Home Blog Page 134

মধ্যনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জনাব উজ্জ্বল রায়ের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সুধী সমাজ ও সাংবাদিকবৃন্দ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন থানা মসজিদের ইমাম মাওলানা সাইকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সহসভাপতি আনোয়ার হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, বাংলাদেশ জামায়াতে ইসলামী চামড়দানি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, চামড়দানি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব, উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ ও সাধারণ সম্পাদক আল আমীন তালুকদার। এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন ও এসআই আলমগীর কবির উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, হযরত মোহাম্মদ (সা.) ছিলেন বিশ্বমানবতার মুক্তির দূত ও উত্তম চরিত্রের অধিকারী। তিনি মানুষকে অন্ধকার থেকে আলোকিত জীবনের পথে পরিচালিত করেছেন। ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে তাঁর আদর্শ অনুসরণ করলে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি লাভ সম্ভব।

৬ দিন পর জ্ঞান ফিরেছে সায়েমের, মামুনের মাথার খুলি এখনও ফ্রিজে

0

আধুনিক ডেস্ক ::
ছয় দিন পর লাইফ সাপোর্ট খোলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমের। তিনি হাত-পা নাড়াচ্ছেন। পরিবারের সদস্যদের চিনতে পারছেন। এদিকে আহত আরেক শিক্ষার্থী মামুন মিয়ার অবস্থা স্থিতিশীল। তার মাথার খুলির একাংশ এখনও ফ্রিজে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সায়েমের বিষয়ে দ্বিতীয়বার মেডিকেল বোর্ড বসে। এতে ছিলেন নিউরোসার্জন কামাল উদ্দিন, মো. ইসমাইল, মো. মনজুরুল ইসলাম ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ হাসানুজ্জামান। বোর্ডের সিদ্ধান্তেই পরীক্ষামূলকভাবে সায়েমের লাইফ সাপোর্ট খোলা হয়েছে। এর আগে আজ দু’জন মেডিসিন বিশেষজ্ঞকে হাসপাতালে আনার সিদ্ধান্ত হয়। গত বুধবারও সায়েমের জন‍্য মেডিকেল বোর্ড বসেছিল।

গত ছয় দিন ধরে হাসপাতালে নিথর হয়ে পড়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র সায়েম। গত রোববার শিক্ষার্থী ও গ্রামবাসীর সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। মাথায়
রামদার কোপ লেগেছে তার মাথার খুলিতে।

সায়েমের কনশাস লেভেল (চেতনার মান) এতদিন ছিল ৬–এর আশপাশে। একজন স্বাভাবিক মানুষের কনশাস লেভেল থাকে ১৫। এটি ১০–এর ওপরে ওঠার আগপর্যন্ত তাকে আশঙ্কামুক্ত বলা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এখন সায়েমের এটি ১০ এর কাছাকাছি আছে।

সায়েমের ভাই আসাদুজ্জামান সজীব বলেন, তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা আইসিইউর ভেতরে যাইনি। বাইরে থেকেই খোঁজখবর নিচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে । তারা আশা দিচ্ছেন। কিন্তু আমরা তো আশার আলো দেখি না।

সায়েমের বাড়ি কুমিল্লায়। তবে তার পরিবার থাকে বগুড়ায়। ছেলে আহত হওয়ার খবর পেয়ে সেখান থেকে গত সোমবার সকালে তার বাবা আমির হোসেন ও মা শাহনাজ আমিন চট্টগ্রামে আসেন। ছেলে সুস্থ হয়ে ফিরবেন, সেই অপেক্ষায় আইসিইউর সামনে তাদের দিন কাটছে।

সায়েমের বাবা মোহাম্মদ আমির হোসেন বললেন, ছেলের প্রাণভিক্ষা চেয়েছি বিধাতার কাছে। আশা করছি আল্লাহ আমাদের নিরাশ করবেন না।

পার্কভিউ হাসপাতালের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, সায়েমের অবস্থা আগের চেয়ে ভালো। তিনি হাত-পা নাড়াচ্ছেন। পরিবারের সদস্যদের চিনতে পারছেন। লাইফ সাপোর্ট খোলার পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মামুন মিয়াও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র তিনি। রামদার কোপে তার মাথায় হয়েছে গুরুতর ক্ষত। এটি এতটা গভীরে গেছে যে খুলির একাংশ খুলে ফেলতে হয়েছে। ওই অংশ ফ্রিজে রেখে তার মাথা মোড়ানো হয়েছে সাদা ব্যান্ডেজে। কালো কালিতে সেখানে লেখা ‘হাড় নেই চাপ দেবেন না।’

