Home Blog Page 180

“সাজানো মামলায় শাবি শিক্ষার্থীর ফাঁসির রায়”,মুক্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

0

শাবিপ্রবি প্রতিনিধি:

অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী মোজাম্মিল হুসাইন সাইমনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা।

রবিবার (১৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শতাদিক শিক্ষার্থীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মুমিন।

মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন, সাইমন একজন মেধাবী প্রোগ্রামার ছিলেন। তিনি ঢাকার একটি ওয়েব ডিজাইন প্রতিষ্ঠানে চাকরি করতেন। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর বাউনিয়া এলাকা থেকে স্ত্রী ও শিশু সন্তানের সামনে সিটিটিসির সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে ব্লগার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মানবন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভাষ্য, গ্রেপ্তারের পর সাইমনকে শারীরিক ও মানসিকভাবে ভয়াবহ নির্যাতন করা হয়। জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ে তাকে গ্রিলে ঝুলিয়ে রাখা, ইলেকট্রিক শক দেওয়া, শরীরের জয়েন্টে আঘাত করা এবং ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখার মতো অমানবিক আচরণ করা হয়। সাইমনের ভাই আব্দুল্লাহ আল হোসাইন অভিযোগ করেন, স্বীকারোক্তিতে সই না করলে তার বাবা ও ভাইকে গুমের হুমকি দেওয়া হয়েছিল। নিরুপায় হয়ে সাইমন সিটিটিসির তৈরি স্বীকারোক্তিতে সই করতে বাধ্য হন।

এই স্বীকারোক্তির উপর ভিত্তি করেই ২০২১ সালে তাকে আদালত মৃত্যুদণ্ড দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, এ মামলায় কোনো প্রকৃত ও নিরপেক্ষ তদন্ত হয়নি, বরং একটি সাজানো নাটকের মতোই তাকে জড়িয়ে ফাঁসানো হয়েছে।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, “একজন মেধাবী ছাত্রকে শুধুমাত্র ধর্মীয় চর্চা করার কারণে জঙ্গি তকমা দিয়ে ফাঁসানো হয়েছে। এটি মানবতাবিরোধী অপরাধ। আমরা দ্রুত তার মামলার পুনঃতদন্ত দাবি করছি।”

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মুমিন বলেন, “সাইমন আমাদের বিভাগের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। সে একজন ভালো প্রোগ্রামার এবং নৈতিকভাবে দৃঢ়চেতা ছিল। তার অপরাধ শুধু একটাই—সে ছিল একজন প্র্যাকটিসিং মুসলিম। এই কারণেই হয়তো তাকে ‘জঙ্গি’ বানিয়ে নির্যাতনের শিকার করা হয়েছে। আমরা চাই, এই মামলার পূনঃতদন্ত হোক এবং নির্দোষ হলে তাকে মুক্তি দেওয়া হোক।”

মানববন্ধন থেকে দ্রুত মামলার পূনঃবিচার ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাইমনের মুক্তির দাবি জানানো হয়। এছাড়া, আইনগত সহায়তা ও মানবাধিকার সংস্থাগুলোকেও এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস

0

আধুনিক ডেস্ক ::
জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান রোববার (জুলাই) এই জামিনের আদেশ দেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপু বিশ্বাস। রাষ্ট্রপক্ষ থেকে তাঁর জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত অপু বিশ্বাসের জামিন মঞ্জুর করেন। মামলায় গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। এখন তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন।

গত মার্চ মাসে ঢাকার আদালতে শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যক্তি। তিনি রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন গত ১৯ জুলাই। আদালতের নির্দেশে পরবর্তী সময়ে রাজধানীর ভাটারা থানা-পুলিশ তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করার কথা জানায়।

ভাটারা থানা-পুলিশের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল যে মামলায় ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে। তাঁদের মধ্যে আছেন অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, জায়েদ খান প্রমুখ। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে এই আসামিরা ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন।

চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেন্টকর্মী খুন

0

আধুনিক রিপোর্ট ::

চা দিতে দেরি হওয়ায় সিলেটে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক রেস্টুরেন্টকর্মী। রোববার (১৩ জুলাই) সকালে নগরীর কাজিরবাজার এলাকায় এই ঘটনা ঘটে।  নিহত হোটেল কর্মচারীর নাম রুমন। তার বয়স আনুমানিক ২২ বছর।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এক যুবক চা খেতে কাজিরবাজার মাছ বাজারের পাশে অবস্থিত একটি রেস্টুরেন্টে ঢুকেন। চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন হোটেল মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।  তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে রেস্টুরেন্টে ঢুকে রুমনের উপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে রুমনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, আমরা আসামীদের ধরতে অভিযান চালাচ্ছি।

শুরু হচ্ছে বিশেষ চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নির্বাচনপূর্ব স্থিতিশীলতা বজায় রাখতে বিশেষ চিরুনি অভিযান শুরু হচ্ছে। রোববার (১৩ জুলাই) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে  এই অভিযান পরিচালনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার থেকেই শুরু হচ্ছে এ অভিযান।


সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজধানীর মিটফোর্ডে যে হত্যাকাণ্ড ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক ও বর্বরোচিত। সভ্য সমাজে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

মিটফোর্ডের ঘটনায় দায়ের করা মামলায় ১৯ জন আসামির মধ্যে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। এই মামলার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো শিথিলতা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান।’তিনি জানান, মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি চলছে। খুলনায় সম্প্রতি আরেকটি হত্যাকাণ্ডের ঘটনায়ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘মিটফোর্ডের ঘটনায় কেউই পুলিশের ‘ট্রিপল নাইন’ নম্বরে ফোন করেনি। এমনকি পাশেই আনসার সদস্যরা থাকলেও তাঁদের কেউ কিছু জানাননি।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতন, সন্ত্রাস, মাদক চোরাচালানসহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযানের পাশাপাশি এখন বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করবে।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা সরকারের রয়েছে বলেছে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই লক্ষ্যে নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিরুনি অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বুধবার (৯ জুলাই) রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯)। হত্যার আগে ডেকে নিয়ে তাঁকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয়। তাঁর শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ। এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সম্পৃক্ততার কথা জানা গেছে। শনিবার (১২ জুলই) সন্ধ্যায় এই মামলার দুই আসামিকে বহিষ্কারের কথা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। হত্যা মামলার আরও দুই আসামিকে নিজেদের সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

অন্যায়কারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের

0

অন্তর্বর্তী সরকার অন্যায়কারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কি না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা বিভিন্নভাবে ‘মব’ (দলবদ্ধ সহিংসতা) সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।

পুরান ঢাকায় গত বুধবার জনসমক্ষে নৃশংস যে হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়টির প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন, ‘এই প্রশ্ন আজকে আমাদের সবার এই সরকারের কাছে, কেন অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছে? তারা (সরকার) কেন আশ্রয় দিচ্ছে?…যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ করেছি, যাকে দেখেছি স্ক্রিনে (ভিডিও ফুটেজে), যাকে দেখেছি হত্যা করছেন, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি?’

এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, ‘আমরা কি তাহলে ধরে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে? প্রশাসনের কোনো প্রশ্রয় আছে? প্রশাসনের কারও কারও কোনো প্রশ্রয় আছে?’

