Home Blog Page 172

সিলেটে বিএনপি নেতার ৩১ দফার লিফলেট বিতরণ

0

দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসক যখন দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, বাংলাদেশকে গুম-খুন আর লুটের রাজ্যে পরিণত করেছিল তখন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেন।

বিএনপির ৩১ দফা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক মহাকাব্য, এই দফাগুলো শুধুই রাজনৈতিক ঘোষণা নয় বরং এটি এক জাতির আকাঙ্ক্ষার ভাষা। যেখানে আছে ন্যায়বিচারের কথা, প্রশাসনের জবাবদিহিতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, আর মানবাধিকারের প্রতি অঙ্গীকার। বিচার বিভাগ হবে স্বাধীন, নির্বাচন হবে স্বচ্ছ আর রাষ্ট্র হবে সবার জন্য।

এই ৩১ দফা কোনো দলীয় মঞ্চে বাঁধা নয়; এটি একটি জাতির সম্ভাবনার মানচিত্র। যদি সত্যিই বাস্তবায়ন হয় তবে এ দেশ আবার জেগে উঠবে নতুন আলোয়, ন্যায়বোধে আর মানুষের ভালোবাসায়।

বুধবার (২৩ জুলাই ) বিকাল ৩ টায় গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে ৩১দফার লিফলেট বিতরণে এসব কথা বলেন সিলেট-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি আব্দুল হক।

এসময় উপস্থিত ছিলেন, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সহ সভাপতি সিরাজউদ্দিন, সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ , সাংগঠনিক সম্পাদক হুসেন আহমদ , জাফলং পরগণার মুরুব্বি জালাল উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা উদ্দিন জয়নাল আবেদিন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ধনাই মিয়া, যুবদল নেতা আব্দুল মান্নান,জসিম উদ্দিন, নওয়াব আলী, নুরুল ইসলাম।

স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. লিয়াকত হোসেন, যুগ্ম আহবায়ক জালাল মিয়া, সোবান আহমদ, আল আমিন।

মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল হাসান , আমির মিয়া স্কুল এন্ড কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, প্রমুখ।

শাবির নবীনবরণে চরম অব্যবস্থাপনা, বসার জায়গা না পেয়ে হতাশায় ফিরলেন অনেকে

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে অনুষ্ঠান আয়োজক কমিটির বিরুদ্ধে।

মঙ্গলবার (২২জুলাই) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণে এ অব্যবস্থাপনা লক্ষ করা যায়।

জানা যায়, আয়োজক কমিটি প্রায় দুই হাজারের অধিক নবীন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকের জন্য মাত্র পনেরো শত আসনবিশিষ্ট কেন্দ্রীয় অডিটোরিয়াম ও অডিটোরিয়ামের বাইরে অল্পসংখ্যক চেয়ার দিয়েই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী পুরো অনুষ্ঠানজুড়ে দাঁড়িয়ে থেকে প্রোগ্রাম উপভোগ করেছেন। কেউ কেউ বাইরে থেকে প্লাস্টিকের চেয়ার এনে অডিটোরিয়ামের দরজার সামনে বসেই নবীনবরণে অংশগ্রহণ করেন। এমনকি অনেকেই জায়গা না পেয়ে অনুষ্ঠান শেষ না করেই হতাশ হয়ে ফিরে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পরিসংখ্যান বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, “আমরা জেনেছি যে অন্যান্য বছর মিলনায়তনের ধারণক্ষমতা বিবেচনায় দুই পর্বে অরিয়েন্টেশন হয়। প্রশাসনের উচিত ছিল এ বছরও একই নিয়ম অনুসরণ করা।” তারা আরও বলেন, “আমরা সবাই শুরু থেকেই বাইরে বসে আছি। ভিতরে জায়গা নেই। দাঁড়িয়ে থাকতে হচ্ছে, না হয় সিঁড়িতে বসতে হচ্ছে। তাছাড়া অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে থাকায় প্রচণ্ড ভিড় হয়েছে।”

