Home Blog Page 178

গোপালগঞ্জে মঞ্চে হামলা-ভাঙচুরের পর এনসিপির সমাবেশ শুরু

0

আধুনিক ডেস্ক ::

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) বেলা পৌনে দুইটার দিকে শহরের পৌর পার্কে স্থানীয় ২০০ থেকে ৩০০ লোক লাঠিসোঁটা নিয়ে এই হামলা চালান। তারা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১টা ৪৫ মিনিটে ২০০ থেকে ৩০০ লোক লাঠিসোঁটা নিয়ে সমাবেশস্থলে আসেন। এ সময় মঞ্চের আশপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। একই সময়ে মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতা-কর্মীরাও দৌড়ে সরে যান। হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন। একপর্যায়ে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থলে আসেন। এ সময় এনসিপির নেতা-কর্মীরা এক হয়ে পুলিশসহ ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান।

বেলা ২টা ৫ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। একে তারা বক্তব্য দিতে থাকেন।

এর আগে এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলার ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার কংশুরে এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে ওই এলাকা পরিদর্শনে যান সদর উপজেলার ইউএনও এম রাকিবুল হাসান। সেখান থেকে ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কংশুরে ইউএনওর গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় তাঁর গাড়ির চালক আহত হন।

ইউএনও এম রাকিবুল হাসান বলেন, ‘এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা অপ্রীতিকর ঘটনা জানার পরে ওই এলাকায় পরিদর্শনে যাই। সেখান থেকে ফেরার পথে কংশুরে পৌঁছালে, একদল লোক আমাদের গাড়িতে হামলা করে। গাড়ির চালক মোহাম্মদ হামিম আহত হয়েছেন।’

১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। গতকাল মঙ্গলবার দলের ভেরিফায়েড ফেসবুকে এই কর্মসূচিকে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

0

আধুনিক ডেস্ক ::

নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে। ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক জানান, কর্তৃপক্ষের নির্দেশে তিনি নৌকা প্রতীকটি সরিয়ে ফেলেছেন।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে নির্বাচন কমিশনের কাছে সে প্রশ্ন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর পরে ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হলো নৌকা প্রতীক। বুধবার (১৬ জুলাই) সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ‘নিবন্ধিত রাজনৈতিক দলের’ তালিকায় আওয়ামী লীগের নাম থাকলেও প্রতীকটি সরিয়ে ফেলা হয়।

গত ১৩ জুলাই নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচনী প্রতীক হিসেবে এখনই নৌকা বাদ দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে এখনই শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও জানান তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত ১২ মে আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

৫ আগস্টের পর কঠোর অবস্থানেই মহাসড়কের জমি উদ্ধার সম্ভব হয়েছে: এসপি রেজাউল

0

আধুনিক ডেস্ক:

ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর (১৪৪ কিমি) ও শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ গোলচত্বর (১৫৫ কিমি) এলাকায় হাইওয়ে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন জমি দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের নেতৃত্বে সওজের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের তত্ত্বাবধানে এবং হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের দূরদর্শী ও চৌকশ পরিকল্পনায় এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শতাধিক অবৈধ টং দোকান, চায়ের স্টল, কাঠের ছাউনি ও স্থায়ী কাঠামো ভেঙে দেওয়া হয়। অভিযানে অংশ নেন শিল্প পুলিশের এডিশনাল এসপি ফয়ছল আহমেদ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা এবং শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ। বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও সেনা সদস্য অভিযানে সহায়তা করেন।

ইউএনও পল্লব হোম দাস বলেন, “মহাসড়কের সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট গড়ে তোলা হয়েছিল। এতে যানজট তৈরি হচ্ছিল, দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। সরকারি জমি পুনরুদ্ধারে নিয়মিত অভিযান চলবে। সওজের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, অভিযানে প্রায় দুই একর জমি উদ্ধার হয়েছে। তিনি বলেন, “ভবিষ্যতে যেন কেউ পুনরায় দখল করতে না পারে, সেজন্য নিয়মিত নজরদারি করা হবে।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, দীর্ঘদিন ধরে নানা প্রতিবন্ধকতায় মহাসড়কের জায়গা উদ্ধার সম্ভব হচ্ছিল না। কিন্তু ৫ আগস্টের পর আমরা কঠোর অবস্থান নিয়ে সকল প্রশাসনের সক্রিয় সহায়তায় এবার সফলভাবে দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, “আজ উদ্বোধন হওয়া পুলিশ বক্স কেবল একটি স্থাপনা নয়, এটি আইনের শাসনের প্রতীক। মহাসড়কের জমি দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে এবং আজ থেকে ওলিপুর শিল্প এলাকায় ২৪ ঘণ্টা হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশের টহল কার্যক্রম চালু থাকবে। অভিযান চলাকালে কিছু দোকানদার মৌখিক আপত্তি জানালেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উচ্ছেদ হওয়া দোকানি কুদ্দুছ মিয়া বলেন, “আমার দোকানেই সংসার চলতো। কোনো নোটিশ ছাড়া হঠাৎ এসে ভেঙে দিল। আমি এখন কোথায় যাবো?” তবে প্রশাসনের দাবি, দুদিন আগেই মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এ অভিযানকে স্বাগত জানালেও পুনরায় দখলের আশঙ্কা প্রকাশ করেছেন।

