Home Blog Page 184

জৈন্তাপুরে ভারতীয় মোটরসাইকেলসহ আটক ৩

0

জৈন্তাপুর প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাতের অভিযানে ভারত থেকে চোরাইপথে আসা একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

শনিবার (১৮ মে) রাত আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের শেলটেক কোম্পানির গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে নীল-সাদা রঙের একটি ভারতীয় ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করে। অভিযানের সময় আরও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে চোরাচালান চক্রের এক সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন,ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার কামু পাটুয়ারীবাড়ী গ্রামের আব্দুর রহিমের ছেলে আবদুল্লাহ আল সাবের শান্ত (২৩), ফেনী সদর উপজেলার মিজানপাড়া এলাকার ফিরোজ মিয়ার ছেলে ওমর ফারুক (২২), এবং জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আশিকুল ইসলাম (২৫)।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ভারতীয় মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে তারা জড়িত। জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক একজনসহ মোট চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে আটক তিনজনকে আদালতে হাজির করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকা জৈন্তাপুরে চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

দোয়ারায় বজ্রপাতে কোম্পানীগঞ্জের ২ শ্রমিক নিহত, ১ জন নিখোঁজ

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারা উপজেলার চেলানদীতে বালু তুলতে গিয়ে বজ্রপাতে কোম্পানীগঞ্জের দুই শ্রমিক নিহত ও একজন নিখোঁজ হয়েছেন।

আজ শনিবার (১৭ মে) ভোররাত সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের চাটিবহর গ্রামের মফিজ আলীর পুত্র হাফিজ মিয়া (৩০) একই ইউনিয়নের লামনিরগাঁও গ্রামের মৃত্যু আমির আলীর পুত্র জুয়েল মিয়া (৩৩)।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একই উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মাসুক মিয়ার ছেলে রুবেল মিয়া (৩০)।

স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে বালু উত্তোলনের সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই হাফিজ ও জুয়েল মারা যান। রুবেল মিয়া এখনও নিখোঁজ রয়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড সদস্য কবির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, আজ দুপুর ২টায় নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, চেয়ারম্যান সাহেবকে নিয়ে নিখোঁজ রুবেল মিয়ার সন্ধানে তল্লাশি চালানো হয়েছে।

আরিফুল হক চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তনে জৈন্তাপুর উপজেলা কৃষকদলের শুভেচ্ছা

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল।

শুক্রবার (১৬ মে) রাত ৮টায় উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদ্যস সচিব আল মামুন, নিজপাট ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক কবির আহমদ, দরবস্ত ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া,সাধারণ সম্পাদক নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, ১ নং ওয়ার্ডের সভাপতি সাহাব উদ্দিন এবং সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য সংকু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষকদল নেতা আবদুল লতিফ, বাছিত, সাইদসহ আরও অনেকে।

নেতৃবৃন্দ বলেন, আরিফুল হক চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন শুধু সিলেট নয়, পুরো দেশের বিএনপি পন্থী কৃষক সমাজের জন্য আনন্দের বার্তা বয়ে এনেছে। তাঁর নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তির আন্দোলন আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠান শেষে সাবেক মেয়রের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শাবিতে নিয়ম লঙ্ঘন করে ছাত্রদলের কর্মসূচি, প্রশাসনের শোকজ

0

শোকজকে ‘জঘন্যতম কাজ’ বললেন ছাত্রদল নেতারা

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বারবার নিয়ম লঙ্ঘন করে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করে আসছে শাবিপ্রবি শাখা ছাত্রদল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের শোকজ করলে, তা ‘জঘন্যতম কাজ’ বলে মন্তব্য করেছেন শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে রাহাত জামান বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর ধরে অন্যায়ের শিকার হয়েছি, হত্যার শিকার হয়েছি। আগামী ১৭ দিন যেন আর কোনো অন্যায়ের শিকার না হই—সেজন্য আমরা ঐক্যবদ্ধ থাকব।”

এ ছাত্রদল নেতা বলেন, “আমাদের লজ্জা হওয়া উচিত যে প্রশাসন আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। আমাদের ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং আমাদের শোকজ করার মতো জঘন্যতম কাজ করেছে। আমি প্রশাসনকে বলতে চাই আপনারা আমাদের প্রতি সহানুভূতিশীল হোন। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিন। যদি সাধারণ শিক্ষার্থীরা অনিরাপত্তায় ভোগে, তার দায় আপনাদের নিতে হবে।”