এক অভিভাবকের সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন, “গত বছর আমার ছেলেকে ভর্তি করিয়েছিলাম। তখন ক্লাস শুরুর পূর্বেই অরিয়েন্টেশন হয়েছিল এবং আমি ভিতরে বসে অনুষ্ঠান উপভোগ করতে পেরেছিলাম। কিন্তু এ বছর আমার মেয়ে চান্স পেয়েছে। তার সাথে এসে সত্যি হতাশ হয়েছি। আমি বাইরে আর মেয়ে ভিতরে। অনেকক্ষণ যাবৎ একা বসে আছি। মেয়েটাও হয়তো ভিতরে চিন্তিত হয়ে আছে। আমি বলব, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অদূরদর্শিতা।”

এছাড়া নবীনবরণে প্রদর্শিত ডকুমেন্টারি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। অভিযোগ রয়েছে, ওই ডকুমেন্টারিতে বিভিন্ন দপ্তরের পরিচিতি ও ‘জুলাই আন্দোলন’-এ অংশ নেওয়া বড় একটি অংশ স্থান পায়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবি শাখার আহ্বায়ক ও আন্দোলনে অংশ নেওয়া একজন শিক্ষার্থীকে রাখায় পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন, কোন বিবেচনায় একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের প্রতিনিধিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলো? এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। শাখা শিবির, ছাত্রদলসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

তীব্র গরমেও সেখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা ছিল না এবং বসার ব্যবস্থাও ছিল অত্যন্ত অপ্রতুল—এমন অভিযোগও করেছেন শিক্ষার্থীরা।

কমপক্ষে পাঁচজন নবীন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, “ছোটবেলা থেকেই বিশ্ববিদ্যালয় নিয়ে এক ধরনের স্বপ্ন ও বড় ধারণা ছিল। কিন্তু আজকের অব্যবস্থাপনা সেই ভাবনাকে অনেকটাই ম্লান করে দিয়েছে।” তারা প্রশ্ন তোলেন, “আয়োজকরা কি জানতেন না যে আমন্ত্রিত শিক্ষার্থী ও অভিভাবকের সংখ্যা অডিটোরিয়ামের ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি? তা সত্ত্বেও কেন এমন আয়োজন করা হলো?”

এ বিষয়ে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক সাংবাদিকদের বলেন, “এটা সকল কর্তা ব্যক্তিদের সম্মিলিত সিদ্ধান্ত। দুই পর্বে নবীনবরণ হলে বিকেলে শিক্ষার্থীরা থাকেন না, ফলে বিকেলের প্রোগ্রাম নীরস হয়ে পড়ে।” তিনি আরও বলেন, “আমি ভর্তি কমিটির সভাপতি হলেও আমার উপর আছেন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ। তবে নির্দিষ্ট সংগঠনের শিক্ষার্থীকে বক্তব্য দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না।”

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয় জীবনের সূচনালগ্নেই এ ধরনের বিশৃঙ্খল আয়োজন নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের মনে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।

২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি পরীক্ষা ১৭ ও ১৯ আগস্ট

0

আধুনিক ডেস্ক ::

চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, সব বোর্ডের ২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট নেওয়া হবে। বুধবার (২৩ জুলাই) বিকেলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড পরিবর্তিত সময়সূচি প্রকাশ করেছে।

২২ জুলাইয়ের সব বোর্ডের রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ আগস্ট। ২৪ জুলাইয়ের বোর্ডের অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্রথম পত্র পরীক্ষা ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। এছাড়া, ঢাকা বোর্ডের অধীনে গোপালগঞ্জ জেলায় স্থগিত ১৭ আগস্টের ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা আগামী ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে। সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আগামী ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষাবোর্ড।

পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে: অধ্যাপক ইউনূস

0

আধুনিক ডেস্ক ::

এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মতপার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার। তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে। বুধবার (২৩ জুলাই) বিকেলে ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস এ কথা বলেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়। সেখানে আলোচনার বিষয়বস্তু সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে প্রেস উইং।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের এক বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সে জন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো। কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে।’

বৈঠকে অংশগ্রহণকারী সব দল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণ–ঐক্য অটুট রাখার বিষয়ে সমর্থন জানিয়েছে বলে প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে। নেতারা সংস্কার, বিচার ও নির্বাচনপ্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিবাদ প্রতিহত করতে আরও নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় সভা আয়োজনের অনুরোধ জানিয়েছেন।

বৈঠকে অংশ নেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদের নুরুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) তানিয়া রব, ১২-দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রুহিন হোসেন প্রিন্স, গণফোরামের মিজানুর রহমান।