রতন মিয়া নামের এক বাসিন্দা বলেন, “উচ্ছেদ তো হয়, কিন্তু কয়েকদিন পর আবার জায়গাগুলো দখলে চলে যায়। এবার যেন সেটা না হয়, প্রশাসনের উচিত কঠোর নজরদারি চালানো। হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, “এ অবৈধ স্থাপনাগুলো যানবাহন চলাচলে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। আমাদের এসপি স্যারের পরিকল্পনায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ভবিষ্যতে আর কাউকে মহাসড়কের পাশে অবৈধভাবে স্থাপনা গড়তে দেওয়া হবে না। অভিযান শেষে বিকেলে উদ্ধারকৃত জমিতে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও ভিত্তি প্রস্তর স্থাপন হয় হাইওয়ে পুলিশ এবং শিল্প পুলিশ বক্সের নির্মাণ কার্যক্রম। উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী নেত্রীবৃন্দসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

স্বাধীনতার পর প্রথম একই সাথে হাইওয়ে ও শিল্প পুলিশ বক্স পেল ওলিপুর।

শান্তিগঞ্জের গীতিকার রামাচরণ, যার লেখা গান বাজে ‘ইত্যাদি’তে

0

কুহিনূর রহমান নাহিদ, শান্তিগঞ্জ:

সুনামগঞ্জের হাওর অধ্যুষিত শান্তিগঞ্জ উপজেলা। এই উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের একটি গ্রাম শত্রুমর্দন। এখানেই জন্ম ও বেড়ে ওঠা সুব্রত দেবনাথ রামাচরণ নামের এক তরুণের, যিনি পেশায় ব্যবসায়ী হলেও ‘রামাচরণ’ ছদ্মনামে লিখে চলেছেন একের পর এক হৃদয় ছুঁয়ে যাওয়া গান।

রামাচরণের বয়স এখন ৩০ বছর। জীবিকা নির্বাহের জন্য ব্যবসা করলেও গান লেখাটা তার কাছে শুধুই শখ নয়, বরং এক রকম ভালবাসার নেশা। তিনি বলেন, আমি লেখক মানুষ, সংগীতজ্ঞ নই, তবে শব্দে সুর বসে গেলে তা হৃদয়ে ঢুকে পড়ে।

করোনা থেকে গান লেখার যাত্রা:
গান লেখার শুরুটা হয়েছিল করোনা মহামারির সময়। যখন চারদিক নিস্তব্ধ, মানুষ ঘরবন্দী, তখন ফেসবুক লাইভে গান পরিবেশন করছিল শান্তিগঞ্জ উদীচীর শিল্পীরা। একদিন রামাচরণের সহকর্মী রিংকু সেই গান শুনে গলা মেলাচ্ছিলেন। তখনই মজা করে রামাচরণ বলেন, “পুরনো গান গাচ্ছিস কেনো? আমি নতুন গান লিখে দেই, গাইতে পারবি?” সেই থেকেই শুরু।

প্রথম দিকে রামাচরণ নামে তিনি নিয়মিত গান লিখতে থাকেন। রিংকু গানগুলো গেয়ে ফেসবুকে আপলোড দিতেন। যদিও গান লেখার সূচনাটি করোনার দুই বছর আগেই, একটি ধামাইল গান দিয়ে।
রামাচরণের গানে মূলত কোনো নির্দিষ্ট বিষয় নেই। প্রেম, দেশ, হাওর, সমাজ সবই তার কলমে উঠে আসে। তবে তিনি স্বীকার করেন, তার সবচেয়ে বড় অনুপ্রেরণা কিংবদন্তি লোকসংগীতশিল্পী শাহ আব্দুল করিম। গান লেখার কৌশল ও দিকনির্দেশনায় পেয়েছেন জনপ্রিয় গীতিকার বুলবুল আনাম ও উর্বশী গানের সিঁড়ির গীতিকার হারুনুর রশিদের সহায়তা।

ইত্যাদিতে গান, ইউটিউবে কোটির ভিউ:
২০২৩ সালের ২৯ ডিসেম্বর, বাংলাদেশ টেলিভিশনের সংবাদ শেষে সম্প্রচারিত ইত্যাদি অনুষ্ঠানে প্রচারিত হয় রামাচরণের লেখা “পুরা জগৎ জানে, পুরা জগৎ মানে” শিরোনামের গানটি। গেয়েছেন সেলিম চৌধুরী ও তোসিবা বেগম। সেলিম চৌধুরী প্রথমে একটি ভালো ডুয়েট গানের অনুরোধ জানালেও রামাচরণ তখনও জানতেন না, এটি ইত্যাদি-তে পরিবেশিত হবে।