ছাত্রদল নেতা আরও বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল এবং থাকবে। সেই কাজে আপনারা বাধা দেবেন না। তাহলে কি আমরা ধরে নেব আপনারা আরেকটি ফ্যাসিস্ট সংগঠনকে প্রাধান্য দিচ্ছেন? আমরা ৫ আগস্ট যেমন একটি ফ্যাসিস্ট সংগঠনকে বিতাড়িত করেছিলাম, প্রয়োজনে আবারও করব। রাজপথে রক্ত দিয়ে হলেও তাদের প্রতিহত করব।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ছায়ার তলে যারা রাজনীতি করেন, তাদের বলতে চাই বাংলার প্রতিটি জমিনে জাতীয়তাবাদী ছাত্রদল রয়েছে। আমাদের সাথে লাগতে আসবেন না। আমরা শান্ত প্রিয় সংগঠন, আমাদের সাথে লাগতে আসলে আবারো আমরা রাজপথে রক্ত দিয়ে প্রতিহত করব।

নিয়ম লঙ্ঘন করে কর্মসূচি পালন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোখলেছুর রহমান বলেন, “ছাত্রদল নিয়ম ভেঙে অনুমতি না নিয়ে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করেছে। এজন্য আমরা তাদের শোকজ করেছি এবং তারা তার জবাবও দিয়েছে। কিন্তু এরপরও তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এ নিয়ে আমরা জরুরি বৈঠক ডেকেছি। সব কিছু নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হবে।” নিয়মতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া তো কোন কিছু করা সম্ভব না।

নিয়মের তোয়াক্কা না করে বার বার কর্মসূচি পালনের ব্যপারে উপ-উপাচার্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাউকে শোকজ করার পরও কর্মসূচি করা মানে তারা প্রশাসনকে চ্যালেঞ্জ দিচ্ছে। তবে অন্যান্য কাজ নিয়ে আমি ব্যস্ত থাকায় আজকের কর্মসূচি নিয়ে অবগত নই। প্রক্টর ও আমায় এখনো কিছু জানায় নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য রয়েছেন। আমি জানিনা তিনি এ ব্যাপারে অবগত হয়েছেন কি না। আমি বিস্তারিত জেনে পরবর্তীতে জানাবো।

কোম্পানীগঞ্জে অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টায় উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের চরারবাজার সিএনজি স্ট্যান্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিন আহমদ ফরহাদ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়ার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে।

বক্তারা এসব অপপ্রচারকে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে প্রকৃত নেতাদের সম্মানহানি করা হচ্ছে।

সেচ্ছাসেবক দলের নেতা মহিবুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী, যুগ্ম সম্পাদক শাহ জাহান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক উসমান গনি, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল গনি, ইউনিয়ন যুবদল নেতা রফিক আহমদ, আলাউদ্দিন, মোবারক হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুদ্দিন, যুগ্ম আহ্বায়ক সুলতান, শ্রমিক দলের সদস্য আলাউদ্দিন মুরব্বি, বেলাল মিয়া, মকরম আলী প্রমুখ।

সিলেটের শ্রেষ্ঠ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নির্বাচিত সেলিনা বেগম

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেট রেঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার মোছাম্মৎ সেলিনা বেগম। বুধবার (১৪ মে) সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এই ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন।

সেলিনা বেগমের কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়েছে। সিলেট রেঞ্জের উপমহাপরিচালক তাঁর অভিনন্দন বার্তায় উল্লেখ করেন, “সেলিনা বেগমের এই সাফল্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, সেলিনা বেগম তাঁর অধীনস্থদের নিয়ে আগামী দিনে আরও ভালো ও প্রশংসনীয় কাজে উদ্যমী ও উদ্যোগী হবেন।

সেলিনা বেগম তাঁর এই অর্জনের জন্য সিলেট রেঞ্জের সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “এই সম্মাননা আমার জন্য উৎসাহব্যঞ্জক এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রেরণা যোগাবে।”

দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন সেলিনা বেগম। তাঁর এই সম্মাননা প্রাপ্তি কোম্পানীগঞ্জ উপজেলার মানুষের জন্যও গর্বের বিষয় বলে উল্লেখ করেন মঈনুল ইসলাম হেলাল।

কোম্পানীগঞ্জে ইয়াবা ও বিদেশী মদসহ দুইজন গ্রেপ্তার

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেট কোম্পানীগঞ্জ থানাপুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৪০ পিস ইয়াবা ও ১৫৬ বোতল বিদেশী মদসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- আপ্তাব আলী (৬৫) ও তার স্ত্রী আঙ্গুরা বেগম ওরফে বড়মা (৪৮)।

জানা গেছে, ১৪ মে (মঙ্গলবার) গভীর রাতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনা করে। এসময় পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ভোলাগঞ্জ আদর্শগ্রামে মাদক ব্যবসায়ী আপ্তাব আলীর বসতবাড়ীতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে তাদের গ্রেফতার করা হয়।

তল্লাশি চালিয়ে আঙ্গুরা বেগমের কাছ থেকে ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আপ্তাব আলীর কাছ থেকে ১৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা উক্ত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এ তথ্য নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান জানান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়। মামলা নং ১৫। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন গ্রেফতার