নিয়োগকর্তা বললে চলে যাবো: শিক্ষা উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর এইচএসসি-সমমানের পরীক্ষা স্থগিত করা নিয়ে ‘অপেশাদারত্বের’ অভিযোগে মঙ্গলবার (২২ জুলাই) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের (সি আর আবরাব) পদত্যাগ দাবি করেছেন। তবে শিক্ষা উপদেষ্টা বলেছেন, তার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে তিনি মনে করেন না। তাই নিজে থেকে তাঁর পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। তবে তাঁর নিয়োগকর্তা রয়েছেন। তারা যদি মনে করেন, এখানে ব্যত্যয় ঘটেছিল, তাহলে যেতে (পদত্যাগ) বললে অবশ্যই চলে যাবেন। বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা এ কথাগুলো বলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন।

এই ঘটনায় সোমবার (২১ জুলাই) বিকেলেই মঙ্গলবারের জন্য এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয় সরকার। শোকাবহ পরিস্থিতিতে কোনো কোনো কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে মঙ্গলবারের এইচএসসি-সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জানানো হচ্ছিল। শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সোমবার দিবাগত রাত পৌনে তিনটায় এই পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়। এ নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষা উপদেষ্টা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের পদত্যাগসহ কয়েকটি দাবিতে গতকাল সচিবালয়ের ভেতরে-বাইরে বিক্ষোভ করে বিপুলসংখ্যক শিক্ষার্থী। বিক্ষোভ চলাকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে অব্যাহতির ঘোষণা দেয় সরকার।

বুধবার সাংবাদিকরা শিক্ষা উপদেষ্টার কাছে তার ও সচিবের পদত্যাগের দাবির বিষয়ে জানতে চান। জবাবে তিনি বলেন, সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটি একটি ঊর্ধ্বতন কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না।

শিক্ষা উপদেষ্টা বলেন, আমার (পদত্যাগ) চাওয়া হয়েছে। আমি নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই। কারণ, এখানে আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদের পরমপরাটা জানালাম…। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন। তারা যদি মনে করেন, এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে অবশ্যই চলে যাব। এখানে আক্ষেপ করার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই।

তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী আজ

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের শততম জন্মদিন আজ ২৩ জুলাই। ১৯২৫ সালের এই দিনে গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে তার জন্ম।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদ ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি ১৯৬৪ সালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৬৬ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাজউদ্দীন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্বাধীনতা-পরবর্তী সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।
স্বাধীন দেশে তাজউদ্দীন আহমদ বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৭৪ সাল পর্যন্ত। পরে বঙ্গবন্ধুর সঙ্গে খানিকটা দূরত্ব তৈরি হয় তাজউদ্দীনের। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবার নিহত হওয়ার পর তৎকালীন সরকার তাজউদ্দীনকে গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখে। সেখানেই বন্দি অবস্থায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় আরো তিন নেতার সঙ্গে তাজউদ্দীন আহমদকে হত্যা করা হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে চার দলের বৈঠক : আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে শক্ত হওয়ার পরামর্শ

0

আধুনিক ডেস্ক ::
দেশের আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও শক্ত অবস্থান নিতে বলেছেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতারা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তাঁরা এই অভিমত জানিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় চারটি রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে রাত ১১টার পর সাংবাদিকদের কাছে বৈঠকে আলোচনার বিষয়গুলো তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দৃশ্যমান করার কথা বলেছেন বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে শুধু ঐক্যের কথা বলেননি, উনি বলেছেন আপনাদের মধ্যে ঐক্য আছে এটা আরেকটু দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা ফ্যাসিবাদবিরোধী প্রশ্ন হোক, গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক। যদি একসাথে থাকেন এটা যদি মানুষ দেখে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে, অনেক বেশি মানুষ খুশি হবে এটা দেখে।’

রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটি বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, ‘প্রথমটা হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নিই। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের কিছুটা ঘাটতি আছে সে কথা বলেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত।’

রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে বলে নেতারা প্রধান উপদেষ্টাকে বলেছেন বলে জানান আইন উপদেষ্টা। এর উদাহরণ হিসেবে তাঁরা যখনই প্রধান উপদেষ্টা ডাক দেন, তখনই তাঁরা এসে হাজির হন, জাতীয় ঐকমত্য কমিশনে নিয়মিত গিয়ে কথা বলছেন সে সব বিষয় উল্লেখ করেছেন তাঁরা।