এছাড়াও দেশের জনপ্রিয় শিল্পীরা যেমন ডলি সায়ন্তনী, গামছা পলাশ, সালমা, বন্যা তালুকদার, রাজু মণ্ডল, আয়েশা জেবিন দিপাসহ অনেকেই সুব্রতের লেখা গান গেয়েছেন। তার “প্রেমের মোহনায়” গানটি ফেসবুক ও ইউটিউবে মিলিয়ে ইতোমধ্যে ২ কোটিরও বেশি দর্শকের মন জয় করেছে।

হাওরের সন্তান, ডিজিটালের শক্তি:
রামাচরণ নিজে গান শেখেননি, কেবল গীতিকার হিসেবেই কাজ করেন। তার কথায়- “আমি হাওরে থাকি, ঢাকায় থাকলে হয়তো গানটাকেই পেশা করতে পারতাম। তবে এখন প্রযুক্তির বদৌলতে মোবাইল আর ফেসবুক দিয়েই শিল্পীদের কাছে গান পৌঁছানো সম্ভব হচ্ছে।”

সিনেমার গান লেখার স্বপ্ন:
রামাচরণের স্বপ্নের জায়গা সিনেমা। তিনি বলেন, “সিনেমায় গান লেখার প্রস্তাব এসেছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি। ভবিষ্যতে সিনেমা, ওয়েব সিরিজ এমনকি জাতীয় দিবসের জন্য গান লেখার আগ্রহ আছে।”
তিনি বলেন, অনেকেই এখন তাঁর কাছে গান প্রচারের পরামর্শ নিতে আসেন, যার মধ্যে তরুণরাও আছেন। “আমি চেষ্টা করি সবাইকে সহযোগিতা করতে, যদিও সাংগঠনিকভাবে কোনো সংগঠনের সাথে যুক্ত নই।”

একটুখানি প্রশান্তি, অনেকখানি সম্ভাবনা:
রামাচরণের মতে, মদ-গাঁজার মতো ক্ষতিকর নেশা না, গান হচ্ছে এমন এক নেশা যা মানুষকে শান্তি দেয়। এই নেশায় মানুষ হারায় না, বরং খুঁজে পায় নিজেকে।
বর্তমানে ব্যবসা ও পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারণে নিয়মিত গান লিখতে পারছেন না। তবুও তাঁর কথা, জীবন একটু স্থির হলে আবার গানে মনোযোগ দিতে চাই। নিয়মিত গান লিখলে আরও ভালো কিছু দিতে পারবো।

সরকারের করণীয়:
তিনি মনে করেন, দেশে গান ও সুস্থ সংস্কৃতির জন্য একটি পুষ্ট পরিবেশ তৈরি করা দরকার। অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও হাওরের মতো এলাকার তরুণরা পেছনে পড়ে থাকে শুধুমাত্র সুযোগের অভাবে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, হাওরের মতো প্রান্তিক এলাকা থেকেও কেউ যদি নিজের মেধা ও পরিশ্রম দিয়ে জাতীয় পর্যায়ে স্থান করে নেয়, সেটি আমাদের জন্য গর্বের। রামাচরণের মতো তরুণরা আমাদের সাংস্কৃতিক শক্তির প্রমাণ। উপজেলা প্রশাসন সবসময় চায়, এ ধরনের প্রতিভাবানদের পাশে থাকতে এবং তাদের কাজকে উৎসাহ দিতে।

হাওরের এক তরুণের গানে যখন কোটি মানুষ গলা মেলায়, তখন বোঝা যায় প্রতিভা কোনো শহর চেনে না, চেনে আত্মবিশ্বাস আর মননের উড়ান। সুব্রত দেবনাথ রামাচরণ সেই উড়ানে হাওরের গানকে পৌঁছে দিচ্ছেন জাতীয় মঞ্চে।

মহাসড়ক নয় যেন মরণফাঁদ

0

জুবেল আহমেদ, ওসমানীনগর:

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশ, মহাসড়ক নয় যেন একটি মরণফাঁদ। কোথাও পিচ উঠে গেছে, কোথাও উঁচু-নিচু ঢেউখেলানো, আবার কোথাও ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে হেলেদুলে চলছে ভারী যানবাহন। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন চালক-হেলপার ও যাত্রীরা। অনিরাপদ এই সড়কটিতে চলাচল নিরাপদ করতে দফায় দফায় সংস্কার করলেও তার কোনো সুফল পাচ্ছে না চালক ও যাত্রীরা। একদিকে যেমন প্রাণহানি হচ্ছে অন্যদিকে গাড়ি ভেঙেচুরে নষ্ট হয়ে যাওয়ায় যানবাহন মালিকদের অপূরণীয় ক্ষতিও হচ্ছে।

তাদের অভিযোগ, সংস্কারের আওতায় বেহাল অংশ জুড়ে বসানো হচ্ছে ইটের সলিং,পাথ, সিমেন্ট ও বালু মিশ্রিত করে নামে মাত্র মেরামত করা হলেও কয়েকদিনের মধ্যেই সড়ক ফিরে পুরোনো রূপে। এমন অপরিকল্পিত সংস্কারকে লোকজন সরকারি টাকার অপচয় হিসাবেই ভাবছেন।

