Home Blog Page 174

“আমি টাকা পাইলাম না, টাকা গেছে বাগান পঞ্চায়েত সম্পাদকের ছেলের বিকাশে!”

0

*কমলগঞ্জে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বরাদ্দকৃত টাকা বিতরণে অনিয়মের অভিযোগ
*তালিকায় একই পরিবারের চার, পাঁচজন উপকারভোগী!

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ:

“তালিকায় আমার নাম ও ভোটার আইডি নাম্বার ঠিক আছে। তবে টাকা আমি পাইলাম না। আমার টাকা পঞ্চায়েত সম্পাদকের ছেলের বিকাশে চলে গেছে। বিকাশ নাম্বার আমার নয়। আমি মেম্বাররে কইলাম, আমার টাকা পাইলাম না।” কথাগুলো বলছিলেন কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের বড়লাইনের

মিক রামাকান্ত যাদব।
সরেজমিন ঘুরে জানা যায়, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৪-২৫ অর্থবছরে ‘চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় জনপ্রতি ৬ হাজার টাকা হারে প্রদান করা হয়েছে। কমলগঞ্জ উপজেলার ২২টি চা বাগানে ৭ হাজার উপকারভোগী শ্রমিকের নামে এই টাকা বিকাশে আসে। এর পূর্বে বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ শ্রমিকদের ভোটার আইডি কার্ডের কপি ও বিকাশ নাম্বার তালিকাভূক্ত করে সমাজসেবা অফিসে জমা দেন। তালিকায় কেউ কেউ তাদের নিজেদের পরিবারের স্বামী, স্ত্রী, সন্তান, ভাই, বোনের নাম ও বিকাশ নাম্বারে টাকা তুলেছেন। একই পরিবারের চার, পাঁচজনের নামে বিকাশে এসেছে টাকা। আবার অনেক নিরীহ চা শ্রমিক পরিবার সদস্যের নাম ও বিকাশ নাম্বার দেয়ার পরও টাকা পাননি। চা শ্রমিকদের জীবন মান উন্নয়নের এই টাকা বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে শ্রমিকরা সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

শমশেরনগর বাগানের শ্রমিক নেতা গোপাল কানু শ্রীকান্তের বিরুদ্ধে টাকা আত্মসাতের বিষয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাগানের নারী শ্রমিক সবিতা রেলী। শমশেরনগর বাগানের শ্রমিক পারতালি তেলেঙ্গা, আদমটিলার শ্রমিক দুলাল শীল, রবিদাস টিলার প্রিতী পাল বলেন, আমাদের নাম, আইডি ও বিকাশ নাম্বার নিয়ে তালিকায় নাম দেয়া হয়েছে। এরপরও আমরা কোনো টাকা পাইনি।
বাগানের ভজনটিলার শ্রমিক শিমুল লোহার বলেন, ‘অন্যের নামে আমার বিকাশে টাকা আসে। পরে আমার পাশের বাড়ির বাসিন্দা জয়প্রকাশ রাজভর এসে আমার মোবাইল নিয়ে টাকা তুলে আমাকে ২ হাজার দিয়ে বাকি টাকা সে নিয়ে গেছে।’ বড় লাইনের বাসিন্দা ছবি লোহার জানান, আমার আইডি ও নাম দিয়ে নির্মল ছত্রির বিকাশে ৬ হাজার টাকা আসে। আমার বিকাশে টাকা আসেনি। এটি জানার ১৫ দিন পরে নির্মল ছত্রী আমাকে ৪ হাজার টাকা দিয়েছে।

অনুসন্ধানে জানা যায়, উপকারভোগী তালিকায় শমশেরনগর চা বাগানের শ্রমিক নেতা নির্মল দাস পাইনকা তার নিজের নামে, স্ত্রী’র নামে, বড় মেয়ে, ছোট মেয়ে ও ভাইয়ের স্ত্রী মিরা বাঈ পাইনকার নাম তালিকায় দিয়ে বিকাশে টাকা তুলেছেন। একইভাবে শমশেরনগর চা বাগান পঞ্চায়েত সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল, স্ত্রী রিনা কানু, ভাই হৃদয় প্রকাশ গুপ্তা, ভাইয়ের বউ শিপা কানু, বোন হেমন্তি কানুর নাম ও বিকাশ নাম্বার রয়েছে। এছাড়াও চা শ্রমিক নেতা সুরনারায়ন রেলী সরাইয়ার পরিবারের ১ম স্ত্রী, ২য় স্ত্রী থেকে শুরু করে তালিকায় ৭ জনের নাম ও বিকাশ নাম্বার পাওয়া যায়।