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের যেসব নেতা-কর্মী শহীদ হয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন তারেক রহমান। অনুষ্ঠানের আয়োজক বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বরাবর বলেছি, অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না। কাজেই সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া।’

বিএনপি অপরাধীদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, যে অন্যায় করবে, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনো কোনো দলের লোক হতে পারে না।

বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারকে বিতাড়িত করার মাধ্যমে জনগণের এই বিজয় অর্জিত হয়েছে। কিন্তু ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। ‘অদৃশ্য শত্রু’ আছে। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সেই অদৃশ্য শত্রু। ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন কিছু হচ্ছে এবং আমরা খুব ভালো করে খেয়াল করছি কারা সুস্থ স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করতে চাইছে।’

অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘জোর গলায় প্রশ্ন তুলুন, আপনাদের যে স্বজনেরা আত্মত্যাগ করেছে, তাদের বিচার কেন আজ পর্যন্ত বিলম্বিত হচ্ছে? কারা মব সৃষ্টি করে বিলম্বিত করতে চাইছে? কারা এসব হত্যাকাণ্ড করছে?’

খুলনায় যুবদলের এক কর্মীকে হত্যা করার কথা উল্লেখ করে অনুষ্ঠানে তারেক রহমান বলেন, তাঁর (যুবদল কর্মী) রগ কেটে দেওয়া হয়েছে কেন? সেটি নিয়ে কথা বলা হচ্ছে না কেন? সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে। এই প্রশ্নের জবাব সবাইকে খুঁজতে হবে; কারণ, এই প্রশ্নের জবাবগুলোর সঙ্গে বাংলাদেশ অস্তিত্বের সম্পর্ক রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। সঞ্চালক ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

জ্বালানি সুইচ বন্ধ হওয়ায় বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার বিমান

0

আধুনিক ডেস্ক ::

গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ বিধ্বস্ত হওয়ার ঘটনার প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ‘এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’ (এএআইবি)-র প্রকাশিত রিপোর্ট বলছে, ওড়ার কয়েক সেকেন্ড পরেই ১২ বছরের পুরনো বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ‘ফুয়েল-কন্ট্রোল সুইচ’ (জ্বালানি নিয়ন্ত্রক সুইচ) হঠাৎ হয়ে ‘কাট-অফ’ পজিশনে চলে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায়। যে কারণে বিমানের ইঞ্জিনে জ্বালানি একেবারেই পৌঁছেনি। সাধারণত বিমান ল্যান্ড করা বা অবতরণের পরেই ‘কাট-অফ’ পজিশনে এ সুইচ করা হয়। ককপিটের ভয়েস রেকর্ডিং-এ শোনা গেছে, একজন পাইলট অন্যজনকে জিজ্ঞাসা করছেন কেনো তিনি ওই সুইচ “কাট-অফ করেছেন”। উত্তরে অপর পাইলট জানান, তিনি করেননি।

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে শনিবার (১২ জুলাই) । প্রকাশিত ১৫ পৃষ্ঠার ওই প্রতিবেদনে কয়েকটা প্রাথমিক তথ্য উঠে এসেছে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর ১৭১ আকাশে ৪০ সেকেন্ডেরও কম সময়ের জন্য উড়ানের পর আহমেদাবাদেরই একটা জনাকীর্ণ এলাকায় বিধ্বস্ত হয়। উড়ান শুরু করার ঠিক পরপরই কী সমস্যা হয়ে থাকতে পারে, সে বিষয়ে জানতে ধ্বংসাবশেষ ও ককপিট রেকর্ডারে রেকর্ড হওয়া সমস্ত তথ্য খতিয়ে দেখেছেন তদন্তকারীরা।  এয়ার ইন্ডিয়ার ওই বিমান স্বাভাবিক আবহাওয়ায় ৬২৫ ফুট উপরে উঠে ৫০ সেকেন্ডের মধ্যে ‘লোকেশন ডেটা’ হারিয়ে ফেলে বলে ‘ফ্লাইটর‍্যাডার২৪’ থেকে জানা গিয়েছে। ভারতীয় নিয়ন্ত্রকদের পাশাপাশি এই ঘটনার তদন্তে বোয়িং, জিই, এয়ার ইন্ডিয়া, যুক্তরাষ্ট্রের ন্যাশানাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড) এবং যুক্তরাজ্যের বিশেষজ্ঞরাও সামিল ছিলেন। প্রকাশিত তদন্ত রিপোর্ট বেশ কয়েকটা প্রশ্ন তুলেছে।

