Home Blog Page 173

সিলেটের রাস্তায় শিক্ষার্থীরা

0

আধুনিক রিপোর্ট ::
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে সিলেটের রাজপথেও নেমে এসেছে শিক্ষার্থীরা। তারা সিলে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলের দিকে ঢাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়লে তাদের লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এমন সংবাদ ছড়িয়ে পড়লে সিলেটের এইচএসসি পরীক্ষার্থীরাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে।

তারা মিছিল নিয়ে সিলেট শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীরা বিকেল ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে। তারা রাস্তায় বসে, দাঁড়িয়ে এবং শুয়ে শুয়ে মিছিল দিতে থাকেন।
সিলেট ভ্রমণ গাইড

এসময় রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

সিলেটে এনসিপির জুলাই পদযাত্রা শুক্রবার

0

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালনের অংশ হিসেবে আগামী ২৫ জুলাই সিলেটে পদযাত্রা করবেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সিলেটের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপি সিলেট জেলা সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান।

আয়োজকরা বলেন, জাতীয় নাগরিক পার্টি পুরনো চিন্তা-ধারা ছেড়ে নতুন পথে এগিয়ে যেতে চায়। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই আমরা। ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক সাড়া পেয়েছি। এবার প্রথমবারের মতো এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট আসছেন। পদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে পার্টির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়টি প্রশাসনকেও অবহিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ জুলাই শুক্রবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিকেল ৫টায় সিলেটে পৌঁছাবেন এবং নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন।

নগরীর আম্বরখানা থেকে সুবিদবাজার হয়ে রিকাবীবাজার পয়েন্ট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বক্তব্যের মাধ্যমে এ পদযাত্রা শেষ হবে।

পদযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ উপস্থিত থাকবেন। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও এ পদযাত্রায় অংশ নেবেন

২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত

0

আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা এ কথা জানান। রুটিন অনুযায়ী ওই দিন (২৪ জুলাই) অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এ কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট এক পোস্টে তিনি এ কথা জানান।

রুটিন অনুযায়ী আজ মঙ্গলবার (২২ জুলাই) রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা)/ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উত্পাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।

বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান গতকাল সোমবার বেলা একটার কিছুক্ষণ পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।

মাইলস্টোনের ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মাইলস্টোন ট্র্যাজেডি : নিহত বেড়ে ৩১

0

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ জন। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দুইটায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়। আইএসপিআর-এর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।

সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের ওপর এসে বিধ্বস্ত হয়। বেলা ১টা ১৮ মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে জানা যায়, বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান স্কুলটির চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল।

বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় স্কুল ভবনে। তখন দগ্ধ শিশুদের আর্তনাদ, সন্তানের খোঁজে পাগলপ্রায় মা-বাবা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।

সব দাবি পূরণের আশ্বাস আসিফ নজরুলের, শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে

0

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিক্ষোভরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আমরা প্রতিটা দাবি পূরণ করব। বিশ্বাস রাখেন।’ তবে উপদেষ্টার বক্তব্যের পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা পৌনে একটার দিকে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর বের হয়ে আসেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। আইন উপদেষ্টা দাবি মেনে নেওয়ার কথা বলেন। তবে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যান। এ সময় উপদেষ্টারা আবার কলেজের ভেতরে ঢুকে যান।

শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ৫ নম্বর ভবনের সামনে বিক্ষোভ করছেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপদেষ্টা আসিফ নজরুল ও সি আর আবরার কলেজ পরিদর্শনে আসেন। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাঁদের ঘিরে ধরে। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে।