জানা যায়, ২০০৫ সালে ঢাকা-সিলেট মহাসড়ক নতুন করে নির্মাণের পর এই সড়কে আর বড় ধরণের কোনো মেরামত হয়নি। গত ২০ বছরে এই অংশে সংস্কারের বড় কোনো উদ্যোগ না নিয়ে মেরামতের নামে শুধু ছোট-বড় গর্তের উপর নিম্নমানের ইট, পাথর, বালু ফেলা হয়েছে। এতে করে মাহাসড়কের অবস্থা আর খুবই করুণ হয়েছে। চলতি মাসেও একাধিকবার সওজ’র গাড়িতে করে মহাসড়কে গর্ত ভরাট ও উঠে যাওয়া কার্পেটিংয়ে তালি দেওয়া হয়েছে। কিন্তু মহাসড়কের এই অপরিকল্পিত সংস্কার জনভোগান্তি বাড়িয়ে তুলেছে কয়েকগুণ। বৃষ্টি হলে গর্তে জমা কাদা-পানি ছিটকে বিব্রত হতে হয় পথচারীদের। আর রোদের দিনে ধুলোময় হয়ে ওঠে চারপাশ। ফলে এই সড়কে যান চালক ও যাত্রীদের দুর্ভোগের শেষ নেই।

এছাড়া ফুটপাত দখল,অবৈধ ত্রিহুইলার,সিএনজির স্ট্যান্ডসহ বিভিন্ন প্রকার নির্মাণসামগ্রী রেখে দখলে রাখা হয়েছে মহাসড়কের দুইপাশ। রাস্তার মধ্যভাগে ছোট-বড় গর্ত থাকায় যানগুলো একটু পাশ ঘেঁষে গেলেই ঘটছে দুর্ঘটনা।
চলতি বছরে মহাসড়কের ওসমানীনগর অংশে ৭ টি দুর্ঘটনায় মারা গেছেন ৯ জন। আহত হয়েছেন ১৭ জনেরও বেশি।

এদিকে,সিলেট-ঢাকা মহাসড়ক উন্নতিকরণের লক্ষ্যে ৬ লেনের কাজ চলমান থাকায় প্রায় সময়ই সড়কে তীব্র যানজট দেখা দেয়। চলমান কাজের কারণে দীর্ঘদিন ধরে মহাসড়কটিতে নিয়মিত সংস্কার কাজ চালাতে না পারায় বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এছাড়া ছয় লেন প্রকল্প কাজের জন্য মহাসড়কে যানবাহনের ধীরগতির কারণে ভোগান্তি আরও বেড়েছে কয়েকগুন।

স্থানীয় ট্রাক চালক কাদির মিয়া বলেন, ‘মহাসড়কে ছোট-বড় অসংখ্য গর্ত থাকার কারণে গাড়ি চালানো খুবই কষ্টকর। গাড়ির স্টিয়ারিং ধরে রাখা কঠিন। আর সংস্কারের নামে গর্তে ইট, পাথর, মাটি ফেলে যাওয়ার পর গাড়ির চাপে সেগুলো সরে যায়। একটু এদিক-ওদিক হলেই ঘটছে দুর্ঘটনা। পেটের জন্য জীবনের ঝুকি নিয়ে সড়কে গাড়ি চালাচ্ছি।

সিলেট টু শেরপুর মহাসড়কে বাসচালক আব্দুল আহাদ বলেন, ‘মহাসড়কের ওসমানীনগর অংশে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে বাস চালাতে খুবই সমস্যা হচ্ছে। এছাড়া সব সময় সড়কে যানজট লেগেই থাকে। খানাখন্দে ভরা সড়ক দিয়ে চলাচলের সময় গাড়িতে প্রচন্ড ঝাঁকুনি হয়। এ নিয়ে যাত্রীরা খুব বিরক্ত হন। তাই অতি জরুরি সড়কটি সংস্কার করা।

এ বিষয়ে সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন,মহাসড়কের উন্নয়ন কাজ চলমান আছে। ভাঙ্গা স্থানগুলোর দেখার জন্য প্রজেক্ট ম্যানাজারকে বলব।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

0

আধুনিক ডেস্কঃ

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিরি অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রেজিষ্টারী মাঠে মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন।

বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ শেষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগের সাংগঠনিক দলনেতা ডা: জাহেদুল কবির, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন শাহীন। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আব্দুল মুনিম, আলী মোহাম্মদ নুরুল হুদা দীপু, দেয়োর হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, সৈয়দ সরওয়ার রেজা, এমদাদ বক্স, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক রজব আহমদ, আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, মিসবাউর রহমান, ফয়জুর রহমান শাকিল, শেখ আব্দুল মনাফ, সালেক আহমদ, মনিরুজ্জামান মনির, খন্দকার ফয়েজ আহমদ, সাইদ মাহমুদ ওয়াদুদ, আব্দুল আমিন, আশিক মিয়া, রুমেল আহমদ রুশন, সাইদুল এনাম চৌধুরী লাহিন, নুরুল ইসলাম রুহুল, সাইফুল আলম কোরেশি, প্রভাষক মাকসুদ আলম, কয়েস আহমদ, আয়াত আলী প্রিন্স, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মনাই, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, সদস্য সচিব শাহাবুদ্দিন চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা আহবায়ক মোহাম্মদ শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, সিনিয়র যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম মেম্বার, কোম্পানিগঞ্জ উপজেলা আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হোসেন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ, বালাগঞ্জ উপজেলা আহবায়ক সাবুল আহমদ, সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিত, কানাইঘাট উপজেলা আহবায়ক ফারুক আহমদ, সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন, কানাইঘাট পৌরসভার আহবায়ক আব্দুর রহমান, জকিগঞ্জ উপজেলা আহবায়ক সামসুল ইসলাম লেইস, সদস্য সচিব এডভোকেট রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক সদিওল হুসাইন, জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহেদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আহবায়ক মওদুদুল হক সুমন, সদস্য সচিব নাসির আহমদ আবেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, গোলাপগঞ্জ পৌর সদস্য সচিব তাজুল ইসলাম তাজ, বিয়ানীবাজার উপজেলা সদস্য সচিব আফজল আহমদ, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ বলেন, একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নির্বাচন বানচাল করার জন্য একের পর এক অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানোর ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের স্বোচ্ছার থাকতে হবে।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, দিল্লি ও পিল্লির দালালেরা নির্বাচন বানচাল এবং দেশকে অস্থিতিশীল করতে নানামুখী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাড়াতে হবে। তিনি বলেন, একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃষ্টি উপেক্ষা করে নগরীতে অনুষ্ঠিত মিছিলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের স্বপক্ষে এবং দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে স্লোগান দেয়।

বসবাসের জন্য সেরা ১০ শহরের তালিকায় এশিয়ার মাত্র একটি

0

আধুনিক ডেস্ক ::

স্বাস্থ্যকর পরিবেশে আপনি বুকভরে নিশ্বাস নিতে পারেন, নদীর পাড়ে কফিমগ হাতে বন্ধুর সঙ্গে অনায়াসে দুই ঘণ্টা গল্প করে কাটিয়ে দেওয়ার মতো আপনার সময় আছে, যেখানে গণপরিবহন একেবারে ঘড়ির কাঁটা মেনে চলে, আপনি সম্পূর্ণ নিরাপদ বোধ করেন, আছে নাগরিক সব সুযোগ-সুবিধা। এমন একটি শহরে বসবাসের স্বপ্ন সব মানুষই দেখে। কারণ, শহর মানে শুধু উঁচু ইমারত আর ইট-পাথরের জঞ্জালই নয়।

প্রতিবছর দ্য ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্স বা বসবাসের জন্য সেরা শহরগুলোর তালিকা প্রকাশ করে। ইআইইউ পাঁচটি মূল সূচকের ওপর ভিত্তি করে ১৭৩টি শহরের তালিকা করে থাকে। সেগুলো হলো স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো। ২০২৫ সালে বসবাসের জন্য কোন কোন শহর সেরা ১০–এ জায়গা করে নিয়েছে, তা দেখে নেওয়া যাক।

তালিকার প্রথমে রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন। সবচেয়ে সুখী মানুষের শহরের তালিকায় প্রথম স্থান দখল করা কোপেনহেগেন এবার লাইভেবিলিটি ইনডেক্সে বা বসবাসের জন্য সেরা শহরের সূচকেও শীর্ষস্থানে উঠে এসেছে। এ থেকেই বোঝা যাচ্ছে সুখ ও স্বাস্থ্যকর জীবনযাপন কতটা ওতপ্রোতভাবে জড়িত। এ বছর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে সরিয়ে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন লাইভেবিলিটি সূচকে ১ নম্বরে উঠে এসেছে। স্বপ্নের এ শহরে যদি ট্রেন ১২টা ১৬ মিনিটে আসার কথা থাকে, তবে সেটা ঠিক ১২টা ১৬ মিনিটেই আসে। আপনি যদি স্নিকার্স পরে কোনো বিলাসবহুল রেস্তোরাঁয় যান, কেউ সেদিকে তাকাবেই না। কোপেনহেগেনের শান্ত পরিবেশ সবাইকে মুগ্ধ করে। রাস্তাগুলো প্রশস্ত, বাইসাইকেলের সংখ্যা গাড়ির চেয়ে বেশি আর গোটা শহর চলে সাধারণ বুদ্ধির ভিত্তিতে।’শহরে সামাজিক বন্ধন অত্যন্ত দৃঢ়। এখানে কেউ চাপে বা তাড়াহুড়াতে নেই। খোলাবাজার আর পার্কে শিশুদের ছুটাছুটি আর কোলাহল দেখে সময় কাটিয়ে দেওয়া যায়। এ শহর কখনো নিজেকে জাহির করে না, কিন্তু সব সময়ই প্রত্যাশা পূরণ করে।