মামুনের বড় ভাই মাসুদ রানা বললেন, মামুন আমাদের সঙ্গে কথা বলতে পারছে। তাকে কেবিনে নেওয়া হয়েছে। তরল খাবার দেওয়া হচ্ছে। কিন্তু তার স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে আমরা শঙ্কিত আছি। ডাক্তার বলেছেন, সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে তার। সুস্থ হলেও মেনে চলতে হবে অনেক বিধিনিষেধ।

পার্কভিউ হাসপাতালের স্পেশালাইজড ইউনিটের ইনচার্জ ডা. সিরাজুল মোস্তফা বলেন, সায়েমের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে খুলির ভেতরের অংশ ও রক্তনালী ছিঁড়ে গেছে। তবে তার জ্ঞান ফিরেছে। ব্লাড প্রেশারেও কিছুটা উন্নতি হয়েছে।

মামুনের বিষয়ে তিনি বলেন, তার অবস্থার উন্নতি হচ্ছে। খুলি ফ্রিজে রাখা হয়েছে। যদি সুস্থ থাকে, দুই থেকে আড়াই মাস পর তা পুনঃস্থাপন করা হবে। তবে স্বাভাবিক জীবনে ফিরতে দীর্ঘ সময় লাগবে তার।

গত ৩০ আগস্ট রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি ঘটনা থেকে সহিংসতার সূত্রপাত হয়। একজন ছাত্রী ভাড়া বাসায় দেরিতে ঢুকতে চাইলে দারোয়ান তার গায়ে হাত তোলেন। প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং তা গ্রামবাসীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টরসহ আহত হন প্রায় ৪০০ জন।

অননুমোদিত সিসা বার পরিচালনা ‘ক্যাসিনো ডন’ সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯

0

আধুনিক ডেস্ক ::

অননুমোদিত সিসা বার পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে দেশের অনলাইন ক্যাসিনোর ডন হিসাবে পরিচিত সেই সেলিম মিয়া ওরফে সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। রাজধানীর বারিধারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তালেবুর বলেন, অননুমোদিত সিসা বার পরিচালনার অভিযোগে রাজধানীর বারিধারা থেকে সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

জানা গেছে, সেলিম প্রধান বারিধারা এলাকায় সিসা বার পরিচালনা করছিলেন। তার মালিকানাধীন সিসা বার থেকেই ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে সেলিম প্রধানকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয় বলে র‌্যাব জানায়।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় চার বছরের কারাদণ্ড পাওয়া সেলিম প্রধান গেল বছর রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যদিও ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় পরে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু

0

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে।

হতাহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্যরা। তাঁদের একজন আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান। এ সময় পদদলিত হয়েছেন তাঁরা। আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।’

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

0

আধুনিক ডেস্ক ::

আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দিনটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন। সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে দিনটি উদযাপিত হবে। বাংলাদেশে আজ শনিবার রাষ্ট্রীয় ছুটি।

সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা ও ‘কালিমা তায়্যিবা’ অঙ্কিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কদ্বীপ ও লাইট পোস্টে টানানো হয়েছে।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মহানবী (সা.) একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি সবার ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে উম্মতদের দিকনির্দেশনা দিয়েছেন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইহকাল ও পরকালীন কল্যাণ নিশ্চিতে হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতিটি কথা, কর্ম ও জীবনাদর্শ সব মুসলমানের জন্য অবশ্য অনুসরণীয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সবার মাঝে বয়ে আনুক অপার শানি্ত ও সমৃদ্ধি এই কামনা করে প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেছেন, সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য আরও সুসংহত হোক। মহানবীর (সা.) সুমহান জীবনাদর্শ লালন ও অনুসরণের মাধ্যমে আমাদের ইহকালীন ও পরকালীন জীবনের সার্বিক কল্যাণ ও মুক্তি সুনিশ্চিত হোক∏এ কামনা করি।

