Home Blog Page 176

মসজিদের মোতাওয়াল্লি হবেন ডিসি-ইউএনওরা : ধর্ম উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, যিনি মোতাওয়াল্লি হিসেবেও পরিচিত। মসজিদের দেখভালের দায়িত্ব থাকে তার কাঁধে। সাধারণত স্থানীয় মুসল্লিদের মধ্য থেকে নির্বাচিত ব্যক্তিই এ দায়িত্ব পালন করে থাকেন। তবে এখন থেকে এ দায়িত্ব আর তাদের কাঁধে থাকবে না। এখন থেকে সব মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা। অর্থাৎ ডিসি-ইউএনওরাই এখন থেকে মসজিদের মোতাওয়াল্লির দায়িত্বও পালন করবেন। বিষয়টি জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মসজিদের ইমামদের নিয়োগ বা বরখাস্ত হতে হবে সরকারের নীতিমালা অনুযায়ী। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে খুলনায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ধর্ম উপদেষ্টা জানান, দেশের সকল মসজিদের সভাপতি হবে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। এছাড়া, মসজিদে ইমাম নিয়োগ ও বরখাস্ত নীতিমালা অনুযায়ী করতে হবে। এমন বিধান রেখে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা করা হচ্ছে। আগামী একমাসের মধ্যে গেজেট আকারে তা প্রকাশ করা হবে

ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদের কাজে নিয়োজিতদের ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেয়ার সুপারিশ করা হয়েছে। মসজিদের ফান্ডে যথেষ্ট টাকা থাকার পরও ইমামসহ অন্যান্যদের কম বেতন দেয়ার বিষয়টি মেনে নেয়া হবে না।

তিনি আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনে শৃঙ্খলা ফিরেছে। সবকিছু জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। মসজিদে সন্ত্রাস, মাদক, নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কুফল নিয়ে আলোচনা করতে হবে। পাশাপাশি হালাল জীবিকার ওপর জোর দিতে হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, ইমামদের জনবান্ধব হতে হবে। বাস্তবভিত্তিক ওয়াজ-নসিহত করতে হবে, যাতে মানুষ সচেতন হয়। ‘মব’ তৈরির সংস্কৃতি সমাজের জন্য কতটা ভয়ংকর, তা মসজিদে আলোচনা করা দরকার। মসজিদভিত্তিক শিক্ষাকেও নিতে হবে দায়িত্বশীলতার সঙ্গে। যেসব কেন্দ্রে প্রকৃতপক্ষে পাঠদান হচ্ছে না কিংবা ভুয়া কেন্দ্র দেখিয়ে অথবা স্কুল ও মসজিদে একই ব্যক্তি একযোগে শিক্ষকতা করছেন—এমন প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

উপদেষ্টা আরও বলেন, দেশে অপরাধের মাত্রা কমছে না, অপরাধের এত প্রবণতা পৃথিবীর আর কোনো দেশে নেই। সমাজে অপরাধ রোধে ধর্মীয় অনুশাসন ও নৈতিকতা চর্চার বিকল্প নেই। যদি সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতা প্রতিষ্ঠিত হয়, তাহলে অপরাধপ্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারতে সিলেটের সাংবাদিক নেতারা

0

আধুনিক ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশর গুলিতে নিহত শহীদ সাংবাদিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য, দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক এটিএম তুরাবের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছেন সিলেটের সাংবাদিক নেতারা।

শুক্রবার বাদ জুমআ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ তুরাবের জন্মস্থান বিয়ানীবাজারে গিয়ে তার কবর জিয়ারত করেন। সেখানে দোয়া মাহফিলে অংশ নেন সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ। পরে, তুরাবের মায়ের সঙ্গে দেখা করেন তারা।

এই সময় সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি এমএ হান্নান, বর্তমান সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. আব্দুল আহাদ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. ফয়সল আলম, মো. মারুফ হাসান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবীর পাবেল, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সহ-সাধারণ সম্পাদক রানা মজুুমদার বাপ্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজহার উদ্দিন শিমুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যকরি কমিটির সদস্য মো: আজমল আলী, সাবেক সাবেক সভাপতি ও সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিপিজেএ সিলেটের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সহসভাপতি মো: দুলাল হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, বিপিজেএ সদস্য আনিস মাহমুদ ও আব্দুল খালিক, ইমজা সদস্য দিপক বৈদ্য দিপু, মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন। তুরাবের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড় ভাই আবু আজরফ জাবুর।