তাছাড়া ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রশ্নে দলগুলোর মধ্যে কোনো হতাশা নেই বলেও উল্লেখ করেছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টাকে বলেছে, ফ্যাসিবাদ প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মতভিন্নতা, মতবিরোধ নেই। তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, রাজনীতির মাঠে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি। এর মানে এটা না যে, তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তারা আমাদের রাজনৈতিক সহযোগী, রাজনৈতিক মাঠে মাঝে মধ্যে এ রকম কিছু কথা বলা হবে। এর থেকে কোনোভাবে ধারণা করা উচিত না, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে।’

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান উপস্থিত ছিলেন।

রোমাঞ্চ শেষে সিরিজ জয় বাংলাদেশের

0

স্পোর্টস ডেস্ক ::
এই ম্যাচ বোধ হয় এর চেয়ে বেশি রোমাঞ্চকর হতে পারত না। ১৩৩ রানের জবাবে ৪৭ রানে ৭ উইকেট নেই। পাকিস্তানের হারটাই তখন ভবিতব্য। কিন্তু সালমান আগার দল সেখান থেকেও দেখাল ঘুরে দাঁড়ানোর মানসিকতা। যদিও শেষটা হার দিয়েই। শেষ ২ ওভারে দরকার ছিল ২৮ রান, শেষ ওভারে পাকিস্তান জয় থেকে মাত্র ১৩ রান দূরে। হাতে ১ উইকেট। এক ম্যাচ বাকি থাকতে বাংলাদেশের সিরিজ জয় কিংবা পাকিস্তানের সিরিজে ফেরা—দুটোই হতে পারত সেখান থেকে। হলো শেষ পর্যন্ত প্রথমটি। ৪ বল বাকি থাকতে ১২৫ রানে অলআউট হয়ে ৮ রানে হার পাকিস্তানের। মঙ্গলবার (২২ জুলাই) এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হয়।

শেষ দিকে খেলাটা ‘জমিয়ে’ দিয়েছিলেন আসলে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। দুই বাউন্ডারি আর এক ছক্কা খেয়ে ১৯তম ওভারেই দিয়ে দেন ১৫ রান। শেষ বলে অবশ্য বোল্ড করেছেন ৩২ বলে ৫১ রান করে পাকিস্তানকে ম্যাচে ফেরানো ফাহিম আশরাফকে, বাংলাদেশও আবার ম্যাচে ফেরে তখনই। শেষ ওভারে অবশ্য মোস্তাফিজুর রহমানও শুরু করেছিলেন প্রথম বলে আহমেদ দানিয়ালের ব্যাটে চার খেয়ে। তবে পরের বলেই বাংলাদেশকে সিরিজ জয়ের আনন্দে ভাসিয়ে মিডউইকেটে শামীম হোসেনের হাতে ক্যাচ দেন দানিয়াল।

প্রথম টি-টোয়েন্টিতে ১১০ রানে অলআউট হওয়ার পর পাকিস্তানের কোচ মাইক হেসন সব রাগ উগরে দিয়েছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটের ওপর। উইকেট নাকি ‘আন্তর্জাতিক মানের’ই ছিল না। হেসনের জন্য মঙ্গলবারের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ, যদিও উইকেট নিয়ে অভিযোগ জানানোর সুযোগই ছিল না এদিন। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশের ১৩৩ রানও পাহাড়সম হয়ে গিয়েছিল পাকিস্তানের জন্য। ৪৭ রানে ৭ উইকেট হারানোর পর অষ্টম উইকেটে ফাহিম ও আব্বাস আফ্রিদির ৪১ রানের জুটি কেবল ম্যাচটাকেই দীর্ঘায়িত করেছে, কমিয়েছে হারের ব্যবধান।

মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের শুরুটাই হয়েছিল ভয়াবহ। বাংলাদেশকে অল্প রানে আটকে কোথায় তারা সহজ জয়ের দিকে এগোবে তা নয়, ৪.৪ ওভারে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে চলে যায় খাদের কিনারে। টি-টোয়েন্টিতে এত কম রানে এর আগে প্রথম ৫ উইকেট হারায়নি পাকিস্তান। উল্টো দিকে আরেক রেকর্ড করে ফেলেন বাংলাদেশের বোলাররাও। ১৫/৫—এটাই এখন টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে প্রতিপক্ষের ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব তাঁদের। আগের রেকর্ডটি ছিল ২৪ রানে ৫ উইকেট, পাপুয়া নিউগিনির বিপক্ষে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