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় একজন নিহত

0

আধুনিক ডেস্ক ::
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা-ভাঙচুরের ঘটনায় রাসেল মোল্লা (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। নিহত রাসেল মোল্লা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা ঝুটু মিস্ত্রি পাড়ার বাসিন্দা আজাদ মোল্লার ছেলে। তিনি নুরাল পাগলার দরবারের খাদেম ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দফায় দফায় দরবারে হামলা করে একদল লোক। তাঁরা শরিয়ত–পরিপন্থীভাবে দাফনের অভিযোগ তুলে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেন। উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে একদল লোকের এই হামলায় পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন। সেখানে পুলিশের দুটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে অনেক বছর আগে দরবার শরিফ গড়ে তোলেন নুরুল হক। গত ২৩ আগস্ট বার্ধক্যের কারণে মারা যান নুরুল হক। ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় আস্তানায় তাঁর লাশ দাফন করেন ভক্তরা। এরপর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কবর সমতল করাসহ কয়েকটি দাবি জানায় স্থানীয় আলেম সমাজ।

এ নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটি ও নুরাল পাগলার পরিবারের সদস্যদের কয়েক দফায় বৈঠক হয়। তবে কবর নিচু না করায় দুই দফা সংবাদ সম্মেলন করে আন্দোলনের হুঁশিয়ারি দেয় ইমান-আকিদা রক্ষা কমিটি। তারা বৃহস্পতিবারের মধ্যে কবর সমতলসহ বিভিন্ন দাবি জানায়। অন্যথায় শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ ও পরে ‘মার্চ ফর গোয়ালন্দ’ কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর আনসার ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটি। বেলা দুইটার পর থেকে আনসার ক্লাবে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শত শত মানুষ। বেলা আড়াইটার দিকে হাতুড়ি, শাবল ও লাঠিসোঁটা নিয়ে একদল লোক মিছিল নিয়ে আসে। এ সময় আয়োজকদের পক্ষ থেকে লাঠিসোঁটা, হাতুড়ি মঞ্চে জমা দিতে বলা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে মঞ্চে বক্তব্য চলাকালে কিছু লোক পুলিশের ওপর হামলা করে দুটি গাড়ি এবং ইউএনওর গাড়ি ভাঙচুর করেন। এ সময় পুলিশের ছয় সদস্য আহত হন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বেলা তিনটার দিকে মঞ্চ থেকে ইমান-আকিদা রক্ষা কমিটির আহ্বায়ক মাওলানা জালাল উদ্দিন প্রামাণিক, সদস্যসচিব বিএনপি নেতা আইয়ুব আলী খান সবাইকে সমাবেশে থাকার আহ্বান জানান। কিন্তু উত্তেজিত লোকজন মিছিল নিয়ে নুরাল পাগলার দরবারে হামলা করেন। ভেতর থেকে প্রতিরোধের চেষ্টা করেন নুরাল পাগলার ভক্তরা। এ সময় ইটপাটকেল নিক্ষেপসহ সংঘর্ষে দুই পক্ষের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন। এ সময় কিছু লোক দরবারের দেয়াল টপকে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেন এবং মালামাল লুটপাট করেন। একপর্যায়ে বিকেল পাঁচটার দিকে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে গোয়ালন্দ পদ্মার মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর নিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শরিফ ইসলাম জানান, রাসেল মোল্লা (৩০) নামের একজনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুরে পাঠানো হয়। খবর নিয়ে জানতে পেরেছেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, হাসপাতালে আসার পরে রাসেল মোল্লা নামের এক ব্যক্তি মারা গেছেন।
ইউএনও মো. নাহিদুর রহমান বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে দরবার। পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক আছেন। হতাহতের সংখ্যা জানা না থাকলেও শুনেছেন একজন মারা গেছেন। তবে নিশ্চিত করে বলতে পারছেন না।

মহেশখলা সীমান্ত থেকে  ভারতীয় চোরাই গরু আটক

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে ৮টি ভারতীয় চোরাই গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

বিজিবি জানায়, গত ৪ সেপ্টেম্বর বিকেলে সীমান্ত এলাকার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ী নামক স্থানে মালিকবিহীন অবস্থায় গরুগুলো আটক করা হয়। মাটিরাবন বিওপি সীমান্ত পিলার ১১৮৯/৭-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের ভেতরে এসব গরু পাওয়া যায়। আটককৃত গরুর সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা।

এ প্রসঙ্গে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত গরুগুলো শিগগিরই সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে। 

গাজায় অবিলম্বে মানবিক সংকট থামানোর আহ্বান জানিয়ে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি

0

আধুনিক ডেস্ক ::

ফিলিস্তিনের গাজায় চলমান ‘মানবসৃষ্ট মানবিক সংকট’ দ্রুত শেষ করতে বিশ্বের চার হাজারের বেশি বিজ্ঞানী ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে স্বাক্ষরকারী বিজ্ঞানীদের মধ্যে ১৪ জন নোবেলজয়ী এবং ৫ জন ফিল্ডস মেডেলপ্রাপ্ত গণিতবিদও আছেন।