গত ১২ জুন লন্ডনগামী বিমানটি উড্ডয়নের পরপরই একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এতে ২৪২ জন আরোহীর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ছাড়া বাকি সবাই নিহত হন। পরদিন থেকেই ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় তদন্ত শুরু করে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকেও তদন্তকারীরা ঘটনাস্থলে আসে। সেইদিন বিমানটির প্রথম ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়। দ্বিতীয় ব্ল্যাকবক্সটি পাওয়া যায় ১৬ জুন যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিলো সেখানকার ধ্বংসস্তূপের মধ্যে। যদিও ঠিক কোন জায়গায় পাওয়া গেছে তা প্রকাশ করা হয়নি। শেষ পর্যন্ত ব্ল্যাকবক্স থেকে পাওয়া ডেটা বিশ্লেষণ করে দুর্ঘটনার ইন্টারন্যাশনাল এভিয়েশন রুলসের আওতায় প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা হলো।

এএআইবি বিমানটির দুর্ঘটনা বা বিধ্বস্ত হওয়ার বিষয়ে পনের পাতার যে প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে তাতে বিমানটি উড্ডয়নের কয়েক সেকেন্ড পর বিধ্বস্ত হওয়ার আগে যা যা ঘটেছিলো তার বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিমানটি উড্ডয়নের পর ১৮০ নটস গতিতে পৌঁছে গিয়েছিলো এবং এরপরপরই এক সেকেন্ডের ব্যবধানে দুটি ইঞ্জিনেরই ফুয়েল কন্ট্রোল সুইচ ‘রান থেকে কাট অফ’ পজিশনে চলে যায়। ককপিটে পাইলটদের কথোপকথনের ভয়েস রেকর্ডিং, একজন পাইলটকে জিজ্ঞেস করতে শোনা যায় যে তিনি কেন সুইচ বন্ধ করলেন। অন্য পাইলট বলেছেন তিনি এমন কিছু করেননি”।

আন্তর্জাতিক সময়ানুযায়ী ৮টা ৮ মিনিট ৫২ সেকেন্ডের সময় “১ নম্বর ইঞ্জিন এর ফুয়েল কাট অফ সুইচ আবার ‘রান’ (চালু) অবস্থায় ফিরে আসে এবং এর ৪ সেকেন্ড পর দুই নম্বর ইঞ্জিনের ফুয়েল কাটঅফ সুইচও ‘কাট অফ থেকে রান’ অবস্থায় ফিরে আসে”। কিন্তু ৮টা ৯ মিনিট ৫ সেকেন্ডে, অর্থাৎ নয় সেকেন্ডের ব্যবধানে, একজন পাইলট গ্রাউন্ডে থাকা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের ‘মে ডে’ ‘মে ডে’ ‘মে ডে’ বলে বার্তা দেন।

প্রসঙ্গত, ‘মে ডে’ একটি আন্তর্জাতিক স্বীকৃত বিপদ সংকেত। সাধারণ পাইলটরা সংকটের মুখে পড়লে এয়ার ট্রাফিক কর্মকর্তাদের তিন বার এই বার্তা দিয়ে বোঝান যে বিমানটি মারাত্মক সংকটে পড়েছে ও তাদের দ্রুত সহায়তার প্রয়োজন।

রিপোর্টে বলা হয়েছে যে এয়ার ইন্ডিয়ার বিমানগুলোর জন্য যেখান থেকে জ্বালানি নেয়া হয় সেখান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে যা পাওয়া গেছে তা ‘সন্তোষজনক’ । এভিয়েশন বিশেষজ্ঞরা এর আগে বলেছিলেন যে, “বিমানটির বিধ্বস্ত হওয়ার জন্য জ্বালানি দূষণও একটি সম্ভাব্য কারণ হতে পারে। এছাড়া জ্বালানি দূষণ বা জমাট বেধে যাওয়ার কারণেও ইঞ্জিন ফেইলিওরের ঘটনা ঘটতে পারে”।