টানা তিন বছর লাইভেবিলিটি সূচকে সবার ওপরে থাকা ভিয়েনা এবার এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। তার মানে এ নয় যে ভিয়েনায় জীবনযাপনের মান খানিকটা পড়ে গেছে; বরং কোপেনহেগেন নিজেদের আরও উন্নত করে ভিয়েনাকে ছাড়িয়ে গেছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা স্বাস্থ্যসেবায় নিখুঁত স্কোর ধরে রেখেছে, যা এখনো অন্য সব শহরের চেয়ে এগিয়ে। পাশাপাশি শিক্ষা ও অবকাঠামোতে এটি পূর্ণ নম্বর পেয়েছে।

অত্যাধুনিক প্রযুক্তি ও অবকাঠামোতে জুরিখের জুড়ি মেলা ভার। গ্লোবাল লাইভেবিলিটি র‍্যাঙ্কিংয়ে সুইজারল্যান্ডের বৃহত্তম এ শহরটি শিক্ষায় ১০০–তে ১০০ নম্বর পেয়েছে। সেখানকার শিক্ষাব্যবস্থা নিয়ে বাসিন্দারা রীতিমতো গর্ব করেন।

সূচকে চতুর্থ অবস্থানে থাকা মেলবোর্ন স্বাস্থ্যসেবা ও শিক্ষায় সেরা নম্বর পেয়েছে। সেই সঙ্গে সংস্কৃতি ও পরিবেশে উচ্চ নম্বরের কারণে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরের তুলনায় বসবাসের জন্য সেরা শহরের তালিকায় মেলবোর্ন খানিকটা এগিয়ে গেছে। এ নিয়ে টানা তিন বছর মেলবোর্ন বসবাসের জন্য সেরা পাঁচ শহরের তালিকায় জায়গা পেল। ২৯২৪ সালেও এটি চতুর্থ স্থানে ছিল, এর আগের বছর ৩ নম্বরে। অবকাঠামোতেও ভালো নম্বর পেয়েছে মেলবোর্ন।

জনকল্যাণমূলক নীতি ও সুশৃঙ্খল অবকাঠামোর কারণে সুইজারল্যান্ড ধারাবাহিকভাবে জীবনযাত্রার মানের দিক থেকে প্রথম সারির দেশ। দেশটির দুটি শহর বসবাসের জন্য সবচেয়ে ভালো শহরের তালিকায় প্রথম পাঁচে স্থান পেয়েছে। ৩ নম্বরে জুরিখের পর ৫ নম্বরে জেনেভা। স্বাস্থ্যসেবা ও অবকাঠামোয় জেনেভা নিখুঁত স্কোর করেছে। পাশাপাশি শহরটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সহজে চলাচলের উপযোগী। তবে জেনেভার বাসিন্দারা মনে করেন, তাঁদের শহরের পরিবেশ অন্যান্য শহর থেকে একটু আলাদা। এটি আয়তনে ছোট ও ঘনিষ্ঠভাবে বিন্যস্ত। এখানে নির্ঝঞ্ঝাট থাকা যায় এবং একটি বৈশ্বিক কেন্দ্রে যেসব সুযোগ-সুবিধা থাকে এর সবই রয়েছে এ শহরে।

লাইভেবিলিটি স্কোরে ৯৬ দশমিক ৬ নম্বর পেয়ে তালিকায় ৬ নম্বরে উঠে এসেছে সিডনি। ২০২৪ সালে শহরটি ছিল ৭ নম্বরে। সিডনি স্বাস্থ্যসেবা ও শিক্ষায় পূর্ণ ১০০ স্কোর পেয়েছে। পাশাপাশি স্থিতিশীলতায় ৯৫, অবকাঠামোয় ৯৬ দশমিক ৪ এবং সংস্কৃতি ও পরিবেশ বিভাগে ৯৪ দশমিক ৪ নম্বর পেয়েছে অস্ট্রেলিয়ার এ শহরটি।

সূচকে শীর্ষ দশে স্থান পাওয়া একমাত্র এশীয় শহর জাপানের ওসাকা। ৭ নম্বরে থাকা ওসাকা স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় নিখুঁত স্কোর অর্জন করেছে। যদিও শহরটি প্রায়ই আলোঝলমলে রাজধানী টোকিওর ছায়ায় ঢাকা পড়ে। তবে ওসাকায় রয়েছে নিজস্ব ছন্দে চলা এক জীবনধারা এবং সেটাই এখানকার বাসিন্দাদের কাছে সবচেয়ে প্রিয়।

সূচকে ৯৬ নম্বর পেয়ে তালিকায় ৮ নম্বরে উঠে এসেছে অকল্যান্ড। নিউজিল্যান্ডের এ শহরটি শিক্ষায় পূর্ণ ১০০ স্কোর পেয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসেবায় ৯৫ দশমিক ৮, স্থিতিশীলতায় ৯৫, অবকাঠামোয় ৯২ দশমিক ৯ এবং সংস্কৃতি ও পরিবেশ বিভাগে ৯৭ দশমিক ৯ নম্বর পেয়েছে।