প্রসঙ্গত, গত বছরের ১৯ জুলাই শুক্রবার জুলাই আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাম। আজ তার মৃত্যুর একবছর পূর্ণ হয়েছে। প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি। কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ জুলাই কবর জিয়ারত-দোয়া, ১৯ জুলাই শহীদ মিনার প্রাঙ্গনে সাংবাদিক সমাবেশ ও ২০জুলাই স্মারকলিপি প্রদান।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হচ্ছে বাংলাদেশে, চুক্তি স্বাক্ষর

0

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হতে যাচ্ছে। তিন বছর মেয়াদি মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশের এবং জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক জাতিসংঘের পক্ষে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছেন। জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনারের দপ্তর শুক্রবার (১৮ জুলাই( এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে মিশন চালুর বিষয়ে চলতি সপ্তাহে সমঝোতা স্মারকটি সই হয়েছে।
জেনেভা থেকে প্রচারিত জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনারের দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছরের আগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদের যুক্ততা উল্লেখযোগ্য হারে বেড়েছে। মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার এবং গণ-অভ্যুত্থানের নৃশংসতার বিরুদ্ধে একটি সমন্বিত তথ্যানুসন্ধান পরিচালনায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদ কাজ করে চলেছে।

জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মানবাধিকার সুরক্ষা যে মূল ভিত্তি, মিশন চালুর বিষয়ে এই সমঝোতা স্মারক সে বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এটি আমার দপ্তরকে আমাদের তথ্যানুসন্ধানের সুপারিশ বাস্তবায়ন ভালোভাবে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি এটি বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার, নাগরিক সমাজ এবং অন্য বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি আমাদের অভিজ্ঞতা ও সহায়তা বিনিময়ে যুক্ত হতে সহায়তা করবে।’

নতুন এ মিশনটি বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে কর্তৃপক্ষকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবে।

‘মুজিববাদ’ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: নাহিদ ইসলাম

0

আধুনিক ডেস্ক ::

‘মুজিববাদ ও ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে’ বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘হামলা-মামলা দিয়ে এনসিপিকে দমন করা যাবে না। দেশ নির্মাণে সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি’। এ সময় আসন্ন লড়াইয়ের জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে এনসিপির পথসভায় যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জে হামলা হয়েছে। আরও ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে’।

এ সময়, জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চান বলে আশা প্রকাশ করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আমাদের সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই’।

দেশ এখনো স্বাধীন হয়নি মন্তব্য করে সারজিস বলেন, ‘ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ স্বাধীন হবে না। শুধু গোপালগঞ্জে নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে সেখানেই ঐক্যবদ্ধভাবে সবাইকে প্রতিরোধ করতে হবে’।

দেশের বাইরে থেকে যারা হত্যার পরিকল্পনা করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘হাসিনার বিচার করতে হবে। তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই’।

সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে’।

সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নেতা নির্ভর নয়, নীতি নির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে’।

সেই সঙ্গে, আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন বলেও হুঁশিয়ারি দেন হাসনাত।

গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৫

0

আধুনিক ডেস্ক ::

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় আরেকজন মারা গেছেন। গত বুধবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ রমজান মুন্সী (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত দুইটার দিকে মারা গেছেন।

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় এ নিয়ে পাঁচজন মারা গেলেন। এর আগে এ ঘটনায় নিহত হন, গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা (৪১) ও সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন (২৪)।

এ ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা হলেন, সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০) ।

পারিবারিক সূত্রে জানা গেছে রমজান আলী মুন্সীর বাড়ি গোপালগঞ্জ সদর থানাপাড়ায়। তিনি মৃত আকবর মুন্সীর ছেলে। রমজান আলী রিকশাচালক ছিলেন।

আহত অবস্থায় রমজান মুন্সীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তাঁর ভাই হীরা মুন্সী। তিনি সাংবাদিকদের বলেন, তাঁর ভাই রিকশাচালক। ঘটনার দিন বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর এলাকায় সিনেমা হলের পাশেই রিকশা থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে তিনি সহিংসতার মধ্যে পড়েন এবং গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ওই দিনই দিবাগত রাত ২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম বলেন, রমজান মুন্সীর মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

বুধবার দিনভর দফায় দফায় গোপালগঞ্জে হামলা, ভাঙচুর, সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত নয়জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