বিমানের ইঞ্জিন একটি সুনির্দিষ্ট জ্বালানি প্রক্রিয়ার ওপর নির্ভর করে পরিচালিত হয়- এই সিস্টেম বা পদ্ধতির বাধাগ্রস্ত হলে এটি জ্বালানি শুন্যতার সৃষ্টি করে এবং এর ফলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ এর ক্রু ও দুই পাইলট বিমান পরিচালনায় সক্ষম ছিলেন কি-না সেটি নিশ্চিত করতে নিয়মানুযায়ী যথাযথ পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মুম্বাই ভিত্তিক উভয় পাইলট আহমেদাবাদে এসেছিলেন এক দিন আগে এবং তারা ‘বিশ্রামের যথাযথ সময়’ পেয়েছিলেন। ক্রু ও পাইলটদের শ্বাসনালীর পরীক্ষাও হয়েছিলো স্থানীয় সময় সকাল ৬ টা ২৫ মিনিটে এবং তাদের বিমান চালনার জন্য উপযুক্ত পাওয়া গিয়েছিলো বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়।

ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ’র তথ্য, বিমানটির পাইলট “ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এলটিসি ছিলেন। তার ৮২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। কো-পাইলটের ১১০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল।” এলটিসির অর্থ হল লাইন ট্রেনিং ক্যাপ্টেন, অর্থাৎ তিনি অন্য পাইলটদের প্রশিক্ষণ দিতেন।

ছেলের ‘পরকীয়া যাত্রা’ ঠেকাতে বিমানে বোমা থাকার ভুয়া খবর ছড়ান মা

0

আধুনিত ডেস্ক ::

শুক্রবার (১১ জুলাই) ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকার সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে করে নেপাল যাচ্ছিলেন। বিষয়টি ইমনের মা ও তাঁর স্ত্রী জানতে পারেন এবং যাত্রা বন্ধ করার জন্য চেষ্টা চালান। কিন্তু তারা যাত্রা ঠেকাতে কোনোভাবেই সফল হননি। তখন ইমনেরই আরেক বন্ধু ইমরান তাদের পরামর্শ দেন, যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে জানানো হয় বিমানে বোমা আছে, তাহলে যাত্রাটা স্থগিত হয়ে যেতে পারে। সে অনুযায়ী, ইমনের মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা থাকার তথ্য জানান। আর এ নিয়ে হুলুস্থুল কাণ্ড বাঁধে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বোমা থাকার আশঙ্কায় বিজি-৩৭৩ ফ্লাইটটিতে ৩ ঘণ্টার তল্লাশি চালানো হয়। কিন্তু বিমানে কোনো বোমা পাওয়া যায়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার ভুয়া খবরের এমন ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন- ইমরান, তাঁর বন্ধু ইমনের স্ত্রী তাহমিনা ও ইমনের মা রাশেদা বেগম। শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।
র‌্যাবের মহাপরিচালক বলেন, ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে বোমা আছে- ফোন করে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়। যার ফলে ওই বিমানে যাত্রা স্থগিত করা হয়। তিন থেকে চার ঘণ্টার তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। এই ঘটনায় জাতীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি দেশে ও আন্তর্জাতিকভাবে মারাত্মক ক্ষুন্ন হয়। এর আগেও এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল। তিনি বলেন, এ ঘটনার পর পরই আমরা অনুসন্ধানে নামি। সারারাত অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এক্ষেত্রে সেনাবাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থা আমাদের সহযোগিতা করেছে।
শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে নেপালের কাঠমাণ্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাত ফোনকলে বোমা থাকার হুমকি আসে। কলটি আসে বিকেল ৪টা ২৬ মিনিটে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়। ফ্লাইটটি রানওয়ে থেকে ফিরিয়ে এনে যাত্রী নামিয়ে শুরু হয় তল্লাশি। ফ্লাইটটিতে ১৪২ যাত্রী ও ৭ ক্রু ছিলেন। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানজুড়ে তল্লাশি চালায় বোম্ব ডিজপোজাল ইউনিট।
উড়োজাহাজে এমন ভুয়া তথ্য দেয়াকে আইন অনুযায়ী ‘সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড’ হিসেবে গণ্য করা হয়। এতে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। র‌্যাব জানায়, এই ঘটনাটি শুধু পারিবারিক নয়, বরং একটি জঘন্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। র‌্যাব ডিজি বলেন, বিষয়টির সঙ্গে যতই আবেগ জড়িয়ে থাকুক না কেন, কোনো বোমা না থাকা সত্ত্বেও এমন তথ্য ছড়ানো দেশের নিরাপত্তা ব্যবস্থাকে চরমভাবে বিঘ্নিত করে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা, চারজন গ্রেপ্তার