এব্যাপারে মনু-ধলই ভ্যালী কমিটির সম্পাদক নির্মল দাস পাইনকা বলেন, ‘আমার জীবনে এভাবে কখনো হয়নি। তবে অসুস্থতায় চিকিৎসার কথা বলেছিলাম, তাই পঞ্চায়েত নেতৃবৃন্দ আমার পরিবারের তালিকা দিয়েছে। এজন্য আমি খুবই দু:খিত।’

শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল বলেন, ‘তালিকা দিয়েছেন অনেকেই। যে যেভাবে তালিকা দিয়েছে, সেভাবে টাকা এসেছে। আমার ছেলের বিকাশে যার টাকা আসছে, সে-ই আমার ছেলের নাম্বার দিয়েছে। আমার পরিবারে দু’জনের নামে টাকা এসেছে। ভাইয়েরা তো আলাদা পরিবার। তারাও তো প্রাপ্য।’ সুরনারায়ন রেলী বলেন, আমার পরিবারে শুধু আমার স্ত্রী ও ছেলের বিকাশে টাকা এসেছে।

এব্যাপারে শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক জাকির হোসেনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

অভিযোগ বিষয়ে কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার ইউসুফ মিয়া বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর শমশেরনগর, কুরমাসহ কয়েকটি বাগান শ্রমিকদের অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, এরকম কিছু ঘটতে পারে বলে আগেই আমি বারবার সতর্ক করেছি। সমাজসেবা অফিসারকে বিষয়টি জানিয়েছি তালিকা যাচাই বাছাই করার জন্য। এবিষয়ে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাইলস্টোন ট্রাজেডি : নিহত বেড়ে ২০

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের পাইলটসহ ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭১ জন।

সোমবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেওয়া হয়। সে সময় নিহতের সংখ্যা ১৮ বলা হয়েছিল। পরে বিকেল ৫টা ৪০ মিনিটে আইএসপিআর জানায়, দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৯ এ পৌঁছেছে। প্রশিক্ষণ বিমানের পাইলটও নিহত হয়েছেন। রাত ৮টার আগে আইএসপিআর ২০ জন এবং ১৭১ জন আহত হওয়ার তথ্য দিয়েছে। এর আগে বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এ ঘটনায় ১৯ জন নিহত হওয়ার তথ্য দিয়েছিলেন।

সোমবার বেলা ১টার পর স্কুল ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়। বিকেল পৌনে ৫টার দিকে মাইলস্টোনের দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শনের সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘আপনারা সবাই জানেন, বিমানবাহিনীর একটি এফ–সেভেন বিজেআই ফাইটার এয়ারক্র্যাফট আনুমানিক একটার দিকে আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা শাখার দোতলা স্কুল ভবনে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। এই দোতলা ভবনের প্রথম তলায় ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণির বাচ্চাদের ক্লাস। দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় ও পঞ্চম শ্রেণির ক্লাস। তার সাথে ছিল প্রিন্সিপালের (অধ্যক্ষের) অফিস মিটিং রুম। একটা কোচিংয়ের ক্লাস চলমান ছিল। ক্র্যাশ ল্যান্ডিং যখন হয়, তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিং হয় ,আঘাত করে, ওই জায়গায় বাচ্চাকাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল।’

ফায়ার ফার্ভিস আনুমানিক বেলা ১টা ৮ মিনিটে দুর্ঘটনার খবর পায় জানিয়ে মহাপরিচালক বলেন, ‘দ্রুত আমাদের ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। আমাদের মোট ৯টা ইউনিট এখানে কার্যক্রম করেছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপণ অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি।

হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, এখানে সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস, পুলিশসহ অন্যান্য সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে, আমাদের উদ্ধারকাজ চলমান আছে। উদ্ধারকাজ শেষ হলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারব।’

মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ‘যারা নিহত, এখনো তাদের পরিচয় আমরা জানতে পারিনি, সময় লাগবে। আমাদের ধারণা, অধিকাংশই শিশু।’

সিলেটে ‘মাদ্রাসা প্রতিরোধ দিবসে’ কওমি শিক্ষার্থীদের মিছিল সমাবেশ

0

আধুনিক ডেস্ক ::

সরকার ঘোষিত জুলাই বিপ্লব স্মরণে মাদ্রাসা প্রতিরোধ দিবস উপলক্ষে সিলেটে মিছিল-সমাবেশ করেছেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে ৩টায় সিলেট কোর্ট পয়েন্টে ইউনাইটেড কওমি স্টুডেন্ট মুভমেন্টের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ফ্যাসিবাদী ঘাতকদের ফাঁসির দাবিতে একটি বিশাল মিছিল চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন,ফ্যাসিবাদ পতনের চুড়ান্ত লড়াইয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষার্থী ও আলেম উলামার ত্যাগ তিতিজ্ঞা কখনো ভুলার নয়। জুলাই আন্দোলনে শতাধিক কওমি শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন,তাদের অবদান স্বরণীয় রাখতে সরকার ২১ জুলাই মাদ্রাসা প্রতিরোধ দিবস ঘোষণা করায় আমরা সরকারকে সাধুবাদ জানাই। কওমি স্টুডেন্ট মুভমেন্টের অন্যতম সমন্বয়ক কাজির বাজার মাদ্রাসার ছাত্র সংসদের জিএস আজিজুল ইসলাম ইফতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক জামেয়া মাদানিয়ার মুহাদ্দিস মওলানা শাহ মমশাদ আহমদ ,দারুস সালাম মাদ্রাসার উস্তাদ মওলানা নিয়ামতুল্লাহ খাসদবিরি, মুফতি রশিদ আহমদ, মওলানা রফিকুল ইসলাম মুশতাক, আব্দুর রহমান,হুসাইন আহমদ ও মুকাব্বির হুসেনের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কাজির বাজার মাদ্রাসার ছাত্র সংসদের সাবেক জিএস আখতার হুসেন, মাহফুজ হুসাইন, আব্দুল কাইয়ুন, মুবিন, হাফিজ দেলওয়ার হুসাইন, রায়হান উদ্দিন, আশরাফ আলি খান প্রমুখ। সমাবশে জুলাই আন্দোলনে আহত কওমী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।

উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত : নিহত ১৯

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সোমবার (২১ জুলাই) বেলা পৌনে ৫টার দিকে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনের আগে এ তথ্য জানান।

ওই ঘটনায় অন্তত দেড়শো জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। আহতদের মধ্যে দগ্ধ ৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার দুপুরে ঢাকার বার্ন ইন্সটিটিউটে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এই সময় আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্তর্বতী সরকারের আরো কয়েকজন উপদেষ্টা তার সাথে ছিলেন। তিনি জানান, আহত শিক্ষার্থীদের বেশিরভাগই দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে। তাদের বার্ন ইন্সটিটিউট, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল ও উত্তরার আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের ১২ মিনিটের মধ্য বিধ্বস্ত হয়। আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রশিক্ষণ বিমানটি ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। সেক্ষেত্রে উড্ডয়নের ১২ মিনিটের বিমানটি বিধ্বস্ত হয়েছে।

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সেখানকার একজন শিক্ষার্থী জানান যে, তার চোখের সামনেই বিমানটি স্কুল ভবনে আঘাত করে। ওই শিক্ষার্থীর ভাষ্য, আমাদের একটা পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বের হয়ে দাঁড়ায়ে ছিলাম। তখন আগুন ধরা প্লেনটা আমার চোখের সামনেই বিল্ডিংয়ে আঘাত করছে। ওই ঘটনায় তার এক বন্ধু নিহত হয়েছে বলেও দাবি করেন মাইলস্টোন স্কুলের দশম শ্রেণির প্রত্যক্ষদর্শী ওই ছাত্র।

