগ্রিক অগ্রগতির জন্য অপরিহার্য।”

জৈন্তাপুরে কাটাগাঙ নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ নদী থেকে সামছুদ্দিন (৩২) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ মে) সকাল ৯টায় হর্ণি নয়াগ্রাম এলাকায় নদীতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানানো হয় পুলিশকে।

নিহত সামছুদ্দিন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের হর্ণি নয়াগ্রাম এলাকার বাসিন্দা এবং আব্দুস শাক্কুরের ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, সামছুদ্দিন মৃগি রোগে ভুগছিলেন। গতকাল শুক্রবার বিকেলে তিনি কাটাগাঙ নদী পার হয়ে চাচার বাড়িতে যান। সেখানেই আসরের সময় মৃগি রোগে আক্রান্ত হন তিনি। তবে সন্ধ্যার আগে কিছুটা সুস্থ হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে আর ফিরে আসেননি।

পুলিশ জানিয়েছে, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগি রোগে আক্রান্ত হয়ে নদীতে পড়ে তার মৃত্যু হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

শাবিপ্রবির স্কুল অব সোশ্যাল সায়েন্সের ডিনের দায়িত্বে উপ-উপাচার্য

0

শাবি প্রতিনিধিঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অস্থায়ীভাবে স্কুল অব সোশ্যাল সায়েন্সের ডিনের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড মো সাজেদুল করীম। আজ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৩০ এপ্রিল তারিখে অধ্যাপক ড. লায়লা আশরাফুনের ডিন হিসেবে মেয়াদ শেষ হয়েছে।
পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়ের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ডিন পদে স্থায়ী নিয়োগ প্রদান করা হয়নি।

এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পহেলা মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপ-উপাচার্যকে অস্থায়ীভাবে স্কুল অব সোশ্যাল সায়েন্সের ডিনের দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।

ওসমানীনগরে এক রাতের ব্যবধানে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি

0

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে এক রাতের ব্যবধানে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চু‌রির ঘটনা ঘ‌টে‌ছে। বুধবার গভীর রা‌তে উপ‌জেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের প্রথমপাশা সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়ে ও প্রথমপাশা জামেয়া মোহাম্মদীয়া আবাসিক মাদ্রাসার মসজিদে ঘটনাটি ঘ‌টে।

এসময় বিদ্যালয়ের ২য় শ্রেনী কক্ষের পিছনের জানালা ও গ্রীল ভেঙ্গে কক্ষে প্রবেশ করে ৩টি সিলিং ফ্যান নিয়ে যায় চোরচক্র। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা এবং মসজিদের গ্রীল কেটে ৩টি তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মাইকের একটি ১২ ভোল্টের ব্যাটারী ও দান বাক্স চুরি করে নিয়ে যায় চক্রটি । ব্যাটারীর বাজার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা হবে।

প্রথমপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী জয়নাল মিয়া বলেন, রাত ৩ টার দি‌কে শ্রেনী কক্ষের জানালা ভাঙ্গার শব্দ শুনে রুম থেকে বাহির হয়ে গিয়ে দেখি কারা যেন দৌড়ে পালিয়ে যাচ্ছে। অন্ধকারের জন্য কাউকে চিনতে পারি নি। শ্রেনী কক্ষে ঢুকে দেখি জানালা কাটা আর ৩ টি সিলিং ফ্যান নেই। পরে সকাল ৭ টায় আমি প্রধান শিক্ষককে জানিয়েছি বিষয়টি ।

এ‌দি‌কে, খবর পে‌য়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অব‌হিতকরণ পূর্বক নির্দেশনা মোতা‌বেক বা‌দী হ‌য়ে বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগর থানায় সাধারণ ডায়‌রি ক‌রেছেন বলে জা‌নি‌য়ে‌ছেন স্কু‌লের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দেব।
তিনি বলেন, চুরির খবর শুনে বিদ্যালয় এডহক কমিটির ভূমি দাতা সদস্য এমদাদুর রহমান খানকে নিয়ে বিদ্যালয় পরিদর্শন করেছি এবং থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছি।

প্রথমপাশা জামেয়া মোহাম্মদীয়া আবাসিক মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ হোসাইন মাহবুব বলেন, গতকাল রাতে মসজিদের গ্রীল কেটে ৩টি তালা ভেঙ্গে মসজিদে প্রবেশ করে মাইকের ব্যাটারী ও দান বাক্স নিয়ে গেছে চোরেরা। ব্যাটারী দাম আনুমানিক ১৫ হাজার টাকা হবে আর দান বাক্সে কত টাকা ছিল বলতে পারবো না।

ওসমানীনগর থানা অ‌ফিসার ইনচার্জ মো. মোনায়েম মিয়া বলেন, অভিযোগ একটি পেয়েছি তদন্ত করে বিষয়টি আমরা দেখছি।

মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

0

শাবিপ্রবি প্রতিনিধি:

ইমাম ও ধর্মীয় বক্তা মাওলানা রইস উদ্দিনকে মব ভায়োলেন্সের মাধ্যমে নির্মমভাবে হত্যার ঘটনার দ্রুত বিচার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রেজাউল করিম জুয়েল বলেন, “আমরা জানতে পেরেছি এই নির্মম হত্যার সাথে দুইটি পক্ষ সরাসরি জড়িত। স্থানীয় একটি গ্রুপ যারা মব তৈরি করে অকথ্য নির্যাতন চালিয়েছে এবং পুলিশ ও কারা কর্তৃপক্ষ, যারা একজন নাগরিকের মৌলিক অধিকার চিকিৎসা থেকে তাঁকে সম্পূর্ণরূপে বঞ্চিত করেছে।”

তিনি আরও বলেন, “যদি সময়মতো চিকিৎসা নিশ্চিত করা হতো, তাহলে হয়তো এমন মর্মান্তিক মৃত্যুর মুখোমুখি হতে হতো না। স্বৈরাচার পতনের পর পুলিশী ব্যবস্থার যে আমূল পরিবর্তনের প্রত্যাশা ছিল, তার বাস্তবায়ন হয়নি বলেই আজকের এই দুঃখজনক ঘটনার জন্ম হয়েছে। আমরা এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি।”

মানববন্ধনে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। ১. যারা মব তৈরি করেছে এবং নির্যাতনে অংশ নিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। ২. নির্যাতন, চিকিৎসাহীন অবস্থায় আটক এবং কারাগারে প্রেরণের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

৩. রইস উদ্দিন হত্যার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে এবং তাঁর পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।

কমলগঞ্জে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন বিতরণ

0

কমলগঞ্জ প্রতিনিধিঃ

কমলগঞ্জে আগুনে বসতঘর ও দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া হাছন মিয়ার পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কমলগঞ্জ উপজেলা প্রশাসন চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই সহায়তা প্রদান করা হয়।

সম্প্রতি আগুনে পুড়ে উপজেলার উত্তর তিলকপুর গ্রামের হাছন মিয়ার বসতঘর, দোকান এবং আরো দু’টি দোকান ভস্মিভূত হয়। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে পরিবারটি।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।

নবায়নযোগ্য জ্বালানী নীতিমালা সংস্কারের দাবিতে ছাতকে মানববন্ধন

0


ছাতক প্রতিনিধিঃ

দেশে শতভাগ নবায়নযোগ্য শক্তির দাবী ক্রমশ জোরদার হচ্ছে। স্থানীয় নাগরিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মধ্যে নবায়রযোগ্য জ্বালানীর পক্ষে জনমত তৈরী হয়েছে। এ প্রেক্ষিতে বুধবার বিকেল সাড়ে ৪টায় শিল্পনগরী ছাতকের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে নবায়নযোগ্য জ্বালানীর নীতিমালা সংস্কারের দাবীতে এক মানববন্ধন অনুষ্টিত হয়।

উন্নয়ন সংগঠন হাউস, ক্লিন ও বিডব্লিওজিইডি’র উদ্যোগে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ একত্রিত হয়ে মানববন্ধন গড়ে তুলেন। অংশগ্রহণকারীরা ব্যানার ও ম্লোগানের মাধ্যমে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানীর পথে বাধা হয়ে থাকা জরুরী সমস্যা গুলোর দিকে দৃষ্টি আকর্ষন করেন। যেমন পুরনো অবকাঠামো, জটিল অনুমোদন প্রক্রিয়া, উচ্চ বিনিয়োগ ঝুকি এবং নীতিমালার অকার্যকর বাস্তবায়ন।

মানববন্ধনে বক্তরা বলেন, কাঠামোগত প্রতিবন্ধকতা গুলো এখনও নবায়রযোগ্য শক্তির অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। ধীর প্রশাসনিক প্রক্রিয়া, অর্থায়নের অভাব, দর্বিল গ্রিড অবকাঠামো এবং নবায়রযোগ্য প্রকল্পের জন্য অসম্পূর্ণ ট্যারিফ নীতি এই পিছিয়ে পড়ার বড় কারন। মানববন্ধনে নবায়নযোগ্য প্রকল্প দ্রুত অনুমোদনের জন্য একক সেবা কেন্দ্র স্থাপন, স্মার্ট গ্রিড প্রযুক্তি এবং নেট এনার্জি মিটারিং বাস্তবায়ন, জাতীয় গ্রিড আধুনিকীকরন, জাতীয় বিদ্যুৎ খাতে বাজেটের ২০% নবায়রযোগ্য শক্তির জন্য বরাদ্দ করা, দেশীয় ব্যাংক গুলো জ্বালানী খাতের অর্থায়নের কমপক্ষে ২৫% নবায়রযোগ্য প্রকল্পের জন্য নির্ধারণ, নবায়রযোগ্য প্রযুক্তির ওপর আমদানী শুল্ক কমানো, ট্যারিফ শর্ত বাতিল এবং “বিদ্যুৎ নেই, বিল নেই” নীতি বাস্তবায়ন নিশ্চিতকরন প্রভৃতি দাবী জানানো হয়।