বিবৃতিতে বলা হয়েছে, গাজার মানবিক সংকট ক্রমাগত বাড়তে থাকায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। খাবারের কৃত্রিম সংকট তৈরি করে একধরনের দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করার বিষয়টি আমরা মেনে নিতে পারছি না।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ এবং জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন-এর কাছে বিবৃতিটি পাঠানো হয়েছে।

বিজ্ঞানীরা এই মানবিক সংকট দ্রুত শেষ করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও ইতালির নোবেল বিজয়ীরা আছেন। তাঁরা হলেন তাত্ত্বিক পদার্থবিদ জেরার্ড হুফট ও ডেভিড পলিতজার, গণিতবিদ রজার পেনরোজ এবং পদার্থবিদ তাকাকি কাজিতা ও জর্জিও পারিসি।

বিবৃতিতে আরও বলা হয়, গাজার জনগণের চিকিৎসা সুবিধা জোর করে বন্ধ করে দেওয়া, শিশুদের ন্যূনতম শিক্ষার সুযোগ না থাকা, বিশ্ববিদ্যালয়সহ বেসামরিক অবকাঠামোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা এবং সাধারণ মানুষের অধিকার, কল্যাণ ও জীবনের প্রতি প্রকাশ্য অবহেলা দেখে আমরা হতভম্ব।

বিজ্ঞানীরা এই মানবিক সংকট দ্রুত শেষ করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও ইতালির নোবেল বিজয়ীরা আছেন। তারা হলেন তাত্ত্বিক পদার্থবিদ জেরার্ড হুফট ও ডেভিড পলিৎজার, গণিতবিদ রজার পেনরোজ এবং পদার্থবিদ তাকাকি কাজিতা ও জর্জিও পারিসি।

বিবৃতিতে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা এবং জিম্মিদের ওপর অমানবিক আচরণেরও নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে জিম্মিদের অবিলম্বে মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বর্তমান পরিস্থিতিকে একটি জটিল ঘটনাপ্রবাহের অংশ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, গাজায় হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যে এক বছরের কম বয়সী অন্তত এক হাজার শিশু রয়েছে বলে খবর পাওয়া গেছে। এসব ঘটনাকে ভয়ংকর কর্মকাণ্ড উল্লেখ করে নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাধারণ মানুষের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের ঘটনাকে কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যায় না। এই মানবিক বিপর্যয় ঠেকাতে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে।

বর্তমান পরিস্থিতিকে একটি জটিল ঘটনাপ্রবাহের অংশ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, গাজায় ১০ হাজারের বেশি নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যে এক বছরের কম বয়সী প্রায় এক হাজার শিশুও রয়েছে বলে খবর পাওয়া গেছে। এসব ঘটনাকে ভয়ংকর কর্মকাণ্ড উল্লেখ করে নিন্দা জানানো হয়েছে।
বিজ্ঞানীরা লিখেছেন, ‘মানবতার কল্যাণে কাজ করা বিজ্ঞানী হিসেবে আমরা বিশ্বজুড়ে সব সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি, তারা যেন সব ধরনের প্রচেষ্টা চালিয়ে এই ট্র্যাজেডি থামায়।’

বিবৃতিতে ফিল্ডস মেডেলজয়ী গণিতবিদেরাও স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে আছেন আলেসিও ফিগালি (ইটিএইচ জুরিখ, সুইজারল্যান্ড) এবং ডেভিড বি মামফোর্ড (হার্ভার্ড ও ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস, যুক্তরাষ্ট্র)। ইউরোপের বিজ্ঞানীরা সর্বোচ্চ স্বাক্ষরকারী। উত্তর আমেরিকার বিজ্ঞানীরা দ্বিতীয় সর্বোচ্চ স্বাক্ষরকারী।

জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবির ২৬ শিক্ষার্থী

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৬ জন মেধাবী শিক্ষার্থী অর্জন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫। এটি জাতিসংঘ একাডেমিক প্রভাব (ইউএনএআই) ও মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন) যৌথভাবে পরিচালিত একটি নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি। তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সক্রিয় ভূমিকা রাখাই এ ফেলোশিপের মূল উদ্দেশ্য।