দুই উপদেষ্টা পরে কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান। তাঁদের সঙ্গে কলেজের শিক্ষকেরাও ছিলেন। সেখানে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে তাঁদের আলোচনা চলে। এ সময় বাইরে শত শত শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ মঙ্গলবার সকালে
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ মঙ্গলবার সকালেছবি: প্রথম আলো
বেলা পৌনে একটার দিকে উপদেষ্টারা কনফারেন্স কক্ষ থেকে বের হয়ে আসেন। এ সময় উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন। অভিভাবক হিসেবে ভালোবাসা জানাতে এসেছেন বলে জানান।

আসিফ নজরুল বলেন, কোমলমতি শিশুরা যারা প্রাণ হারিয়েছে তাদের অবস্থা জানানো হবে। সরকার কন্ট্রোল রুম করবে। কন্ট্রোল রুম থেকে হতাহতদের তথ্য হালনাগাদ করে জানানো হবে।

আসিফ নজরুল শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘যে বাহিনী খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে ক্ষমা চাই। উপযুক্ত ব্যবস্থা নেব। আপনাদের সব দাবি মেনে নিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘যারা এ ঘটনায় প্রাণ হারিয়েছে তাদের পাশে দাঁড়াই। দোয়া করি।’

নিহত ব্যক্তিদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা, শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ, বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু , শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়াসহ ছয় দফা দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ মঙ্গলবার সকালে
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ মঙ্গলবার সকালেছবি: প্রথম আলো
গতকাল সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে আজ সকাল পর্যন্ত ২৭ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান। তিনি আরও জানান, ৪টি হাসপাতালে চিকিৎসাধীন ৭৮ জন।

এইচএসসি ও সমমানের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট এক পোস্টে এ কথা জানান।

রুটিন অনুযায়ী মঙ্গলবার রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা)/ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উত্পাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।

এর আগে সোমবার রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও রাত সাড়ে তিনটার পর আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সংক্রান্ত একটি পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান সোমবার (২১ জুলাই) বেলা একটার কিছুক্ষণ পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। মাইলস্টোনের ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করার কথা জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনায় অন্তর্বর্তী সরকার আজ জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। এ কারণে আজ অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে।

মাইলস্টোন ট্র্যাজেডি : নিহত বেড়ে ২৭

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হওয়ার সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকাল আটটার পর রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান এ কথা জানিয়েছেন।

সায়েদুর রহমান জানান, ৪টি হাসপাতালে ভর্তি আছে ৭৮ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ২৫ জন শিশু এবং একজন পাইলট ও একজন শিক্ষক রয়েছেন। স্বজনদের কাছে ২০ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, বার্নে গতকাল সোমবার রাতে আরও আটজন মারা যায়। দুটি হাসপাতালে হতাহত বেশি। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২৮ জন ভর্তি আছে। সেখানে ১৫ জনের মৃতদেহ ছিল। এ ছাড়া বার্নে ভর্তি ৪২ জন।

সায়েদুর রহমান আরও জানান, মৃত ব্যক্তিদের মধ্যে ছয় জনের মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ নেওয়া হয়েছে। এ ছাড়া উত্তরা আধুনিক হাসপাতালে একটি দেহাবশেষ নেওয়া হয়েছিল। ঢাকা মেডিকেলে তিনজন ভর্তি। ইউনাইটেড হাসপাতালে একজনকে মৃত অবস্থায় নেওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটে যারা আইসিইউ ও এইচডিইউতে আছেন তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান সায়েদুর রহমান। তিনি বলেন, ‘খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। বার্ন ইনস্টিটিউটের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমওইউ আছে। তাদের কাছে টেকনিক্যাল সহায়তার জন্য অনুরোধপত্র পাঠানো হয়েছে। তারা কেস সামারি পেয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুরের হাইকমিশনার ব্যক্তিগতভাবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অবস্থান করছেন। এখানকার কেসগুলো দেখে পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়ে সায়েদুর রহমান বলেন, আহত ব্যক্তিরা বেশির ভাগ শিশু। তাদের রক্তের প্রয়োজনীয়তা কম। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএমইউ) আইসিইউ প্রস্তুত আছে। তিনি জানান, বার্ন হাসপাতাল থেকে ১০ জন, সিএমএইচ থেকে ৮ জন, ইউনাইটেড থেকে ১ জন এবং ঢাকা মেডিকেল থেকে ১ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে সায়েদুর রহমান বলেন, ভর্তি ব্যক্তিদের কে কোথায় আছে, তা পাবলিক ডোমেইনে আছে। যাঁরা এখনো তাঁদের স্বজনের খোঁজ পাননি, তাঁদের সেখান থেকে দেখে নিতে অনুরোধ জানান তিনি।