শীর্ষ ১০–এ স্থান পাওয়া অস্ট্রেলিয়ার তৃতীয় শহর অ্যাডিলেড। এ বছর শহরটি ৯৫ দশমিক ৯ নম্বর পেয়ে তালিকায় ৯ নম্বরে উঠে এসেছে, আগের বছর ছিল ১১ নম্বরে। অ্যাডিলেড স্বাস্থ্যসেবা ও শিক্ষায় পূর্ণ ১০০ স্কোর পেয়েছে। এ ছাড়া স্থিতিশীলতায় ৯৫, অবকাঠামোয় ৯৬ দশমিক ৪ এবং সংস্কৃতি ও পরিবেশ বিভাগে ৯১ দশমিক ৪ নম্বর পেয়েছে।

ইনডেক্সে শীর্ষ ১০–এ স্থান পাওয়া উত্তর আমেরিকার একমাত্র শহর কানাডার ভ্যাঙ্কুভার। কানাডার আরেক শহর ক্যালগেরির এ বছর বড় পতন হয়েছে। ২০২৪ সালে ক্যালগেরি পঞ্চম স্থানে ছিল। এ বছর নেমে গেছে ১৮তম স্থানে। মূলত স্বাস্থ্যসেবা সূচকে নম্বর কম পাওয়ায় ক্যালগেরির এ পতন। তবে ৯৫ দশমিক ৮ নম্বর পেয়ে শীর্ষ ১০–এ স্থান করে নিয়েছে ভ্যাঙ্কুভার। কানাডার শহরটি শিক্ষায় পূর্ণ ১০০ স্কোর পেয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসেবায় ৯৫ দশমিক ৮, স্থিতিশীলতায় ৯৫, অবকাঠামোয় ৯২ দশমিক ৯ এবং সংস্কৃতি ও পরিবেশ বিভাগে ৯৭ দশমিক ২ নম্বর পেয়েছে।

জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

0

জৈন্তাপুর প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়-এ নবনিযুক্ত এডহক কমিটির দায়িত্বগ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত হয়। এ কমিটির সভাপতি মনোনীত হন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদ। অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি নিজাম উদ্দিন, অভিভাবক প্রতিনিধি জসিম উদ্দিন এবং পদাধিকার বলে সদস্য সচীব মনোনীত হন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবনিযুক্ত কমিটির সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে দায়িত্বভার অর্পণ করা হয়। প্রধান শিক্ষিকা আফরোজা বেগম সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রজত ভূষণ সরকারের সঞ্চালনায় সংবর্ধনা পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, নবনিযুক্ত সভাপতি মাসুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, শিক্ষক প্রতিনিধি নিজাম উদ্দিন এবং অভিভাবক প্রতিনিধি জসিম উদ্দিন।

বক্তারা বলেন, এই বিদ্যালয় জৈন্তাপুরে নারী শিক্ষার পথিকৃত হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে। বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও এই প্রতিষ্ঠান নারীদের শিক্ষিত করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বক্তারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত এডহক কমিটি বিদ্যালয়ের সকল চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা কাটিয়ে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নবনিযুক্ত সভাপতি মাসুক আহমেদ তার বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ উন্নয়ন ও ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বিদ্যালয়ের অগ্রযাত্রায় আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো এবং সকল শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. শাজাহান, চেমন আফরোজ পলি, হাসিনা আক্তার, কল্পনা রানী ঘোষ, পপি রানী রায়, মাহমুদুল হাসান, পূর্ণিমা অধিকারী, শুক্লদেব নাথ, মিলন কুমার, জয়গবিন তালুকদার, জাহিদুল ইসলাম এবং উপজেলা যুবদলের সদস্য আবুল হাসনাত ও রুবেল আহমেদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিলেট গ্যাস ফিল্ডস অফিসার এসোসিয়েশন নির্বাচন তফসিল ঘোষণা, আলোচনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা

0

জৈন্তাপুর প্রতিনিধিঃ

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (এসওডব্লিউএ) ২০২৬-২০২৭ সালের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান কার্যালয়সহ সংশ্লিষ্ট ফিল্ডগুলোতে নির্বাচনী হাওয়া ইতোমধ্যে বইতে শুরু করেছে।

নির্বাচন কমিশনের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। দাখিলের শেষ সময় ২০ জুলাই, আর প্রত্যাহার ও আপত্তি দাখিলের সময়সীমা ২২ জুলাই বিকেল ৪টা পর্যন্ত। যাচাই-বাছাই শেষে ২৪ জুলাই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৪ আগস্ট, সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনকে কেন্দ্র করে কিছু প্রার্থীর রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বেশ কয়েকজন প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠতা আছে এমন কয়েকজন কর্মকর্তা নির্বাচনে অংশ নিচ্ছেন।

আলোচনায় রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সিআরইউ অপারেশন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মো. রাইসুল আলম শাওন। জানা গেছে, তিনি বুয়েট ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রান্সপোর্ট বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. নাসিম প্রধান। তিনিও ছাত্রজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, তিনি অতীতে ক্ষমতার অপব্যবহার করে বিশেষ সুপারিশে বদলি আদেশ জারি করে শুক্রবারের ছুটির দিনেই কৈলাশটিলা থেকে ঢাকায় বদলি হয়েছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রকৌশলী, রাইসুল আলম শাওন ও মো. নাসিম প্রধান বলেন, আমাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। আমরা আশাবাদী, ভোটাররা প্রকৃত মূল্যায়ন করবেন। এবারের নির্বাচনে ৩টি কেন্দ্রে মোট ৩৩১ জন ভোটার ১৯টি পদের জন্য ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন লাখাইয়ের কানু মিয়া