স্কুল ছুটির মুহূর্তে প্রশিক্ষণ বিমানটি ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন সেখানকার শিক্ষক-শিক্ষার্থীরা। ফলে হতাহতদের মধ্যে বেশ কয়েক জন অভিভাবকও রয়েছেন বলে জানা যাচ্ছে।

এদিকে, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি , বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত–নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ২, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান গণমাধ্যমকে চিকিৎসাধীন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেল। এছাড়া আরও অন্তত ৩০ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি , বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত–নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, একজন নিহত

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে ফায়ার সার্ভিসসূত্রে জানা গেছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ -৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।

সুনামগঞ্জে আম না পাড়ায় হত্যাকাণ্ড: অপমৃত্যুর নাটকের জট খুলল পিবিআই, গ্রেপ্তার ২

0

আধুনিক ডেস্ক:

প্রায় এক বছর আগে সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি খামার থেকে রিংকন বিশ্বাস নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে এই কিশোরের মৃত্যু দুর্ঘটনা বলে জানা যায়। তবে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানাচ্ছে, রিংকনকে খুন করা হয়েছিলো।

 প্রযুক্তির ব্যবহার করে এক বছর আগের ক্লু-লেস একটি হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে বলেও জানিয়েছে পুলিশের এই তদন্ত সংস্থা।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামিকে জিজ্ঞাসাবাদে পিবিআই নিশ্চিত হয়েছে, রিংকন বিশ্বাসের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।  দুই আসামি ইতোমধ্যে আদালতে হত্যার দায় স্বীকার করেছে। অথচ

মৃত্যুর পর পরিবারের নানা অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ এটিকে ‘অপমৃত্যু’ হিসেবে চূড়ান্ত প্রতিবেদন দেয়। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করতে চাইলেও জগন্নাথপুর থানা মামলা নেয়নি। পরে নিহতের মা আদালতে হত্যা মামলা করলে তদন্ত শেষে আবারও চূড়ান্ত প্রতিবেদন দেয় জগন্নাথপুর থানা পুলিশ। এরপর বাদীর নারাজি আবেদনের প্রেক্ষিতে আদালত পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ দেন।

পিবিআই সূত্রে জানা যায়, জগন্নাথপুরের নলুয়ার হাওরে লুলু মেম্বারের মাছের খামারে কাজ করতেন কিশোর রিংকন বিশ্বাস। ২০২৪ সালের ২২ জুন রহস্যজনকভাবে মারা যান তিনি। প্রভাবশালী লুলু মেম্বারের চাপে নিহতের পিতা শ্রীকান্ত বিশ্বাস বাধ্য হয়ে সামান্য মুখাগ্নি শেষে সেদিনই ছেলেকে সমাধিস্থ করেন।

ঘটনাটি জানাজানি হলে এবং বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় থানা পুলিশ নিহতের পিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে ২৪ জুন, ২০২৪ তারিখে একটি অপমৃত্যু মামলা রুজু করে। এরপর ২৭ জুন, ২০২৪ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ কবর থেকে উত্তোলন করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পুলিশ জানায়, রিংকন গাছে উঠে আম পাড়তে গিয়ে পা ফসকে খামারের গোবরের ঢিবিতে  পড়ে মৃত্যুবরণ করে। তবে নিহতের মা বাসন্তী রানী বিশ্বাস মৃতদেহে আঘাতের চিহ্ন দেখে পুলিশের এই প্রতিবেদনে সন্তুষ্ট না হয়ে নিজেই বাদী হয়ে আদালতে লুলু মেম্বারসহ ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আদালতের আদেশে জগন্নাথপুর থানার ওসি হত্যা মামলা রুজু করেন। কিন্তু তদন্ত শেষে পুলিশ আবারও আসামিদের অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। পরে আবারও নারাজি দিলে আদালত অধিকতর তদন্তের জন্য ২৩ মার্চ, ২০২৫ পিবিআই সিলেটের পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন।

পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানের নির্দেশনায় তদন্ত কর্মকর্তা এসআই মো. তারিকুল ইসলাম তথ্যপ্রযুক্তি ও গোপন সোর্সের সহায়তায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চিলাউরা গ্রামের মৃত সাইদুল্লাহর ছেলে জহিরুল ইসলাম (২৩) ও নুরুল হকের ছেলে পাবেল ওরফে তাবেল (২১)-কে ১৭ জুলাই গ্রেফতার করেন।

রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা রিংকনকে হত্যার কথা স্বীকার করে এবং অন্যান্য জড়িতদের নাম-পরিচয় প্রকাশ করে। শনিবার (১৯ জুলাই) তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

জবানবন্দিতে তারা জানায়, ঘটনার দিন দুপুর ১২টার দিকে লুলু মেম্বারের খামারের গোয়ালঘরের পাশের আমগাছ থেকে রিংকনকে আম পাড়তে বলা হয়। গাছে বিদ্যুতের তার থাকায় রিংকন রাজি না হলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে গোবরের ঢিবিতে মুখ ও মাথা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। পরে বিষয়টিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান বলেন, ‘ঘটনাটি এক বছরেরও বেশি আগের। প্রায় ৯ মাস পর আমরা তদন্তের দায়িত্ব পাই। কোনো ক্লু ছিল না, কিন্তু প্রযুক্তি ব্যবহার করেই তদন্ত শুরু করি। ধরা পড়ে কিছু সন্দেহজনক কথাবার্তা, যা থেকেই আমরা মূল অপরাধীদের চিহ্নিত করতে সক্ষম হই’।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পাকিস্তানকে হারিয়ে ৯ বছরের খরা কাটাল বাংলাদেশ

0

শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নতুন পরীক্ষায় নামে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের সেই পরীক্ষার প্রথম ম্যাচেই লেটার মার্ক পেয়ে পাশ করলো লিটন দাসের দল। সালমান আগার পাকিস্তান দলকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আগে ব্যাট করে তাসকিন-মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ১৫.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১১২ রান তুলে বাংলাদেশ।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের চতুর্থ জয়। শুধু তাই নয়, পাকিস্তানকে হারিয়ে ৯ বছরের খরা কাটিয়েছে বাংলাদেশ। ২০১৬ সালে এশিয়া কাপে ৫ উইকেটে জেতার পর দেশে কিংবা দেশের বাইরে টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। যদিও ২০২৩ সালের এশিয়ান গেমসে দুই দেশের দ্বিতীয় সারির দলের লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। সালমান মির্জার বল পুল করতে গিয়ে ক্যাচ দেন তানজিদ হাসান তামিম, ফিরেন মাত্র ১ রানে। তিনে নেমে ‍সুবিধা করতে পারেননি লিটন। সালমানের দুর্দান্ত ডেলিভারিতে খুশদিল শাহর হাতে ক্যাচ দিয়ে তিনিও ফিরেন ১ রানে। ৭ রানেই পড়ে যায় বাংলাদেশের দুই উইকেট।

তবে চাপ সামাল দিয়ে ম্যাচে ফেরান তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। তৃতীয় উইকেট জুটিতে দুজন গড়েন ৭৩ রানের দুর্দান্ত পার্টনারশিপ। পাওয়ার প্লেতে আসে ৩৮ রান। নবম ওভারে আবরার আহমেদের ওভারে হৃদয় চার মেরে ৩৬ বলে পূরণ করেন ফিফটি জুটি।