১ জুলাই থেকে সারা দেশে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে ‘মার্চ টু গোপালগঞ্জ’ ঘোষণা করেছিল এনসিপি। এই কর্মসূচি ঘিরে সকাল নয়টার পর থেকে বিকেল পর্যন্ত চার দফায় হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। সদর উপজেলার কংশুরে পুলিশ সদস্য ও তাঁদের গাড়ি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশস্থল, জেলা প্রশাসকের বাসভবন ও জেলা কারাগার চত্বরসহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে হামলার ঘটনাগুলো ঘটে। এ সময় বিভিন্ন স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বেলা ২টা ৫ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। এর আগে সমাবেশস্থলে মঞ্চ ভাঙচুর ও হামলা চালান আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে সমাবেশ শেষে বেলা পৌনে তিনটার দিকে ফেরার সময় হামলার শিকার হন এনসিপির নেতারা।

বিকেল পাঁচটার দিকে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবির সহায়তায় গোপালগঞ্জ ত্যাগ করে এনসিপির নেতারা। গত বুধবার রাত আটটা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করা হয়। পরে কারফিউয়ের সময় শুক্রবার (১৮ জুলাই ) বেলা ১১টা পর্যন্ত বাড়ানো হয়। তিন ঘণ্টা শিথিল করে দুইটা থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে।

আন্তর্জাতিক রসায়ন সম্মেলনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাবির আবু সায়েম

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সায়েম সাদিক আন্তর্জাতিক রসায়ন সম্মেলনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন।

আন্তর্জাতিক এই সম্মেলনে অংশগ্রহণ করে তিনি বাংলাদেশ ও শাবিপ্রবিকে বৈশ্বিক পরিমণ্ডলে উপস্থাপন করবেন। সম্মেলনে তিনি তাঁর গবেষণা “ন্যানোসেলুলোজ ফসফেটের সংশ্লেষণ ও বৈশিষ্ট্যায়ন: হাড়ের টিস্যু পুনর্গঠনের জন্য একটি নতুন বায়োপদার্থ” বিষয়টি উপস্থাপন করবেন। এই গবেষণায় হাড় পুনর্গঠনের জন্য সম্ভাবনাময় এক জৈব বস্তু (বায়োমেটেরিয়াল) হিসেবে ন্যানোসেলুলোজ ফসফেটের ব্যবহার নিয়ে কাজ করা হয়েছে।

আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) এর অন্তর্গত তরুণ রসায়নবিদ কমিটি (ওয়াই সি সি) কর্তৃক প্রদত্ত ২০২৫ সালের শরৎকালীন সিআইবিএ তরুণ বিজ্ঞানী ভ্রমণ বৃত্তির জন্য আবু সায়েমকে মনোনীত করা হয়েছে। এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি তাঁকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য পরবর্তী (এসিএস) জাতীয় সম্মেলনে গবেষণা উপস্থাপন এবং আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দিচ্ছে।

সম্মেলনে অংশগ্রহণের জন্য আবু সায়েম ১,০০০ মার্কিন ডলারের একটি বৃত্তি পেয়েছেন, যা তাঁর যাতায়াত ও সম্মেলনে নিবন্ধনের খরচ বহনে ব্যবহৃত হবে।

এই সাফল্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবু সায়েম সাদিক বলেন, “এই স্বীকৃতি আমার জন্য শুধু একটি পুরস্কার নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার আত্মবিশ্বাস ও প্রেরণার উৎস। আমি কৃতজ্ঞ আমার শিক্ষক, সহপাঠী ও পরিবারের প্রতি, যারা সবসময় আমাকে সহায়তা ও উৎসাহ দিয়েছেন।”

তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন শাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক এবং তাঁর গবেষণা-পরিচালক অধ্যাপক ড. নুর উদ্দিন আহমাদের প্রতি, যিনি এই গবেষণায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, সিআইবিএ ট্রাভেল অ্যাওয়ার্ড প্রতিবছর বিশ্বের উদীয়মান তরুণ রসায়নবিদদের উৎসাহ প্রদান করতে দেওয়া হয়। গবেষণা, নেতৃত্ব এবং বৈশ্বিক যোগাযোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হয়।

বিদেশি প্রজাতির গাছের বনায়নে দীর্ঘ মেয়াদি ক্ষতি

0

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ:

আকাশমনি, ম্যানজিয়াম, রাবার, ইউক্যালিপটার্সসহ বিভিন্ন ধরণের বিদেশী প্রজাতির গাছ আগ্রাসী প্রজাতি হিসাবে খ্যাত। এসব গাছের কাঠ ব্যাপক জনপ্রিয়তা ও দ্রুত বর্ধনশীল হিসাবে পরিগণিত হয়েছে।