মঙ্গলবার রোগীদের স্বার্থে বার্ন ইনস্টিটিউট ঘিরে নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে। পরিচয়পত্র ও অসুস্থতার প্রমাণ ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী।

সংবাদ সম্মেলনের আগমুহূর্তে গণমাধ্যমকর্মীদের পরিচয়পত্র দেখে প্রবেশ করতে দেওয়া হয়। এরপর সকালের ব্রিফিং শেষ হলে পরবর্তী ব্রিফিং বেলা দুইটায় হবে জানিয়ে গণমাধ্যমকর্মীদের হাসপাতাল ভবনের বাইরে অবস্থান করতে বলা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের ওপর এসে বিধ্বস্ত হয়। বেলা ১টা ১৮ মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গতকাল পরে জানা যায়, বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান স্কুলটির চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল।

বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় স্কুল ভবনে। তখন দগ্ধ শিশুদের আর্তনাদ, সন্তানের খোঁজে পাগলপ্রায় মা-বাবা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আহত হয়েছে অন্তত ১৭১ জন।

নেপালের জালে সাগরিকার ৪ গোল, চ্যাম্পিয়ন বাংলাদেশ

0

কিংস অ্যারেনার সব আলো নিজের দিকে টেনে নিলেন মোসাম্মৎ সাগরিকা। ফ্লাডলাইটের নিচে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের অলিখিত ফাইনালে সোমবার (২১ জুলাই) নেপালকে দর্শক বানিয়ে করেছেন একের পর এক গোল উদ্‌যাপন। ড্র করলেই চ্যাম্পিয়ন, এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশ নেপালকে ৪–০ গোলে হারিয়ে বয়সভিত্তিক সাফের শিরোপা ধরে রেখেছে। ৪টি গোলই করেছেন সাগরিকা। এ নিয়ে পঞ্চমবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

‎নিষেধাজ্ঞায় বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দলের আগের তিনটি ম্যাচে সাগরিকা ছিলেন দর্শক। তাঁকে ছাড়া সেই ম্যাচগুলো বাংলাদেশ জিতেছে ঠিকই, কিন্তু আক্রমণে দুর্বলতা চোখে পড়েছে প্রকটভাবে। নিষেধাজ্ঞা কাটিয়ে সোমবার সেই সাগরিকা নেমেই দেখালেন পায়ের জাদু। এক নয়, দুই নয়, নেপালের জালে ৪ গোল দিয়ে ম্যাচটাকে নিজের করে নিয়েছেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

‎এমন ম্যাচে গোল করেও হয়তো আফসোস থেকে গেছে সাগরিকার। হয়তো ম্যাচের পর মনে হয়েছে ইশ্‌! যদি ছয়টি ম্যাচই খেলা যেত। তবু কম কিসে, তিন ম্যাচ খেলেই ৮ গোল করলেন, যার মধ্যে আবার দুই হ্যাটট্রিকও। ৭১ মিনিটে অফসাইডে না পড়লে পঞ্চম গোলটিও পেয়ে যেতেন সাগরিকা। তারপরও এক ম্যাচেই যেন সব দায় শোধ করে দিলেন সাগরিকা।