পাকিস্তানের ওপরের দিকের ছয় ব্যাটসম্যানের কেউই করতে পারেননি দুই অঙ্কের রান। ৮, ১, ০, ৯, ০, ০। ‘গোল্ডেন ডাক’ হারিস ও মোহাম্মদ নেওয়াজ। বাংলাদেশের বোলিং সব মিলিয়েই হয়েছে দুর্দান্ত। তবু আলাদা করে বলতে হয় শরীফুলের কথা। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট, টি-টোয়েন্টিতে আজ নিজের সেরা বোলিংটাই করলেন এই বাঁহাতি পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে ১১ রানে ৪ উইকেট নেওয়া মেহেদী হাসান নতুন বলে শরীফুলের সঙ্গী হয়ে নিয়েছেন ২৫ রানে ২ উইকেট। পরপর ২ বলে হাসান নেওয়াজ আর মোহাম্মদ নেওয়াজকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো তানজিম হাসানের ২ উইকেট ২৩ রানে।

ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটাও ছিল বেশ নাজুক। শ্রীলঙ্কায় শেষ ম্যাচে ৪৭ বলে অপরাজিত ৭৩ রান করা ওপেনার তানজিদ হাসানকে বিশ্রাম দেওয়াটা চমকই ছিল এদিন। তার জায়গায় পারভেজ হোসেনের ওপেনিং সঙ্গী হয়ে প্রথম ওভারেই ফাহিমের বলে কট বিহাইন্ড মোহাম্মদ নাঈম। টপাটপ উইকেট পড়তে থাকে এরপর। চাপে থাকলে যা হয়, ১৫ ওভার শেষেও ওভারপ্রতি রান ৬–এর নিচে (৫.৭৩), ৮৬ রানে নেই ৫ উইকেট।

পাওয়ারপ্লেতেই ২৯ রানে ৪ উইকেট হারানোর পর অবশ্য এই রানটাকেও কম মনে হচ্ছিল না। জাকের আলী আর মেহেদী মিলে সেখান থেকেই করেন নতুন শুরু। পঞ্চম উইকেটে তাঁদের ৫৩ রানের জুটিতে ১৪ ওভার শেষে ৮১ রান। তবে ওই ওভারেরই শেষ বলে মোহাম্মদ নেওয়াজকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে লং অফে হাসান নেওয়াজের ক্যাচ দুই ছক্কা আর দুই চারে ২৫ বলে ৩৩ রান করা মেহেদী।

জাকের ছিলেন শেষ পর্যন্ত। ব্যক্তিগত ৩৫ রানে একবার জীবন পেয়ে করা তাঁর ৪৮ বলে ৫৫ রানের ইনিংসটা না হলে লজ্জায় পড়তে হতে পারত বাংলাদেশকেও। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সেটারই স্বীকৃতি। তবে এত কম রান নিয়েও জয়ের কৃতিত্বটা শেষ পর্যন্ত বোলারদেরই দিতে হবে।

সিলেটে শ্রমিকদের দুই পক্ষে সংর্ঘষ, আটক ১

0

আধুনিক রিপোর্ট ::
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সেলিম আহমদ ফলিক ও বর্তমান সভাপতি ময়নুল ইসলামের অনুসারীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ

0

আধুনিক ডেস্ক ::
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত ৭৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তারা শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা যায়। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে।

লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এক পর্যায়ে সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে সচিবালয় সংলগ্ন জিপিও মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। পাল্টায় শিক্ষার্থীরা পুলিশের দিকে ইট–পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা পিছু হটে একদল পুরানা পল্টন মোড়ের দিকে এবং আরেক দল বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের দিকে সরে যান। সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীদের একটি অংশকে স্টেডিয়াম এলাকায় অবস্থান নিতে দেখা গেছে।

এর আগে বেলা আড়াইটার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাঁরা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দেন।

সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত এবং এর পরিপ্রেক্ষিতে গভীর রাত ৩টার দিকে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় সরকার। এসব ঘটনার জেরে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে বেলা আড়াইটার দিকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।