ফলে রাস্তার ধারে, বনের টিলায়, কৃত্রিম বনায়নে কম সময়ে অধিক মুনাফার আশায় বনায়নের হিড়িক শুরু হয়। মৌলভীবাজার জেলার বিভিন্ন সামাজিক ও কৃত্রিম বনায়নে, বাড়িঘরের আশপাশে রোপিত এসব গাছের কারনে দীর্ঘমেয়াদি ক্ষতি গুণতে হয়েছে কৃষি ও প্রাণবৈচিত্র্যকে। পরিবেশের বড় অবক্ষয়ের পর ব্যাপক চাহিদা সম্পন্ন আকাশিয়া ও ইউক্যালিপটাস গাছের চারা রোপন, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, গত কয়েক যুগ ধরে বিদেশী প্রজাতির দ্রুত বর্ধনশীল এসব গাছ দিয়ে বনায়নের হিড়িক শুরু হয়। সিলেট অঞ্চলের সংরক্ষিত বনাঞ্চল, রাস্তার ধারে সামাজিক বনায়ন এবং ব্যক্তি উদ্যোগে রোপিত আগ্রাসী প্রজাতির এসব বিদেশী গাছের কৃত্রিম বনায়ন সমূহ শোভা পাচ্ছে। এতে কৃষি, মৎস্য চাষাবাদে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। গাছগুলো পশুপাখির খাদ্য তৈরি না হওয়ায় পরিবেশেরও ক্ষতি করেছে। ফলে দেশীয় প্রজাতির মুল্যবান কাঠ ও ফলের গাছ এবং ঔষধি বৃক্ষের চাষাবাদ উৎপাদনের ও সংরক্ষনের বিষয়টি প্রায় উপেক্ষিত হয়ে আছে। আগ্রাসী প্রজাতির এসব গাছ গাছালি কৃষি চাষাবাদে ব্যাপক ক্ষতি বয়ে আনছে। রাস্তার পাশে সামাজিক বনের গাছের ছায়ায় পড়ে ধান গাছে রোগ ও পোকার আক্রমন মারাত্মক হারে বৃদ্ধি পাচ্ছে। পর্যায়ক্রমে জমিতে ধান গাছ মারা যাচ্ছে।

কমলগঞ্জের শিক্ষক জমসেদ আলী, কৃষক মোবাশ্বির আলী, সমাজকর্মী তোয়াবুর রহমান বলেন, আকাশমনি, ম্যানজিয়াম এসব গাছ গাছালি চাষাবাদে কৃষিজমিতে চাষাবাদ বিনষ্ট হয়েছে। মৎস্য চাষাবাদেও ক্ষতির কারন হয়ে দাঁড়িয়েছে। গাছের ছায়ায় ধানী জমির জায়গা দখল করে। চাষাবাদকৃত ধান গাছ কেটে গরু মহিষকে খাওয়ানো ছাড়া আর কোন উপায় থাকে না। কৃষকরা বলেন, আকাশি গাছের ছায়ায় ধান থেকে শুরু করে কোন ধরনের চাষাবাদ সম্ভব হয় না। একইভাবে মৎস্য খামারের পাশে এইসব গাছের কারনে মৎস্য চাষাবাদেও ক্ষতির কারন হয়ে দেখা দিয়েছে। এতোদিনে পরিবেশ ও প্রতিবেশের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আরো আগে এসব গাছের চারা উৎপাদন, বিক্রয় ও বনায়ন নিষিদ্ধ করা উচিত ছিল।

গবেষকদের মতে, এ গাছগুলো স্থানীয় প্রজাতিদের জায়গা দখল করে সেগুলোকে বিপন্ন করে তোলে। গাছপালা বা পশুপাখির যেকোনো প্রজাতি ভিন্ন পরিবেশ থেকে এনে বিস্তার ঘটাতে দিলে কালক্রমে তা হয়ে ওঠে আগ্রাসী প্রজাতি।

মৌলভীবাজারের বন্যপ্রাণি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, আগ্রাসী প্রজাতির গাছগাছালি পশু পাখির খাবার তৈরি করে না এবং ব্যাপক বিস্তারে অন্য গাছগুলোর সালোকসংশ্লেষণ-প্রক্রিয়া ব্যাহত করে। যে কারনে জীববৈচিত্র্যের জন্য আগ্রাসী প্রজাতির গাছ খুবই ক্ষতিকর। বর্তমানে আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ নিষিদ্ধ ঘোষণা হলেও এতোদিনে পরিবেশের ব্যাপক ক্ষতির সৃষ্টি করেছে। এতে দেশীয় প্রজাতির অনেক গাছগাছালি হুমকির মুখে পড়েছে।