0

আধুনিক ডেস্ক ::

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। চারজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)। এর মধ্যে তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। বাকি দুই আসামিকে র‌্যাব গ্রেপ্তার করেছে বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে তাঁদের নামপরিচয় উল্লেখ করা হয়নি।

বুধবার (৯ জুলাই) বিকেলের ওই হত্যাকাণ্ডের বিষয়ে শুক্রবার ডিএমপি জানায়, মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর লাল চাঁদকে হত্যার ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ডিএমপি বলেছে, প্রাথমিকভাবে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা সংঘটিত হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‌র‍্যাব কর্তৃক আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। তাতে দেখা যায়, লাশ ঘিরে হামলাকারীদের নৃশংসতা। ঘটনার সময় অদূরেই চলছিল হাসপাতালের চিকিৎসাসেবা, নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার ক্যাম্পের সদস্যরাও। তবে সন্ত্রাসী আতঙ্কে কেউই এগিয়ে আসেননি।  পরে সোহাগকে যখন হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, তখন চিকিৎসক জানান, আগেই মারা গেছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুধু হত্যা করেই থামেনি হামলাকারীরা। মৃত্যু নিশ্চিত হওয়ার পরও তারা লাশের ওপর নৃশংসতা চালিয়েছে। রক্তাক্ত নিথর দেহ রাস্তার মাঝখানে ফেলে তার ওপর দাঁড়িয়ে উন্মত্ত উল্লাস করেছে। একজন নয়, একাধিক হামলাকারী লাশের নাক-মুখে এবং বুকের ওপর একের পর এক আঘাত করেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোহাগের অর্ধবিবস্ত্র নিথর দেহ দুই যুবক টেনেহিঁচড়ে রাস্তার মাঝখানে নিয়ে আসেন। নিথর দেহ টেনেহিঁচড়ে নিয়ে আসা ব্যক্তিদের একজন তখন মোবাইল ফোনে কথা বলছিলেন। ওই সময় সোহাগের রক্তাক্ত মুখের ওপর কিল-ঘুষি দিতে থাকেন আরেকজন। আরেকজন দৌড়ে এসে সোহাগের বুকের ওপর লাফাতে শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, সোহাগ মিটফোর্ড এলাকায় ভাঙাড়ি ব্যবসার সঙ্গে পুরনো বৈদ্যুতিক কেবল কেনাবেচার ব্যবসা করতেন। তার দোকানের নাম সোহানা মেটাল। এ ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মাহমুদুল হাসান মহিন, সারোয়ার হোসেন টিটু, মনির ওরফে ছোট মনির, আলমগীর, মনির ওরফে লম্বা মনির, নান্নু, সজীব, রিয়াদ, টিটন গাজী, রাকিব, সাবা করিম লাকী, কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু, রজব আলী পিন্টু, মো. সিরাজুল ইসলাম, রবিন, মিজান, অপু দাস, হিম্মত আলী, আনিসুর রহমান হাওলাদারসহ অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