ইনিংসের ১৩তম ওভারে আফ্রিদির বলে বোল্ড হন হৃদয়, ৩৭ বলে ৩৬ রান করে। এরপর ইমন নিজের ছন্দে ব্যাট চালিয়ে তুলে নেন হাফ সেঞ্চুরি। ফাহিম আশরাফকে ছক্কা মেরে ৩৪ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৯ বলে পাঁচ ছক্কা ও তিন চারে ৫৬ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ওপেনার। তার সঙ্গে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলেন জাকের আলি। মাত্র ১০ বলে তিনটি চার মেরে ১৫ রান করে অপরাজিত থাকেন তিনি। তাদের ১৮ বলে ৩২ রানের জুটিতে ২৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। মিরপুরের মন্থর পিচে নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.৩ ওভারে পাকিস্তানকে মাত্র ১১০ রানেই আটকে দেয় তাসকিন-মুস্তাফিজরা। নতুন বলে শেখ মেহেদীকে দিয়ে ওভার শুরু করান লিটন দাস। প্রথম ওভারেই পেতে পারতেন সাফল্যও। কিন্তু ক্যাচ ছেড়ে দেন তাসকিন আহমেদ। ৪ রানে বেঁচে যান ফাখার। ক্যাচ ছাড়ার ক্ষতিপূরণ তাসকিন দেন পরের ওভারে। বোলিংয়ে এসে তিনি ফিরিয়ে দিলেন সাইম আইয়ুবকে। মুস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ৪ বলে ৬ রান করে ফেরেন সাইম।

তৃতীয় ওভারে খরুচে বোলিং করলেও শেষ দিকে মোহাম্মদ হারিসকে ফেরালেন শেখ মেহেদী। ৩ বলে ৪ রান করেন উইকেটকিপার-ব্যাটসম্যান। বোলিংয়ে এসেই বাজিমাত করেন তানজিম সাকিব। তার দুর্দান্ত বোলিংয়ে লিটন দাসের গ্লাভসে তালুবন্দি হয়ে ফেরেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। ৩ রান করতে ৯ বল খেলেন আগা।

পাওয়ার প্লের শেষ ওভারে আরেকটি সাফল্য পায় বাংলাদেশ। বোলিংয়ে এসে পঞ্চম বলে উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান। ৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি হাসান নাওয়াজ। পাকিস্তান পঞ্চম উইকেট হারিয়েছে ৪৬ রানে। মেহেদী হাসানের বলে ১ রান নিতে চেয়েছিলেন ফখর জামান। স্ট্রাইকিং প্রান্তে মেহেদী বল পাঠালে স্ট্যাম্প ভাঙতে দেরি করেননি লিটন। এতে রান আউট হন মোহাম্মদ নওয়াজ। ৫ বলে ৩ রান করেন তিনি।

এরপর দুইবার জীবন পাওয়া ফখর জামান ফিরলেন রান আউট হয়ে। ৬ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৪৪ রান করেন তিনি। খুশদিল শাহ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ২৩ বলে ১৭ রান করে তিনিও ফেরেন মুস্তাফিজের বলে। ইনিংসের শেষ ওভারে ওভারে ফাহিম আশরাফকে আউট করেন তাসকিন। মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১০ বলে ৫ রান করেন তিনি। পরের বলে রান আউট হন সালমান মির্জা। তৃতীয় বলে তাসকিন ফিরিয়েছেন আব্বাস আফ্রিদিকে। তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ নেন লিটন। এতে পাকিস্তানের ইনিংস শেষ হয় ১১০ রানে।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এই সংস্করণে এটিই দলীয় সর্বনিম্ন। আগের সর্বনিম্ন ১২৯/৭, ২০১৬ সালে মিরপুরেই এশিয়া কাপে। প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ১১১ রান। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ। ২২ রানে ৩ উইকেট নিয়ে ইনিংস শেষ করেছেন তিনি। মুস্তাফিজুর রহমান ২টি এবং শেখ মেহেদী ও তানজিম সাকিব একটি করে উইকেট নেন।

তবে দুর্দান্ত বোলিংয়ে নতুন রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান দেওয়া বাংলাদেশি এখন মুস্তাফিজ। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট শিকার মুস্তাফিজের। এর আগে রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজ নিজে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।

রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা যোগ্য সেনা অফিসারদের পদোন্নতিতে অগ্রাধিকার দেওয়া উচিত: প্রধান উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সেনা অফিসারদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক নিরপেক্ষতা, সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলিসম্পন্নকারীদের প্রাধান্য দেওয়া উচিত। রোববার (২০ জুলাই) ঢাকা সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির কর্মকর্তাদের পরবর্তী পদে পদোন্নতির জন্য বিবেচনা করা হবে।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা—বিশেষ করে সশস্ত্র বাহিনীর শহীদ ও বীর সেনানীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনাসদস্যদের এবং ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিবৃতিতে বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। এ ছাড়া সৎ, নীতিমান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলিসম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে তিনি মন্তব্য করেন। তা ছাড়া রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন, সেসব অফিসারকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘যাঁরা রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব দিয়েছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া উচিত। অধ্যাপক ইউনূস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে সেনাসদস্যরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য তাদের ওপর অর্পিত দায়িত্ব বেশ কিছু সময় ধরে পালন করে যাচ্ছেন। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর ও মন্তব্য লিপিবদ্ধ করেন।

মুজিববাদী সংবিধান বাতিল করতে হবে: নাহিদ

0

আধুনিক ডেস্ক ::
মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রোববার (২০ জুলাই) রাঙামাটিতে পদযাত্রা কর্মসূচির সমাবেশে তিনি এ দাবি জানান। প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেন, আমরা পদযাত্রা নিয়ে প্রতিটি সম্প্রদায়, জাতিগোষ্ঠীর কাছে প্রত্যেক জনপদে যাচ্ছি। পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন, অশান্তি জিইয়ে রেখে কিছু গোষ্ঠী নিজেদের সুবিধা ও স্বার্থ হাসিল করে নিতে চায়। আমরা তাদের সেই সুযোগ দিতে চাই না।

নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে তিনি বলেন, মুজিববাদী সংবিধানে এ দেশের সব জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হয়নি। তাই সেই সংবিধানের প্রতিবাদ করেছিলেন পার্বত্য অঞ্চলের নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা। আমরা নতুন বাংলাদেশের নতুন সংবিধানে সব জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি চাই। এজন্য মুজিববাদী সংবিধান বাতিল করে সবার সংবিধান চাই।

নাহিদ বলেন, পার্বত্য চট্টগ্রামে যে বিভেদ, অশান্তি জিইয়ে রাখা হয়েছে তা দূর করতে হবে। মুসলিম, হিন্দু, চাকমা, মারমা, ত্রিপুরাসহ সব জাতিগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আমরা সব জাতিগোষ্ঠীর সম্প্রীতি ও সৌহার্দ্যের পার্বত্য চট্টগ্রাম গড়তে চাই। সৌহার্দ্যের নতুন বাংলাদেশ গড়তে চাই। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এমন সৌহার্দ্য গড়ে তুলতে হবে।

সমাবেশে সারজিস আলম বলেন, আমরা দেখেছি রাষ্ট্র কাঠামোতে কোনো আমলা, কর্মকর্তা, কর্মচারী দুর্নীতি-অপরাধ করলে তাকে শাস্তিমূলক হিসেবে পাবত্য চট্টগ্রামে বদলি করা হয়। কিন্তু এতে সেই দুর্নীতিবাজরা পার্বত্য এলাকায় গিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে। এটা হবে কেন? দুর্নীতিবাজ যেখানে যায় সেখানে অপরাধে জড়াবে। তাই তাকে আইনের আওতায় আনতে হবে। পাহাড়কে যাতে কেউ ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

বক্তব্যে স্লোগান তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, এই মুহূর্তে দরকার বিচার এবং সংস্কার। পাহাড় থেকে সমতলে লড়াই হবে একসঙ্গে। আমরা পাহাড় এবং সমতলে সব জাতিগোষ্ঠীর মানুষ সম্প্রীতি-সোহার্দ্য নিয়ে একত্রে বসবাস করতে চাই।

ডা. তাসনিম জারা বলেন, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা। সেখানে কোনো বৈষম্য থাকবে না। সবার অধিকার সংরক্ষিত থাকবে।

সামান্তা শারিমন বলেন, আমরা ধর্ম, জাতির বিভেদ করব না। প্রত্যেক ধর্ম, বর্ণ, জাতির মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে সেটাই আমাদের মূল লক্ষ্য।