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ বিভাগের প্রাক্তন উপ-পরিচালক মো. শামসুদ্দীন আহমদ জানান, আকাশি, ইউক্যালিপটার্স গাছের ছায়ায় ধান গাছের পাতা মোড়ানো রোগসহ বিভিন্ন ছত্রাকে আক্রান্ত করে। এসব রোগের আক্রমন থেকে রক্ষার জন্য কীটনাশক অথবা বালাইনাশক ব্যবহারে কৃষকদের পরামর্শ দেয়া হয়। তিনি আরও বলেন, আকাশি গাছের পাতা ঘন, এমনকি সূর্যের আলো মোটেও পড়ে না। এগুলো প্রকৃতির জন্য ক্ষতিকর। গাছের পাতা পড়ে কৃষিক্ষেত বিনষ্ট হয়। ক্ষতিকর এসকল গাছ রোপন থেকে সবাইকে নিরুৎসাহিত হওয়ার জন্য পূর্বেও বিভিন্ন সময়ে পরামর্শ প্রদান করা হয়েছে। বর্তমানে গাছের উৎপাদন ও বিক্রয় বন্ধ হওয়ায় সার্বিকভাবে উপকার বয়ে আনবে।

চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি : সালাহউদ্দিন

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান করেছিলাম ডেমোক্রেসির জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি সারাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি। হয়ে যাচ্ছে মবক্রেসি। কিন্তু কেনো? যারা গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা। এই দুই কেনো কারণ হচ্ছে সরকারের নির্লিপ্ততা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা।  বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে যুবদল। ঢাকা ছাড়াও একই দাবিতে সারাদেশে জেলা-মহানগরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে  যুবদল।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা প্রত্যাশা করি নাই পতিত ফ্যাসিবাদী শক্তি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির উপর হামলা করার সাহস পাবে। কিন্তু কেনো হামলা হলো? এই কেন’র জবাব হলো- যারা নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, যাদের এখনো নিবন্ধন নাই, তারা অনেক আবেগতাড়িত হয়ে অপরিকল্পিতভাবে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে। সেইসব রাজনৈতিক কর্মসূচির কারণে আজ দেশের মানুষ অবলোকন করলো গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির উপর ফ্যাসিস্ট শক্তি হামলে পড়লো। সুতরাং বাবারা- রাজনৈতিক ময়দানে আরও অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা পরামর্শ সব সময় দিয়েছি, আজও দিচ্ছি। আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। দেশের গণতন্ত্রের জন্য ভবিষ্যতে তোমরা অনেক অবদান রাখবে।’

তিনি বলেন, ‘৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে থেকে সহযোগিতা করেছি কিন্তু আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করা হচ্ছে। সেই ইস্যুর মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী দল বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দিবেন প্রধান উপদেষ্টা। কিন্তু আমরা লক্ষ্য করলাম প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করছেন, প্রস্তুতি নিতে বলছেন। কিন্তু নির্বাচন কমিশনকে এখন পর্যন্ত নির্বাচন আয়োজনের জন্য যথাযথ নির্দেশনা দেন নাই। আশা করবো, এই জাতিকে আশ্বস্ত করবেন, জনগণকে আশ্বস্ত করবেন। আশা করি দ্রুত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে সেই বার্তা দিবে।’

বিএনপি সরকারকে সহযোগিতা করতে চায় জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘মানুষ বুঝতে পারে যে সরকার আমাদের সহযোগিতা নিতে চায়। সু-পরিকল্পিতভাবে যারা নির্বাচনকে বানচাল করতে চায় তারা যেন সরকারের আশ্রয়-প্রশ্রয় না পায়। জনগণের মনে যেন এমন কোনো প্রশ্ন না আসে যে সরকার কোনো নিদিষ্ট দলকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে।’

এনসিপির কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, ‘তাদের কর্মসূচি দেখে মনে হচ্ছে দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যাতে বলতে পারে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কীভাবে দিবে।’

গোপালগঞ্জে কারফিউ চলবে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

0

আধুনিক ডেস্ক ::

গোপালগঞ্জে বুধবার (১৬ জুলাই) রাত রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ থাকবে না। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবার কারফিউ চলবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে বুধবার দিনভর সহিংসতা ও রক্তক্ষয়ী সংঘর্ষের পর গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়।

পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

0

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কা সফর শেষ হতেই নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দলটিই রাখা হয়েছে, কোনো পরিবর্তন আনা হয়নি।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুলাই। পরের দুই ম্যাচ যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।