সুনামগঞ্জে নিখোঁজের দুই সপ্তাহ পর ব্যবসায়ী উদ্ধার

0

সুনামগঞ্জ প্রতিনিধি ::
নিখোঁজের দুই সপ্তাহ পর হাত-পা, মুখ বাঁধা অবস্থায় সুনামগঞ্জের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার রাত ১টায় সদর উপজেলার গোবিনপুর এলাকায় সিলেট সুনামগঞ্জ সড়কের পাশের একটি নির্জন স্থান থেকে ফখরুল ইসলাম নামের ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন স্থানীয়রা। তিনি শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জের বাসিন্দা ও স্থানীয় বাজারের ব্যবসায়ী। সংকটাপন্ন অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফখরুল ইসলামের ভাই ফয়সল আহমদ জানান, ২৮ জুন সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর খোঁজ মিলছিলো না। খোঁজ না পেয়ে শান্তিগঞ্জ থানায় একটি জিডি করে পরিবার। শুক্রবার রাত ১টার দিকে হাত পা বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। ফখরুল ইসলামের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার সকালে তার জ্ঞান ফিরলেও কথা বলতে না পারায় আহত ব্যবসায়ীর কাছ থেকে নিখোঁজ হওয়ার পেছনের কারন জানা সম্ভব হয়নি।

ব্যবসায়ী নিখোঁজের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েগেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী।

দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা: ইউএনএইচসিআর

0

আধুনিক ডেস্ক :: মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের মুখে গত দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা। শুক্রবার (১১ জুলাই) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে চলমান সংঘাত এবং বিশেষ করে রাখাইন রাজ্যকে লক্ষ্যবস্তু করায় হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। গত কয়েক মাসে এ সংখ্যা আরও বেড়েছে। ইউএনএইচসিআর ও অন্যান্য দাতা সংস্থা এসব শরণার্থীকে মানবিক সহায়তা দিতে কাজ করে যাচ্ছে।

ইউএনএইচসিআর বলছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে উদারভাবে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। কক্সবাজারে মাত্র ২৪ বর্গকিলোমিটারে প্রায় ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। দেড় বছরে আরও দেড় লাখ যুক্ত হয়েছে। ফলে এলাকাটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থানের একটিতে পরিণত হয়েছে।

নতুন করে বাংলাদেশে প্রবেশ করা এসব রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে প্রায় ১ লাখ ২১ হাজার জনের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। এসব শরণার্থীর বেশিরভাগই নারী ও শিশু। এদের অধিকাংশই জনাকীর্ণ শরণার্থী শিবিরগুলোতে বসবাস করছে।

সংস্থাটি বলছে, শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা মূলত সহায়তার ওপর নির্ভরশীল। ফলে নতুন করে শরণার্থী যোগ হওয়ায় সংকট দেখা দিয়েছে। যারা নিবন্ধিত শরণার্থী তাদের মানবিক সহায়তা প্রদান করছে দাতা সংস্থাগুলো। তবে, যারা নিবন্ধনের আওতায় আসেনি; তাদের কাছে খাবার, চিকিৎসা সেবা, শিক্ষা ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীসহ মৌলিক পরিষেবা পৌঁছানো কঠিন হয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবকদের।

ইউএনএইচসিআরের শঙ্কা, বর্তমানে বৈশ্বিক সহায়তা তহবিল তীব্র সংকটের মধ্যে রয়েছে। এ অবস্থায় নতুন শরণার্থী বৃদ্ধি পেলে জরুরি পরিষেবা শৃঙ্খল ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। শিগগির অতিরিক্ত তহবিল নিশ্চিত না করা হলে, সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং প্রয়োজনীয় রান্নার জ্বালানি (এলপিজি) ফুরিয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাবে। এছাড়া প্রায় ২ লাখ ৩০ হাজার শিশুর শিক্ষাসুবিধা বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। আর এদের মধ্যে প্রায় ৬৩ হাজার নতুন করে বাংলাদেশে আসা শিশু।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশ ও এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর সঙ্গে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা না আসা পর্যন্ত এবং নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।