0

আধুনিক ডেস্ক ::

কোনো ধরনের সাজা ছাড়াই ৩০ বছর হবিগঞ্জ কারাগারে বন্দী ছিলেন কানু মিয়া (৫০)। মানসিক ভারসাম্যহীন অবস্থায় মাকে হত্যা মামলায় তিনি কারাগারে ছিলেন। দুই দশক আগে আদালত মামলার কার্যক্রম স্থগিত করলেও কানু মিয়া মুক্তি পাননি। সম্প্রতি কারাগার পরিদর্শনে গিয়ে বিষয়টি জেলা লিগ্যাল এইড কর্মকর্তার নজরে আসে। পরে তাদের সহায়তায় ও আদালতের নির্দেশে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে হবিগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। কারামুক্ত কানু মিয়া জেলার লাখাই উপজেলার সিংহগ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে তাকে কারাগার থেকে নিতে আসেন বড় দুই ভাই। এ সময় কানু মিয়া কোনো কথা বলেননি।

স্বজন, কারাগার ও স্থানীয় সূত্রে জানা যায়, কানু মিয়া মানসিক রোগী ছিলেন। তিনি ১৯৯৫ সালের ২৫ মে তার মাকে ঘরে থাকা একটি কোদাল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তখন গ্রামবাসী তাকে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় কানু মিয়ার ভাই বাদী হয়ে একটি মামলা করেন। মামলা চলাকালে কানু মিয়া আরও ভারসাম্যহীন হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে ২০০৩ সালের দিকে আদালত এক আদেশে বলেন, কানু মিয়া সুস্থ হওয়ার আগপর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে। সেই থেকে কারাগারে আছেন কানু মিয়া। প্রথমে ভাই ও স্বজনেরা তাকে দেখতে গেলেও পরে যাতায়াত বন্ধ করে দেন। স্বজনদের ধারণা হয়, হয়তো কানু মিয়া আর বেঁচে নেই।

সম্প্রতি জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) মুহম্মাদ আব্বাছ উদ্দিন কারাগার পরিদর্শনে গেলে কানু মিয়া তার নজরে আসেন। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, মাকে হত্যার অভিযোগে তিনি কারাগারে আছেন। কিন্তু তার মামলাটি দীর্ঘদিন ধরে স্থগিত। এমনকি মামলার বাদীরও কোনো সন্ধান নেই। পরে কানু মিয়ার ভাই নাসু মিয়ার খোঁজ পান আব্বাছ উদ্দিন। পরে সবকিছু বিস্তারিত জেনে লিগ্যাল এইড থেকে একজন আইনজীবী নিয়োগ করা হয়।

সোমবার (১৪ জুলাই) জেলা ও দায়রা জজ আদালতে কানু মিয়ার জামিনের আবেদন করেন লিগ্যাল এইডের আইনজীবী। এ সময় জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম আসামির জামিন মঞ্জুর করেন। এরপর মঙ্গলবার দুপুর ১২টায় জেলা কারাগার থেকে মুক্তি পান কানু মিয়া। এ সময় তাকে গোলাপি রঙের একটি নতুন পাঞ্জাবি, সাদা টুপি ও একটি প্যান্ট পরে কারাগারের ফটক দিয়ে বের হতে দেখা যায়। তবে তিনি কারও সঙ্গে কোনো কথা বলেননি।

কানু মিয়ার মুক্তির খবর পেয়ে বড় দুই ভাই মামলার বাদী মুনু মিয়া ও নাসু মিয়া কারা ফটকে আসেন। ভাইকে পেয়ে তারা জড়িয়ে ধরেন। তবে কানু মিয়া ছিলেন নির্বাক।

নাসু মিয়া বলেন, ‘আমরা ধরে নিয়েছিলাম, আমাদের ভাই হয়তো আর বেঁচে নেই। যে কারণে আমরা তার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারিনি। আজ ৩০ বছর পর ভাই কারামুক্ত হয়েছেন। ভাইকে পেয়ে আমরা খুশি।

হবিগঞ্জ কারাগারের জেলার মো. মনির চৌধুরী জানান, কানু মিয়া ৩০ বছর ২ মাস ১৬ দিন পর আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন। তার বিষয়টি আগে কয়েকবার তারা আদালতের নজরে আনার চেষ্টা করেছেন। কিন্তু বিষয়টি সেভাবে এগোয়নি। এবার লিগ্যাল এইড কর্মকর্তার নজরে আসায় বিষয়টি জোরালো হয়। কানু মিয়া কথা কম বলেন। ছাড়া পাওয়ার সময়ও কথা বলেননি। পরিবারের কাছে ফিরলে হয়তো তিনি অনেকটা সুস্থ হয়ে উঠতে পারেন।