ঘরের মাঠে ম্যাচের ৫১ মিনিটে রীতিমতো ম্যাজিক দেখান সাগরিকা। উমেলা মারমার বুদ্ধিদীপ্ত পাস ধরতে দারুণ মুনশিয়ানা দেখান তিনি। প্রতিপক্ষ দুই খেলোয়াড়কে ড্রিবল করে নিশানা ভেদ করেন ঠাকুরগাঁওয়ের মেয়ে। ৫৮ মিনিটে আরও একবার সাগরিকা–ঝলক দেখেন দর্শকেরা। বাংলাদেশ অর্ধ থেকে লম্বা শট নেন জয়নব বিবি। বাতাসে ভাসতে থাকা বল লুফে নিয়ে সোজা নেপাল গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে সতীর্থদের নিয়ে হ্যাটট্রিকের আনন্দে মাতেন সাগরিকা। ৭৭ মিনিটে আরও একবার নেপালের জাল ছুঁয়ে উদ্‌যাপনে মাতেন তিনি। এর আগে শ্রীলঙ্কার সঙ্গে তিন গোল, নেপালের সঙ্গে প্রথম দেখায় এক গোল করেছিলেন সাগরিকা।

নেপালের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথম একাদশে চার ফরোয়ার্ড নবীরণ খাতুন, উমেলা মারমা, সাগরিকা ও পূজা দাসকে নিয়ে একাদশ সাজান বাংলাদেশ কোচ পিটার বাটলার। মাঝমাঠে বরাবরের মতো আস্থা রাখা হয় মুনকি আক্তার ও স্বপ্না রানীর ওপর। দুজনের সঙ্গে শান্তি মার্ডি এবং ঐশী খাতুনকেও রেখেছেন খেলা তৈরির জন্য। মাঠের লড়াইয়েও সেই ছাপ স্পষ্ট দেখা যায় প্রথম দশ মিনিটে। এই সময়ে আশা–জাগানিয়া চারটি সুযোগ তৈরি করে বাংলাদেশ। যার একটি থেকে আসে সফলতাও।

সাত মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন সাগরিকা। মাঝমাঠে বলের দখলটা নিজেদের মধ্যে রেখে গুছিয়ে আক্রমণ করে বাংলাদেশ। পূজা দাসের বাড়ানো বল নেপালের গোলমুখে বাড়ান স্বপ্না রানী। আর সেই বল ধরে দারুণ প্রচেষ্টায় প্রতিপক্ষের ডিফেন্ডারদের চোখ ফাঁকি দিয়ে জালে জড়ান সাগরিকা। ১২ মিনিট পর ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নেপাল। গোলকিপার মিলি আক্তারের হাত ফসকে যাওয়া বলে শট নেন পূর্ণিমা রাই। কিন্তু সেই শট রুখে দেয় বেরসিক গোলপোস্ট। পোস্ট থেকে ফিরে আসা বলে হেড নেন নেপালের আরেক ফুটবলার। এবার আর মিস করেননি মিলি, সেই হেড সহজেই গ্লাভসবন্দী করেন বাংলাদেশ গোলকিপার।

এক গোলের লিড নেওয়া বাংলাদেশ প্রথমার্ধের বাকি সময় একটু সতর্ক ফুটবল খেলে যায়। নেপালও চেষ্টা করে গোল শোধ করতে। কিন্তু বাংলাদেশের চৌকস রক্ষণের কারণে তাদের সেই চেষ্টা আর সফলতা দেখেনি। উল্টো ৪৪ মিনিটে আরও একবার নেপালের বুকে কাঁপন ধরিয়ে দেন সাগরিকা। ডান পাশ দিয়ে আক্রমণে ওঠা বাংলাদেশের নাম্বার টেনকে কোনোমতে আটকান নেপাল গোলকিপার সুজাতা তামাং।

২০২২ সালের পর এবারের সাফেও ছিল না কোনো ফাইনাল। ডাবল লিগ পদ্ধতিতে যে দল বেশি পয়েন্ট পাবে, তারাই চ্যাম্পিয়ন। সে হিসেবে সোমবারের ম্যাচটি হয়ে যায় অলিখিত ফাইনাল। যেখানে নেপালকে উড়িয়ে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। নেপালের পয়েন্ট ১২।

গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর দেশের নারী ফুটবল অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়েছে। কোচের বিরুদ্ধে ফুটবলারদের বড় এক অংশের বিদ্রোহ ঘোষণা করে। সেই ঝড়ঝাপটা পেরিয়ে নতুন করে দল গোছান পিটার বাটলার। এরপর র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোকে কাবু করে চমক দেখায় বাংলাদেশ। সবশেষ মিয়ানমারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপেও জায়গা করে নেয় তারা। সবই যেন স্বপ্নের মতো ছিল। বড়দের সাফল্যের পথ ধরে এবার ঘরের মাঠে ছোটরাও ধরে রাখলেন বিজয়ের কেতন।

আগের পাঁচ আসরে চারবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০১৮ সালে শুরু হওয়া বয়সভিত্তিক এই টুর্নামেন্ট ২০২১ থেকে নিয়মিত হচ্ছে। প্রথমবার নেপালকে হারিয়ে শিরোপা জেতে আঁখি-স্বপ্নারা। দুই বছর পরও শ্রেষ্ঠত্বটা ধরে রাখে বাংলাদেশ। তৃতীয় আসরে বাংলাদেশকে হারিয়ে ট্রফি ঘরে রাখে ভারত। এরপর ২০২৩ সালে আবার নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। গতবার ঢাকায় হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারত যৌথভাবে শিরোপা জিতেছিল। মোট ছয় আসরের মধ্যে এটা নিয়ে দ্বিতীয়বার ডাবল লিগ পদ্ধতিতে শিরোপার ফয়সালা হয়েছে। এর আগে ২০২২ সালে ভারতের মাটিতে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান ৯ হয়, এরপর মুখোমুখি ফল, গোলপার্থক্য এবং গোল স্কোরও সমান হওয়ায় টুর্নামেন্টের গোল ব্যবধানে এগিয়ে থাকা ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

‎‎১১ দিনের প্রতিযোগিতায় ছয় ম্যাচের ছয়টিই জিতেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করেছিল মেয়েরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হারে নেপাল। এরপর টানা দুবার ভুটানকে হারায় স্বাগতিকেরা। লঙ্কানদের সঙ্গে দ্বিতীয় দেখায় বাংলাদেশ জেতে ৫-০ গোলে।

বহুমুখী প্রতিভায় উজ্জ্বল দিরাইয়ের ফাহমিদা নাজু

0

দিরাই প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মেধাবী ছাত্রী মোছাঃ ফাহমিদা সর্দার নাজু ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। ১১৯৪ মার্কস পেয়ে সে দিরাই উপজেলায় ২য় স্থান অর্জন করেছে

ছোটবেলা থেকেই ফাহমিদা লেখাপড়ায় মনোযোগী ও পরিশ্রমী। পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ পেয়ে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে। একাডেমিক সাফল্যের পাশাপাশি বিভিন্ন বৃত্তি পরীক্ষায়ও সে প্রথম স্থান অধিকার করেছে।

শুধু পাঠ্যবই নয় — ফাহমিদার কৃতিত্ব রয়েছে চিত্রাঙ্কন, কবিতা, রচনা, বক্তৃতা, বিতর্ক ও ধারাবাহিক গল্প বলায়। ২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে দিরাই উপজেলায় বাংলা রচনায় শ্রেষ্ঠ এবং ২০২৩ সালে ইংরেজি রচনায় শ্রেষ্ঠ হওয়ার সুনাম অর্জন করে।

একই সময়ে সে টানা দুই বছর দিরাই উপজেলার শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষার্থী নির্বাচিত হয়।

২০২৪ সালে অর্জন করে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষার্থী হওয়ার গৌরব।