এ বছর বিশ্বের ৭ হাজার ৫০০-এরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ হাজার শিক্ষার্থী ফেলোশিপের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে মাত্র ৪০টি দেশের ২৯০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ হাজার শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হন, যা মোট আবেদনকারীর মাত্র ৪ শতাংশ। এই কঠিন প্রতিযোগিতায় শাবিপ্রবির ২৬ শিক্ষার্থী জায়গা করে নেওয়ায় বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এক ধাপ এগিয়ে গেল।

জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ প্রাপ্ত’রা হলেন, ইংরেজি বিভাগ থেকে পূর্ণিমা আক্তার মীম, তামিমা জান্নাত তাম্মি ও সাফওয়াত আদিবা হিয়া; অর্থনীতি বিভাগ থেকে আবিদা সুলতানা জেবা, ইশরাত জাহান, মো. কাউছার আহাম্মেদ ও তাজনুর আক্তার; পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ইব্রাহিম হুসাইন; খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগ থেকে শরিফুল ইসলাম আরমান; সমাজকর্ম বিভাগ থেকে তৌহিদ আহমদ ও বিনায়েক অপু; সমাজবিজ্ঞান বিভাগ থেকে ইসমাইল হোসাইন; ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে তমা দাশ, পায়েল আহমেদ, মো. সাব্বির হোসাইন, নুসরাত জাহান ও মোহাম্মদ সিয়াম; নৃবিজ্ঞান বিভাগ থেকে ফারহাত কবির নুহা; সমুদ্রবিজ্ঞান বিভাগ থেকে সম্বিতা মল্লিক; রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মারজানা বেগম, আবেদা খাতুন চৌধুরী, শামছুন্নাহার, নুপুর খানম ও শারমিন ইয়াসমিন; জন প্রশাসন বিভাগ থেকে অপর্ণা রিয়া এবং জেনেটিক প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগ থেকে মাহজাবিন।

পাশাপাশি ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের আবিদা সুলতানা জেবা এবং ইংরেজি বিভাগের পূর্ণিমা আক্তার মীম।

শিক্ষার্থীদের এই অর্জন শাবিপ্রবিকে শুধু দেশে নয়, বৈশ্বিক পর্যায়েও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। নির্বাচিত ফেলোরা ফেলোশিপ চলাকালে নিজ নিজ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দারিদ্র্য বিমোচনসহ নানা খাতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবেন। একইসঙ্গে তারা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কার্যকর অবদান রাখবেন।

কোম্পানীগঞ্জে ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলন, ১১ জনের জেল ও ৮ নৌকা জব্দ

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এম. সাইফুর রহমান ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ৬টি স্টিল বডি বলগেট নৌকা ও লিস্টার মেশিন লাগানো ২টি কাঠের বারকি নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা থেকে শুক্রবার ভোর ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়া ও থানার অফিসার ইনচার্জ (ওসি), মোহাম্মদ রতন শেখের নেতৃত্বে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন কালাসাদেক বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইকবাল হোসেনসহ পুলিশ ও বিজিবির সদস্যরা।

অভিযানকালে ধলাই সেতুর ৫০০ মিটারের মধ্যে লিস্টার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করতে দেখা গেলে ৮টি নৌকা আটক ও ১১ জনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জেল দেওয়া হয়।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার দুরালপুর গ্রামের মৃত আব্দুল খালেক এর পুত্র মোঃ এবাদুর রহমান (২২), একই উপজেলার দুর্লভপুর গ্রামের ইজ্জত আলীর পুত্র মোঃ একরাম হোসেন (২২), আব্দুল হানিফ এর পুত্র মোঃ আতাউর রহমান (৩৩), আব্দুস সুবাহানের পুত্র মোঃ নজরুল ইসলাম (৩৫), রইছ আলীর পুত্র মুজিবুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মোঃ মফিকুল হক (৩০), একই উপজেলার বসন্তপুর গ্রামের খুরশিদ মিয়ার ছেলে মো. সজিব (২২),মৃত গোলাম মোস্তফা’র পুত্র আলী রাজ (২৮),
জামালগঞ্জ উপজেলার হরিণাকান্দি গ্রামের মৃত আব্দুল হাই এর পুত্র মো. মহাসিন আহমদ (২৮), পিতা মৃত আব্দুল হাই, তাহিরপুর উপজেলার শুলাহা গ্রামের মৃত দেওয়ানের পুত্র মোঃ তৌফিক মিয়া (৩০), একই গ্রামের মনজুর আলীর পুত্র মো. আলী হোসেন (২৩),

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়া বলেন,“লিজ বহির্ভূত এলাকা ও ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ জানান, ‘আটক ১১জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে, তিনি আরও বলেন, অবৈধ বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স’।