আধুনিক রিপোর্ট ::
চা দিতে দেরি হওয়ায় সিলেটে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক রেস্টুরেন্টকর্মী। রোববার (১৩ জুলাই) সকালে নগরীর কাজিরবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হোটেল কর্মচারীর নাম রুমন। তার বয়স আনুমানিক ২২ বছর।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এক যুবক চা খেতে কাজিরবাজার মাছ বাজারের পাশে অবস্থিত একটি রেস্টুরেন্টে ঢুকেন। চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন হোটেল মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে রেস্টুরেন্টে ঢুকে রুমনের উপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে রুমনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, আমরা আসামীদের ধরতে অভিযান চালাচ্ছি।