২০২৪ সালে মেধা অনেষণ প্রতিযোগিতায় ” ভাষা ও সাহিত্য ” বিভাগে দিরাই উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয় সে

২০২৫ সালের তারুণ্যের উৎসবেও দিরাই উপজেলার শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হয় ফাহমিদা।

বিদ্যালয়জীবনের শুরু থেকেই ফাহমিদা নিয়মিত ভালো ফলাফল করে আসছে এবং সহশিক্ষা কার্যক্রমেও রেখেছে দারুণ সাফল্য ও সক্রিয় উপস্থিতি।

তার বাবা গোলাম মোস্তফা সর্দার রুমি দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক । তিনি দিরাই উপজেলা শিক্ষক সমিতির ২ বারের সাধারণ সম্পাদক । পাশাপাশি সুনামগঞ্জ জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদকও ছিলেন তিনি । তার মা, মৌলুদা খাতুন, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ।

ফাহমিদা জানায় পিতা-মাতাই তার জীবনের মূল অনুপ্রেরণা ।

বর্তমানে সে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখছে।

তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গর্ব ও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে রেইজ ফর জাস্টিস ম্যারাথন, চলছে রেজিষ্ট্রেশন

0

শাবিপ্রবি প্রতিনিধি:

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন আয়োজন করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক সচেতনতা বিষয়ক সংগঠন ভয়েস ফর জাস্টিস।

আগামী ১ আগস্ট (শুক্রবার) সকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এ প্রতীকী ম্যারাথনের যাত্রা শুরু হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সোয়া ১টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মোমিনুর রশিদ শুভ।

তিনি জানান, ১০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে ম্যারাথনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু থাকবে। অংশগ্রহণকারীরা নিচের লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন: ” https://www.theathletex.net/register/2/one “

এছাড়াও আগামী সপ্তাহ থেকে ক্যাম্পাসে স্থাপন করা হবে রেজিস্ট্রেশন টেন্ট, যেখানে সরাসরি নিবন্ধনও করতে পারবে ইচ্ছুক রানাররা।

এই ম্যারাথন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য মোট তিনটি ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হবে—২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার। প্রতিটি ইভেন্টেই শিক্ষার্থী ও সাধারণ অংশগ্রহণকারীদের জন্য পৃথক রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করেছে আয়োজক কমিটি।

এতে ২১ কি.মি ম্যারাথনে শিক্ষার্থীদের জন্য ৭৯৯ টাকা ও সাধারণদের জন্য ৯৯৯ টাকা রেজিস্ট্রেশন ফি। অন্যদিকে ১০ কি.মি ম্যারাথনে শিক্ষার্থীদের জন্য ৬৯৯ টাকা ও সাধারণদের জন্য ৮৯৯ টাকা এবং ৫ কি.মি ম্যারাথনে শিক্ষার্থীদের জন্য ৫৯৯ টাকা ও সাধারণদের জন্য ৭৯৯ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারিত করেছে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি মোমিনুর রশিদ শুভ বলেন, “নতুন বাংলাদেশর গড়ার লক্ষ্যে জুলাই আন্দোলনে হাজারো লোক শহীদ হয়েছেন। তাই জুলাই কেবল শোক নয়, এটি প্রতিবাদ, প্রতিরোধ ও স্বপ্ন দেখার সাহসের মাস। এই ম্যারাথন ন্যায়বিচার, মানবিকতা ও গণতন্ত্রের পক্ষে আমাদের অবস্থান তুলে ধরবে।”

আয়োজক কমিটির সদস্যরা জানান, শিক্ষার্থী থেকে শুরু করে নাগরিক সমাজের সকল স্তরের মানুষ এই আয়োজনে অংশ নিতে পারবেন। আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম খুব দ্রুত শুরু হবে। আমাদের সংগঠনের পেজে ম্যারাথনের সকল আপডেট তথ্য প্রদান করা হবে।