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ থানাপুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টায় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া লামাপাড়া এলাকা থেকে এ অভিযান পরিচালিত হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান, ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার এবং উপ-পরিদর্শক শাহ নিয়াজ শরিফের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। অভিযানে ১১ হাজার ৬শ’ ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ৮ রিল ইয়াবা খাওয়ার ফয়েল পেপার এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ২শ’ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত আরজ আলী’র পুত্র রহমত আলী (৫০) ও একই গ্রামের মৃত সৈয়দ আলী’র পুত্র ইসাক আলী (৪৫)। ইসাক আলী মূলত শীলাকুড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কোম্পানীগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এলাকাবাসীর সভা

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

পত্রিকায় “ভোলাগঞ্জের লুটে বেপরোয়া বাহার” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আজ রোববার (১১মে) কোম্পানীগঞ্জ উপজেলার দয়ার বাজার পয়েন্টে বিকেলে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে জাতীয় দৈনিকে উল্লেখ করা হয়েছে- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল আহমদ বাহার,
জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিন আহমদ ফরহাদ ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রজন মিয়াসহ তাদের বিরুদ্ধে ভোলাগঞ্জজুড়ে পাথর লুটপাটের অভিযোগ আনা হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। আমাদের সামাজিক ও রাজনৈতিক, হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমাদের ক্ষতি করার জন্য এই সংবাদ প্রকাশ করা হয়।

প্রতিবাদ সভায় নিন্দা জানিয়ে বলা হয় সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে এ ধরণের সংবাদ পরিবেশন করিয়াছে। ভবিষ্যতে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য সংবাদ কর্মীদের উদাত্ত আহ্বান জানিয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য জামাল উদ্দিন, ইসলামপুর পুর্ব ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, যুবদল নেতা ওয়াহিদ রেজা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শামসুজ্জামান, জবরুল আলম, বদরুল আলম, শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন দুলাল মিয়া, আল-আমীন প্রমুখ।

শাবির সড়কে ট্রাকের বেপরোয়া চলাচল, দুর্ঘটনার আশঙ্কা

0

মাঈন উদ্দিন, শাবি:


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিনের বেলায় উন্নয়ন প্রকল্পের কাজে ব্যবহৃত মালবাহী ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলাচল করছে। এতে দুর্ঘটনার শঙ্কায় ভুগছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে বর্তমানে একাধিক ভবনের নির্মাণকাজ চলমান। এসব নির্মাণ কাজে নির্মাণসামগ্রী পরিবহনের জন্য ট্রাকসহ ভারী মালবাহী যানবাহন ব্যবহৃত হচ্ছে। তবে এগুলো দিনের ব্যস্ত সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক দিয়ে চলাচল করায় শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কসমূহ মূলত শিক্ষার্থীদের হাঁটার পথ হিসেবেই ব্যবহৃত হয়। ফলে এসব সড়ক সর্বদা শিক্ষার্থী চলাচলে ব্যস্ত থাকে। ভারী যানবাহন চলাচলের কারণে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দুর্ঘটনার আশঙ্কায় থাকছেন।

এ বিষয়ে একাধিক শিক্ষার্থী উদ্বেগ প্রকাশ করেছেন। পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো রিফাত ইসলাম বলেন, ক্যাম্পাসে চলমান উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত যানবাহনগুলো ক্যাম্পাসের ভেতরে বেপরোয়া গতিতে চলাচল করছে। ট্রাক ড্রাইভার গুলো স্পিডব্রেকার এর তোয়াক্কা পর্যন্ত করেনা। সাথে বেপোরোয়া গতি ও টার্নিং, হাইওয়ে হর্ণ ব্যবহার তো আছেই। এসব কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের উচিত তাদেরকে সতর্ক করা। বিশেষ করে ক্যাম্পাসে প্রবেশ ও বের হবার সময় যেখান থেকে স্পিড ব্রেকার নাই সেই যায়গাতে স্পিড ব্রেকার মিটার বসিয়ে তাদের গতিবিধি অবসার্ভ করা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফি আহমদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি। দিনের বেলায় ট্রাক চলাচল শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রবিউল হুসেন মামুন বলেন, “ট্রাক চলাচলের সময় সড়কে মাটি পড়ে থাকছে। রোদের সময় তা ধুলায় পরিণত হয়, আর বৃষ্টির সময় কাঁদায়। এতে রাস্তা পিচ্ছিল হয়ে যায় এবং দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনও সচেতন বলে জানিয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড সাইফুল ইসলাম। তিনি বলেন, “দিনের বেলায় ভারী যানবাহন চলাচল নিয়ে আমরাও চিন্তিত। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি বৈঠক আহ্বান করা হয়েছে। ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে ট্রাকে পরিবহণের সময় মাটি বা নির্মাণসামগ্রী ঢেকে বহন করা হয়, যাতে সড়কে মাটি পড়ে না থাকে এবং দুর্ঘটনা এড়ানো যায়।”