এই আন্দোলন সুনামগঞ্জ জেলার একটি সবুজ ও ন্যায্য ভবিষৎ গড়ার দৃড় প্রংকল্পের প্রকাশ। নীতিমালা সংস্কার শুধূমাত্র প্রযুক্তিগত বিষয় নয়, এটি টেকসই জীবিকা, জলবায়ু সহনশীলতা এবং জাতীয় সমৃদ্ধির জন্য অপরিহার্য। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, উন্নয়ন সংগঠন হাউস’র উপজেলা সমন্বয়কারী শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান, মিডিয়া কর্মী এইচএম খালেদ আহমদ, মোহাম্মদ জাকারিয়া, লুৎফুর রহমান শাওন, মানববাধিকার কর্মী মো.ফজল উদ্দিন, ব্যবসায়ী আফজাল হোসেন, মো.দিলোয়ার হেসেন, মো.ইজাজুল হক রনি, আনোয়ার হেসেন পাঠান, নৌপরিবহন শ্রমিক শ্রমিক নেতা এনামুল হক এলেমান, আতাউর রহমান, শিক্ষক আশরাফুল হক, আবু রায়হান, সমাজকর্মী সুব্রত কুমার রায় প্রমুখ।

দিরাইয়ে ধান পুড়ানোর ঘটনায় নাম জাড়ানোয় প্রতিবাদ

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলার রণভূমি গ্রামে ধান পুড়ানোর ঘটনায় নাম জড়িয়ে অভিযোগ করায় প্রতিবাদ করেছেন অভিযুক্ত ব্যক্তিরা। বুধবার বিকালে সাংবাদিকদের কাছে এই প্রতিবাদ করেছেন রণভূমি গ্রামের বাসিন্দা আশিক মিয়া ও তার পক্ষের লোকজন।

আশিক মিয়া ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা শফিক চৌধুরী বলেন, গত কিছুদিন আগে আমাদের গ্রামের কালা শাহ মিয়ার ধান কে বা কারা রাতের আঁধারে পুড়িয়ে দিয়েছে। এটি অত্যন্ত গর্হিত কাজ। আমরা প্রকৃত দোষীদের বিচার চাই। এ নিয়ে প্রথম থেকে আমরা সোচ্ছার ছিলাম। কিন্তু কিছুদিন পরে শুনি, ধান পুড়ানোর ঘটনায় আমরা জড়িত মর্মে কালা শাহ আমাদের নাম ব্যবহার করে নানান ব্যক্তব্য দিচ্ছে এবং থানায় আমাদের নামে একটি অভিযোগ করার কথাও শুনেছি। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা তাদের এমন বক্তব্যের ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

তারা আরোও বলেন, গত ৯ মার্চ জমি নিয়ে বিরোধের জেরে কালাশাহ পক্ষের সাথে আমাদের সংঘর্ষের ঘটনা ঘটে। ঐ ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আমাদের পক্ষের ১৮ জনকে আহত করেছিলো তারা। এঘটনায় দিরাই থানায় আমরা একটি মামলা দায়ের করেছিলাম। সেই ঘটনার জেরে তারা নিজেরাই ধান পুড়িয়ে থাকতে পারে বলে পাল্টা অভিযোগ করেন তারা।

অভিযোগকারী কালা শাহ বলেন, ১২ কিয়ার (৩০ শতকে এক কিয়ার) জমি কেটে মাড়াইয়ের জন্য হাওরে স্তুপ করে রেখেছিলাম। ধান পাহাড়া দিতে আমি ও আমার ভাই ছাদ উদ্দিন ধানের স্তুপের কাছে ঘুমিয়ে ছিলাম। গত শুক্রবার রাতের আঁধারে শফিক, রুবেল, ছত্তার ও পাবেলসহ ১০/১২ জন লোক আমাকে ও আমার ভাই ছাদ উদ্দিনের হাত, চোখ বেঁধে আমাদের ধান পুড়িয়ে দিয়েছে। আমরা এ ব্যপারে থানায় অভিযোগ করেছি। অভিযুক্তদের স্বচক্ষে দেখার পরও প্রথমদিন কারো নাম নিলেন না কেনো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাতে দু’চারজনকে চিনতে পেরেছি। বাকীদের নাম তো বুঝেশুনে বলতে হবে। ঘটনার আরও বিস্তারিত জানতে কালা শাহ পক্ষের লোক শাহ জাহানের বক্তব্য নিতে তার বাড়ি ও ধান খেতে গেলেও তাকে পাওয়া যায়নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ধান পুড়ানোর ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২৪ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত বরাম হাওরে স্তুপ করা ধানের মুটিতে আগুন দেয় দূর্বৃত্তরা।